বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি-ওবায়দুল কাদেরের
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ভাষার টানে কাঁটাতার উপেক্ষা করে ২ বাংলার মিলনমেলা বেনাপোলে -ইত্তেফাক
- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি-ওবায়দুল কাদের-প্রথম আলো
- গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন: মির্জা ফখরুল-নয়া দিগন্ত
- বাংলায় রায় প্রদান বিষয়ে প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ-যুগান্তর
- যশোরে মাদক বিক্রেতাদের দু’পক্ষের সংঘর্ষে নিহত -কালের কণ্ঠ
- নির্বাচন ঘিরে রাজনীতিতে চাপান-উতোর -মানবজমিন
ভারতের শিরোনাম:
- শীঘ্রই নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক-সংবাদ প্রতিদিন
- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশে বাধা, নিহত জঙ্গি-আজকাল
- পুরো ভোট-মুম্বাই দখলে বিজেপি বনাম শিবসেনা যুদ্ধ শেষল পর্যায়ে, ফল পরশু-আনন্দবাজার
- শিশু পাচারকারীর সাথে দিল্লির আমলা মহলেও যোগাযোগ -বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
অমর একুশে ফেব্রুয়ারি-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ার খবরটি আজকের সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। জাতি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, “অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। আমাদের শহীদ দিবস এখন বিশ্বজুড়ে নিজস্ব ভাষা ও স্বকীয়তা রক্ষার চেতনার অবিরাম উৎস।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, “অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক।” বাণীতে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিবৃতিতে একুশের চেতনায় ‘হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার’ আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেছেন, “এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারও একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে।
ভাষার টানে কাঁটাতার উপেক্ষা করে ২ বাংলার মিলনমেলা বেনাপোলে-ইত্তেফাক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে দুই বাংলার হাজারো ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যায় বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায়। ভৌগোলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে মঙ্গলবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করেই দলে দলে মানুষ যোগ দেন একুশের মিলনমেলায়।
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক বিশ্বজুড়ে বাংলা ভাষা চালু হোক’ এই শ্লোগান নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথানত করতে বাংলাদেশের বাঙালিদের সঙ্গে মিলিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি-ওবায়দুল কাদের: প্রথম আলো
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিভিন্ন কারণে আমাদের বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’
আজ মঙ্গলবার সকালে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বে ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি। আজ যেকোনো উপায়ে জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।’
বাংলায় রায় প্রদান বিষয়ে প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ-যুগান্তর
আদালতে বাংলা ভাষায় রায় লেখা চালু না হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, শিগগিরই এ বিষয়ে একটা সমাধান বের করা যাবে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
আদালতে বাংলা ভাষায় রায় লেখার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। এ নিয়ে ১ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম কোর্টে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এরই মধ্যে হাইকোর্টের অনেক বিচারপতি বাংলায় রায় দিয়েছেন। বাংলায় রায় দিতে হলে আইনজীবীদের সহযোগিতা করতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন: মির্জা ফখরুল: নয়া দিগন্ত
মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ফখরুল সাংবাদিকদের বলেন, একুশের শহীদরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জীবন দিয়েছিলেন। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের জন্য বৃহত্তর আন্দোলন করতে হবে।
আমাদের প্রতিজ্ঞা একুশের চেতনার যে গণতন্ত্র, তা হারিয়ে গেছে। তা পুনরুদ্ধারে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “একুশের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, মুক্তিযুদ্ধের চেতনাও ছিল গণতন্ত্র। আজ দেশকে গণতন্ত্রহীন রেখে ক্ষমতাসীনরা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে।”
