এপ্রিল ২৫, ২০২৩ ০৯:৪০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৫ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • নির্বাচন নিয়ে আপনারাও বকবক করেন, বিদেশিদের দিয়েও করান: পররাষ্ট্রমন্ত্রী- মানবজমিন
  • ১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী: বণিকবার্তা
  • জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা: দৈনিক আমাদের সময়
  • নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপি হতাশ: বললেন মির্জা ফখরুল- ইত্তেফাক
  • ঢাকায় গ্যাসের গন্ধে আতঙ্ক: সমস্যার সমাধান হয়েছে, দাবি তিতাসের- প্রথম আলো
  • আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ৭০ বাড়ি: যুগান্তর

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার করবে না বিজেপির পরিষদীয় দল: আনন্দবাজার
  • মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে কর্নাটকে প্রতিশ্রুতি কংগ্রেসের, পরিবারতন্ত্র নিয়ে তোপ শাহর: সংবাদ প্রতিদিন
  • খুনের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ- আজকাল
  • কেরালায় মোদী, কেন্দ্রীয় উদ্যোগের দাবিতে চোট রাজ্যের তথ্যে: গণশক্তি

বিশ্লেষণের বিষয়

১. বাংলাদেশের সদ্য সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বিদায় নিয়ে নানামুখী খবর প্রচার হয়েছে। বিষয়টি গতকাল কিংবা তারও আগে থেকে গণমাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। তার এ বিদায়কে আপনি কীভাবে দেখছেন?

২. ডলার বাদ দেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে- বলেছে রাশিয়া। এছাড়া, ব্র্রিক্সে সদস্য বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

নির্বাচন নিয়ে আপনারাও বকবক করেন, বিদেশিদের দিয়েও করান: পররাষ্ট্রমন্ত্রী- মানবজমি

বাংলাদেশের জাতীয় নির্বাচনের এখনো আট মাস বাকি। এখনই নির্বাচন প্রসঙ্গ সামনে নিয়ে আসায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা (গণমাধ্যমকর্মী) নিজেরা বকবক করেন, বিদেশিগুলারে দিয়ে বকবক করান।’

সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকরা আগামী নির্বাচনের প্রসঙ্গ তোলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আট মাস পরে নির্বাচন। এগুলো নিয়ে এখনই হইচই। দেশে আর কোনো কাজ নাই? অনেক কিছু দেশে আছে। জলবায়ু, এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের শেষ নেই। আপনারা এগুলো না বলে শুধু বকবক করেন নির্বাচন নিয়ে।

১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী: বণিকবার্তা

১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে রওনা হন।

সেখানে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে।

টোকিও থেকে ২৮ এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে সেখানে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ৪ মে যুক্তরাজ্য সফর করবেন, এবং পরে ৬ মে যোগ দেবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে। এ ছাড়া লন্ডনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা: দৈনিক আমাদের সময়

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন।

নতুন রাষ্ট্রপতিকে নিয়ে হতাশ বিএনপি: বললেন মির্জা ফখরুল- ইত্তেফাক

নতুন রাষ্ট্রপতিকে মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিএনপি কিছুটা হতাশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি কতটা করবেন, সে বিষয়েও বিএনপির সংশয় রয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে। বর্তমানে যে রাষ্ট্রপতি শপথ নিয়েছেন জনগণের কাছে তার নামটা একেবারে পরিচিত ছিল না। বর্তমান সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে মানুষের মাঝে একটি সন্দিহান রয়েছে। তিনি কী ভূমিকা রাখতে সক্ষম হবেন?

