পিলখানা ট্র্যাজেডির অষ্টম বার্ষিকী পালিত, বিচার শেষ হয়নি আজো
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৫ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- পিলখানা ট্র্যাজেডি: বিচার শেষ হয়নি আট বছরেও -ইত্তেফাক
- দক্ষতাবিহীন শিক্ষা জাতির জন্য বোঝা তৈরি করে'-প্রথম আলো
- খুলনার ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট-নয়া দিগন্ত
- সাজা হলেও খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন : মওদুদ-যুগান্তর
- গার্মেন্টস কারখানা সংস্কারে সহযোগিতা করতে বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান-নয়া দিগন্ত
- বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল-সজীব ওয়াজেদ জয়-বাংলাদেশ প্রতিদিন
- পিলখানা হত্যাকাণ্ডের সাজা কার্যকর সময়ের ব্যাপার-স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- পশ্চিমবঙ্গে চিকিৎসা সেবা-সংযত না হলে আরও বড় এবং আশাতীত বিপদ অপেক্ষায় রয়েছে-আনন্দবাজার
- নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক-সংবাদ প্রতিদিন
- ভারতের মণিপুরে ‘উন্নয়ন’ অস্ত্রে শান দিলেন নরেন্দ্র মোদি-আজকাল
শ্রোতা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
বিডিআর বিদ্রোহের অষ্টম বার্ষিকী পালন সম্পর্কিত খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক মানবজমিনের খবরে বলা হয়েছে-বিডিআর বিদ্রোহে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্টের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মো: সরোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম বনানীস্থ সামরিক কবরস্থানে নিহতদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
পিলখানা ট্র্যাজেডি: বিচার শেষ হয়নি আট বছরেও –ইত্তেফাক
পিলখানায় নারকীয় হত্যার ঘটনায় দায়ের করা হয় দুটি মামলা। এর মধ্যে সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনায় দণ্ডবিধি আইনে করা হয় হত্যা মামলা। অপরটি হয় বিস্ফোরক আইনে। দুটি মামলার মধ্যে ইতিমধ্যে হত্যা মামলাটি বিচারের একটি ধাপ পেরিয়েছে। কিন্তু বিস্ফোরক আইনের মামলাটি বিচারাধীন রয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। গত আট বছরেও এই মামলার বিচারকাজ সম্পন্ন হয়নি। কবে বিচার কার্যক্রম শেষ হবে তা নিদিষ্ট করে বলতে পারছে না আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আসামি পক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম বলেন, পিলখানা হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের তত্পরতা দেখা গিয়েছিলো। কিন্তু বিস্ফোরক আইনের মামলার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ অনুপস্থিত। এছাড়া মামলার বিচার কার্যক্রম মুলতুবি করা হচ্ছে দীর্ঘ সময় দিয়ে। ফলে দ্রুত মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে তত্কালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়। পরবর্তীকালে মামলা দুটি স্থানান্তর হয় নিউমার্কেট থানায়। হত্যা মামলায় মোট আসামি ছিলো ৮৫০ জন। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১৫২ বিডিআর জওয়ানকে মৃত্যুদন্ড, স্থানীয় আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর খালাস পান ২৭৮ জন।
পরে মৃত্যুদন্ডের এই রায় কার্যকরের জন্য তা ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। অন্যদিক নিন্ম আদালতে খালাসপ্রাপ্ত ৬৯ জন জওয়ানের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
এদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। আর যারা পলাতক আছে, তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। বিডিআর ট্র্যাজেডির আট বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল-সজীব ওয়াজেদ জয়-বাংলাদেশ প্রতিদিন
বিএনপি ও জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকার এই আগুনবোমা নিক্ষেপকারী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনবে। শুক্রবার জয় তার ফেসবুকে লেখা স্টেটাসে এ কথা বলেছেন।
সেখানে তিনি আরও লিখেছেন, যখনই কেউ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়, তখন সে সংগঠন রাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করার অধিকার হারায়- উভয়েই সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান আদালতের রায় নিয়ে তিনি বলেছেন, আপনারা সবাই জানেন যে কানাডার একটি আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছে।
গার্মেন্টস কারখানা সংস্কারে সহযোগিতা করতে বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান-নয়া দিগন্ত
বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাগণকে গার্মেন্টস শিল্প মালিকদের কারখানাগুলোর সংস্কার কার্যক্রমে সহযোগিতার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বারোপ করেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন ব্রান্ড ও ক্রেতাগণ সহায়তা করতে পারেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোনারগাঁও হোটেলে দ্বিতীয় ঢাকা অ্যাপারেল সামিট ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিশ্ব বাজারে আমাদের পণ্যসামগ্রীর চাহিদা কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এজন্য আপনাদের সহযোগিতা চাই। ২০১৪ সালের প্রথম অ্যাপারেল সামিটের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) দিনভর এই দ্বিতীয় অ্যাপারেল সামিটের আয়োজন করে।
