ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৬:৫০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • ভাস্কর্য অপসারণে সুপ্রিম কোর্টকে হেফাজতের স্মারকলিপি-ইত্তেফাক
  • বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার সুযোগ নেই: আইনমন্ত্রী-প্রথম আলো
  • তিন জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৩-যুগান্তর
  • যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস : প্রধান বিচারপতি-কালের কণ্ঠ
  • জেএমবি নেতা সাইদুরসহ ৩ জনের বিচার শুরু - সমকাল
  • কুমিল্লা বিভাগের নাম হবে 'ময়নামতি'-বাংলাদেশ প্রতিদিন
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নিহত-মানবজমিন
  • সরকার ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় : ফারুক-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ফের দলিত বিতর্ক, রোহিত ভেমুলার মাকে চিঠি পাঠাল সরকার-সংবাদ প্রতিদিন
  • পালানিস্বামীকে দলের দায়িত্ব দিলেন শশী-আজকাল
  • জেলে ঢোকার আগে মরিয়া শশি, পনীরকে ‘তাড়িয়ে’ বাছলেন নতুন দলনেতা-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার সুযোগ নেই: আইনমন্ত্রী-প্রথম আলো

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশ্বব্যাংক আইনের ঊর্ধ্বে নয়। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না। কিন্তু যাঁরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন কি না, সে বিষয়ে চাইলে আইনি পরামর্শ নিতে পারেন।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূস জড়িত। পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্র কাউকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দেওয়ার জন্য ছিল না। এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে।

ভাস্কর্য অপসারণে সুপ্রিম কোর্টকে হেফাজতের স্মারকলিপি-ইত্তেফাক

সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য

সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যকে 'গ্রিক দেবীর মূর্তি' আখ্যায়িত করে তা অপসারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব আতিকুস সামাদ মাজার গেট থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন।
 
সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে ফোয়ারার গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। ডান হাতে তলোয়ার বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তলোয়াড়টি তিনি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা উপরে ধারণ করে আছেন।
 
এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভের মতো কর্মসূচি দিয়ে আসছে।

তিন জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৩-যুগান্তর

সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ৩

রাজধানী ঢাকা, কক্সবাজার ও বগুড়ায় পুলিশের সঙ্গে আলাদা 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাত ও মঙ্গলবার ভোরে এসব 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
রাজধানীর পুরান ঢাকায় পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে সাগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এদিকে, বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে রবিন ওরফে সামিউল (৩২) নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার পাতাঞ্জ গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরদিকে মঙ্গলবার ভোরে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক নয়াপাড়ার পূর্ব পাশে পাহাড়ে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবদুস সাত্তার ওরফে সব্বির আহমদ নামে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
 পুলিশের দাবি, নিহত আবদুস সাত্তার একজন সন্ত্রাসী। তার নামে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।

বিচার শেষ না হওয়া মামলায় আট বন্দীকে কেন জামিন নয়-ইত্তেফাক

 বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকেরও বেশি সময় কারাগারে থাকা আট বন্দীকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেন। ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এসব মামলার নথিপত্র তলব করেছেন আদালত। পাশাপাশি আট বন্দীকে আদালতে হাজির করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিচার শেষ না হওয়া বিভিন্ন মামলায় এক দশকের বেশি সময় ধরে ঢাকা, সিলেট ও সাতক্ষীরার বিভিন্ন কারাগারে থাকার তথ্য গতকাল হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। 

 জেএমবি নেতা সাইদুরসহ ৩ জনের বিচার শুরু – সমকাল

রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান সাঈদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। আগামী ১৪ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। আর এর মধ্য দিয়ে এ আসামিদের বিচার শুরু হলো।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠন করে বিচারের জন‌্য মামলার নথি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নিহত-মানবজমিন

চাঁপাইনবাবগঞ্জের ওহেদপুর সীমান্তে মাসুদ রানা (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 নিহত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোসারফ হোসেনের ছেলে। সোমবার রাত ১১টার দিকে সীমান্তের পিলার নং ১৩/এসএ এলাকায় তিনি নিহত হন বলে জানা গেছে। এ সময় মাসুদের সঙ্গে থাকা তার চাচাতো ভাই আবুল কালাম (২৫) আহত হয়েছেন।

সরকার ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় : ফারুক-নয়া দিগন্ত

সরকার ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় : ফারুক

সরকার আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো সংসদ নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ জয়নাল আবদিন ফারুক।
মঙ্গলবার রাজধানীতে এক মানববন্ধনে তিনি বলেন, ৫ জানুয়ারির মতো একাদশ সংসদ নির্বাচন করতেই সরকার দলীয় আনুগতের সাবেক আমলা কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার দিয়েছে।
তিনি বলেন, বুধবার প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা শপথ নেবেন। কে এম নুরুল হুদা সাহেব একজন খাঁটি আওয়ামী লীগার, জনতার মঞ্চের খাঁটি লোক।

