পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
২৮ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৮ এপ্রিল (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- তিন প্রকল্পে ১.২৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: যুগান্তর
- আগামী নির্বাচন সুষ্ঠু হবে, বাধা এলে প্রতিহত : ওবায়দুল কাদের- ইনকিলাব
- এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না: সিটি নির্বাচন প্রসঙ্গে আইজিপি: প্রথম আলো
- ২০০৮ এ নির্দলীয়, ৯৬ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল: এলজিআরডি মন্ত্রী- মানবজমিন
- জাপান বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু : প্রধানমন্ত্রী- নয়াদিগন্ত
- আইপিএল থেকে দেশে ফিরে এলেন লিটন: পাপনের কথাই সত্যি হলো!- কালেরকণ্ঠ
কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরাতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের: সংবাদ প্রতিদিন
- নোটিস দিয়েছে বিশ্বভারতী, আদালতের দরজায় অমর্ত্য সেন: আজকাল
- নিজেদের ‘ভারতীয়' প্রমাণের দায়ে অসমে ২০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে!- পূবের কলম
- যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ বিজেপি’র ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর, সিদ্ধান্ত দিল্লি পুলিশের: গণশক্তি
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
তিন প্রকল্পে ১.২৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক: যুগান্তর
পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে সহায়তা দিতে তিন প্রকল্পে বাংলাদেশের জন্য ১.২৫ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে বাংলাদেশের জন্য চার বছরের একটি নতুন অংশীদারত্ব কাঠামো (পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক) তৈরি করেছে বিশ্বব্যাংক। যা ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঋণের মধ্যে রয়েছে কৃষি ও পল্লী উন্নয়নে ৫০ কোটি ডলারের একটি প্রকল্প; যা কৃষি-খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য আনার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে সহায়তা করবে। আরও রয়েছে-পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উন্নয়নে ৫০ কোটি ডলারের একটি প্রকল্প। এটি বাংলাদেশকে সবুজ এবং জলবায়ু-সহনশীল উন্নয়নে উত্তরণে সহায়তা করবে। আর ২৫ কোটি ডলারের একটি প্রকল্প ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উত্তরণে সহায়তা করবে। অনুমোদিত এই তিন প্রকল্প মিলিয়ে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ১৬.৩ বিলিয়ন ডলারে।
আগামী নির্বাচন সুষ্ঠু হবে, বাধা এলে প্রতিহত : ওবায়দুল কাদের- ইনকিলাব
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চায় সরকার, কেউ বাধা দিলে প্রতিহত করা হবে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না: সিটি নির্বাচন প্রসঙ্গে আইজিপি: প্রথম আলো
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ শুক্রবার দুপুরে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর মা–বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সিটি নির্বাচন নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা এর আগে অনেকগুলো নির্বাচন করেছি। নির্বাচন দীর্ঘদিন ধরে করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের (ইসি) অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।’
২০০৮ এ নির্দলীয়, ৯৬ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল: এলজিআরডি মন্ত্রী- মানবজমিন
২০০৮ সালে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম। তাছাড়া, ১৯৯৬ সালে এবং তার আগেও তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করেন তিনি। নেদারল্যান্ডসের রাজা ভিলেম–আলেকজান্ডার এর অফিসিয়াল জন্মদিন (জাতীয় দিবস) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এমন কথা বলেন।
জাপান বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু : প্রধানমন্ত্রী- নয়াদিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানকে বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, স্বাধীনতা অর্জনের দুই মাসের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়া কয়েকটি দেশের মধ্যে এই দেশটি তাঁর হৃদয়ের খুব কাছের।
তিনি বলেন, ‘জাপান আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের অবিচল সমর্থন পেয়েছে এবং আমাদের স্বাধীনতার পর জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সরকারি উন্নয়ন সহায়তা পেয়েছে।
জাপান আমাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে’ শিরোনামে নিজের লেখা একটি নিবন্ধে শেখ হাসিনা এ কথা বলেন এবং তার চার দিনের টোকিওতে সরকারি সফরের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল সেদেশের বৃহত্তম ও প্রাচীন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য জাপান টাইমস’এই নিবন্ধ প্রকাশিত হয়।
আইপিএল থেকে দেশে ফিরে এলেন লিটন: পাপনের কথাই সত্যি হলো!-কালেরকণ্ঠ
প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে স্বপ্নভঙ্গ হলো লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্স তাকে মাত্র এক ম্যাচ খেলিয়েছে। আর কোনো ম্যাচে তার খেলা হবে না। তাই আজ লিটন দেশে ফিরে এসেছেন। আগামী ৩০ মার্চ জাতীয় দলের সঙ্গে তার আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা আছে। যদিও আইপিএলের জন্য বাড়তি কয়দিন ছুটি পেয়েছিলেন লিটন। সেটা কাজে লাগল না।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব এবার আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করেন। লিটন খেলেছেন এক ম্যাচ। আর মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটলাসের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। বাজে বোলিং করায় তার আর দিল্লির একাদশে সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাবেন কিনা- এটা নিয়ে আরও আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সন্দেহই শেষ পর্যন্ত সত্যি হলো!
