পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
২৭ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর প্রতিবেদন: কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটন, 'গোটা পৃথিবী বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে': মানবজমিন
- রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি: ভোরের কাগজ
- সিটি নির্বাচনি ফাঁদে পা দেবে না বিএনপি: যুগান্তর
- রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ উপায়ে হয়েছে তা বিরল : কাদের: নয়াদিগন্ত
- ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরণা দিচ্ছে আ.লীগ: খসরু: ইনকিলাব
- বাংলাদেশে বিনিয়োগ করুন, জাপানি ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী: প্রথম আলো
- রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকই বড় গ্রহীতাদের ঋণ দেয়ার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে: বণিকবার্তা
কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- ভোটপ্রচারে উসকানিমূলক মন্তব্য! খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর কংগ্রেসের: সংবাদ প্রতিদিন
- ধর্মের ভিত্তিতে ভোট দিলে বিভেদ হবেই: অভিষেক- পূ্বের কলম
- তিন দিনের ইডি হেফাজত সুকন্যার, জেলবন্দি অনুব্রতের মুখোমুখি বসিয়ে জেরা চাইছেন তদন্তকারীরা: আনন্দবাজার
বিশ্লেষণের বিষয়
১. সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর প্রতিবেদন: কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটন, 'গোটা পৃথিবী বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে'। দৈনিক মানবজমিনের শিরোনাম এটি। কী বলবেন আপনি?
২. জেলেনস্কি-শি জিনপিং টেলিফোন আলাপ: যুদ্ধ বন্ধের একমাত্র পথ মস্কো-কিয়েভ সংলাপ- বলেছেন চীনা প্রেসিডেন্ট। আপনার কী মনে হয় দুই নেতার এই ফোনালাপে বরফ গলবে?
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর প্রতিবেদন
কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটন, 'গোটা পৃথিবী বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে': মানবজমিন
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিজের সবচেয়ে স্পষ্ট বার্তাটি পাঠিয়েছে বলেই মনে হচ্ছে। সেটি হচ্ছে, দুই দেশের মধ্যে সম্পর্ক অব্যাহত রাখার জন্য একটি দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অপরিহার্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বাংলাদেশে বেশ কয়েকটি হাই-প্রোফাইল সফরের পরপরই ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন- এর মধ্যে গত ১০ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকের সময় এই বার্তা দেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তব্যে সেক্রেটারি ব্লিঙ্কেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দেন। তিনি "বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব ও শ্রম অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রচারে মার্কিন প্রতিশ্রুতি" এর কথা পুনর্ব্যক্ত করেন।
রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি: ভোরের কাগজ
রাজনৈতিক দলের মতানৈক্যের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারি প্রথমার্ধে রোডম্যাপ অনুযায়ী ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগেভাগেই ব্যালট পেপার, ব্যালটবাক্স সংগ্রহসহ নানাবিধ সামগ্রি কেনাকাটাসহ নানান প্রস্তুতি নিচ্ছে ইসি। চলছে ট্রেনিং কার্যক্রমও।
ভোটার সংখ্যা অনুযায়ী ভোট কেন্দ্র ও ভোট কক্ষের তালিকা প্রস্তুতের নির্দেশনাও গেছে মাঠে। নির্বাচন উপলক্ষে নানাবিধ তালিকা প্রস্তুতিতে ঘুম নেই মাঠ কর্মীদের। সর্বোপরি এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি।
সিটি নির্বাচনি ফাঁদে পা দেবে না বিএনপি: যুগান্তর
আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনকে ‘সরকারের ফাঁদ’ হিসাবে দেখছে বিএনপি। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এ কৌশল নিয়েছে বলে মনে করছে দলটি। তাই এই পাতা ‘ফাঁদে’ পা না দিয়ে ভিন্ন কৌশলে এগোতে চায় মাঠের বিরোধী দল। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা আন্দোলনের দিকেই মনোযোগ তাদের।
ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের চ‚ড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বিএনপির একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ উপায়ে হয়েছে তা বিরল : কাদের: নয়াদিগন্ত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা মনে করি রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা দেশে বিরল ঘটনা। তিনি মনে প্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম, সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তার সম্পর্কে আমি এটুকু বলতে চাই, বাকিটা তার কর্মের দ্বারা তিনি প্রমাণ করবেন। তিনি কতটা যোগ্য।
আজ বৃহস্পতিবার সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরণা দিচ্ছে আ.লীগ: খসরু: ইনকিলাব
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরণা দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতই দেশে দেশে ঘুরে বেড়ান যতই ধরনা দেন কোন লাভ হবে না, পরাজিত হতে হবে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশ্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতিক ভাবে পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা আজকে বিদেশীদের কাছে ধারণা দিচ্ছে। জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা তারা বিশ্বাস করে না।
