ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১৫:০৩ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৪ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • লুটপাটের জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা : রিজভী-ইত্তেফাক
  • ফেসবুকে আমার নামে পোস্ট করা বিবৃতি ভুয়া: ফখরুল-প্রথম আলো
  • বাড়ি ফিরেছেন  সিলেটের খাদিজা-নয়া দিগন্ত
  • গ্যাসের পর বিদ‌্যুতের দামও বাড়বে-নসরুল হামিদ বিপু-যুগান্তর
  • গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি হরতাল-মানবজমিন
  • অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ৭ দিনে বিল ৭ লাখ, তার পরও মৃত্যু রোগীর, চরম হুঁশিয়ারি অ্যাপোলোকে-আনন্দবাজার
  • শিশুপাচার কাণ্ডে দুই বিদেশি সংস্থার যোগসাজশের তথ্য পেল সিআইডি-সংবাদ প্রতিদিন
  • জয়ললিতার ১০০ কোটি জরিমানা মেটাবেন তার ভাইপো-আজকাল
  • ২০০০-এর রুপির নোট প্রায় হুবহুই জাল করে ফেলেছে পাকিস্তান-বর্তমান
  • কাসবের চেয়ে বড় অপরাধী অমিত শাহ –মায়াবতী: দৈনিক কলম

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

লুটপাটের জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা : রিজভী-ইত্তেফাক

বিএনপি নেতা রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

গ্যাস কোম্পানিগুলো লাভে থাকলেও লুটপাটের জন্যই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে তিনি এসব বলেন। এ সময় তিনি আরো বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবল সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির খড়গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। প্রভাব পড়বে সকল সেক্টরে।
 
তিনি বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও আকাশছোঁয়া। মানুষের বাড়ি ভাড়া বেড়েছে। এ সময় ২৫শে ফেব্রুয়ারিকে সামনে রেখে একটি নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানায় হত্যার রহস্য উন্মোচনের দাবি জানান রিজভী। তবে যুগান্তরের খবরে অর্থমন্ত্রীর বরাত দিয়ে লেখা হয়েছে- গ্যাসের দাম কম ছিল তাই –বাড়ানো হয়েছে। 

এদিকে যুগান্তরের শিরোনাম এরকম যে, গ্যাসের পর বিদ‌্যুতের দামও বাড়বে-নসরুল হামিদ বিপু

গ্যাসের পর বিদ্যুতের দাম আবারও বাড়বে- নসরুল হামিদ বিপু

গ্যাসের দাম বাড়ানোর পর বিদ্যুতের দামও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বিদ‌্যুত খাতে গ‌্যাসের প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। বিদ‌্যুতের দামও আমরা অ‌্যাডজাস্ট করতে চাই।   শুক্রবার রাজধানীর শিশু একাডেমীতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  
 নসরুল হামিদ বলেন, বাংলাদেশে ৩০-৩৫ লাখ গ্রাহক পাইপ লাইনে গ্যাস পায়, বাকি কোটি কোটি লোকের কথাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের দায়িত্ব হল সারা বাংলাদেশে আবাসিক খাতে নিরবচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া, আমরা সেদিকেই যাচ্ছি। 
সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা ধীরে ধীরে পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে সরে আসতে চাই, এলপিজির ব্যবহার বাড়াতে চাই এবং এলপিজির দাম সহনীয় রাখতে চাই। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ‌্যতে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ‌্যুৎ বিতরণ করার লক্ষ‌্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবে।   উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দাম আরও বাড়বে।

মানবজমিনের খবরে লেখা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালন করবে তারা।

বিপদে পড়লেই বিএনপি ষড়যন্ত্র খোঁজে : অর্থমন্ত্রী-যুগান্তর
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল বলেছেন, বিএনপি যখনই বিপদে পড়ে, তখনই ষড়যন্ত্র খোঁজে। শুক্রবার সকালে সিলেটের লালাবাজারে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
অর্থমন্ত্রী বলেন, গঠনমূলক বিরোধী দল থাকলে সংসদ আরো কার্যকর হয়। কারণ সংসদে সমালোচনা হলে সরকার ভাল কাজে আরো সচেষ্ট থাকবে।  আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী ২০১৮ সালের অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।

ফেসবুকে আমার নামে পোস্ট করা বিবৃতি ভুয়া: ফখরুল-প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে বা কারা তাঁর সই জাল করে কানাডার আদালতের রায় নিয়ে একটি ভুয়া বিবৃতি ফেসবুকে ছড়িয়েছে। তিনি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। ফখরুল বলেন, ‘কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোস্ট করেছে। আমার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই কোনো চক্র এ ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিবৃতিটিতে আমার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য ও মিথ্যাচার।’

অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্যই সমান।
তিনি শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল গাইবান্ধার সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের গ্রেফতারের বিষয়ে বলেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।
 তিনি বলেন, সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।

বাড়ি ফিরেছেন  সিলেটের খাদিজা-নয়া দিগন্ত

সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় তিন মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ বাড়ি সিলেটের আউশায় ফিরেছেন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস।
শুক্রবার দুপুর সোয়া ১টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান খাদিজা। এসময় তার সাথে ছিলেন বাবা মাশুক মিয়া। এরপর সেখান থেকে তারা সরাসরি সদর উপজেলার আউশা গ্রামের নিজবাড়িতে যান। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়।

শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

২০০০-এর রুপির নোট প্রায় হুবহুই জাল করে ফেলেছে পাকিস্তান-বর্তমান

নতুন ২০০০ টাকার নোটের মোট ১৭টি বৈশিষ্ট্যের মধ্যে ১০-১১টি প্রায় হুবহু জাল করে ফেলেছে পাকিস্তান। সেই নোট ছেপে এদেশের বাজারে ছেড়েও দিয়েছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। নতুন নোট ব্যাংকে আসার মাত্র আড়াই মাসের মধ্যে এহেন জাল নোট এদেশের বাজারে মিলতে শুরু করায় কপালে ভাঁজ পড়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার।

৭ দিনে বিল ৭ লাখ, তার পরও মৃত্যু রোগীর, চরম হুঁশিয়ারি অ্যাপোলোকে-আনন্দবাজার

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও ফেরেনি হুঁশ। ফের কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতাল। মোটা অঙ্কের বিল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবারের মধ্যে টানাপড়েনের জেরে মৃত্যু হয়েছে রোগীর। এমনই গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব কলকাতার হাসপাতালটির বিরুদ্ধে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর তৃণমূল নেতা মদন মিত্র শুক্রবার চরম হুঁশিয়ারি দিয়েছেন অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে। বিলের টাকা পুরোপুরি মকুব করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতালটি। আর আজকালের খবর- অ্যাপোলোতে ভুল চিকিৎসায় মারা গেল যুবক। 

জয়ললিতার ১০০ কোটি জরিমানা মেটাবেন তার ভাইপো-আজকাল

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রয়াত এডিএমকে জয়ললিতা। তাঁকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। ঋণ নিয়ে সেই টাকা মিটিয়ে দেবেন বলে জানালেন জয়ললিতার ভাইপো দীপক জয়কুমার। শুক্রবার তিনি যা বলেছেন তাতে শশিকলা শিবিরের অস্বস্তি বাড়বে। জেলে যাওয়ার আগে টিটিভি দিনাকরণকে এডিএমকের সহ সাধারণ সম্পাদক নিয়োগ করেন শশিকলা। দীপক বলেন, এই পদে একেবারেই যোগ্য নন তিনি। বরং দলের অন্তর্কলহ মেটাতে পনিরসেলভামকেই এই দায়িত্ব দেওয়া যেত। শুধু তাই নয় দলবিরোধী কাজের অভিযোগে শশিকলা গোষ্ঠী যাঁদের তাড়িয়েছেন সেই ই মধুসূদন, সি পোন্নাইয়নকেও দলে ফেরানোর দাবি করেছেন তিনি।

শিশুপাচার কাণ্ডে দুই বিদেশি সংস্থার যোগসাজশের তথ্য পেল সিআইডি-সংবাদ প্রতিদিন

শিশু দিলেই ডলার৷ কাঁড়ি কাঁড়ি৷ কোনও ধরাবাঁধা দাম তো নেই৷ যখন যেমন৷ তখন তেমন৷ সেজন্য বিদেশি দুই এজেণ্ট ছিল সক্রিয়৷ তাদের খোঁজে তৎপর পুলিশ৷ আসলে নামেই বয়স্কদের আবাসিক হোম৷ সেখানে কে নেই৷ শিশু, নাবালিকা৷ এমনকী অন্তঃসত্ত্বাও৷ কুমারী অথচ সন্তান ধারণ করেছেন এমন মহিলারও খোঁজ পেয়ে তাঁদের জেরা করা হয় বৃহস্পতিবার রাতেই৷ কীভাবে তাঁরা এখানে এলেন, কুমারী হলেও সন্তান ধারণে রাজি হলেন কেন তা ভাবাচ্ছে গোয়েন্দাদের৷ সবমিলিয়ে যেন রহস্য-হোম৷ সেই রহস্য উন্মোচনে জলপাইগুড়ির আশ্রয় হোমের সুপারকেও এবার তলব সিআইডির৷ তাঁর কাছে জানতে চাওয়া হবে, এত বড় চক্র চললেও কেন তিনি কখনও মুখ খোলেননি৷ কেন সরকার বা প্রশাসনের দ্বারস্থ হননি৷ তবে ওই সুপার দীপ্তি ঘোষের দাবি, তিনি কিছুই জানতেন না৷ তাঁকে অন্ধকারে রেখেই এই কাজকর্ম চলত৷ বরং তিনি এখন বিস্ফোরক হোমের কাজকর্ম নিয়ে৷ পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির হোমের চন্দনা চক্রবর্তী ও সোনালি মণ্ডলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিআইডি৷ তারা এখন জেরা করতে চায় সুপার দীপ্তিদেবীকে, যিনি অনেক তথ্যের জোগান দিতে পারবেন বলেই মনে করছেন তাঁরা৷ এরইমধ্যে বিদেশের দু’টি সংস্থার সঙ্গে এই হোমের যোগ রয়েছে বলে জানতে পেরেছে সিআইডি৷ নাম উঠে এসেছে ওই দু’টি সংস্হার যারা শিশু পাচারে যোগাযোগ রাখত৷ তাদের ভারতীয় এজেণ্টের খোঁজ চলছে৷
কাসবের চেয়ে বড় জঙ্গি অমিত শাহ –মায়াবতী: দৈনিক কলম

ভারতের বিজেপি সভাপতি অমিত শাহকে বড় জঙ্গি বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজপার্টি বা বিএসপি প্রধান মায়াবতী। আম্বেদকরনগরে এক নির্বাচনি জনসভায় তিনি অমিত শাহকে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী বলে অভিহিত করেন। #


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