নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : বাণিজ্যমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৯ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন শুরু-ইত্তেফাক১৭ ভাগ এলাকা ডুববে, এটা সত্য নয়: আইনুন-প্রথম আলো
- এমপিকে শাসন করেছি: ওবায়দুল কাদের-যুগান্তর
- খালেদা জিয়াকে ছাড়া বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ তথ্যমন্ত্রীর-কালের কণ্ঠ
- একুশের নিরাপত্তায় রাজধানীতে ৮ হাজার পুলিশ-মানবজমিন
- হোশি কোনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বিজেপি বিধায়কের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, ক্ষুব্ধ নেতা-সংবাদ প্রতিদিন
- সাইবার বিমার আওতায় আসছে আমানত-আজকাল
- গ্রুপ ডি পরীক্ষার্থী ২৫ লক্ষ, হিমশিম রাজ্য-বর্তমান
শ্রোতা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা- ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে মিয়ানমারের শরণার্থীদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার হোটেল ব্যারিসার হফ-এ ৫৩তম নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের সঙ্গে এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ মিয়ানমারের শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে; কিন্তু পর্যটন শহর কক্সবাজারে তাদের অবস্থান ও কর্মকাণ্ডের কারণে সেখানকার পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য, স্যানিটেশন ব্যবস্থার বিপর্যয় ঘটছে— যা তাদেরও অমানবিক জীবন যাপনে বাধ্য করছে। তাই বাংলাদেশ সরকার তাদের একটি উন্মুক্ত, স্বাস্থ্যকর এবং নাগরিক সুবিধা সম্বলিত স্থানে সরিয়ে নিতে চায়। এ জন্য জার্মানি এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
১৭ ভাগ এলাকা ডুববে, এটা সত্য নয়: আইনুন-প্রথম আলো
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞ ও আলোচকেরা। তাঁরা বলেছেন, যত দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, তত দিনে বাংলাদেশ উপকূল রক্ষার কৌশল রপ্ত করে ফেলবে। দেশের ১৭ শতাংশ এলাকা ডুবে যাওয়ার যে কথা বলা হচ্ছে, সেটাও সত্য নয়।
নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : বাণিজ্যমন্ত্রী-ইত্তেফাক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায় একেক সময় একেক কথা বলেন। একবার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখেই নির্বাচন করবেন। সহায়ক সরকার তৎকালীন দায়িত্ব পালন করবে। আবার কেউ বলেন এই সরকারের অধীনে নির্বাচন করবে না। আসলে এই সরকারের অধীনেই নির্বাচন হবে, এটাই সংবিধানের বিধান এবং এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দেশবাসীর দৃঢ় বিশ্বাস বিএনপি সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে। আজ ভোলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তোমরা ভুল করছ, ফিরে এসো: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তোমরা ভুল করছ, তোমরা ফিরে এসো। এটা কোনো পথ নয়, অন্ধকারে হারিয়ে যেয়ো না।’আজ দুপুরে তেজগাঁওয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, কেন বিশ্বব্যাপী জঙ্গি উত্থান হচ্ছে, সেটা বুঝতে হবে। একটি অপশক্তি ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর চেষ্টা করছে। মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। উচ্চকণ্ঠে বলতে হবে, ইসলামে হত্যাকারী ও জঙ্গিদের কোনো স্থান নেই।
খালেদা জিয়াকে ছাড়া বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ তথ্যমন্ত্রীর-কালের কণ্ঠ
খালেদা জিয়াকে ছাড়া বিএনপিকে আগামী নির্বাচনে আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের আগে জামায়াত ছাড়বে কিনা, যুদ্ধাপরাধীদের ছাড়বে কিনা, জঙ্গি উসকানি বন্ধ করবে কিনা এবং মামলায় ফেঁসে যাওয়া খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে আসবে কিনা?'
