ইরানের সঙ্গে ব্যবসা করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেব না: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ (বৃহস্পতিবার) ব্রিটেনের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে বলেছেন, ইরানের সঙ্গে ব্যবসা করলে বা ব্যবসার সুযোগ করে দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আমেরিকা। লন্ডনে শীর্ষস্থানীয় ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন কেরি।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংস্থাগুলো যখন তেহরানের সঙ্গে ব্যবসা করতে গড়িমসি করছে তখন এ কথা বললেন কেরি।
তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক কোম্পানিগুলো যেন তেহরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ভুল ব্যাখ্যা বা গুজবের মাধ্যমে প্রভাবিত না হয়। তিনি বলেন, আমেরিকা পরিষ্কার ভাষায় বলতে চায় যে, চূড়ান্ত পরমাণু সমঝোতা অনুযায়ী ব্যাংকগুলো ইরানের সঙ্গে বৈধ ব্যবসা করতে পারে। আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর মধ্যে এইচএসবিসি, ডয়েচে ব্যাংক, বারক্লেস এবং বিএনপি পারিবাস'র মালিকরা উপস্থিত ছিলেন।
কেরি এর আগে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা না করার জন্য আমেরিকাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা।#
মূসা রেজা/১২