ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১৬:১৫ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৮ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • ভোটের রাজনীতিতে বিএনপি তুচ্ছ নয়: কাদের-প্রথম আলো
  • হাসিনার অধীনে নির্বাচনে গেলে ৫ বছর পরে কেন?’ -প্রথম আলো
  • বাংলাদেশ থেকে ১ হাজার রোহিঙ্গাকে পাশ্চাত্যে পাঠাতে চায় জাতিসংঘ-যুগান্তর
  • সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত-কালের কণ্ঠ
  • ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত হিসাবে গড়তে পারলে দেশ এগিয়ে যাবে'-বাংলাদেশ প্রতিদিন
  • সুনির্দিষ্ট অভিযোগ পেলে বাবুল আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী-মানবজমিন
  • খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন জনগণ মেনে নেবে না : দুদু-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • অভিযানে বাধা দিলে লাঠির বদলে বন্দুক ব্যবহারের নির্দেশ সেনাকে-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • বিধানসভার বাইর ডিএমকে, জয় পালানির-আজকাল
  • ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান আর নয়: মমতা-বর্তমান
  • হুলুস্থূল বিধানসভায় ধ্বনি ভোটেই বাজিমাত করলেন পালানীস্বামী-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত এবং কানাডার আদালতে মামলার ঘটনায় ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে।’
শুক্রবার বিকেলে মিউনিখ ম্যারিয়ট হোটেলে ইউরোপীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ প্রবাসী আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ভ্রান্ত অভিযোগে যাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল বিশ্ব ব্যাংক সেসব ক্ষতিগ্রস্তরা এজন্য আইনের আশ্রয় নিতে পারে।’
 
তিনি বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া, কেননা পদ্মা সেতু প্রকল্প থেকে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থ প্রত্যাহারের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিচার পেল।...তারা আমার ছেলে এবং মেয়ে, বোন, আমার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সচিবদের এই অভিযোগের সঙ্গে জড়াতে চেয়েছে।’
 প্রধানমন্ত্রী বলেন, যাই হোক আমি বলব, সত্য এবং ন্যায়ের পথে এবং সত্সাহস থাকলেই কেবল কোনো একজন মানুষ এ ধরনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে। কানাডার আদালতের রায় আমাদের অনুকূলে এসেছে, কারণ আমরা সবসময় সত্য ও ন্যায়ের পথে ছিলাম।’

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন জনগণ মেনে নেবে না : দুদু-নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষক নেতা শামসুজ্জামন দুদু বলেছেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বিচারের নামে সাজা দিতে চায়। বর্তমান সরকার তাকে নির্বাচন থেকে দূরে রেখে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। কিন্তু দেশের মানুষ সে স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে। তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় বিচারের নামে সাজা দেয়া হয়েছে। এ সাজাও জনগণ মানে না।

হাসিনার অধীনে নির্বাচনে গেলে ৫ বছর পরে কেন? কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাবে না। আর খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনও হবে না। তিনি বলেন, শেখ হাসিনার অধীনেই যদি বিএনপি নির্বাচনে যেত, তাহলে সেটা ২০১৪ সালেই যাওয়া যেত। পাঁচ বছর পরে কেন যাবে?
আজ চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। গয়েশ্বর বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দলের নীতিনির্ধারণী পরিষদ এখনো বৈঠক করেনি। দলের মধ্যে নানা মতের মানুষ আছেন। পত্রিকার খবর নিয়ে তিনি মন্তব্য করতে চান না। বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে। এখনো নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করা হয়নি।

ভোটের রাজনীতিতে বিএনপি তুচ্ছ নয়: কাদের-প্রথম আলো

বিএনপি যত এলোমেলো, যত দুর্বলই হোক না কেন, তাদের সমর্থন দুর্বল নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটের রাজনীতিতে বিএনপিকে তুচ্ছ করে দেখারও কোনো উপায় নেই। আজ রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইলেকশনে আসবে, প্রধান প্রতিদ্বন্দ্বীও হবে। তাদের দুর্বল ভাবার কারণ নেই।’

বাংলাদেশ থেকে ১ হাজার রোহিঙ্গাকে পাশ্চাত্যে পাঠাতে চায় জাতিসংঘ-যুগান্তর

বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভিন্ন কোনো দেশে নিয়ে যেতে চায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কিছু দেশে এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের চেষ্টা চলছে।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রধান শিনজি কুবো জানিয়েছেন, এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভিন্ন কোনো দেশে পুনর্বাসনের জন্য তারা বাংলাদেশ সরকারের অনুমতি চেয়েছেন।
গত কয়েক বছর ধরে এ চেষ্টা হচ্ছে বলে সংস্থাটির প্রধান জানিয়েছেন। কুবো বলেন, 'বাংলাদেশের দুটো শরণার্থী ক্যাম্পে প্রায় ৩৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সেখান থেকে আমরা এক হাজার ব্যক্তিকে বাছাই করেছি।'

