বিএনপি আবারো মানুষকে পেট্রোল বোমার ভয় দেখাচ্ছে: হাছান মাহমুদ
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২০ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপি আবারো মানুষকে পেট্রোল বোমার ভয় দেখাচ্ছে-ইত্তেফাক
- কুমিল্লা ও সুনামগঞ্জে ভোট ৩০ মার্চ -প্রথম আলো
- এমপি লিটনের খুনিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার-যুগান্তর
- ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস প্রস্তাব করা হবে-প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- শাহজালালে ফের স্বর্ণমানব আটক -মানবজমিন
- দুঃসময়ে বিএনপির সাহসী কর্মী খুব বেশি নেই : নজরুল ইসলাম খান-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ‘সন্ত্রাসবাদী’ বললেন এই নেতা-সংবাদ প্রতিদিন
- জাকিরের এনজিও–কে টাকা দিত দাউদ!-আজকাল-আজকাল
- পালানীর আস্থাভোটকে চ্যালেঞ্জ করে আদালতে স্ট্যালিন-আনন্দবাজার
- দিল্লির কিছু নেতার সঙ্গে সম্পর্ক ভাঙিয়ে বিদেশে শিশু বিক্রি করত বিজেপি নেত্রী-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একুশে পদক প্রদানের খবরটি আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে লেখা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে ২০১৭ সালের একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন।
সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকেরা হলেন ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক অধ্যাপক শরিফা খাতুন, শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম, শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্য) সৈয়দ আব্দুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী ও সুকুমার বড়ুয়া এবং শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।
পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ আমাদের শিক্ষা দিয়েছে মাথা উঁচু করে চলার, কারো কাছে কাছে মাথা নিচু না করা, নিজেদের গৌরব ও সম্পদ নিয়েই সামনে এগিয়ে চলা। একুশের সেই শিক্ষাকে বুকে ধারণ করে আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলব, কারো কাছে মাথা নিচু করব না। আগামী প্রজন্মকেও এজন্য নিজেদেরকে তৈরি করার আহ্বান জানান তিনি।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
কুমিল্লা ও সুনামগঞ্জে ভোট ৩০ মার্চ-প্রথম আলো/ইত্তেফাক
আটকে থাকা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। একইদিন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ ২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুর পর থেকে ওই আসন শূন্য রয়েছে।
আজ সোমবার নির্বাচন কমিশনে দুই নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সিইসি আরও জানান, কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষদিন ১৪ মার্চ।
সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনেও ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।
সীমানা সম্প্রসারণ নিয়ে আইনি জটিলতার কারণে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন আটকে ছিল।এমপি লিটনের খুনিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার-যুগান্তর
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় খুনিরা শনাক্ত হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহিদুল হক জানিয়েছেন খুব শিগগিরই খুনিরা গ্রেফতার হতে পারে। সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাঘার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পুলিশের আইজি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছ। কারা এ ঘটনা ঘটিয়েছে যে তিনজন ব্যক্তি মটরসাইকেলে তার বাড়িতে এসেছিলো সে তিনজন ব্যক্তিই পুলিশের নজরদারিতে রয়েছে। তাদের আমরা শনাক্ত করেছি। তিনি বলেন, খুনিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।
