সরকার সাবধান না হলে অভ্যুত্থান: খন্দকার মোশাররফ
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২২ ফেব্রুয়ারি বুধবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সরকার সাবধান না হলে অভ্যুত্থান: খন্দকার মোশাররফ-ইত্তেফাক
- লিটন হত্যায় কাদের খান ১০ দিনের রিমান্ডে-প্রথম আলো
- ভারতীয় চ্যানেল নিয়ে হাইকোর্টের রায় চেম্বারেও বহাল-বাংলাদেশ প্রতিদিন
- লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান: ডিআইজি-যুগান্তর
- জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে-মানবজমিন
ভারতের শিরোনাম:
- সেবা বিক্রি হয় না, বেসরকারি হাসপাতালগুলোকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার-সংবাদ প্রতিদিন
- পারিবারিক কোন্দলের জেরে কংগ্রেসের সাথে জোট বললেন অখিলেশ-আজকাল
- ভারতের শক্তি বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ চীনের-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
সরকার সাবধান না হলে অভ্যুত্থান: খন্দকার মোশাররফ-ইত্তেফাক
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখনো সময় আছে সাবধান হোন, অন্যথায় গণঅভ্যুত্থান সৃষ্টি হবেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিকভাবেই সমঝোতায় আসতে হবে। আর এ জন্য প্রয়োজন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। কিন্তু ব্যতয় ঘটলে দেশের জনগণ বসে থাকবে না। এই পরিস্থিতে দেশে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে, তার দায়ভার এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান: ডিআইজি-যুগান্তর
লিটন হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক সংসদ কাদের খান বলে দাবি করেছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
বুধবার সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে মামলার অগ্রগতি জানাতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
ডিআইজি জানান, তিনি এক বছর আগে থেকে এই হত্যার পরিকল্পনা করেন। হত্যায় অংশ নেওয়া চারজনের মধ্যে তিনজনকে ইতিমধ্যই গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান এবং দুই গৃহকর্মী শাহিন মিয়া ও মেহেদী হাসান তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া রানা নামের একজন পলাতক রয়েছেন।
লিটন হত্যায় কাদের খান ১০ দিনের রিমান্ডে-প্রথম আলো
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল কাদের খানের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরের দিকে কাদের খানের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুব।
জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে-মানবজমিন
জামায়াত-শিবিরের আর্থিক পৃষ্ঠপোষক ও রাজনৈতিক আদর্শে পরিচালিত প্রতিষ্ঠানের তালিকা তৈরি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব তালিকা তৈরির কাজ করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্দেহজনক কার্যক্রম চালানোর প্রমাণ পেয়েছে দেশের শীর্ষ এক গোয়েন্দা সংস্থা। কার্যক্রম সম্পর্কে আলাদা আলাদা প্রতিবেদনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ২৭টি পিস স্কুল ও কলেজ জামায়াত আদর্শে পরিচালিত হওয়ার প্রমাণ পাওয়ার পরই নড়েচড়ে বসে সরকার।
এখন সংসদে হাস্যরসের বদলে চরিত্রহনন করা হচ্ছে : ইনু-কালের কণ্ঠ
সংসদে হাস্যরসের বদলে, শৃঙ্খলার বদলে এখন চরিত্রহনন বেশি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 'সাংস্কৃতিক ঘাটতি ও প্রগতির অন্ধকার' শীর্ষক গণবক্তৃতায় মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, গত ৫০ বছরের সংসদ অধিবেশন দেখুন, সেখানে হাস্যরস ছিলো। যখন অ্যাডভোকেট আবদুল হামিদ স্পিকার ছিলেন, তখনো অনেক হাস্যরস হতো, তিনি নিজেও অংশ নিতেন। এখন সেটা নেই। বরং এখন সংসদে চরিত্রহনন হয় বেশি।
ভারতীয় চ্যানেল নিয়ে হাইকোর্টের রায় চেম্বারেও বহাল-বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশে ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে দেশে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের রায় স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন।
এর আগে, ভারতীয় ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধে আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলীর করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় পর গত ২০ ফেব্রুয়ারি ওই রায় স্থগিতের জন্য তিনি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পারিবারিক কোন্দলের জেরে কংগ্রেসের সাথে জোট বললেন অখিলেশ-আজকাল
কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে হাসিমুখে ঘুরতে দেখা গিয়েছে জোট গড়ার পর থেকেই। দু’জনে একসঙ্গে জনসভাও করেছেন। তাতে তারিফও মিলেছে। কিন্তু ঘটনা হল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রাথমিকভাবে দ্বিধায় ছিলেন অখিলেশ যাদব। তবে পারিবারিক কোন্দলের জেরেই কংগ্রেসের সঙ্গে জোট করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এখন তিনি জোট নিয়ে খুশি।
ভারতের মহাকাশ শক্তি বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ চীনের-বর্তমান
ভারতের অগ্রগতিতে গভীর উদ্বেগে চীন। একই রকেটে ১০৪টি উপগ্রহ সফলভাবে নিক্ষেপ করে গোট বিশ্বের মহাকাশবিদ্যাকে তাক লাগিয়ে দিলেও ভারতের এই চমকপ্রদ সাফল্যকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে বেইজিং। সমীহও করতে শুরু করেছে। আগামীকাল চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন পর বহু প্রতীক্ষিত উচ্চপর্যায়ের বিদেশসচিব স্তরের বৈঠক শুরু হচ্ছে। আর সেই বৈঠকের প্রাক্কালে চীনের সরকারি সংবাদমাধ্যম (গ্লোবাল টাইমস) আজ সরাসরি জানিয়েছে ভারত ক্রমেই মহাকাশ প্রযুক্তি ও গবেষণায় বড়সড় ‘থ্রেট’ হয়ে উঠছে।
সেবা বিক্রি হয় না, বেসরকারি হাসপাতালগুলোকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার-সংবাদ প্রতিদিন
চিকিৎসায় গাফিলতি, অকারণে লক্ষ লক্ষ টাকা বিল, অযথা একগাদা টেস্ট – স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগগুলি আসছিল অনেকদিন ধরেই। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে। সব অভিযোগের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবা বিক্রি হয় না, সেকথা পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন টাউন হলে প্রথম থেকেই রণংদেহী মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইঁট-কাঠের ব্যবসা আর জীবন বাঁচানো এক নয়। রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলিকে অনেক সাহায্য দেয়। তাদেরও সহজে ও সুলভে চিকিৎসা পরিষেবা দিতে হবে। ১০০ শতাংশ লাভ করা যাবে না।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২