নারায়ণগঞ্জে ভোটের দামামা
নারায়ণগঞ্জের ভোট- চলছে চাপানউতোর: ওবিসি কাঁটায় দিশেহারা বিজেপি!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- আইভী চাইলেও নৌকা ডোবাতে পারবেন না, মরে গেলেও নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা তৈমুরের -প্রথম আলো
- সরকারি হাসপাতালে ‘প্রেসক্রিপশন পার্টির’ উৎপাত-মানবজমিন
- রাত পোহালেই ভোট-ইত্তেফাক
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শপথ করানোর নির্দেশ-যুগান্তর
- করোনা শনাক্ত ৪০০০ ছাড়িয়েছে, আরো ছয়জনের মৃত্যু-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ভোটের আগে ওবিসি কাঁটায় দিশেহারা বিজেপি! মলম লাগাতে দলিত বাড়িতে ভোজ যোগীর-সংবাদ প্রতিদিন
- পিছিয়েই গেল রাজ্যের চার পুরনিগমের ভোট! ১২ ফেব্রুয়ারি নির্বাচন করার ঘোষণা কমিশনের-আনন্দবাজার পত্রিকা
- উপাচার্য নিয়োগ ঘিরে ফের প্রকাশ্যে রাজ্য–রাজ্যপাল দ্বন্দ্ব, ধনখড়কে যোগ্য জবাব দিলেন ব্রাত্য -আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
রাত পোহালেই ভোট-নারায়ণগঞ্জের মেয়র নির্বাচন নিয়ে এমন শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক।অবিরাম প্রচার-প্রচারণার পর আগামীকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাঙ্ক্ষিত নির্বাচন। মোট সাত জন মেয়র প্রার্থী ও ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুক্রবার মধ্যরাতে প্রচার-প্রচারণা শেষ হয়। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার গতকাল ব্যস্ত সময় পার করেছেন। সকালে তারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করেন যে, আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি চাপ সৃষ্টি করে জনতার রায়কে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সেলিনা হায়াৎ আইভী বলেন, ভোটকেন্দ্রে যাতে কোনো সহিংসতা ও বিশৃঙ্খলা না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে নজর রাখতে হবে। ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারলে আমার বিজয় নিশ্চিত।’লাখো ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ মাঠে কাজ করছে।
মানবজমিনের প্রতিবেদনের শিরোনাম-সরকারি হাসপাতালে ‘প্রেসক্রিপশন পার্টির’ উৎপাত-মানবজমিনের
বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ থেকে অ্যাজমার এবং চর্ম রোগের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার দেখাতে এসেছেন হাসনা বানু। বয়স ৬২ বছর। হাসপাতালের নতুন ভবনের পাঁচতলায় চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তুলতে তাকে ঘিরে ধরেন। এদিকে হাসনা বানুর শ্বাসকষ্ট বাড়ছে। এদিকে কারও খেয়াল নেই। কে কার আগে ছবি তুলবেন রীতিমতো তার প্রতিযোগিতা চলছে। ওষুধ কোম্পানিগুলোর এমআরদের কয়েকহাত ঘুরে প্রেসক্রিপশন রোগীর হাতে আসতে প্রায় দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হয়। এ সময় সঙ্গে থাকা মেয়ে এক প্রকার যুদ্ধ করে প্রেসক্রিপশন নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। উদ্দেশ্য একটাই কোন্ কোম্পানির ওষুধ লিখেছেন চিকিৎসক এটা দেখা। রোগীরা মুমূর্ষু অবস্থায় থাকলেও হাসপাতালে ওষুধ কোম্পানির উৎপাতের এ চিত্র বদলায় না। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এই উৎপাত বন্ধে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি হাসপাতাল এলাকায় প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবে না বলে ঢাকা জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে লিখিত আদেশে নির্দেশনা দেয় হয়। এতে বলা হয়, কোনো অবস্থাতেই হাসপাতাল চত্বরে চিকিৎসক প্রদত্ত ব্যবস্থাপত্র চাইতে বা দেখতে এবং ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। শুধুমাত্র বৃহস্পতিবার ও রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ ছাড়া অন্য কোনো দিন বা সময়ে হাসপাতাল এলাকায় অবস্থান কিংবা মোটরসাইকেলও রাখতে পারবেন না।
এরপরও বদলায়নি সরকারি হাসপাতালগুলোর চিত্র। সরজমিন দেখা গেছে, নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লেখাতে নানাভাবে চিকিৎসকদের ম্যানেজ করার চেষ্টা করেন তারা। হাজির হন উপহার নিয়ে। হরেক রকমের ফলের ডালা, দামি কলম, খাবার, লেখার প্যাড, মিনি ফ্রিজ কী নেই উপহারের ঝুলিতে। এদিকে কোম্পানির প্রতিনিধিদের মন রক্ষা করতেও যেন ব্যস্ত অধিকাংশ চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে এক ওষুধ রিপ্রেজেন্টেটিভকে রীতিমতো চিকিৎকের কক্ষে বসে পাহারা দিতে দেখা যায়। এ বিষয়ে হাসপাতালের বহির্বিভাগের দায়িত্বরত এক নারী চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আরেক চিকিৎসক অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমরা চাইলেও তাদেরকে সরাতে পারছি না। ঊর্ধ্বতনদের ম্যানেজ করে তারা এ পর্যন্ত আসে।
করোনার বাড়াবাড়িতে সরকারি বিধি নিষেধ এবং নির্দেশনা মানা হচ্ছে তেমন কোথাও। মানজমিনের খবরের শিরোনাম করা হয়েছে এভাবে, শতভাগ যাত্রী নিয়েই চলছে বাস, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কালের কণ্ঠ লিখেছে, দেশেকরোনা শনাক্ত ৪০০০ ছাড়িয়েছে, আরো ছয়জনের মৃত্যু। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৭৮০০০০ আর মৃত্যু হয়েছে১৮০০ জনের। একদিনে ভারতে আক্রান্ত ২লাখ ৬৮ হাজার। পোলাল্ডে গুরুত্বপূর্ণ জিন আবিষ্কার। করোনাকে ভয়াবহ করে তুলেছে মানুষেরই ঐ একটা জিন। এ খবর দিয়েছে ইত্তেফাক। এই প্রথম হদিশ মিলল মানবদেহে থাকা এমন একটি জিনের যা কোভিডের ভয়াবহ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
জিনটির উপস্থিতি ও অতি সক্রিয়তা কোভিডের ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে তোলে, যেটা আরো উদ্বেগের। গবেষণায় এও দেখা গিয়েছে, ভারতীয় নাগরিকদের ২৭ শতাংশের শরীরেই এই জিনটি রয়েছে। আর তা রয়েছে অতি সক্রিয় অবস্থাতেই।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই গবেষণার ফলাফল কোন রোগীর ক্ষেত্রে কোভিডের ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা বেশি তা চিকিৎসকদের আগেভাগে বুঝতে সাহায্য করবে। পোল্যান্ডের ‘মেডিক্যাল ইউনিভার্সিটি অব বায়ালিস্টক’-এর জিন বিশেষজ্ঞদের সাম্প্রতিক গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার জেনেটিক্স’-এ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
পিছিয়েই গেল রাজ্যের চার পুরনিগমের ভোট! ১২ ফেব্রুয়ারি নির্বাচন করার ঘোষণা কমিশনের-আনন্দবাজার পত্রিকা