ইনু বলেন, 'নির্বাচন বর্জনের হুমকি গণতন্ত্রকে জিম্মি করার হুমকি, বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেইল করার হুমকি। আমরা কোনো অবস্থাতেই হুমকির কাছে বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেইল করতে দেব না। গণতন্ত্রকে জিম্মি করতে দেব না। '
তিনি বলেন, 'কেউ সাজা পেলে নির্বাচনে আসবেন না, এই হুমকি দিলে এর দায় তার ওপর বর্তাবে। নির্বাচন যথা সময়ে হবে, কে নির্বাচনে আসবে, কে আসবে না তার ভিত্তিতে গণতন্ত্র মাপা হবে না। '
বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন শুরু-ইত্তেফাক
বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন আজ রবিবার থেকে শুরু হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত মোট ৯শ ৬৪টি হজ এজেন্সির মাধ্যমে চলতি বছরের প্রাক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্র জানায়, আগামী ৩০ মার্চ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।
এদিকে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) বেগম হাসিনা শিরীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিবদ্ধ হজ এজেন্সিগুলো আগামী তিনদিনের মধ্যে আগের প্রাক নিবন্ধনসহ ১৫০ জনের প্রাক নিবন্ধন করতে পারবেন। তাদের ডাটা এন্ট্রির পর ভাউচারের মাধ্যমে একত্রে ১৫০ জনের টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ বছর প্যাকেজ মূল্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে (কোরবানি ব্যতীত) ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা বলে জানা গেছে।
একুশের নিরাপত্তায় রাজধানীতে ৮ হাজার পুলিশ-মানবজমিন
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তায় আট হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এসব পুলিশ ইউনিফর্ম ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
এমপিকে শাসন করেছি: ওবায়দুল কাদের-যুগান্তর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আমি এমপি মো. ছানোয়ার হোসেনকে শাসন করেছি। এটা আমাদের আওয়ামী লীগ পরিবারের বিষয়। দলের সাধারণ সম্পাদক হিসেবে এটা আমি করতেই পারি।'
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে চড় মারা-সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর যুগান্তরকে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
শনিবার রাত ৯টায় কালিহাতী উপজেলার যমুনা রিসোর্টে অপ্রীতিকর এ ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'চড় মারার বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, সেই এমপি তো অভিযোগ করেননি। তিনি কি অভিযোগ করেছেন কাউকে? না, তিনি করেননি।'
এদিকে টাঙ্গাইলের এমপি মো. ছানোয়ার হোসেনও জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে তার লাঞ্ছিত হওয়ার খবর সঠিক নয়।
হোশি কোনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি-নয়া দিগন্ত
জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
আজ মামলায় জেএমবির ছয় সদস্যের বিচারে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার এই দিন নির্ধারন করেন।
রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবদুল মালেক জানান, আজ এ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোশি কোনিওকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সাইবার বিমার আওতায় আসছে আমানত-আজকাল
দেশে ক্রমশ সাইবার হুমকি বাড়ছে। ব্যাঙ্কের আমানত থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। সেই ক্ষতি পোষাতে ব্যাঙ্কগুলোকে বিরাট টাকা জরিমানা দিতে হচ্ছে। এই অবস্থায় অ্যাকাউন্টগুলোকে সাইবার বিমার আওতায় আনার কথা ভাবছে ব্যাঙ্কগুলো। সাইবার অপরাধের জেরে ২০১৬ অর্থবর্ষে ভারতের ব্যাঙ্কগুলো প্রায় ৪০০ কোটি ডলার খুইয়েছে। এই সময়ে সারা পৃথিবীতে সাইবার সংক্রান্ত ক্ষতির পরিমান ৪৫ হাজার ৫০০ কোটি ডলার। পাল্লা দিয়ে বাড়ছে সাইবার রিস্ক বিমার প্রিমিয়াম। ২০১৫ সালে এই সংক্রান্ত প্রিমিয়াম ছিল ২৫০ কোটি ডলার। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৫০ কোটি ডলার।
বিজেপি বিধায়কের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, ক্ষুব্ধ নেতা-সংবাদ প্রতিদিন
ফের যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অসমের মরিগাঁও বিধানসভার বিজেপি বিধায়ক রমাকান্ত দেওরি । ফাঁস হয়েছে বিধায়কের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ওই বিধায়ক। বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির ওই নেতা। তিনি জানান, সমাজের সামনে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্ত করে এমন ভিডিও তৈরি করা হয়েছে।
গ্রুপ ডি পরীক্ষার্থী ২৫ লক্ষ, হিমশিম রাজ্য-বর্তমান
রাজ্যে গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষার জন্য আবেদনপত্রের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আর এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্রের আয়োজন করতেই হিমশিম অবস্থা রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গে যে কোনও চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা রেকর্ড, বলছেন নবান্নের শীর্ষ আমলারাই। গত ৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ওই আবেদনপত্র জমা পড়েছে। এবার অনলাইনেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে। তার প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষা নেওয়া হবে আগামী ১৪ মে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