অক্টোবর ১১, ২০১৬ ১৪:২৯ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১১ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। ঢাকা এবং কোলকাতা থেকে প্রকাশিত দৈনিকগুলো যেসব খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সেগুলোর কয়েকটির শিরোনাম জানিয়ে দেবো শুরুতেই তারপর যাবো গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনামের বিস্তারিত ব্যাখ্যায়।

বাংলাদেশ:
•    জামায়াত ছাড়া সব দলকে আমন্ত্রণ জানানো হবে: নাসিম
•    মাশরাফিকে ‘স্যরি’ বলতে হবে কেন?
•    বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানালো এসিডি: ইত্তেফাক
•    মনুষ্যত্বের মূল্যবোধ আজ হারিয়ে গেছে: এরশাদ
•    দেশ আজ নির্যাতিত খাদিজা, রিশা, তনুর প্রতিচ্ছবি
•    উচ্চ শিক্ষার মান নিশ্চিতে নতুন আইন
•    তীব্র ঘৃণা জানাতে বদরুলের ঘৃণাস্তম্ভে থুতু
•    এমন কিছু করবেন না যাতে অন্য ধর্মে বা নামাজের ব্যাঘাত ঘটে : প্রধান বিচারপতি
ভারত:
•    নবমীতে দুর্ঘটনা, ফের সামনে এল পুলিশের ‘তোলাবাজি’
•    বিসর্জনে বাধা নয়, বলল মহরম কমিটিই
•    অমৃতসরের দশেরায় পুড়বে নওয়াজরূপী রাবণ:
•    কাশ্মীরে সেনা কনভয়ে গ্রেনেড হামলা

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবর বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ।
জামায়াত ছাড়া সব দলকে আমন্ত্রণ জানানো হবে: নাসিম 
প্রথম আলোর শিরোনাম। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। আর ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম এসব কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তারা এখনো আমাদের নিশ্চিত করেনি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারব তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করি, আমন্ত্রিত অতিথিদের আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলনকে আরও বর্ণাঢ্য হবে। জামায়াত ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সম্পদ বলে উল্লেখ করেন নাসিম। তিনি বলেন, ‘জয় দেশের সম্পদ, দল যদি তাকে উপযুক্ত মর্যাদা দেয়, তাহলে তিনি দলের সম্পদ হবেন। সম্মেলনে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করায় দেশবাসী অনুপ্রাণিত হয়েছে।’

মাশরাফিকে ‘স্যরি’ বলতে হবে কেন? 
প্রথম আলোর আরেকটি শিরোনাম: এই খবরটি অবশ্য মানব জমিনসহ আরও কয়েকটি পত্রিকায় এসেছে। বিস্তারিত খবরে এসেছে,বড় অদ্ভুত প্রশ্ন করে বসলেন স্কাই স্পোর্টসের ব্রিটিশ সাংবাদিক টিম আব্রাহাম। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারের আউটের পর যে এত কিছু হলো, বাংলাদেশের দুই খেলোয়াড় তার জন্য শাস্তিও পেলেন, এসবের জন্য এখন কি মাশরাফি বিন মুর্তজা অনুতপ্ত? তিনি কি বাটলারের কাছে ‘স্যরি’ বলবেন? মাশরাফি উত্তরটা দিলেন অসাধারণ। বিতর্কিত ওই ঘটনায় নিজেদের অবস্থান তো ব্যাখ্যা করলেনই, নিজের ব্যক্তিত্বটাও তুলে ধরলেন দারুণভাবে, ‘আমরা ভুল কিছু করিনি, তাহলে স্যরি কেন বলব? স্যরি বলার কিছু নেই। আমরা শুধু একটা আউটের পর সেটা উদ্‌যাপন করেছি। ওখানে যা-ই হয়েছে, সেসব দেখার জন্য ম্যাচ রেফারি ছিলেন। আবারও বলছি, আমরা শুধু একটা আউটই উদ্‌যাপন করেছি।’ ইংল্যান্ড দলের গায়ে জ্বলুনিটা এখনো থাকার কথা। একে তো ম্যাচ হেরেছে, তার ওপর বাটলারের আউটের পর তাসকিন-মাহমুদউল্লাহ-মাশরাফিদের উদ্‌যাপনের ধরনও তাদের পছন্দ হয়নি। খেলা শেষে হাত মিলিয়ে সৌহার্দ্য বিনিময়ের সময় তো ঘটল চরম অপ্রীতিকর ঘটনা! ড্রেসিংরুমের সামনে হাত মেলানোর সময় তামিম-বাটলারের লেগে গেল। মাঝখান থেকে এসে দুজনের বাগ্‌যুদ্ধের ঝাঁজ বাড়িয়ে দিলেন বেন স্টোকস। তামিমকে যে তিনি মৃদু একটা ধাক্কা দিয়েছেন, সেটাও গোপন থাকেনি ভিডিও ফুটেজের সৌজন্যে। এ নিয়ে এক পশলা হট্টগোল হয়েছিল সেখানেও।
বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানালো এসিডি: ইত্তেফাক
