তালেবান-আমেরিকার শান্তি চুক্তি: অনিশ্চয়তা বাড়ছে আফগানিস্তানে
-
আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ
তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে অনিশ্চয়তা বেড়ে চলেছে। এ চুক্তি সই হলে আফগানিস্তান থেকে আমেরিকা ধীরে ধীরে তাদের সেনা সরিয়ে নেবে এবং তালেবানরা কাবুল সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে।
আশা করা হচ্ছে, এ চুক্তি সই হলে আফগানিস্তানে গত ৪০ বছর ধরে যে যুদ্ধ ও সহিংসতা চলে আসছে তার অবসান ঘটবে। কিন্তু আফগান সরকারের সঙ্গে তালেবানের যে আলোচনার কথা বলা হচ্ছে সেখানেই রয়েছে সবচেয়ে বেশি অনিশ্চয়তা এবং আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তান নতুন করে সংকটের মধ্যে পড়তে যাচ্ছে।
এক বছরের বেশি সময় আলোচনার পর তালেবান এবং আমেরিকার মধ্যে আগামী শনিবার শান্তি চুক্তি সই হবে। কাতার এবং পাকিস্তান এই শান্তি আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে এবং কাতারের রাজধানী দোহায় চুক্তি সই হবে। চুক্তি অনুষ্ঠানে বিশ্বের ৩০টির বেশি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন তবে আফগান সরকার কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না বলে দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
শান্তি চুক্তির খসড়া এখনো প্রকাশ করা হয় নি তবে ধারণা করা হচ্ছে চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করবে। দেশটিতে বর্তমানে ১২ হাজার থেকে ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৭