বাংলাদেশে বিনিয়োগ করুন, জাপানি ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার জাপানে হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
জাপানি ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই, আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন।’
শেখ হাসিনা সবাইকে বাংলাদেশে এসে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা আত্মবিশ্বাসী, আপনাদের বিনিয়োগ আপনাদের বড় ধরনের সাফল্য এনে দেবে।’
রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকই বড় গ্রহীতাদের ঋণ দেয়ার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে: বণিকবার্তা
কোনো ব্যাংক তার বিতরণকৃত মোট ঋণের কত শতাংশ অর্থ বড় গ্রাহকদের দিতে পারবে, তা ব্যাংক কোম্পানি আইন ও কেন্দ্রীয় ব্যাংকের রীতিনীতিতে স্পষ্ট করা আছে। ব্যাংককে অল্প কিছু গ্রাহকের কাছে জিম্মি হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতেই এমন বিধান করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও খোদ রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীতে বিধানটির প্রতিপালন হয়নি। বরং এ চার ব্যাংকের সবক’টিরই ঋণ পোর্টফোলিওতে বড় গ্রাহকদের দেয়া ঋণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন হয়েছে।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
ভোটপ্রচারে উসকানিমূলক মন্তব্য! খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর কংগ্রেসের: সংবাদ প্রতিদিন
কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে দাঙ্গা হবে। দক্ষিণের রাজ্যে ভোটপ্রচারে গিয়ে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই ঘটনায় শাহর বিরুদ্ধে কোমর বেঁধে নামল কংগ্রেস। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে রাহুল গান্ধীর দল। এবার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। বেঙ্গালুরু হাই গ্রাউন্ড থানায় এফআইআর করেছেন রণদীপ সুরজেওয়ালা, ড. পরমেশ্বর এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।
ধর্মের ভিত্তিতে ভোট দিলে বিভেদ হবেই: অভিষেক- পূ্বের কলম
রাজ্যজুড়ে জনসংযোগে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের নয়া কর্মসূচিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে মানুষের ভোটের হবে মানুষের প্রার্থী। বুধবার এই ইসুতে কোনোরকম দলীয় খুক্ষো বরদাশত করা হবে না
বলে স্পষ্ট হুশিয়ারী দিলেন অভিষেক।স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নির্দল হয়ে দাঁড়ালে দরজা খোলা, বেরিয়ে যান।
আজ সভার শুরুতেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশালঅ করেন অভিষেক। এ দিন ফের তিনি বলেন, ধর্মের নামে নয়ম কাজের নিরিখে ভোট দিন। গেরুয়া শিবিরকে তোপ দেগে তিনি বলেন, 'বাংলাকে ভাতে মারা চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।'
তিন দিনের ইডি হেফাজত সুকন্যার, জেলবন্দি অনুব্রতের মুখোমুখি বসিয়ে জেরা চাইছেন তদন্তকারীরা: আনন্দবাজার
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে তিন দিন ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী শনিবার পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে থাকতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন সুকন্যা।
গরু পাচারকাণ্ডে সুকন্যাকে বুধবার দিল্লিতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। দিল্লিতে বুধবার ইডি দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন সুকন্যা। দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় অনুব্রত-কন্যাকে। আদালতে তাঁর হেফাজত চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তিন দিনের হেফাজতের জন্যই ইডি আবেদন জানিয়েছিল। সেই মতো আবেদন মঞ্জুর করেছে আদালত।
গরু পাচারকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অনুব্রতকেও। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি গত সাড়ে আট মাস ধরে জেলে। বর্তমানে তাঁর ঠিকানা তিহাড়। তাঁর কন্যাও ওই একই মামলায় গ্রেফতার হলেন।
রামনবমীর সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাই কোর্টের: গণশক্তি
রাজ্য রামনবমীর দাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যেই ভিডিও ফুটেজ রয়েছে তা এনআইএ’র হাতে তুলে দিতে।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, রিষড়া এবং উত্তর দিনাজপুরের সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। গাড়ি ভাঙচুড়, দোকানে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। উল্লেখ্য এই প্রথম নয়। এর আগে দুবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার ওই একই জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে সব কিছু জানা সত্ত্বেও এবারও মিছিলের অনুমতি দেওয়া হয়। মিছিল রাস্তা বদল করে মসজিদের সামনে দিয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে কোন বাঁধা দেওয়া হয়নি। আর যখন বামফ্রন্টের পক্ষ থেকে শিবপুরে শান্তি মিছিলের ডাক দেওয়া হয় তখন মিছিল আটকাতে রাস্তায় ব্যারিকেড করে পুলিশ। তাছাড়া নবান্ন থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কি ভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।