বিএনপি আবারো মানুষকে পেট্রোল বোমার ভয় দেখাচ্ছে-ইত্তেফাক
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, আপনার বক্তব্য আদালতকে হুমকি দেয়ার মতো। সেই সঙ্গে আপনারা নির্বাচনকালীন যে সহায়ক সরকারের দাবি করেছেন, সেটা কখনোই মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে।
আজ সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। এটা আদালতকে হুমকি ও দেশের মানুষকে আবারো পেট্রোল বোমার ভয় দেখানো।
তিনি আরো বলেন, ন্যায় প্রতিষ্ঠার জন্যই বিচার করতে হয়। আমরাও চাই বেগম জিয়া বিচারে নির্দোষ প্রমাণিত হোক।
ব্লগার রাজীব হত্যার আসামি গ্রেপ্তার-প্রথম আলো
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি রেজওয়ানুল আজাদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ বেলা দুইটার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে মিরপুরে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এরপরই আসনারুল্লাহ বাংলা টিমের ব্লগার হত্যার পরিকল্পনার কথা প্রকাশিত হয়। আজাদ মালয়েশিয়া গিয়েছিলেন বলে খবর ছিল। তাঁকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।
দুঃসময়ে বিএনপির সাহসী কর্মী খুব বেশি নেই : নজরুল ইসলাম খান-নয়া দিগন্ত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুঃসময়ের সাহসী কর্মী বিএনপিতে খুব বেশি নেই। এছাড়া যাতে গ্রেফতার না হয় কিংবা মামলার চার্জশিট না হয়ে যায়, সে জন্য নেতাকর্মীদেরকে জমি-জমা বিক্রি করে টাকা দিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বেশিরভাগ অতর্কিত স্ট্রোক বা হার্ট এ্যাটাকে মারা যাচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয়, যারা এই দলকে নিয়ে বেশি ভাবেন, নেতাকর্মীদের এই যে গুম, খুন, মিথ্যা মামলা, হয়রানি, আহত করা, দীর্ঘদিন বাড়িতে যেতে পারছে না, কষ্টে আছে, ব্যবসা-বাণিজ্য করতে পারছে না, এমনকি আমাদের তরুণ ছেলে-মেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। এই কষ্টগুলো যারা বিবেক দিয়ে যতো বেশি অনুভব করছে তারাই বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর এর জন্য মূলত দায়ী হলো একটা নিপীড়নকারী, অত্যাচারী সরকার আমাদের দেশে আছে। যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে যে, আমাদের দলের নেতাকর্মীরা কেউ খুন হচ্ছে, কেউ গুম হচ্ছে।
তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে। প্রতিদিনই হাজিরা দিতে হচ্ছে, আবার জেলে যেতে হচ্ছে। তার চেয়ে বড় কথা জমিজমা বেঁচে টাকা দিতে হচ্ছে যাতে গ্রেফতার না হয় কিংবা মামলার চার্জশিটটা না হয়ে যায়।
তিনি আরো বলেন, দেশে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ ও সরকার প্রয়োজন, যে সরকার প্রতিপক্ষকে নিপীড়ন, গুম, খুনের সুযোগ করে দেবে না। মিথ্যা মামলায় হয়রানি করবে না। আর এমন একটা সরকার যদি কায়েম করা যায় তাহলেই কেবল যারা এই ধরনের পরিস্থিতিতে কষ্ট পায়, তাদেরকে যদি রক্ষা করা সম্ভব হবে।
শাহজালালে ফের স্বর্ণমানব আটক –মানবজমিন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ১২ টি বারসহ এক স্বর্ণমানবকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটক স্বর্ণমানবের নাম রাসেল খান (৩২)। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। দুবাই থেকে আগত বিমানের ফ্লাইট বিজি০৪৮ যোগে চট্টগ্রাম হয়ে ঢাকা আসেন আটক রাসেল। বিমানের ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে অভ্যান্তরীন যাত্রী হিসেবে প্লেনে উঠেন তিনি।