সুনির্দিষ্ট অভিযোগ পেলে বাবুল আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী: মানবজমিন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত থাকার সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ যখনই আসে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীতেও নিব। অপরাধী পুলিশ অফিসার হোক, সামরিক অফিসার হোক, কিংবা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত হিসাবে গড়তে পারলে দেশ এগিয়ে যাবে-বাংলাদেশ প্রতিদিন

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সকল ছাত্র-ছাত্রীদের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আর সকলকে সুশিক্ষিত হিসাবে গড়তে পারলে দেশ এগিয়ে যাবে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, একটা সময় ছিল, যখন বাংলাদেশে শিক্ষার মানের উন্নয়ন ছিল না। এখন আর সেই দিন নেই। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে উদাহরণ হিসেবে নেয়। বাংলাদেশকে অনুকরণ করে।

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত-কালের কণ্ঠ

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেনি।

অভিযানে বাধা দিলে লাঠির বদলে বন্দুক ব্যবহারের নির্দেশ সেনাকে-সংবাদ প্রতিদিন

সেনা অভিযানে বাধা দিলে এবার থেকে লাঠি নয়, জওয়ানদের হাতে বন্দুক রাখার নির্দেশ দিলেন সেনাকর্তারা। সেনা সূত্রে খবর, এখন থেকে জঙ্গিদমন অভিযানে বাধা দিলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেনাপ্রধান বিপিন রাওয়াতের নির্দেশ ও প্রতিরক্ষামন্ত্রীর সবুজ সঙ্কেত পাওয়ার পরই কঠোর পদক্ষেপ করছে সেনা।
কেন্দ্রীয় গোয়েন্দারা সেনার উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছেন, রাওয়াতের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের মধ্যে। সেনার বিরুদ্ধে শুধু পাথর নয়, কাশ্মীরে এবার দাহ্য পদার্থে ঠাসা বোতল ছুঁড়ে মারার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের।

বিধানসভার বাইর ডিএমকে, জয় পালানির-আজকাল

তামিলনাড়ুতে‌ মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েন আপাতত থামল। মুখ্যমন্ত্রী এরাপ্পড়ি পালানিস্বামীর দাবিমতো আস্থাভোটে তিনিই জিতেছেন। এত সহজে জায়গা ছাড়তে রাজি নন পনিরসেলভামও। তাঁর দাবি, পালানিস্বামী শিবিরের ১০ বিধায়ক গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। ডিএমকে, কংগ্রেসও তাঁকে সমর্থনেরই ঘোষণা করেছে। এর মধ্যেই ডিএমকে নেতা স্ট্যালিনের দাবি, আস্থাভোট পিছিয়ে দেওয়া হোক। স্পিকার যদিও সেই দাবি মানেননি। এই নিয়ে পালালিস্বামী এবং ডিএমকে শিবিরের স্লোগান–পাল্টা স্লোগান চলে। পরে বিধানসভায় নিগ্রহের প্রতিবাদে মারিনা বিচে অনশনে বসার সিদ্ধান্ত ঘোষণা করেন মুথুভেল স্ট্যালিন। যাই হোক, আস্থাভোটে জিতেই জয়ললিতার স্মারকসৌধে গিয়ে আবেগে চোখের জল আর ধরে রাখতে পারেননি পালানি।

ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান আর নয়: মমতা-বর্তমান

শুধু নতুন আইন এনে তিনি যে ক্ষান্ত থাকবেন না, বরং রাজনৈতিক এবং সরকারি মঞ্চেও তিনি ভাঙচুর এবং ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে সমানে সোচ্চার থাকবেন, তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের বিধানসভা এলাকার মধ্যে কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিশ পার্কে পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার অনেক সুযোগ এনে দিয়েছে মানুষের কাছে। সেই সব সুযোগ কাজে লাগিয়ে আপনারা ভালোভাবে থাকুন। সরকারের সঙ্গে থাকুন। মানুষের সঙ্গে থাকুন। যদি মনে হয়, কোনও সমস্যা আছে, চিঠি দিয়ে জানাবেন। ব্যক্তিগতভাবেও জানাতে পারেন। কথা বলার জায়গা সবসময় আছে। কিন্তু কাউকে সামনে ভাঙচুর করতে দেখলেই বাধা দেবেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও বলে বলেই তো ৩৪টা বছর কেটে গিয়েছে।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