'নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের প্রয়োজন নেই: হাসানুল হক ইনু
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
বাংলাদেশ সীমান্তে আরও ভাসমান চৌকি বসাবে ভারত- প্রথম আলো
র্যাব-পুলিশের মধ্যে কোনো বিরোধ নেই- একেএম শহীদুল হক-মানবজমিন
এনআইএ'র দাবি গুলশান হামলার অস্ত্র তৈরি হয় ভারতে-যুগান্তর
ভিন্ন মোড়কে বাকশালী শাসন চালাচ্ছে সরকার: ফখরুল-ইত্তেফাক
'নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের প্রয়োজন নেই'-ইনু- বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
পাকিস্তানকে শেষ করে দিন, মোদিকে আর্জি শহিদের স্ত্রীর-সংবাদ প্রতিদিন
জওয়ানের দেহ ছিন্নভিন্ন করল জঙ্গিরা, প্রতিশোধের প্রতিজ্ঞা নিল সেনা-আনন্দবাজার
চিন-পাকিস্তানকে ঠেকাতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
ইত্তেফাকের শিরোনাম-ভিন্ন মোড়কে বাকশালী শাসন চালাচ্ছে সরকার: ফখরুল
ভিন্নমতকে কখনোই সহ্য করতে পারে না বলে সরকার ভিন্ন মোড়কে একদলীয় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বিরোধী মতকে সহ্য করতে পারে না। বিরোধী দলকে দমন করে সেই পথেই এগোচ্ছে। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, এই সরকার সভা-সমাবেশের জায়গাগুলো সঙ্কুচিত করে ফেলেছে। আমরা যখনই কোনো সভা সমাবেশের আয়োজন করতে চাই সরকার তখনই বিধি নিষেধ আরোপ করে।
৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এই দিন আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিবস। সেই দিনই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল। দিনটিকে যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে।
সুষ্ঠু ইসি ছাড়া কোনো ‘নির্বাচন’ হবে না: আব্বাস-দৈনিক ইত্তেফাকের শিরোনাম।
খবরে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন কমিশন (ইসি) গঠন করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলে দেন। আমরা এসেছি এবং বসেছি, তাহলে বাকিটা পড়ে দেখা যাবে।’
শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক প্রথম আলোর শিরোনাম: আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দলটির উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার বা পৌরসভা ও ইউনিয়নের মনোনয়ন বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়।
গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলটির কমিটি চূড়ান্ত করা হয়। আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য ও চারটি সম্পাদকমণ্ডলীর পদ ফাঁকা রাখা হয়েছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে লেখা হয়েছে,'নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের প্রয়োজন নেই'
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'নির্বাচন নিয়ে কোন সংকট নেই। তাই এ নিয়ে সকাল-বিকাল সংলাপের কোন প্রয়োজন নেই। সংলাপ তখনই প্রয়োজন হয় যখন সংকট দেখা দেয়। এখন সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদ ও জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন নাকি করবেন না।'
শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে “সুষ্ঠু নির্বাচন করতে হলে সংলাপ করতেই হবে” মির্জা ফখরুলের এমন কথার জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
দৈনিক যুগান্তরের খবরের শিরোনামে বলা হয়েছে-এনআইএ'র দাবি গুলশান হামলার অস্ত্র তৈরি হয় ভারতে
বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল ভারতে তৈরি হয় বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, পাকিস্তানি বিশেষজ্ঞদের সহায়তায় ১ জুলাই গুলশান হামলার অস্ত্র তৈরি হয় বলে তথ্য দিয়েছে খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সন্দেহে আটকদের একজন।
