ডিসেম্বর ০৪, ২০১৬ ১৫:৩৩ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • 'আকাশপথকে শত্রু‍মুক্ত রাখতে বিমান বাহিনী সক্ষম'-ইত্তেফাক
  • বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চায় ফিলিপাইন সরকার-যুগান্তর
  • নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন সেটাই হবে-প্রথম আলো
  • ১৩ ক্লাবে টাকা দিয়ে হাউজি, কার্ড খেলা যাবে না-কালের কণ্ঠ
  • হাই কোর্টের রুল জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়-মানবজমিন
  • 'খালেদার প্রস্তাব পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা' নাসিম-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • যাদবপুর হস্টেলে ছাত্রের রহস্যজনক মৃত্যু, ছড়াল চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন
  • ফের মৃত্যু টাকার লাইনে-গণশক্তি-গণশক্তি
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ডাক মোদির-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

'আকাশপথকে শত্রু‍মুক্ত রাখতে বিমান বাহিনী সক্ষম'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

 

ইত্তেফাকে পরিবেশিত এ খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশের বিমান বাহিনী এখন অনেক শক্তিশালী এবং আকাশপথকে সর্বদা শত্রু‍মুক্ত রাখতে সক্ষম।'
আজ রবিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শক্তিশালী বিমান বাহিনী গঠন করা। আমরা আজ সেটি করতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০০ সালে বিমান বাহিনীর জন্য মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়।

নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাব সম্পর্কে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন সেটাই হবে-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির চেয়ারপারসনের দেওয়া প্রস্তাব সম্পর্কে করণীয় ঠিক করার ভার ছেড়ে দিয়েছেন রাষ্ট্রপতির ওপর। গতকাল শনিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন পুনর্গঠন-সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওনার প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতিকে বলুক। এটা রাষ্ট্রপতি ভালো বুঝবেন, উনি কী পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের বলার কিছু নেই।’ খালেদা জিয়ার প্রস্তাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি যে প্রস্তাব দিয়েছে আপনারা এর মাথা বা লেজের হদিস পেয়েছেন কি না, আমি জানি না। তিনি নির্বাচন করেননি, একটা দল হিসেবে বা দলের প্রধান হিসেবে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে বিরত থেকেছিলেন। এখন এত দিন পর ওনার টনক নড়ল। এরপর উনি মানুষ খুন করে আওয়ামী লীগ সরকার উৎখাত করার আন্দোলন করলেন। যেকোনো প্রস্তাব দেওয়ার আগে তাঁর তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।’
এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের খবর- আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন 'খালেদার প্রস্তাব পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা মাত্র’।

বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চায় ফিলিপাইন সরকার-যুগান্তর

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। বাংলাদেশের তদন্তে যা উঠে এসেছে, তা ফিলিপাইনকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ বলেন, ‘ঢাকার যে প্রতিবেদন, সেটাতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের এসপি-প্রথম আলো/ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম

 

নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম। একই সঙ্গে ভবিষ্যতে আইনবহির্ভূত এ ধরনের বক্তব্য না দেয়ারও অঙ্গীকার করেছেন তিনি।
আদালত, তার এই হলফনামা গ্রহণ করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন।
এর আগে রবিবার সকালে এসপি মোজাহেদুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। 
গত ২৬ নভেম্বর ‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসপি টি এম মোজাহিদুল ইসলাম জনগণের উদ্দেশে বলেন, ‘ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলুন। একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে চলে আসব। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে?

হাই কোর্টের রুল-জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়-মানবজমিন

হাইকোট

 

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে জেলা পরিষদ নির্বাচন আইন ২০০০ এর ধারা ৪ (২), (১৭) এবং একই আইনের সংশোধনী ২০১৬ এর ধারা ৫ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
শ্রোতাবন্ধুরা !

ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ফের মৃত্যু টাকার লাইনে-গণশক্তি

নোট বাতিল ইস্যুতে আরো ১ জনের মৃত্যু

 

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের জেরে নিজের পরিশ্রমের টাকা তুলতে প্রাণ দেওয়া কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবারের পর ফের শনিবারও টাকার লাইনে দাঁড়িয়ে প্রাণ দিতে হলো বছর ৫২-র কল্লোল রায়চৌধুরিকে। দক্ষিণ কলকাতার বাসিন্দা কল্লোল রায়চৌধুরি ব্যান্ডেল স্টেশনে এ টি এম-র লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যু হয়।
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে-ভিক্ষুকরাও পকেটে সোয়াইপ মেশিন রাখছেন, কার্ডে ভিক্ষা নিচ্ছেন। তাহলে সকলে কেন পারবেন না? এভাবে লাইনে দাঁড়ানো লোকদের নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ডাক মোদির-আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি

 

হার্ট অফ এশিয়া সম্মেলনে এসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মোদি। বললেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই তো করতেই হবে। লড়াইটা তাঁদের বিরুদ্ধেও করতে হবে, যারা কোনও ভাবে জঙ্গি কার্যকলাপকে আশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে। ঘুরিয়ে পাকিস্তানকে খোঁচা দেওয়ার পরেই আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আসরাফ গনি জানালেন, দাগী জঙ্গিনেতারা অনেক সময়ে বলেছে, পাকিস্তানের প্রশাসনের মদতেই সেখানে শান্তিতে ঘাঁটি গেড়েছেন তাঁরা। জঙ্গি কার্যকলাপের নিন্দার পাশাপাশি, ভারত আফগানিস্তানের সম্পর্ক নিয়েও মোদি বলেন, ভারত বা আফগানিস্তানে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে চুপ করে থাকলে ক্ষতি এই দু’দেশেরই হবে।

যাদবপুর হস্টেলে ছাত্রের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য ছড়াল -সংবাদ প্রতিদিন

রোববার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান হস্টেলে এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ৷ সকাল ১১ টা নাগাদ হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সৌমিত্র দে নামে ওই ছাত্রের দেহ৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