তালেবান বন্দীদের মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল: আশরাফ গণি
https://parstoday.ir/bn/news/world-i77886-তালেবান_বন্দীদের_মুক্তি_দিতে_প্রতিশ্রুতিবদ্ধ_নয়_কাবুল_আশরাফ_গণি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, দেশের কারাগারে বন্দী পাঁচ হাজার তালেবানকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল। মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার একদিন পর আশরাফ গণি এই বক্তব্য দিলেন। চুক্তিতে হাজার হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০২০ ১৫:৪৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি
    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, দেশের কারাগারে বন্দী পাঁচ হাজার তালেবানকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল। মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার একদিন পর আশরাফ গণি এই বক্তব্য দিলেন। চুক্তিতে হাজার হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে।

গতকাল (শনিবার) মার্কিন সরকার এবং আফগান তালেবান কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি সই করে। গত ১৮ মাসে অন্তত দশ দফা তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার পর এই চুক্তি সই হলো।

গতকাল কাতারের রাজধানী দোহায় আমেরিকা-তালেবান চুক্তি সই

চুক্তিতে বলা হয়েছে, বন্দী এক হাজার আফগান সেনা মুক্তির বিনিময়ে আফগান সরকার পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেবে। কিন্তু আজ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আশরাফ গণি বলেন, চুক্তিতে যেভাবে তালেবান বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে বলা হয়েছে আফগান সরকার ঠিক সেভাবে কোনো প্রতিশ্রুতি দেয় নি।

আশরাফ গণি বলেন, কাবুল সরকারের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তালেবান তাদের পাঁচ হাজার বন্দীকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছে। কিন্তু সরাসরি আলোচনার ব্যাপারে বন্দি মুক্তির বিষয়টি পূর্বশর্ত হতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/১