পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
১২ মে প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১২ মে (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে ইমরান খানের জামিন ও ঘূর্ণিঝড় মোখার খবরাখবর উভয় দেশের পত্রপত্রিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- ১৭৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে 'মোখা': দৈনিক বাংলা
- সুপার সাইক্লোনে পরিণত হতে পারে 'মোখা': ভোরের কাগজ
- ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট: নয়াদিগন্ত
- 'পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ সাহসী': মানবজমিন
- গাজীপুর সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের হিড়িক: যুগান্তর
- প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউর রহমানকে হুকুমের আসামি : রিজভী দৈনিক সংগ্রাম
- হজ ফ্লাইট: এবার সৌদি যাচ্ছেন বিমানের শত কর্মী, ব্যয় ৯ কোটি টাকা: প্রথম আলো
কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম নোটিশ: পূবের কলম
- রাহুল গান্ধীকে জেলের নির্দেশ দেওয়া বিচারকের পদোন্নতি ‘বেআইনি’, জানাল সুপ্রিম কোর্ট- সংবাদ প্রতিদিন
- প্রশাসনিক ক্ষমতার নিয়ন্ত্রণ থাকবে দিল্লি সরকারের হাতে: গণশক্তি
- ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল! নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়: আনন্দবাজার
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
১৭৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ‘মোখা’: দৈনিক বাংলা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি রোববার দুপুরে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থান তুলে ধরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ তথ্য জানান।
সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ‘মোখা’: ভোরের কাগজ
‘ঘূর্ণিঝড় মোখা’ সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বলা হয়েছে, এসময় ২২১ কিলোমিটারের বেশি গতিবেগ থাকতে পারে।
শুক্রবার (১২ মে) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট: নয়াদিগন্ত
আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
আজ শুক্রবার দুই সদস্যের ‘স্পেশাল ডিভিশন বেঞ্চ’ এ রায় দেয়। স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান।
এর আগে গতকাল বৃহস্পতিবার এ মামলায় তাকে গ্রেফতারের বিষয়টিকে অবৈধ হিসেবে উল্লেখ করে তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন দেশটির প্রধান বিচারপতি। তবে তাকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।
‘পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ সাহসী’: মানবজমিন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজির করার নির্দেশ এবং পরবর্তীতে তাকে মুক্তি দেয়ার এই আদেশ নিয়ে আলোচনা চলছে গোটা দুনিয়ায়। দেশটিতে বিক্ষোভ ও কঠোর ধরপাকড় পরিস্থিতির মধ্যে উচ্চ আদালতের এই আদেশে বদলে গেছে পুরো পরিস্থিতি। যুগান্তকারী এই আদেশের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের সাবেক দুই বিচারক।
তারা মানবজমিনকে বলেছেন, এটি একটি সাহসী পদক্ষেপ। এই আদেশ প্রমাণ করে তাদের বিচার ব্যবস্থা স্বাধীন।
পাকিস্তান সুপ্রিম কোর্টের এই আদেশকে সাহসী আদেশ হিসেবে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এমএ মতিন। তিনি মানবজমিনকে বলেন, পাকিস্তানে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে এই সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করতে বলেছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট । হাজির করার পর আবার ইমরান খানের আটককে ইলিগ্যাল বলেছেন। তাকে মুক্তির আদেশ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে এটা পাকিস্তান সুপ্রিম কোর্টের জন্য সাহসী আদেশ বলবো। আসলে বিচারপতিদেরতো এমনই হতে হয়।
গাজীপুর সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের হিড়িক: যুগান্তর
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের হিড়িক পড়েছে। আজ শুক্রবার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আলমাছ মোল্লা মায়ের নামে দোয়া মাহফিলের অন্তরালে আয়োজন করেছেন নির্বাচনি প্রচারণা সভার।