মির্জা ফখরুল বলেন, সরকার যদি চাইতো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করবে, তাহলে রাষ্ট্রপতির নিয়োগের ক্ষেত্রেও বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলতে পারতো। যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে, হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবেই তিনি রাষ্ট্রপ্রধানের পদে এসেছেন।

ঢাকায় গ্যাসের গন্ধে আতঙ্ক: সমস্যার সমাধান হয়েছে, দাবি তিতাসের- প্রথম আলো

রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল সোমবার রাতে যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল, সে সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে তিতাসের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিতাসের দাবি, কোম্পানিটির জরুরি ও টেকনিক্যাল টিম রাতেই সমস্যার সমাধান করেছে। এখন আর কোথাও গ্যাসের গন্ধ নেই।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাখাওয়াত হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ার (ওভার-ফ্লো) কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা সমাধান হয়েছে।

আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ৭০ বাড়ি: যুগান্তর

কক্সবাজার টেকনাফের ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ৭০ টি বাড়ি। এতে একটি মসজিদ ও দুই লার্নিং সেন্টারও পুড়েছে। সোমবার রাতে হোয়াইক্যং ইউপির চকমার কুল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এদিকে ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও আহত হয়েছে ৪ জন রোহিঙ্গা। আহতদের এনজিও সংস্থার একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, রাতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর ব্লক- ডি-১ এর জনৈক রফিকের ঘর হতে আগুনের সূতপাত হয়ে ৭০ টি বাড়ি পুড়ে গেছে। পরে খবর পেয়ে স্থানীয়রা এবং টেকনাফ থেকে দমকল বাহিনীর ৪টি ইউনিটের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার করবে না বিজেপির পরিষদীয় দল: আনন্দবাজার

বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। কিন্তু গেরুয়া শীর্ষনেতৃত্বের সঙ্গে কথা বলা বা দেখা করার সুযোগ হয়নি তাঁর, এমনটাই বিজেপি সূত্রের খবর। আর সেই আবহেই বাংলার বিজেপি পরিষদীয় দল জানিয়ে দিল, মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে তাদের করা আবেদন কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়লাভ করেন মুকুল। কিন্তু ১১ জুন, পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেন তাঁর পুরনো দলে।

মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে কর্নাটকে প্রতিশ্রুতি কংগ্রেসের, পরিবারতন্ত্র নিয়ে তোপ শাহর: সংবাদ প্রতিদিন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রীর অনুকরণে কর্নাটকে (Karnataka) গৃহলক্ষ্মী ও যুবনিধি চালু করার প্রতিশ্রুতি দিল কংগ্রেস (Congress)। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে মন্ত্রীসভার প্রথম বৈঠকে মহিলাদের প্রতিমাসে ২ হাজার ও বেকার স্নাতক যুবকদের প্রতিমাসে ৩ হাজার ও ডিপ্লোমাপ্রাপ্তদের দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সেইসঙ্গে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।

খুনের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ- আজকাল

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হল।

উত্তরপ্রদেশ সরকারের এমার্জেন্সি নম্বর ১১২ তে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। ফোনে থাকা ব্যক্তি রীতিমতো হুমকির সুরে বলেছেন, ‘‌মুখ্যমন্ত্রী যোগীকে দ্রুত খুন করব।’‌ অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। কে এই হুমকি দিল তা জানতে খোঁজ শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

কেরালায় মোদী, কেন্দ্রীয় উদ্যোগের দাবিতে চোট রাজ্যের তথ্যে: গণশক্তি

দু’দিনের সফরের গোড়াতেই স্বভাবসিদ্ধ চমক দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল পাঁচটা নাগাদ কেরালা পৌছান তিনি। স্থানীয় পোশাক পরে করেছেন রোড শো। কেরালার উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার প্রবল মনোযোগী, জানিয়েছেন সেই দাবি।

মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন পরপর টুইটে তথ্য দিয়ে মনে করিয়েছেন, পরিকাঠামো কেবল নয় মানবসম্পদের উন্নয়নে কাজ করছে রাজ্যই।

সরকারি সফর হলেও বিজেপি’র জন্য লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হিসেবে সফরকে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। কেরালায় বিজেপি লোকসভা এবং বিধানসভায় কোনও আসন পায়নি। এর আগে অমিত শাহ রাজ্যজুড়ে যাত্রা শুরু করলেও জনসমর্থন বাড়েনি। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।