এর আগে সকালে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আজিমপুরে ভাষা শহীদদের কবরে যান। পরে বলাকা সিনেমা হলের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে প্রভাতফেরী করে শহীদ মিনারে আসেন।
নির্বাচন ঘিরে রাজনীতিতে চাপান-উতোর: মানবজমিন
নির্বাচন এখনো বহুদূর। পাক্কা দুই বছর। কিন্তু কেমন হবে নির্বাচন। নির্বাচনকালীন সরকারের রূপরেখাই বা কী হবে! রাজনীতিতে এ নিয়ে চলছে চাপান-উতোর। বাহাসে জড়িয়ে পড়েছেন প্রধান দুই দলের নেতারা। চলছে কথার লড়াই। আক্রমণ। পাল্টা আক্রমণ।
আওয়ামী লীগ নেতাদের সাফ কথা, নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। অন্যদিকে, বিএনপি নেতারা বলছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে রূপরেখা দেবেন খালেদা জিয়া। বিএনপি নেত্রীর মামলা নিয়েও বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী জোটের নেতারা। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার এখন চূড়ান্ত পর্যায়ে। মামলা দু’টির ফয়সালা দেখেই অনেকাংশে বোঝা যেতে পারে রাজনীতির ভবিষ্যৎ চিত্র।
যশোরে মাদক বিক্রেতাদের দু’পক্ষের সংঘর্ষে নিহত-কালের কণ্ঠ
যশোরের শার্শা উপজেলায় মাদক বিক্রেতাদের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার শিকড়ি বটতলা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত সেলিম (৪২) বেনাপোল সীমান্ত এলাকার ভবারবেড় গ্রামের আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে থানায় ২০টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশে বাধা, নিহত জঙ্গি-আজকাল
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ফের অনুপ্রবেশ আটকালো সেনাবাহিনী। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাজৌরি সীমান্তে তিন জঙ্গিকে অনুপ্রবেশ করতে দেখে বিএসএফ জওয়ানরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় জঙ্গিরা। বেশ কয়েকঘণ্টা ধরে চলে গুলি বিনিময়। গুলিতে এক জঙ্গির মৃত্যু হলেও দুই জঙ্গি পালাতে সক্ষম হয়েছে বলে বিএসএফ–এর পক্ষ থেকে জানানো হয়েছে। পলাতক দুই জঙ্গির সন্ধানে তল্লাশি চলছে। মৃত জঙ্গির কাছ থেকে একটি একে–৪৭ এবং ম্যাগাজিন উদ্ধার হয়েছে। এ মাসেই সীমান্তে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। এই সুড়ঙ্গ দিয়েই জঙ্গিরা অনুপ্রবেশ করছে বলে মনে করা হচ্ছে।
শীঘ্রই নয়া ১০০০ টাকার নোট আনছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক-সংবাদ প্রতিদিন
নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর ৮ নভেম্বর পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করার পর নয়া ৫০০ এবং ২০০০ টাকার নোট এনেছিল কেন্দ্র। কিন্তু গুঞ্জন চলছিল, ফের ১০০০ টাকার নোট বাজারে ফিরিয়ে আনতে পারে সরকার। সেই মতো এই নয়া ১০০০ টাকার নোট ছাপাও শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, নয়া ১০০০ টাকার নোট ছাপা শুরু হয়ে গিয়েছে। বাজারে আসা স্রেফ সময়ের অপেক্ষা।
শিশু পাচারকারীর সাথে দিল্লির আমলা মহলেও যোগাযোগ –বর্তমান
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে শিশুপাচারকাণ্ডে নাম জড়ানো বিজেপি নেত্রী জুহি চৌধুরির সঙ্গে দিল্লির আমলা মহলের ঘনিষ্ঠতার বিষয়টি ক্রমশ প্রকাশ্যে আসছে। সিআইডি সূত্রে জানা যাচ্ছে, সরকারি স্তরে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে জুহি দেবীর যোগাযোগ বাড়াতে সাহায্য করেছেন দিল্লির এক প্রভাবশালী ব্যক্তি। যাঁর একাধিক ব্যাবসা রয়েছে। আমলা মহল ছাড়াও তাঁর বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গেও ওঠাবসা রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ঘটনাচক্রে তাঁর সঙ্গে আবার রাজ্যের বেশ কয়েকজন নেতারও অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তদন্তে নেমে এসব তথ্য পেয়েছে বলে দাবি করেছে সিআইডি।
পুরো ভোট-মুম্বাই দখলে বিজেপি বনাম শিবসেনা যুদ্ধ শেষ পর্যায়ে, ফল পরশু-আনন্দবাজার
মুম্বাইপুরসভার ভোট অথচ মহড়া বিধানসভার নির্বাচনের মতো। দু’দশকের বিজেপি-শিবসেনা গাঁটছড়া ভেঙে যাওয়ার পর প্রথম বার নির্বাচনী ময়দানে মুখোমুখি দু’দল। বৃহন্মুম্বই ছাড়াও ভোট নাগপুর, ঠাণে, পুণে নাসিকসহ ন’টি পুরসভা, ১১টি জেলা পরিষদ ও ১১৮টি পঞ্চায়েত সমিতিতে। তবে মর্যাদার লড়াই মুম্বই পুরসভাকে ঘিরেই।
দিন চারেক আগেই মহারাষ্ট্রে প্রথম দফায় পুরভোট হয়েছে। গত বার বৃহন্মুম্বইয়ের ২২৭টি আসনের মধ্যে শিবসেনার দখলে ছিল ৭৫টি আসন। কংগ্রেস ৫২, বিজেপি ৩১ এবং এনসিপি ১৩টি আসনের দখল নেয়। আজ ছিল দ্বিতীয় এবং শেষ দফার ভোট। দু’দফা মিলিয়ে বৃহন্মুম্বইয়ের ২,২৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেল এই ভোটে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১