নভেম্বর ২৩, ২০১৬ ১৩:৩৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৩ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:
‘ঐক্যবদ্ধ থেকে হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’-ইত্তেফাক
প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার-যুগান্তর
বার্মা মানে নিশ্চিত মৃত্যু বলছেন রোহিঙ্গারা-মানবজমিন
ছাড়া পেলেন মাহমুদুর রহমান- প্রথম আলো
-নয়া দিগন্ত
রংপুরে তিন জেএমবি জঙ্গির আত্মসমর্পণ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:
নোট বাতিলের সিদ্ধান্ত ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি রাহুলের - সংবাদ প্রতিদিন
সাধারণের নিত্য হয়রানি, মৃত্যুর -পরেও মোদীর বড়াই থামছে না -গণশক্তি
নোট বিতর্কে তৃণমূলের মিছিল রাজপথে -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

ছাড়া পেলেন মাহমুদুর রহমান-প্রথম আলো

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন

 

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ বেলা একটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ মো. নাশির আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেয়া হয়।
সবশেষ গত ৩১ অক্টোবর একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী বলেছিলেন, তাঁর মক্কেল সব মামলায় জামিনে আছেন। তাই তাঁর কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই।
এর ধারাবাহিকতায় আজ মুক্তি পেলেন মাহমুদুর রহমান।
২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।

রংপুরে তিন জেএমবি জঙ্গির আত্মসমর্পণ-কালের কণ্ঠ

রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় তিন সদস্য আত্মসমর্পণ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর সেনানিবাস সংলগ্ন একটি অডিটোরিয়ামে ওই তিন জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেন।

‘ঐক্যবদ্ধ থেকে হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’

সিলেটের জালালাবাদ সেনাবাহিনীর সদর দফতরে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

ইত্তেফাকে প্রকাশিত  হয়েছে খবরটি। খবরে প্রধানমন্ত্রী বলেছেন, 'দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।'সিলেটের জালালাবাদ সেনাবাহিনীর সদর দফতরে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন শেষে  সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে: গয়েশ্বর-কালের কণ্ঠ

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

 

বর্তমান সরকারের ক্ষমতা নবায়ন (রিনিউ) করার জন্য হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
গয়েশ্বর বলেন, আমাদের প্রতিবেশী দেশে গণতন্ত্র আছে, কিন্তু আমাদের নেই। প্রতিবেশী বন্ধু দেশ চায়না বাংলাদেশে গণতন্ত্র থাকুক। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখার যে ফর্মূলা তারা এঁটেছে তাতে যদি বিএনপি পা দেয় তাহলে হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে বর্তমান সরকার তার ক্ষমতা নবায়ন করে নেবে।

১০ মাসে ৪১৪৪ নারীকে নির্যাতন: মহিলা পরিষদ-প্রথম আলো

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন:১০ মাসে ৪১৪৪ নারীকে নির্যাতন

 

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে মোট ৪ হাজার ১৪৪ জন নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেছে মহিলা পরিষদ।
মহিলা পরিষদ বলেছে, নারীবান্ধব স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ কোনো অগ্রগতি না হওয়ায় নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নারী ও কন্যার প্রতি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার-যুগান্তর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বেইলি রোডের বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় কাজের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।  
 তার নাম মিলন টিকাদার (২০)। তার পিতার নাম বিজন টিকাদার। তার গ্রামের বাড়ি মাগুরার গোড়াগাজী গ্রামে। মিলন ৩ বছর ধরে প্রতিমন্ত্রীর বেইলি রোডের বাসায় কাজ করছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের দাবি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সাধারণের নিত্য হয়রানি, মৃত্যুর -পরেও মোদীর বড়াই থামছে না-গণশক্তি

ভারতে রুপি সংকটে জনগণের হয়রানি

 

মেয়ের জ্বর, হাসপাতালে নিয়ে যেতে হবে। হাতে টাকা নেই ধর্মেন্দ্রর। অসুস্থ মেয়েকে সঙ্গে নিয়েই তাই ব্যাঙ্কের লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। সময় গড়ায়, লাইন এগোয় শামুকের গতিতে। অপেক্ষায় অপেক্ষায় আরও অসুস্থ হয়ে পড়ে মেয়ে, শেষে ব্যাঙ্ক চত্ত্বরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পেশায় দিনমজুর ধর্মেন্দ্র ভার্মার চার বছরের শিশুকন্যাটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০টাকার নোট বাতিলের ফতোয়ার পর থেকে এমন নানা হৃদয়বিদারক ঘটনা ঘটেই চলেছে গোটা দেশে। তবু প্রধানমন্ত্রী কালো টাকা নিঃশেষের খোয়াবে বিভোর, তাঁর দল বি জে পি-ও উৎসাহে ডগমগ। মঙ্গলবার দলের সংসদীয় দল এক প্রস্তাবে বড়াই করে বলেছে, ‘সারা দেশের আপামর মানুষ এই সিদ্ধান্তকে দু’হাত তুলে সমর্থন জানাচ্ছে। এই সিদ্ধান্ত ঐতিহাসিক, বৈপ্লবিক একেবারেই গরিবমুখী। বিরোধীরা অযথাই চিৎকার-চেঁচামেচি করছে।’
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, নোট বাতিল নিয়ে চতুর্থ দিন মঙ্গলবারও সংসদ ছিলো অচল। সংসদে এনিয়ে প্রতিবাদে সরব ছিলেন বিরোধীরা। অবমাননার নোটিস আসতে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

নোট বিতর্কে তৃণমূলের মিছিল রাজপথে-আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নোট বাতিল ইস্যুতে যন্ত্রর মন্ত্ররে মোদি সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন

 

মোদি সরকারের পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের সিদ্ধান্তে দেশের সাধারণ মানু্ষের ভোগান্তি চরমে। নোট বিতর্কে বুধবার দেশজুড়ে প্রতিবাদে তৃণমূল। প্রতিবাদে মিছিল কলকাতাতেও। সকাল ১১ টা থেকে নানা জায়গা থেকে মিছিল এসে মেশে তৃণমূলের আজকের জমায়েতে। সাধারণ মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো।

নোট বাতিল আসলে‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি রাহুলের-সংবাদ প্রতিদিন

নোট বাতিলের বিরোধিতা করে শেষমেশ এককাট্টা হয়েছে বিরোধীরা৷ রাজধানীতে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার ধরনায় বসেন সব বিরোধী দলের নেতারা৷ আর সেখান থেকেই মোদিকে টার্গেট করলেন রাহুল৷ জানালেন, নোট বাতিল আসলে কেলেঙ্কারি৷ এ নিয়ে তদন্তের দাবি করছে সকল বিরোধীরা৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