গত সেপ্টেম্বরে খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে কলকাতা পুলিশ।
গুলশানের ওই সন্ত্রাসী হামলায় ভারতীয় নাগরিক তারিশাই জেনসহ ২০ বিদেশী নিহত হয়। পরে অভিযানে আরও ৫ সন্ত্রাসী নিহত হয়।
র্যাব-পুলিশের মধ্যে কোনো বিরোধ নেই-একেএম শহীদুল হক-এটি মানবজমিনের শিরোনাম
পুলিশ ও র্যাবের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই, তারা একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। গতকাল বরিশালের কাশিপুরে আরআরএফ পুলিশ লাইনন্সে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন শেষে পুলিশ প্রধান সাংবাদিকদের এ কথা বলেন। উদ্বোধন শেষে ভবনটি ঘুরে দেখেন তিনি। এরপর এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
সম্প্রতি পুলিশের বিরুদ্ধে র্যাবের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর আসার মধ্যে পুলিশ প্রধান এ বক্তব্য দেন।
বাংলাদেশ সীমান্তে আরও ভাসমান চৌকি বসাবে ভারত-প্রথম আলোর খবর এটি।
বিস্তারিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী নদীতে নজরদারি জোরদার করতে আগামী বছর ছয় থেকে সাতটি ভাসমান সীমান্তচৌকি বসাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে সুন্দরবনসংলগ্ন নদীসীমান্তে এমন তিনটি চৌকি রয়েছে। আজ শনিবার ভারতের হিন্দুস্তান টাইমস-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক পি এস আর অঞ্জনেয়ুলু হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘নজরদারি জোরদার করতে আমরা আমাদের নদীসীমান্তে আরও বিওপি (বর্ডার আউটপোস্ট) বসাব।’
ঢাকায় গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর এ ধরনের নিরাপত্তা জোরদারের বিষয়টি আসে।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
চিন-পাকিস্তানকে ঠেকাতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত-দৈনিক আজকাল
২০০-রও বেশি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করল ভারত৷ শর্ত একটাই, নির্মাতা সংস্থাকে কোনও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিমানগুলি তৈরি করতে হবে৷ শনিবার এমনটাই জানানো হল বায়ুসেনা কর্তাদের তরফে৷ যুদ্ধবিমানগুলি কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার৷
প্রাথমিকভাবে ২০০টি সিঙ্গল ইঞ্জিন সমৃদ্ধ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থাকলেও, সংখ্যাটা ৩০০-তে গিয়েও ঠেকতে পারে৷ সোভিয়েত জমানায় কেনা বিমানগুলি এখন ‘বুড়ো’ হয়ে গিয়েছে৷ সেই সব যুদ্ধবিমান বাতিল ঘোষণা করে নয়া বিমানগুলি দেশের আকাশপথকে নিরাপদে রাখতে ব্যবহার করা হবে৷ নয়া পরিকল্পনা সফল হলে, এটিই হতে চলেছে দেশের অন্যতম বৃহত্তম সমরাস্ত্র লেনদেন চুক্তি৷
পাকিস্তানকে শেষ করে দিন, মোদিকে আর্জি শহিদের স্ত্রীর- দৈনিক সংবাদ প্রতিদিন
জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ ভারতীয় জওয়ান মনদীপ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়৷ মনদীপ সিংয়ের স্ত্রী তাঁর স্বামীর সাহসিকতার প্রশংসা করে বলেন, “দেশের সব জওয়ানদের আত্মাহুতি ও বীরত্বকে আমার স্যালুট৷ আমার স্বামী একজন সাহসী জওয়ান ছিলেন৷ তাঁর বলিদান যেন বিফলে না যায়৷” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মনদীপ সিংয়ের স্ত্রীর আবেদন, “পাকিস্তানকে উচিত শিক্ষা দিন”৷ তিনি বলেছেন, “সরকারের কাছে আমার নিবেদন পাকিস্তানকে বোঝান৷ আর যদি ওরা না বোঝে, তাহলে ওদের শেষ করে দিন৷ তাহলে অন্তত আমার মতো অন্য কারও দীপাবলি অন্ধকারে ডুবে যাবে না৷”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