পানি, খাদ্য ও শক্তি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে দ্বিতীয় এশিয়া কোঅপারেশন ডায়লগে (এসিডি) অংশ নেয়া দেশগুলো। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা অনুসারে, এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধন আরো দৃঢ় করার মাধ্যমে শান্তিপূর্ণ ও নিবিড়ভাবে উন্নয়ন সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরো জানান, শুধু মাত্র দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনই যথেষ্ট নয়। সেই সঙ্গে দেশগুলোর মানুষদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। আরো বাড়াতে হবে বাণিজ্যিক যোগাযোগ, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্যোগ ও শ্রমশক্তির বণ্টন।
সেই সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ক এসিডি'র প্রথম ওয়ার্কিং গ্রুপ মিটিং বাংলাদেশে করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এ সময় রাশিয়া ও জাপানের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন শাহরিয়ার আলম।
মনুষ্যত্বের মূল্যবোধ আজ হারিয়ে গেছে: এরশাদ
ইত্তেফাক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘মনুষ্যত্বের মূল্যবোধ আজ হারিয়ে গেছে, মানুষের প্রতি মানুষের সম্মানবোধ আজ নেই বললেই চলে।’ সোমবার সকালে বনানী কড়াইল পল্লীবন্ধু এরশাদ প্রাথমিক বিদ্যালয়ে পি.এস.সি সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার হার বাড়াতে হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
দেশ আজ নির্যাতিত খাদিজা, রিশা, তনুর প্রতিচ্ছবি: 
বাংলাদেশ প্রতিদিন। বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে আজ শুধু খাদিজা, রিশা, তনু, মিতু নির্যাতিত নন। গোটা দেশের মানুষ আজ ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত। দেশ আজ নির্যাতিত খাদিজা, রিশা, তনুর প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে।  
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা  বলেন তিনি।
খাদিজা আক্তার নার্গিসকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে সু-চিকিৎসার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'চাপাতি যখন ছাত্রলীগ নেতা বদরুলদের হাতে থাকে তখন সেটা হয় মুক্তিযুদ্ধের চেতনা এবং অন্যদের হাতে থাকলে তারা হয় জঙ্গি। এই হল বর্তমান দেশের অবস্থা। বিচার যদি শুধু বিরোধী দলের বেলায় হয় তাহলে খাদিজা তনুর মতো ঘটনা আরও ঘটবে।'
আয়োজক সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, ইসমাইল তালুকদার খোকন, শাহ মো. মাসুম বিল্লাহ, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

উচ্চ শিক্ষার মান নিশ্চিতে নতুন আইন:
মানব জমিনের শিরোনাম। উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুন একটি আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার। নতুন এ আইনের নাম ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৬’। এ আইনে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অ্যাক্রেডিটেশন আইনটি শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কাঙ্ক্ষিত ও দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি আইন। উচ্চ শিক্ষা পর্যায়ের জন্য এ আইনের খসড়া প্রণয়ন করা হয়। একজন চেয়ারম্যান, চারজন পূর্ণকালীন সদস্য ও আটজন খণ্ডকালীন সদস্যসহ মোট ১৩ সদস্যের কাউন্সিল হবে। এর মধ্যে চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যরা কাউন্সিলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এই কাউন্সিল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম যাচাই করে এ বিষয়ে স্বীকৃতি দেবে। শফিউল জানান, মূলত সরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অধ্যাপক হিসেবে কমপক্ষে ১০ বছরের  যোগ্যতাসম্পন্ন ব্যক্তি পরিষদের চেয়ারম্যান ও সদস্য হবেন। কাউন্সিলের দায়িত্ব ও কাজ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতে কনফিডেন্স সার্টিফিকেট বা ক্ষেত্রমতে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট  দেয়া বা স্থগিত করা; যদি মনে করেন দেয়ার মতো না তখন স্থগিত করবেন, বাতিল করবেন বা প্রদান করবেন। এ তিনটি উনাদের প্রধান দায়িত্ব। অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হলে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, অ্যাক্রেডিটেশনের কোনো দায়িত্ব ইউজিসির  নেই। ইউজিসির আইনটি নতুনভাবে পুনর্বিন্যাস করে আনা হবে। ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট, ফাইন্যান্স, জনবল দেখে থাকে। আর এদের কাজ কোয়ালিটি কন্ট্রোল অব দ্য এডুকেশন।
