পম্পেও 'র সরে দাঁড়ানোর জল্পনা: নতুন পররাষ্ট্রমন্ত্রীর খোঁজে ট্রাম্প
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য নতুন পররাষ্ট্রমন্ত্রীর খোঁজ করছেন বলে ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে আভাস পাওয়া গেছে । বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী বছর সিনেট নির্বাচনে অংশ নেবেন এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প নতুন মুখ খোঁজছেন বলে সংবাদ মাধ্যমটি ইঙ্গিত করেছে।
তবে দৈনিকটিতে প্রকাশিত খবরের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কেউ নিশ্চিত করে নি। গত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে মাইক পম্পেও পদত্যাগ করতে পারেন। মাইক পম্পেও'র স্থলাভিষিক্ত কে হতে পারেন সে ব্যাপারেও নিবন্ধে একটি তালিকা এসেছে। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন, অর্থমন্ত্রী স্টিভ মুনিশ এবং ইরান বিষয়ে বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের নাম বলা হয়েছে। তবে এদের মধ্যে পম্পেও'র উত্তরসূরি হিসেবে যার নাম অত্যান্ত জোরালোভাবে উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন ও'ব্রায়েন।
নিজের প্রেসিডেন্ট মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে চতুর্থতম ব্যক্তি হিসেবে ও'ব্রায়েনকে নিয়োগ দেয়ার পর থেকে তাকে বেশ কিছু কূটনৈতিক দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সই করার সময় ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে তুরস্ক সফরে গিয়েছিলেন ও'ব্রায়েন।
তবে নিজের পদত্যাগের ব্যাপারে অস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মাইক পম্পেও। এছাড়া পদত্যাগের গুজব উড়িয়েও দেন নি তিনি। তার সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন নি। পম্পেও ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তাভাবনা করেছেন বলেও তার সঙ্গে ঘণিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন।#
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।