মে ০১, ২০২৩ ০৯:১০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১ মে (সোমবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।  

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • যুক্তরাষ্ট্রে নেতাকর্মীদের শেখ হাসিনা: 'এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার’-বাংলাদেশ প্রতিদিন
  • ইউএনএফপিএর প্রতিবেদন: বাল্যবিবাহে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে- প্রথম আলো
  • শ্রমিকের আয়-ব্যয়ে বিস্তর ফারাক: আমাদের সময়
  • নয় মাসে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি ২৯ হাজার কোটি টাকা: বণিকবার্তা
  • প্রবাসী ও রপ্তানি আয়ে বাড়ল ডলারের দাম: যুগান্তর
  • ডলারের বদলে চীনের ‘ইউয়ানে’বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব: ইনকিলাব
  • কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও: কালের কণ্ঠ

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • জোটে 'দাদাগিরি' নয়, নরম কংগ্রেস" বর্তমান পত্রিকা
  • তৃণমূল সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট: আনন্দবাজার
  • সন্ত্রাসবাদ দমনে বড়সড় পদক্ষেপ ভারতের, জম্মু-কাশ্মীরের ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা: পূবের কলম
  • কর্নাটকে ঘোষণাপত্রে বিভাজনে ভরসা বিজেপি'র

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

যুক্তরাষ্ট্রে নেতাকর্মীদের শেখ হাসিনা: 'এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার’-বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে কাজের নির্দেশ দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সামনের নির্বাচনে নৌকার প্রার্থীদের জয় প্রদানে প্রবাসীদের দায়িত্ব অনেক বেশি। কারণ, বিশেষ একটি মহল যুক্তরাষ্ট্রে অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে আবারো থামিয়ে দিতে।’

এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পাশাপাশি মার্কিন বন্ধুদের চলমান উন্নয়ন-অভিযাত্রার পক্ষে রাখতে হবে বলেও উল্লেখ করেছেন গণতান্ত্রিক বিশ্বে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে রেকর্ড সৃষ্টিকারী শেখ হাসিনা।

বিশ্বব্যাংকের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের সাক্ষাৎ ঘটে ২৯ এপ্রিল শনিবার। ছোট ছোট গ্রুপে পর্যায়ক্রমে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।

ইউএনএফপিএর প্রতিবেদন: বাল্যবিবাহে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে- প্রথম আলো

জনস্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু উন্নতি দৃশ্যমান। তবে বাল্যবিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমানো যাচ্ছে না। এশিয়ার দেশগুলোর মধ্যে বাল্যবিবাহের হারে বাংলাদেশ এখনো শীর্ষে। এটি মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি–২০২৩ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বাল্যবিবাহের ক্ষেত্রে ২০০৬ থেকে ২০২২ সালের তথ্য তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ বছর বয়সের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে।

‘৮০০ কোটি জীবন, অপরিসীম সম্ভাবনা’ (এইট বিলিয়ন লাইভস, ইনফিনিট পসিবিলিটিজ) শিরোনামে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৩ বৈশ্বিকভাবে প্রকাশিত হয় গত ১৯ এপ্রিল। বাংলাদেশে গতকাল রোববার রাজধানীর গুলশানে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) স্যাটেলাইট কার্যালয়ে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্রিশ্চিন ব্লুখস। প্রতিবেদনে ২০৪টি দেশ ও অঞ্চলের তথ্য প্রকাশ করা হয়েছে।

শ্রমিকের আয়-ব্যয়ে বিস্তর ফারাক: আমাদের সময়

বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের আয় ও ব্যয়ের ফারাক কমছে না। আয়ের তুলনায় ব্যয় দিন দিন বাড়ছে। ফলে পরিবার নিয়ে টিকে থাকাই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি তুলেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু কবে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়বে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

শ্রমিকদের আয়-ব্যয়ের এই বিস্তর ফারাকের মধ্যেই আজ সোমবার বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস।

নয় মাসে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি ২৯ হাজার কোটি টাকা: বণিকবার্তা

ডলার সংকট, মূল্যবৃদ্ধি ও ঋণপত্র বা এলসিতে কড়াকড়ি আরোপের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় কমেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের নয় মাস ঘাটতি থাকা রাজস্বের অর্ধেকেরও বেশি আমদানি পর্যায়ের (কাস্টমস)। এ খাতে ঘাটতির পরিমাণ ১৫ হাজার ৮০৬ কোটি টাকা, যেখানে মোট ঘাটতি ২৯ হাজার ৮ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

প্রবাসী ও রপ্তানি আয়ে বাড়ল ডলারের দাম: যুগান্তর

প্রবাসী ও রপ্তানি আয়ের ক্ষেত্রে এক টাকা বাড়িয়ে ডলারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে পাওয়া যাবে ১০৮ টাকা। সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ মিলবে ১১০ টাকা ৫০ পয়সা। আর রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৬ টাকা। এতদিন রেমিট্যান্সের বিপরীতে ডলারের দাম ছিল ১০৭ টাকা এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে ছিল ১০৫ টাকা।

রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হবে।

ডলারের বদলে চীনের ইউয়ানে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব: ইনকিলাব

আন্তর্জাতিক মুদ্রা ডলার। বাংলাদেশে ডলার সংকট চলছে। এ সময় আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাংলাদেশকে ঋণ দিতে প্রস্তাব দিয়েছে চীন। ঋণের পুরোটা কিংবা আংশিক দুভাবে ইউয়ানে ঋণ দেওয়ার প্রস্তাব করেছে চীনের এক্সিম ব্যাংক।

