আমাদের কাজ বেশ চ্যালেঞ্জি- সিইসি: ইভিএম ব্যবহারের ইচ্ছা 'দুরভিসন্ধিমূলক' -রিজভী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- এসপিকে ক্ষমা, স্বাক্ষরিত ব্যাখ্যা দিতে হবে আইজিপিকে-ইত্তেফাক
- আমাদের কাজ বেশ চ্যালেঞ্জিং: সিইসি-প্রথম আলো
- ইভিএম ব্যবহারের ইচ্ছা 'দুরভিসন্ধিমূলক' : রিজভী-যুগান্তর
- বিএনপির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া নেই : সিইসি-কালের কণ্ঠ
- খালেদার দুর্নীতির ২ মামলার শুনানি ফের পেছাল- সমকাল
- আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে-তোফায়েল-বাংলাদেশ প্রতিদিন
- খালেদাকে কারাগারে পাঠানোর চিন্তা নেই সরকারের-মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভারতের ক্ষেত্রে শাপে বরই হবেন ট্রাম্প, অভিমত মুকেশ আম্বানির-সংবাদ প্রতিদিন
- বিয়ের খরচে লাগাম পরাতে আসছে বিল-আজকাল
- টেট নিয়ে ওঠা অভিযোগ মারাত্মক, বলল হাইকোর্ট-চার সপ্তাহের মধ্যে রাজ্যের ব্যাখ্যা তলব-বর্তমান
- চিনা উদ্বেগ আরও বাড়িয়ে ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র দেয়ার পথে ভারত-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
আমাদের কাজ বেশ চ্যালেঞ্জিং: সিইসি-প্রথম আলো
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশনাররা।
আজ সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নবনিযুক্ত চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সেখানে তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের কাজ বেশ চ্যালেঞ্জিং। তবে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। সফলভাবে দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত থাকবে।’
বিরোধী দল বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে কে এম নুরুল হুদা বলেন, ‘আমাদের এখন কাজ করার সময়। অন্য কোনো বিষয় নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া জানানোর সময় এখনো আসেনি।’
ইভিএম ব্যবহারের ইচ্ছা 'দুরভিসন্ধিমূলক' : রিজভী-যুগান্তর/প্রথম আলো
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রকাশকে 'দুরভিসন্ধিমূলক' বলে আখ্যায়িত করেছে বিএনপি।
বির্তকিত’ সিইসি থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্যই ইভিএম নিয়ে প্রধানমন্ত্রী কথা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী যে ই-ভোটিং ব্যবস্থার কথা বলছেন, তা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক। জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্য সাধনে জালিয়াতি করার প্রচেষ্টামাত্র।' তিনি অভিযোগ করেন, 'জনগনের দৃষ্টিকে সিইসি'র দিক থেকে অন্যত্র সরানোর জন্যই ই-ভোটিং ব্যবস্থার কথা বলছেন প্রধানমন্ত্রী। ' তিনি দাবি করেন, এখন পর্যন্ত যে সব দেশ ই-ভোটিংয়ে এসেছে সেখানেই ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতারণার অভিযোগ উঠেছে।
আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে-তোফায়েল-বাংলাদেশ প্রতিদিন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সে সময়ে এই সরকার 'সহায়ক সরকার'র ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে এই সরকার। আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ্যে ভারতের দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনার সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের ওপর। সরকার কেবল তাদের সহায়তা করবে। এর ব্যতিক্রম হবে না। এখন মির্জা ফখরুলরা সিদ্ধান্ত নিতে পারেন, তারা নির্বাচনে আসবেন কি আসবেন না। নির্বাচন স্থগিত বা বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।
প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : দুদু-নয়া দিগন্ত
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী ভালো রেফারি নন। তার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত নিরপেক্ষ সহায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, আপনি ভাল রেফারি নন-২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন সহ-বিগত দিনের সিটি কর্পোরেসন,ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনার অধিনে কেমন হয়েছে জাতি দেখেছে। আপনি আপনার দল আর নৌকা ছাড়া কিছুই দেখেন না। সে জন্য সুষ্ঠ নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রয়োজন, তাছাড়া সুষ্ঠ নির্বাচন হতে পারে না। আর এটির ফর্মূলা কেমন হবে আপনি উদ্দোগ নিলে দেশের রাজনীতিবিদ গন ও বুদ্ধিজীবিরা আপনাকে সহযোগীতা করবে।