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস : প্রধান বিচারপতি-কালের কণ্ঠ

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ মঙ্গলবার একটি হত্যা মামলার আপিলের রায়ের সময় প্রধান বিচারপতি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন দ্রুত বিচার আদালত। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। এরপর আপিলের পর মঙ্গলবার তিনজনের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত।

এ সময় প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস।

কুমিল্লা বিভাগের নাম হবে 'ময়নামতি'-বাংলাদেশ প্রতিদিন

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোস্তফা কামাল। তিনি আরও বলেন, এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।

খালেদা মাইনাসে নির্বাচনে না-বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপারসন বেগত খালেদা জিয়া

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাইনাস’ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বিএনপি। এমনকি বিএনপি প্রধান থাকাবস্থায় নতুন কোনো নেতৃত্বের কথাও ভাবছে না দলটি। অবশ্য খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও আস্থা নেতা-কর্মীদের। বিএনপি প্রধানের মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সাবেক এই প্রধানমন্ত্রীকেই শেষ ভরসাস্থল মনে করেন দলের নেতা-কর্মীরা। সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টাদের সিরিজ বৈঠকেও নেতাদের বক্তব্যে এই মনোভাব ফুটে উঠেছে। সর্বশেষ গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের এক যৌথসভায়ও নেতারা এই মনোভাব প্রকাশ করেন।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন শশিকলা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশিকলা নটরাজনকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট

জেলে ঢোকার আগে মরিয়া শশি, পনীরকে ‘তাড়িয়ে’ বাছলেন নতুন দলনেতা-আনন্দবাজার
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন শশিকলা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশিকলা নটরাজনকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। এর ফলে আগামী দশ বছরের জন্য নির্বাচনের লড়াই থেকে ছিটকে গেলেন তিনি। ফলে আপাতত তামিলনাড়ুর তখ্‌ত হাতছাড়া হল তাঁর।  মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পরই তামিলনাড়ুর ছবিটা কী রকম তা দেখে নেওয়া যাক। দৈনিকটিতে আরো লেখা হযেছে, মসনদ নয়, জেলেই যেতে হচ্ছে শশিকলাকে। তবে সুপ্রিমকোর্টেল রায় শোনার পর শশিকলা তার প্রতিক্রিয়ায় বলেছেন ধর্মের জয় হবে।

পালানিস্বামীকে দলের দায়িত্ব দিলেন শশী-আজকাল

পালানিস্বামী

সুপ্রিম কোর্টের রায়, জেলে যেতে হবে শশিকলা নটরাজনকে। ১০ বছর তিনি ভোটে লড়তে পারবেন না। মুখ্যমন্ত্রী হওয়া হল না এ যাত্রায়। তবে, ইতিমধ্যে দলের কাণ্ডারী বেছে দিলেন শশী। তাঁর জায়গায় বিধানসভায় দলকে নেতৃত্ব দেবেন ইড়াপাড়ি কে পালানিস্বামী। একইসঙ্গে দল থেকে বহিষ্কার করা হয়েছে ও পনিরসেলভামকে। যার অর্থ শশিকলার বশংবদ নেতা রাজ্যের পূর্তমন্ত্রী পালানিস্বামী এবার সরকার গড়ার দাবি জানাবেন।

ফের দলিত বিতর্ক, রোহিত ভেমুলার মাকে চিঠি পাঠাল সরকার-সংবাদ প্রতিদিন

রোহিত ভেমুলা

রোহিত ভেমুলা আদৌ দলিত ছিলেন কি না তা নিয়ে বিতর্ক দানা বেধেছিল আগেই। এবার রোহিতের মাকে শো-কজ নোটিস পাঠালেন গুন্টুর জেলার কালেক্টর। কালেক্টর কান্তিলাল ডান্ডের পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কেন ভেমুলা পরিবার ভাদেরা সম্প্রদায়ের হয়েও নিজেদের দলিত বলে দাবি করেছে। আগামী দু’সপ্তাহের মধ্যে এই জবাব দিতে হবে রোহিতের মা রাধিকা ভেমুলাকে। না হলে অন্ধপ্রদেশ সরকার তাদের সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দেবে। সরকারিভাবে ওবিসি ঘোষণা করা হবে তাঁদের।
২০১৬ সালের ১৭ জানুয়ারি। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এই রিসার্চ স্কলার। এই ঘটনার দিন ১২ আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল রোহিত-সহ পাঁচ গবেষককে। এই ঘটনার পরই গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ ওঠে, জাতপাতের ভেদাভেদের শিকার হতে হয়েছে রোহিতকে। কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার প্রথম থেকেই দাবি তুলে এসেছে, ভেমুলা দলিত সম্প্রদায়ভূক্ত নয়। সেই যুক্তি অনুযায়ী, রোহিতও ওবিসি। দলিত নন। সরকার সিদ্ধান্তও নেয়, তাদের এসসি (সিডিউল কাস্ট) সার্টিফিকেটটি বাতিল করা হবে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