জানা গেছে, তিন কারণে এখন ইউয়ানে ঋণ দিতে আগ্রহী ব্যাংকটি। কারণগুলো হলো ডলারের বিনিময় হারের ওঠানামা, বৈশ্বিক মুদ্রাবাজারে ইউয়ানের স্থিতিশীলতা ও প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত চীনা ঠিকাদারদের ইউয়ানে মূল্য পরিশোধের দাবি। ইউয়ানে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশের মতামত জানতে চেয়েছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। এর আগে রাশিয়া থেকে নেয়া রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের সুদ চীনের মুদ্রা ‘ইউয়ানে’ পরিশোধের উদ্যোগ নেয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদের মুখে পড়তে হয়। এ বিষয়ে ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস চিঠি দিয়ে এ ব্যাপারে জানতে চেয়েছেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।

কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও: কালের কণ্ঠ

কয়লাসংকটে বিদ্যুৎ উৎপাদন বন্ধের শঙ্কায় পটুয়াখালীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। বিদ্যুৎকেন্দ্রটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ডলার সংকটের কারণে কয়লার বিল বাবদ গত ৯ মাসে কেন্দ্রটির বকেয়া জমেছে প্রায় ২৯৮ মিলিয়ন ডলার বা তিন হাজার ২০০ কোটি টাকা। বকেয়া পরিশোধ না করায় চীনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি)। বিদ্যুৎকেন্দ্রটিতে বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা দিয়ে সর্বোচ্চ ১৫ দিন চলবে। যদি এর মধ্যে বকেয়া পরিশোধ করে কয়লা আমদানি করতে না পারে, তাহলে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশের বড় এই বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে গেলে দেশ আবারও লোডশেডিংয়ের কবলে পড়ে যাবে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

জোটে 'দাদাগিরি' নয়, নরম কংগ্রেস" বর্তমান পত্রিকা

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক ফর্মুলাকে মান্যতা দিতে চলেছে কংগ্রেস। লক্ষ্য একটাই, মোদি সরকারকে হটানো। আর তাই যাবতীয় ইগো ভুলে জোটের স্বার্থে দাদাগিরি সুলভ মনোভাব থেকে পিছু হটছে তারা। দলের অন্দরে ঠিক হয়েছে, ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস প্রার্থী দেবে ২০০ থেকে ২৫০টি কেন্দ্রে। বাকিগুলি আঞ্চলিক দলগুলির সঙ্গে সমঝোতার প্রেক্ষিতে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ, যে আসনে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, সেখানে কংগ্রেস নিজেদের প্রার্থী দিয়ে ভোটে ভাগ বসাবে না। সেক্ষেত্রে বিজেপি বিরোধী ভোটের সবটাই আসবে একছাতার তলায়। অর্থাৎ মহাজোটের ঝুলিতে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা। তবে যে ২০০-২৫০টি আসনে কংগ্রেস প্রার্থী দেবে, তার মধ্যে অন্তত ১২০টি জিততেই হবে। তা না হলে ভোটের ফলে ইতিবাচক প্রভাব পড়বে না।

তৃণমূল সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট: আনন্দবাজার

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে স্কুলের গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করার অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

সোমবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে মামলাকারী কোনও ভাবে ক্ষতিগ্রস্ত নন এবং বঞ্চনার শিকার হননি। তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। তাঁর পরামর্শ, মামলাকারী চাইলে এ নিয়ে জনস্বার্থ মামলা করতে পারেন। এই অভিযোগ নিয়ে মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনও করতে পারেন।

সন্ত্রাসবাদ দমনে বড়সড় পদক্ষেপ ভারতের, জম্মু-কাশ্মীরের ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা: পূবের কলম

সন্ত্রাসমূলক কার্যকলাপ দমনে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ভারত। জম্মু-কাশ্মীরের কমপক্ষে ১৪টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। গোয়েন্দাদের দাবি, উপত্যকার গ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করত সন্ত্রাসী সংগঠনগুলি। পাকিস্তানে থাকা জঙ্গি নেতাদের কাছ থেকেও এই সমস্ত অ্যাপের মাধ্যমে  তাদের কাছে নির্দেশ দেওয়া হত।

তথ্য প্রযুক্তি, ২০০০ এর ৬৯এ ধারা অনুযায়ী এই সমস্ত অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে

কর্নাটকে ঘোষণাপত্রে বিভাজনে ভরসা বিজেপি'

সেই অভিন্ন দেওয়ানি বিধিতে ভরসা রাখল বিজেপি। কর্নাটকের নির্বাচনে বিভাজনের এই দাওয়াই রাখা হলো সংকল্প পত্রে। সোমবার দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা বেঙ্গালুরুতে দলের ঘোষণা পত্র প্রকাশ করেন।

কর্নাটকে ভোট ১০ মে সরকারি বিজেপি তবে বিজেপির হাল মোটেও সুবিধার নয়। এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অন্যতম হাতিয়ার দুর্নীতি। 

বিরোধী কংগ্রেস এবং জেডিএস এক সুরে সোচ্চার চল্লিশ শতাংশ গভর্মেন্টের বিরুদ্ধে রাজ্যে ঠিকাদাররা রাস্তায় নেমে প্রতিবাদ করে বলেছিলেন বরাতের ৪০ শতাংশ ঘুষ না দিলে কোন কাজ হয় না। 

ঘোষণাপত্রে যদিও কারখানা উৎপাদন ক্ষেত্রে ১০ লক্ষ কাজের কথাও বলা হয়েছে। তবে দেশের পরিপ্রেক্ষিতে বিজেপি মোটেও নিশ্চিত নয় কাজ বা উন্নয়নের প্রতিশ্রুতি কতটা আনবে। সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় বিভাজনের প্রচারে মশগুল। #