তিনি ঘের দিয়ে বিশাল প্যান্ডেল ও মঞ্চ বানিয়ে আয়োজন করেছেন খাওয়া-দাওয়ার। মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে পলিথিনে মোড়ানো এবং লেমিনেটিং করা হাজার হাজার পোস্টার ঝুলতে দেখা গেছে । সাঁটানো রয়েছে পাড়া-মহল্লার ওয়ালে-দেয়ালে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে নানা বিষয়ে একটার পর একটা অভিযোগ আসছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউর রহমানকে হুকুমের আসামি : রিজভী দৈনিক সংগ্রাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা হত্যা মামলায় জিয়াউর রহমানকে হুকুমের আসামি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে গতকাল (বৃহস্পতিবার) একটি মামলা দেওয়া হয়েছে। মামলাটি প্রধানমন্ত্রীর নির্দেশেই দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ সরকারের এখন ডুবু ডুবু অবস্থা।
শুক্রবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী।
হজ ফ্লাইট: এবার সৌদি যাচ্ছেন বিমানের শত কর্মী, ব্যয় ৯ কোটি টাকা
হজ উপলক্ষে এবার সৌদি আরব যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী। তাঁরা প্রত্যেকে গড়ে ৩৭ দিন করে সে দেশে অবস্থান করবেন। থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা মিলে প্রতিদিন জনপ্রতি গড়ে ২২০ ডলার খরচ পড়বে। এতে বিমানের মোট খরচ হবে প্রায় ৯ কোটি টাকা। এত টাকা ব্যয়ে এই বিপুলসংখ্যক কর্মী সৌদি পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে।
বিমান সূত্র জানায়, এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২৫ জন হজের আগে পদায়ন (প্রি-হজ পোস্টিং) ও ৭৫ জন হজের পর পদায়ন (পোস্ট-হজ পোস্টিং) নিয়ে যাবেন।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম নোটিশ: পূবের কলম
'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ মানুষকে দেখার সুযোগ দেওয়া হোক। বাংলার মতো অন্যান্য রাজ্যের জনবিন্যাস আছে। সেখানে কোনও সমস্যা তৈরি হয়নি। তাহলে বাংলায় হবে কেন? এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।
রাহুল গান্ধীকে জেলের নির্দেশ দেওয়া বিচারকের পদোন্নতি ‘বেআইনি’, জানাল সুপ্রিম কোর্ট- সংবাদ প্রতিদিন
রাহুল গান্ধীকে দু’বছরের জেলের সাজা দেওয়া বিচারক এইচ এইচ বর্মার পদোন্নতি আইন মেনে হয়নি। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওই বিচারক-সহ গুজরাটের ৬৮ জন বিচারকের বদলি এবং পদন্নোতির নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।
অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। এমনকী সাংসদ হিসাবে দিল্লিতে তিনি যে বাংলো পেতেন, সেটাও ছেড়ে চলে যেতে হয়েছে রাহুলকে।
প্রশাসনিক ক্ষমতার নিয়ন্ত্রণ থাকবে দিল্লি সরকারের হাতে: গণশক্তি
কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াইয়ে বড় জয় পেল দিল্লির কেজরিওয়াল সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছে, সমস্ত ধরনের প্রশাসনিক ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ থাকবে দিল্লি সরকারেরই। জমি, পুলিশ এবং জন নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বাকি সমস্ত প্রশাসনিক কাজে শেষ কথা বলবে দিল্লি সরকার। একই সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরকে দিল্লি সরকারের সমস্ত সিদ্ধান্ত মেনে চলতে হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিয়েছে। বস্তুত, বেশ কয়েকটি গুরুতর বিষয় নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের ৮ বছরের দ্বৈরথের নিষ্পত্তিও ঘটল এদিনের রায়ে।
৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল! নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়: আনন্দবাজার
৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এঁরা সকলেই অপ্রশিক্ষিত। বিচারপতির রায়, চাকরি বাতিল হলেও আগামী চার মাস তাঁরা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন প্যারা টিচার হিসাবে। হাই কোর্টের রায়, রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরও জানিয়েছেন, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরাও অংশ নিতে পারবেন।
নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত প্রিয়াঙ্কা নস্কর-সহ ১৪০ জন হাই কোর্টে মামলা করেন। মামলাকারীরা সকলেই অপ্রশিক্ষিত। তাঁদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২