তীব্র ঘৃণা জানাতে বদরুলের ঘৃণাস্তম্ভে থুতু : 
আমাদেরসময়সহ প্রায় সকল পত্রিকায় এসেছে খবরটি। সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। সেখানে বদরুলের ছবি সম্বলিত ডাস্টবিনের মতো দুটি ঘৃণাস্তম্ভে থুতু ফেলে তীব্র ঘৃণা জানানো হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করেছে।
কলেজছাত্রী খাদিজা বেগমের হামলাকারী বদরুলের ছবি মুড়িয়ে তৈরি করা ওই ঘৃণাস্তম্ভে লেখা রয়েছে ‘আমাকে ব্যবহার করুন’ আর ‘থুতু ফেলুন’। পথচারী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই স্তম্ভে থুতু ফেলে ঘৃণা জানিয়েছেন।
তবে থুতু ফেলার আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি ফয়সল আলম সভাপতিত্বে খাদিজার বাবা মাসুক মিয়া বক্তব্য দেন। তিনি বলেন, ‘খাদিজা, মা আমার, সুস্থ হয়ে আবার আমার কোলে ফিরে আয়। মা রে, ফিরে আয় তুই আমার কোলে।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ের জন্য হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধ সব ধর্ম-বর্ণের দেশ-বিদেশের মানুষ চোখের পানি ফেলছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
সমাবেশে বক্তারা বলেন, খাদিজার ঘটনায় গোটা দেশ এখন প্রতিবাদমুখর, গোটা জাতি এখন প্রতিবাদমুখর। তবে তনু, আফসানাদের মতো যেন খাদিজার ঘটনা আড়ালে চলে না যায়। সে বিষয়ে সাধারণ মানুষকেই খেয়াল রাখতে হবে। ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত রাজপথে সাধারণ মানুষের আন্দোলন যেন চলতেই থাকে।
এমন কিছু করবেন না যাতে অন্য ধর্মে বা নামাজের ব্যাঘাত ঘটে : প্রধান বিচারপতি নয়াগিদন্ত লিখেছে,প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য আছে। এখানে যারা মেজরিটি আছেন তাদেরও একটা কর্তব্য আছে। যারা মাইনরিটি কমিউনিটি তাদেরও কর্তব্য আছে। ধর্মনিরপেক্ষতা মানে কারো ধর্মে প্রতি আঘাত করা নয়। 
সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবা আশ্রমে দুর্গাপূজা পরিদর্শনে এসে ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। 
ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা এখানে কীর্তন করেন, ঢোল বাজান। কিন্তু অন্য ধর্মের যারা আশপাশে আছেন যাদের মসজিদ আছে, গির্জা আছে। এমন কিছু করবেন না যাতে অন্য ধর্মে বা নামাজের ব্যাঘাত ঘটে। আমি ঠিক তদ্রুপভাবে যারা মেজরটি আছেন তাদেরকেও অনুরোধ করব এখানে গুটিকয়েক যারা আছেন তাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, আমি আগেই জেনেছি, এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা পূজায় বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে এত সুন্দরভাবে আপনারা ধর্মীয় উৎসব ভাবগার্ম্ভীয্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পালন করছেন। এতে আমি খুবই খুশি।

  • এবারে ভারতের পত্রিকাগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত।

নবমীতে দুর্ঘটনা, ফের সামনে এল পুলিশের ‘তোলাবাজি’:
আনন্দবাজার পত্রিকা লিখেছে, রোগ সারছে না! পথ দুর্ঘটনার পিছনে ফের পুলিশের বিরুদ্ধে গাড়ি থামিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল। সোমবার, নবমীর দুপুরে উত্তর শহরতলির শরৎ কলোনির কাছে বিরাটি ও বিমানবন্দরের মাঝামাঝি যশোর রোডের ঘটনা।
যে গাড়ি থামিয়ে পুলিশ ঘুষ চেয়েছিল বলে অভিযোগ উঠেছে, তার চালক গাড়ি থেকে নামতেই পিছন থেকে একটি ছোট লরি ধাক্কা মারে তাঁকে। গুরুতর জখম অবস্থায় কৌশিক বসাক (২০) নামে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরে এলাকার মানুষ প্রায় ৪৫ মিনিট ওই তল্লাটে পথ অবরোধ করেন। ফলে পুজোর দিনে ঠাকুর দেখতে বেরোনো মানুষের ভিড় যখন শুরু হচ্ছে, তখন যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা বহুক্ষণ যানজটের কবলে পড়ল। তুমুল যানজট হয় ভিআইপি রোডেও। পরে পুলিশ অবশ্য লড়িটিকে আটক করে। গ্রেফতার করা হয় লরিচালককে।