তিন সপ্তাহ পিছিয়ে গেল রাজ্যের চার পুরনিগমের ভোট। ১২ ফেব্রুয়ারি ভোট করার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট পিছনো নিয়ে রাজ্যের অনুরোধের পর শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানাল কমিশন। তবে গণনা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশন আরও বলেছে, আদালতকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে প্রচার নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে প্রচার নিয়ে পূর্ব নির্ধারিত বিধিনিষেধই বজায় থাকবে। নিয়ম মেনে প্রচার করা যাবে। ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে বলেও কমিশনের সচিব জানিয়েছেন।
নবান্নের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয় যে, কমিশন ভোট পিছিয়ে দিলে কোনও আপত্তি নেই সরকারের। শনিবার নবান্নের চিঠি পাওয়ার পরে ভোট পিছনোয় শিলমোহর দিল নির্বাচন কমিশন।
ভোটের আগে ওবিসি কাঁটায় দিশেহারা বিজেপি! মলম লাগাতে দলিত বাড়িতে ভোজ যোগীর-সংবাদ প্রতিদিন
দলিত, অনগ্রসর শ্রেণি, বলা ভাল ‘ওবিসি কাঁটা’ বিজেপির গলায় ভালই ফুটেছে। তাতে যে অবিলম্বে মলম লাগানোর প্রয়োজন রয়েছে তা ভালই টের পেয়েছে বিজেপি (BJP)। তাই দেরি না করেই মাঠে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বৃহস্পতিবারই দিল্লিতে প্রার্থী নির্বাচনের বৈঠক সেরে লখনউ ফিরেছেন। শুক্রবার সকালেই সোজা চলে গিয়েছেন নিজের ‘গড়’ গোরখপুরে। এদিন দুপুরে গোরখপুরে বস্তি এলাকায় জনৈক অমৃতলাল ভারতীর বাড়িতে মধ্যাহ্ণ ভোজ সেরেছেন যোগী। সেই ছবি নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্টও করেছেন। অমৃতলাল যে অনগ্রসর শ্রেণির প্রতিনিধি সেকথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।রাজ্যের পঞ্চাশ শতাংশের বেশি ভোট রয়েছে ওবিসি সম্প্রদায়ের হাতে। সেই ভোট ব্যাঙ্কে ফাটল ধরলে সব হিসেব নিকেশ যে ওলট-পালট হয়ে যেতে পারে সেকথা বিজেপি শিবিরের অজানা নয়। অথচ গত কয়েকদিন ধরে যোগী সরকারের ওবিসি সম্প্রদায়কে উপেক্ষা করার ছবিই উঠে এসেছে। নির্বাচনের দিন ঘোষণা হতেই যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার একের পর এক সদস্য থেকে শুরু করে এক ডজনের কাছাকাছি বিধায়ক দল ছেড়ে সমাজবাদী পার্টি, সপার ঘরে গিয়ে যেভাবে ভিড় করছেন তাতে বিজেপি শিবিরে আশঙ্কার মেঘ ঘনিয়েছে। এর সবথেকে বড় কারণ এখনও পর্যন্ত যে সমস্ত মন্ত্রী এবং বিধায়ক বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন তাদের অধিকাংশই দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির (ওবিসি) প্রতিনিধি।
উপাচার্য নিয়োগ ঘিরে ফের প্রকাশ্যে রাজ্য–রাজ্যপাল দ্বন্দ্ব, ধনখড়কে যোগ্য জবাব দিলেন ব্রাত্য-আজকাল
রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে আচার্য–রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দপ্তরের সংঘাত তৈরি হল।যা নতুন নয়। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় ‘ইস্তফা’ দেওয়ায় রাজ্য উচ্চশিক্ষা দপ্তর ওই পদে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করেছিল আচার্য–রাজ্যপালের কাছে। কিন্তু বিকাশ ভবনের সেই প্রস্তাব খারিজ করে শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে জানান, ডায়মন্ডহারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি বিশ্ববিদ্যালয়েরই কলা শাখার ডিন তপন মণ্ডলকে ৬ মাস বা স্থায়ী উপাচার্য হিসেবে মনোনীত করছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