এসপিকে ক্ষমা, স্বাক্ষরিত ব্যাখ্যা দিতে হবে আইজিপিকে-ইত্তেফাক/সমকাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক ঘোষণা করে প্রতিবেদন দেয়ার ঘটনায় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে ক্ষমা করে দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এ বিষয়ে যথাযথভাবে ব্যাখ্যা না দেয়ায় পুলিশের আইজিপিকে আগামী ১০ দিনের মধ্যে নিজ স্বাক্ষরিত ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে।আজ বিচারপতি শাহীনূর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যর আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
খালেদাকে কারাগারে পাঠানোর চিন্তা নেই সরকারের-মানবজমিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন চলবে। আর খালেদাকে কারাগারে পাঠানোর কোনো চিন্তা সরকারের নেই। এটা আদালতের বিষয়। আজ দুপুরে ঢাকার বনানী বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।
রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের সমাপ্তি-ইত্তেফাক
রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে গত অক্টোবর থেকে শুরু হওয়া নির্মম সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমার। চার মাসব্যাপী এই অভিযানকে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধ ও জাতিগত নির্মূলের সমতুল্য বলে মন্তব্য করেছে। গত অক্টোবরে ৯ তারিখ বাংলাদেশ সীমান্তের নিকটে হামলায় ৯ জন পুলিশ নিহত হওয়ার পরে এই অভিযান শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী অভিযান শুরু হওয়ার পরে ৬৯ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের জন্য শান্তিতে নোবেলজয়ী মিয়ানমার নেত্রী অং সান সু কি’র আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।
খালেদার দুর্নীতির ২ মামলার শুনানি ফের পেছাল- সমকাল
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি ফের পিছিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীর সময় আবেদনে আগামী ২৬ ফেব্রুয়ারি এ দুই মামলার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ আদেশ দেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে এ মামলা হয়। এতে খালেদা জিয়াসহ মোট ছয়জনকে আসামি করা হয়।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
জেলে বসেও শশীরই জয়-আনন্দবাজার
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শশিকলা অনুগত ইকে পলানিস্বামীকেই সরকার গড়ার আহ্বান জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও।
৫০ টাকা রোজে জেলে মোমবাতি বানাবেন শশীকলা-সংবাদ প্রতিদিন
বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের ৯২৩৪ নম্বর সেল। প্রথম রাতটা মেঝেতে শুয়েই কাটাতে হল শশীকলা নটরাজনকে। আর পাঁচটা কয়েদির মতোই তার খাবার তালিকায় ছিল ডাল, রাগি মুদ্দা (কর্নাটকের বিশেষ খাবার), সামান্য ভাত ও দু’টি চাপাটি। হতে পারে তিনি এক সময় জয়ললিতার ছায়াসঙ্গিনী ছিলেন। হতেই পারেন তিনি শশীকলা নটরাজন। কিন্তু আগামী চার বছরের জন্য এভাবেই কয়েদি হয়ে থাকতে হবে চিন্নাম্মাকে।
একটা শীতাতপ নিয়ন্ত্রিত সেল, বাড়ির তৈরির খাবার, আর একটু একা থাকার অনুমতি। বিচারকের কাছে আবেদন ছিল পয়েজ গার্ডেনের এই ‘মুকুটহীন সম্রাজ্ঞী’র। কিন্তু প্রথমেই তা নাকচ করে দেয় আদালত। সাফ জানিয়ে দেয়, কোনও বিশেষ সুবিধার প্রশ্নই নেই। পরার জন্য বরাদ্দ হয়েছে তিনটি শাড়ি ও ব্লাউজ। আর পাঁচটা কয়েদির মতোই এআইএডিএমকে-র এই শীর্ষনেত্রীকেও কায়িক শ্রম দিয়ে টাকা রোজগার করতে হবে। ৫০ টাকা রোজে আপাতত জেলে বসে মোমবাতি বানাবেন শশী। সপ্তাহের সাতদিনই কাজ করতে হবে তাঁকে। রবিবারও ছুটির কোনও প্রশ্ন নেই। সপ্তাহে একদিন ফোনে কথা বলার সুযোগ পাবেন। তবে তা ৫ মিনিটের জন্য। চাইলে যোগা, মেডিকেশন ক্লাসে যোগ দিতে পারেন তিনি।