জিজ্ঞাসাবাদে রাসেল জানান, টাকার বিনিময়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে আকাশে এই স্বর্ণ রেক্টামে প্রবেশ করান। এই স্বর্ণ তিনি প্লেনে ওঠার পরে ১১বি সিট থেকে সংগ্রহ করেন। দুবাই থেকে আগত কোন যাত্রী এই স্বর্ণ উক্ত সিটে রেখে গেছেন বলে তিনি জানান । পাশের সিটে বসে চালান হস্তান্তর হয়। রাসেল খানের সিট নম্বর ১১বি। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাসেল খান প্লেনে ওঠেন এবং স্বর্ণ নিজ শরীরে প্রবেশ করান। এটি তার প্রথম স্বর্ণবহন বলে জানান।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পালানীর আস্থাভোটকে চ্যালেঞ্জ করে আদালতে স্ট্যালিন-আনন্দবাজার
তামিলনাড়ু বিধানসভায় বিরোধী বলতে একই দলের হাতেগোনা কয়েক জন। আর প্রকৃত বিরোধী শিবিরকে সংঘর্ষ বাধানোর অভিযোগে বিধানসভার বাইরে বের করে দিয়েছিলেন স্পিকার। এমন নাটকীয় পরিস্থিতির মধ্যেই আস্থাভোটে জিতেছিলেন ই পালানীস্বামী। এ বার সেই আস্থাভোটকে চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন বিরোধী শিবির।
ডিএমকে-র করা আস্থাভোট বাতিলের দাবি সংক্রান্ত মামলাটি আগামিকাল মঙ্গলবার শুনতে পারে মাদ্রাজ হাইকোর্ট।
জাকিরের এনজিও–কে টাকা দিত দাউদ!-আজকাল
বিতর্কিত মুসলিম তাত্ত্বিক নেতা জাকির নাইকের স্বেচ্ছাসেবী সংস্থাকেও নাকি ঘুরপথে টাকা দিত দাউদ। নাইকের সহযোগী আমির গাজদারকে জেরা করে ধারণা গোয়েন্দাদের। তিন দিন আগেই টাকা তছরুপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। নাইকের সংস্থার মুখ্য অর্থনৈতিক সচিব আমির। মার্বেল পাথরের পাশাপাশি রিয়েল এস্টেটেরও ব্যবসা রয়েছে তাঁর।
তদন্তে দেখা গেছে, জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে করাচির বেশ কিছু ব্যবসায়ী টাকা ঢালত। দাউদের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে ওই ব্যবসায়ীদের। গোয়েন্দাদের ধারণা, ওই ব্যবসায়ীদের মাধ্যমেই জাকিরের সংস্থাকে টাকা দিত দাউদ।
নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ‘সন্ত্রাসবাদী’ বললেন এই নেতা-সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ‘সন্ত্রাসবাদী’ বললেন সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি। উত্তরপ্রদেশের নির্বাচন চলাকালীন ভোটারদের ভুল বোঝানোর অভিযোগে বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে এহেন মন্তব্য করলেন তিনি। তাঁর বক্তব্য, “ওই দুজনেই ভোটারদের মধ্যে সন্ত্রাস ছড়াচ্ছেন।”
গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, “ভোটারদের ভুল বোঝানো রাজনৈতিক অপরাধ। সেই অপরাধই করে চলেছেন বিজেপি’র দুই ব্যক্তি অমিত শাহ এবং নরেন্দ্র মোদি।” সপা নেতার দাবি গুজরাটের ওই দুই ‘ম্যাজিশিয়ান’ নানাভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন।
দিল্লির কিছু নেতার সঙ্গে সম্পর্ক ভাঙিয়ে বিদেশে শিশু বিক্রি করত বিজেপি নেত্রী-বর্তমান
জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে এফআইআরে নাম থাকা বিজেপি নেত্রী জুহি চৌধুরির সঙ্গে দিল্লির বেশকিছু নেতার যোগ মিলছে। তাঁদের ‘ম্যানেজ’ করেই হোমের শিশুদের নথি পাঠানো হয়নি কেন্দ্রীয় সরকারের সংস্থা সেন্ট্রাল অ্যাডপটেশন রিসোর্স অথরিটির (কারা) কাছে। নথিভুক্ত না করানো লুকিয়ে রাখা শিশু চড়া দামে বিক্রি করা হয়েছে বিদেশের বিভিন্ন জায়গায়। ওই হোমকে যাতে কালো তালিকাভুক্ত করা না হয়, সেজন্য প্রভাব খাটিয়েছেন দিল্লির ওই সমস্ত নেতারা। তদন্তে নেমে এইসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি সিআইডির। অভিযোগ, কারা দপ্তরের কর্তারা যাতে এই হোমে তল্লাশি না চালান, সেজন্য বিভিন্ন সময়ে নির্দেশ গিয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০