শিগগিরই সম্মেলনে বসবে ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i96922-শিগগিরই_সম্মেলনে_বসবে_ইরান_রাশিয়া_চীন_পাকিস্তান
আফগানিস্তান ইস্যুতে আগামী কয়েকদিনের মধ্যে প্রতিবেশী ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বসতে যাচ্ছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৩:২১ Asia/Dhaka
  • ইরান সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন পাক পররাষ্ট্রমন্ত্রী (সাম্প্রতিক ছবি)
    ইরান সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন পাক পররাষ্ট্রমন্ত্রী (সাম্প্রতিক ছবি)

আফগানিস্তান ইস্যুতে আগামী কয়েকদিনের মধ্যে প্রতিবেশী ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বসতে যাচ্ছে।

আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর চলমান গোলযোগপূর্ণ অবস্থা নিয়ে এই ভার্চুয়াল সম্মেলনে আলোচনা করা হবে। এতে অংশ নেবেন আফগানিস্তান বিষয়ক চার দেশের বিশেষ প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীরা।

গতকাল (শনিবার) ইরান, রাশিয়া চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপে এ ব্যাপারে বিস্তারিত পরামর্শ করা হয়। এরপর চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তান ইস্যুতে খুব শিগগিরই ভার্চুয়াল সম্মেলনে বসার ব্যাপারে একমত হন।

শাহ মেহমুদ কোরেশি (বামে) ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান

এর আগে, গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইরান সফরে যান এবং প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে আফগানিস্তানের ঘটনাবলী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

পরে তিনি এক টুইটার পোস্টে জানিয়েছিলেন যে, আঞ্চলিক শান্তি এবং আফগানিস্তানের বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সমাধানের বিষয়ে কাজ করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এসব আলাপে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয় নিয়ে কথা হয়।#

পার্সটুডে/এসআইবি/৫