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরাতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের: সংবাদ প্রতিদিন
বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জের। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। শুক্রবার চাঞ্চল্যকর রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলায় অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে।
উল্লেখ্য, কিছুদিন আগে বেসরকারি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, ওই সাক্ষাৎকারে একাধিক বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এক মামলায় এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। বিষয়টি নজরে আসতেই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ।
শুক্রবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই সাক্ষাৎকারের তর্জমা জমা দেন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই সাক্ষাৎকার খতিয়ে দেখার পর জানিয়ে দিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনতে পারবেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলার জন্য নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অধীনে থাকা সব মামলা সরানো হল, নাকি শুধু অভিষেকের মামলা সরানো হল, সেটা অর্ডার কপি হাতে না আসা পর্যন্ত স্পষ্ট হবে না।
নোটিস দিয়েছে বিশ্বভারতী, আদালতের দরজায় অমর্ত্য সেন: আজকাল
বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের জমি-বিবাদ মিটছেই না। বিবাদের কারণ ১৩ ডেসিমেল জমি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি শান্তিনিকেতনের অমর্ত্য সেনের বাসভবনের মধ্যে রয়েছে বিশ্বভারতীর জমি। দিন কয়েক আগেই তাঁকে উচ্ছেদ নোটিস পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সঙ্গেই বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে, ১৫ দিনের মধ্যে ওই জমি খালি করতে হবে। যার সময় শেষ হচ্ছে ৬ মে। এবার ওই নোটিসের প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন।
বিশ্বভারতীর নোটিসের ওপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতে্র দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেনের আইনজীবীরা। আদালতে মামলার শুনানি হবে ১৫ মে। অমর্ত্য সেন এবং বিশ্ববিদ্যালয়ের এই বিবাদের মাঝে হস্তক্ষেপ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নিজে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি 'প্রতীচী' তে গিয়েছিলেন। জমির কাগজ তুলে দিয়ে আসেন অমর্ত্য সেনের হাতে। তাঁর পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দেন তিনি। তবে তার পরেও জমি-বিবাদ অব্যাহত। বুধবারেও এই উচ্ছেদ নোটিস, জমি-বিবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি।
যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে শুক্রবার এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হলো দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই বাহিনীর হয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চকে আশ্বাস দিতে বাধ্য হলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।
নিজেদের ‘ভারতীয়' প্রমাণের দায়ে অসমে ২০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে!- পূবের কলম
একটি উন্নয়নশীল ভারতে, নিজেদের ‘ভারতীয়' প্রমাণ করার জন্য লড়াই জারি রয়েছে। অসমে প্রায় ২০ লক্ষ মানুষ বা জনসংখ্যার ৫ শতাংশের বেশি মানুষের নাগরিকত্ব বর্তমানে প্রশ্নের মুখে। কারণ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে তাদের যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। ফলে ভারতীয় প্রমাণ করার তাগিদ এখন এক ঝুঁকির কারণ হয়েছে দাঁড়িয়েছে।
ভয় আতঙ্ক ফুটে উঠেছে, অসমবাসী কৃষ্ণ বিশ্বাসের মুখে। বিশ্বাসের ভয়, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। কৃষ্ণ জানিয়েছেন, তার ঘর থেকে কিছুটা দূরেই বাঁশ দিয়ে ঘিরে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। কৃষ্ণ বিশ্বাস আরও জানান, তার জন্ম অসম রাজ্যে। তার বাবার প্রায় ৬৫ বছর আগে এখানে জন্মেছিলেন। কিন্তু সরকার বলছে, আমাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে, ১৯৭১ সালের আগের নথিপত্র জমা দিতে হবে। অর্থাৎ, ৩৭ বছর বয়সী সবজি বিক্রেতা কৃষ্ণ বিশ্বাসকে নিজেকে ভারতীয় প্রমাণ করতে হলে এক দশকের পুরনো দলিল, জন্ম শংসাপত্র সহ সব নথিপত্র সব দাখিল করতে হবে। তবে এই তালিকায় বিশ্বাস একা নয়। প্রায় ২০ লক্ষ বা অসমের জনসংখ্যার ৫ শতাংশের বেশি মানুষ তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আতঙ্কে ভুগছেন। অর্থাৎ আগামীদিনে ভারতীয় প্রমাণ করতে না পারলে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে।
যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ বিজেপি’র ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর, সিদ্ধান্ত দিল্লি পুলিশের: গণশক্তি
দেশের সেরা মহিলা কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে গুরুতর এই মামলা বিবেচনায় এনেছে শীর্ষ আদালত। মামলার শুনানি রয়েছে পরের শুক্রবার। সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরঙ পুনিয়ারা টানা কয়েকদিন দিল্লিতে বিক্ষোব অবস্থানে রয়েছেন।
ব্রিজভূষণ জাতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ গত কয়েকমাস ধরেই জানানো হয়েছে। তবু কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রের বিজেপি জোট সরকার। আন্তর্জাতিক স্তরে পদকজয়ী কুস্তিগীরদের অভিযোগ, ব্রিজভূষণকে আড়াল করা হচ্ছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