এ বছর জানুয়ারিতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি লরির ধাক্কায় একই পরিবারের চার শিশুর মৃত্যুর পিছনে পুলিশের ঘুষ চাওয়ার দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। ঘুষ না দিয়ে লরিটি চলে যাওয়ায় তাকে তাড়়া করেছিল পুলিশের একটি গাড়ি এবং পুলিশের হাত থেকে বাঁচতে চালক দ্রুত চালানোর ফলেই দুর্ঘটনা ঘটে, এমনই অভিযোগ উঠেছিল তখন।
বিসর্জনে বাধা নয়, বলল মহরম কমিটিই: 
আনন্দবাজারপত্রিকার আরেকটি শিরোনামে এসেছে, একই দিনে দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের মহড়া। প্রশাসনের প্রস্তাব ছিল, দশমীর দিন বিকেল চারটের মধ্যে সেরে ফেলা হোক বিসর্জন। তার পরে শুরু হোক মহরমের মহড়া। কিন্তু বাদ সাধলেন খোদ মহরম কমিটির প্রতিনিধিরা। প্রশ্ন তুললেন, মহরমের জন্য পুজোর বিসর্জনের সময় বেঁধে দেওয়া হবে কেন? বৈঠকে হাজির পুজো কমিটির প্রতিনিধিরাও বলেন, দুই সম্প্রদায়ের লোকজনই অন্যদের পার্বণ-পরব সম্পর্কে শ্রদ্ধাশীল। শেষ পর্যন্ত দুই সম্প্রদায়ের এই চাপের কাছে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। ঠিক হয়, বিসর্জন ও মহড়া চলবে এক সঙ্গেই।
এ বারের পুজোয় এ ভাবেই দৃষ্টান্ত তৈরি করলেন জলপাইগুড়ি শহরের মানুষ।
বস্তুত, গোটা রাজ্যেই দশমীর দিন বিকেল চারটের মধ্যে বিসর্জনের সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি গিরীশ গুপ্তের বেঞ্চ জানায়, ওই দিন বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সর্বজনীন পুজোর ক্ষেত্রে জলপাইগুড়ির মানুষও প্রায় একই সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি এই বৈঠকটি হয় জলপাইগু়ড়ি পুরসভার উদ্যোগে।
বৈঠকের শেষে জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘পুজো এবং মহরম কমিটির সহমতেই সিদ্ধান্ত হয়েছে। আগামী ১১ অক্টোবর বিসর্জনের শোভাযাত্রা হবে। সুষ্ঠুভাবে উৎসব করতে সব রকম পুলিশি বন্দোবস্তও থাকবে।’’
অমৃতসরের দশেরায় পুড়বে নওয়াজরূপী রাবণ: 
সংবাদ প্রতিদিন এই শিরোনামে লিখেছে, দশেরা উৎসবেও এবার সার্জিক্যাল স্ট্রাইকের ছোঁয়া৷ পাক প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে রাবণ বানিয়ে রীতিমতো রাবণদহন অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছেন অমৃতসরের বাসিন্দারা৷ রাবণের মাথায় নওয়াজ শরিফের মুখ এবং রাবণের গোটা অঙ্গ পাক পতাকায় মোড়া৷ এমন দশেরা প্রস্তুতি দেখে কার্যত অবাক হতে হয়৷ কিন্তু ঠিক এই ধাঁচেই উরি জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন অমৃতসরের বাসিন্দারা৷ তাঁদের দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর এবং পাকি প্রশাসন যদি কঠোর হাতে সন্ত্রাস দমন না করে তবে তাদের দশাও দশাননের মতোই হবে৷
যদিও প্রতিবেশী দেশের পতাকা এবং প্রেসিডেন্টকে অপমান করার জন্য বেশ কিছু ব্যক্তি এই কাজের প্রতিবাদ করেছেন৷
প্রসঙ্গত, উরি জঙ্গি হামলায় ১৯ জন ভারতীয় সেনার মৃত্যু এবং এরপরই ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনায় ভারত-পাক সামরিক সম্পর্ক বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে৷ এর মধ্যে অমৃতসরের এই ঘটনা দু’দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে কিনা তা নিয়েই জল্পনা তুঙ্গে!
কাশ্মীরে সেনা কনভয়ে গ্রেনেড হামলা: 
আজকালের শিরোনাম। পাম্পোরে গুলির লড়াই এখনও অব্যাহত। তারমধ্যেই আধা সামরিক বাহিনীর কনভয়ে গ্রেনেড হামলা। ২ জওয়ান সহ আহত ৭ স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সি আর পি এফের কনভয় লক্ষ্য করে গ্রেনেড হামলা করে কিছু জঙ্গি। হামলার পর চম্পট দেয় তারা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে সেনা। গত জুলাই মাসে সেনার সঙ্গে সঙ্ঘর্ষে হিজবুল মুজাহিদিন সদস্য বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে জঙ্গি উপদ্রব বেড়েছে। সেনাকর্মী সহ মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।
তো এই ছিল আজকের পত্রপত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরাখবর। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।*
পার্সটুডে/নাসির মাহমুদ/১১