তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে পম্পেও এখন কাতারে
https://parstoday.ir/bn/news/world-i77855-তালেবানের_সঙ্গে_শান্তি_চুক্তিতে_স্বাক্ষর_করতে_পম্পেও_এখন_কাতারে
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তিতে সই করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৪:২৮ Asia/Dhaka
  • আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তিতে সই করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আজ শনিবার দুপুরে দোহায় আমেরিকা এবং তালেবান গোষ্ঠীর মধ্যে একটি বৈঠকে এ  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকতে তালেবান তার সব যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে তালেবান অভিযোগ করেছে যে বিদেশি জঙ্গিবিমানগুলো ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এখনো তাদের নিয়ন্ত্রিত এলাকায় টহল দিচ্ছে।  

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "জাতির এ খুশির দিনে আজকে তালেবানের সব সদস্যকে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আশা করি দুই পক্ষের মধ্যে আলোচনা এবং শান্তি চুক্তি সই হওয়ার সময় আমেরিকা তার প্রতিশ্রুতির প্রতি অনড় থাকবে।

তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

চুক্তির আওতায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি দেশটিতে স্থায়ী যুদ্ধবিরতি পালনের কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমে খবর এসেছে, ৩১ সদস্যের তালেবানের একটি প্রতিনিধি দল মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার চুক্তি পর্যবেক্ষণ করতে আগেই কাতার পৌঁছান।

এদিকে, তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে কাবুলকে অন্তর্ভুক্ত না করার ওয়াশিংটনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আফগান সরকার। তালেবান গোষ্ঠী আফগান সরকারকে স্বীকৃতি দেয় না বলেই কাবুলকে চলমান শান্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে নি আমেরিকা। 

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটিতে চলমান দুই দশকের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন প্রশাসন এবং তালেবান গত বছরের সেপ্টেম্বর থেকে সরাসরি আলোচনা চালিয়ে আসছিল।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।