বেঙ্গালুরুর কাছে পারাপ্পানা আগরাহারা জেলটি কর্নাটকের সব চেয়ে বড় সংশোধনাগার। প্রায় ৪০ একরের এই জেলে বর্তমানে প্রায় ৪৪০০ জন বন্দি রয়েছেন। বুধবার জেলে ঢোকার আগে স্বামী এম নটরাজনের সঙ্গে দেখা করতে চান শশীকলা। অনুমতিও মেলে। স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়েন শশী। বিরোধীদের কথায়, শশীর কলাকারী খাটানো যে এবার মোটে সহজ হবে না, তা তিনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন।
টেট নিয়ে ওঠা অভিযোগ মারাত্মক, বলল হাইকোর্ট-চার সপ্তাহের মধ্যে রাজ্যের ব্যাখ্যা তলব-বর্তমান
রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলিকে বুধবার ‘মারাত্মক’ বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিকেও অভিযোগের বিস্তৃত জবাব দিতে বলেছে আদালত।
চিনা উদ্বেগ আরও বাড়িয়ে ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র দেয়ার পথে ভারত-আনন্দবাজার
আবার বড় সামরিক ঘোষণা ভারতের। এবং আবার বাড়তে চলেছে চিনের উদ্বেগ। ভিয়েতনামকে আকাশ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে ভারত। বুধবার ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র তরফে স্পষ্ট করে জানানো হল এ কথা।
ভিয়েতনামের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ অনেক দিন আগে থেকেই শুরু করেছে ভারত। তার পর সে দেশের নৌসেনাকে রণতরীও দেওয়া হয়েছে। সে সব নিয়ে চিন একাধিক বার উষ্মা প্রকাশ করেছে। ভিয়েতনামের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে চিন-ভারত সম্পর্ক সুস্থ থাকবে না এবং তার ফল ভাল হবে না, দিল্লিকে এমন হুঁশিয়ারিও দিয়েছে বেজিং। কিন্তু চিনা চোখরাঙানির পরোয়া না করে এ বার ভারত জানিয়ে দিল, ভারত-ভিয়েতনামের মধ্যে ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে।
বিয়ের খরচে লাগাম পরাতে আসছে বিল-আজকাল
বিয়েতে কোন পরিবার কত খরচ করতে পারে, সেই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। এর জেরে মেয়ের বিয়ে দিতে নাভিঃশ্বাস ওঠে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের। বিয়ের এই জাঁকজমকেই এবার লাগাম পরাতে চান কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন। বিহারের রাজনীতিক পাপ্পু যাদবের স্ত্রী। লোকসভায় প্রাইভেট মেম্বার্স বিল আনতে চলেছেন তিনি। বিল পাস হলে বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠানে কত জন অতিথি আসবেন, কত পদ খাওয়ানো হবে— সব বেঁধে দেওয়া হবে। এর ফলে খাবার নষ্টও বন্ধ হবে। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে ৫ লাখের বেশি খরচ করলে অতিরিক্ত খরচের ১০ শতাংশ গরিবের মেয়ের বিয়েতে দিতে হবে।
৯ মার্চ লোকসভায় ফের বাজেট অধিবেশন শুরু হবে। তখনই ‘দ্য ম্যারেজ’ বিলটি পেশ করবেন সাংসদ রঞ্জিত রঞ্জন। সংসদের বাইরে জানালেন, এই বিল পাস হলে বিয়েতে বাজে খরচ বন্ধ হবে। বিয়ের অনুষ্ঠানে দু’টি মানুষ বাঁধা পড়েন। কিন্তু আজকাল সেই অনুষ্ঠানে লোকদেখানোর ব্যাপার বেড়ে গেছে। যার ফলে মেয়ের বিয়ে দেওয়ার সময় তুমুল সামাজিক চাপে পড়ে গরিব পরিবার। বিল পাস হওয়ার পরেও কোনও পরিবার সন্তানের বিয়েতে চাইলে বেশি খরচ করতেই পারেন। তবে পাশাপাশি তাঁকে কোনও গরিব পরিবারকেও সাহায্য করতে হবে।
ভারতের ক্ষেত্রে শাপে বরই হবেন ট্রাম্প, অভিমত মুকেশ আম্বানির-সংবাদ প্রতিদিন
ভোটে জিতেছেন অপ্রত্যাশিতভাবে। প্রেসিডেন্ট পদে বসেই নিয়েছেন বিতর্কিত অভিবাসন নীতি। প্রশংসার থেকে সমালোচনাই বেশি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চারদিকে সমালোচনার পাত্র হলেও ভারতের ক্ষেত্রে শাপে বর হবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। এমনটাই মনে করেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বুধবার থেকে মুম্বইতে শুরু হওয়া ন্যাসকম লিডারশিপ ফোরামে এই কথা বলেন আম্বানি। তিনি জানান, ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলির ফলে আইটি কোম্পানিগুলি এবার দেশের বাজারে মনোযোগ দেবে। ভারতের মধ্যেই সমস্যার সমাধান করা চেষ্টা করবে। আর ভারতবর্ষ নিজেই একটা বিশাল বড় বাজার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