সাজা হলেও খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন : মওদুদ-যুগান্তর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলেও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টি 'পিলখানা ট্র্যাজেডি' স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে। মওদুদ বলেন, ধরে নিলাম মিথ্যা মামলার রায়ে তার সাজা হয়ে গেল। কিন্তু আমরা আপিল ফাইল করব। আপিলটা হলো কনটিনিউশন অব দ্য প্রসিডিংস। অর্থাৎ যে বিচার হয়েছে- সে বিচারের ধারাবাহিকতা।
তিনি বলেন, আমরা তখন নেত্রীর জামিন নেব। বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এবং দল ও জোটের নেতৃত্বও দিতে পারবেন।
দক্ষতাবিহীন শিক্ষা জাতির জন্য বোঝা তৈরি করে'-প্রথম আলো
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, "শিক্ষা হবে দক্ষতামুখী। দক্ষতাবিহীন সনদভিত্তিক শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জন্য বোঝা তৈরি করে। " শনিবার আইডিইবি মিলনায়তনে স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)” আয়োজিত ‘জাতীয় স্কিলস্ কম্পিটিশন- ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর আগে নুরুল ইসলাম নাহিদ জাতীয় জাদুঘর হতে আয়োজিত এক র্যালির নেতৃত্ব দেন।
শিক্ষামন্ত্রী বলেন, "যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণই জাতির অর্থনৈতিক মুক্তির পথ। কারিগরিই হবে শিক্ষার অগ্রাধিকার। সরকার পর্যায়ক্রমে শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেবে। নতুন প্রজন্মকে আধুনিক কারিগরি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। তা না হলে এরাই হয়ে উঠবে দেশের জন্য বড় বোঝা। তাই কারিগরি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দ্রুত প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করছি। "
খুলনার ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট-মানবজমিন
রোববার ভোর ৬টা থেকে খুলনা অনির্দিষ্টকালের জন্যে সকল প্রকার যানবাহন বন্ধের কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কার্যালয়। খুলনা বিভাগের দশ জেলায় এ কর্মসূচি পালন করা হবে। শনিবার বেলা ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সেক্রেটারি আব্দুর রহিম বক্স দুদু এ কর্মসূচি ঘোষণা করেন।শ্রমিকদের দাবির মুখে এ কর্মসূচি দেয়া হয়েছে বলে জানা যায়।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ায় সম্প্রতি বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভারতের মণিপুরে ‘উন্নয়ন’ অস্ত্রে শান দিলেন নরেন্দ্র মোদি-আজকাল
কংগ্রেস ১৫ বছরে যা করতে পারেনি, বিজেপি ১৫ মাসে তা করে দেখাবে। মণিপুরের ইম্ফলে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরকে ধ্বংস করেছে কংগ্রেস। ১৫ বছর ধরে একটিই রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, তবু তার কোনও উন্নয়ন হয়নি। ইবোবি সরকারকে তুলোধনা করে এমনই অভিযোগ করেন মোদি। আরও আক্মণাত্মক হয়ে মোদির দাবি‘পূবের সুইৎজারল্যান্ড মণিপুর, অথচ অনুন্নয়ন আর বেকারত্ব এখানকার মানুষকে পঙ্গু করে রেখেছে। এই অবস্থা থেকে একমাত্র বিজেপিই তাঁদের মুক্তি দিতে পারে। তাই একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন, কংগ্রেস যা ১৫ বছরে করতে পারেনি বিজেপি ১৫ মাসে তা করে দেখাবে। ’
পশ্চিমবঙ্গে চিকিৎসা সেবা-সংযত না হলে আরও বড় এবং আশাতীত বিপদ অপেক্ষায় রয়েছে-আনন্দবাজার
অপরিসীম দুঃসাহস? নাকি অদম্য লালসা? এই দু’য়ের কোনও একটা তো হতেই হবে। না হলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অত্যন্ত কঠোর সতর্কবার্তা পাওয়ার রেশ গনগনে থাকতে থাকতেই সাত দিনে সাত লক্ষেরও বেশি বিল রোগীর পরিবারের হাতে ধরিয়ে দেওয়া সম্ভব নয়।
জরুরি তলব দিয়ে বেসরকারি হাসপাতালগুলির শীর্ষকর্তাদের টাউন হলে হাজির করেছিলেন মুখ্যমন্ত্রী। সিংহ ভাগের জন্যই কঠোর বার্তা ছিল সরকার প্রধানের কণ্ঠে। সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে বিশেষ কয়েক জনকে কঠোরতর বার্তা দেওয়া হয়েছিল। তাঁদেরই অন্যতম ছিলেন অ্যাপোলো হাসপাতালের এক শীর্ষকর্তা।
বেসরকারি হাসপাতালগুলিকে কিন্তু এ বার সংযত হতেই হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তাটি পাওয়ার পর থেকেই সংযমটা দেখা যাবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু সে আশায় জল ঢেলে একটি হাসপাতাল ইতিমধ্যেই দেখিয়ে দিল, অবাধ মুনাফাবাজির যে সাম্রাজ্য গড়ে উঠেছে দীর্ঘ দিন ধরে, কারও কথাতেই সে সাম্রাজ্যকে সর্বৈব জলাঞ্জলি দেওয়া সহজ নয়। হাসপাতালগুলোর এই মানসিকতার কারণেই কিন্তু মদন মিত্র অতি-সাংবিধানিক হয়ে উঠে করতালি কুড়নোর অবকাশ পেলেন। এই মুহূর্তে সংযত না হলে আরও বড় এবং আশাতীত বিপদ অপেক্ষায় রয়েছে। পোড় খাওয়া হাসপাতাল ব্যবসায়ীরা সে অশনি-সঙ্কেতটা অন্তত পড়তে পারছেন বলে আশা করা যায়।
প্রকাশ্যে গায়ে আগুন, বৃদ্ধের আত্মহত্যাতেও নির্বিকার প্রত্যক্ষদর্শীরা-সংবাদ প্রতিদিন
যাদবপুর কাণ্ডের ছায়া বারাসতে। রাস্তার উপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ৷ শনিবার ভোরে বারাসতের সরোজ পার্কের রাজা রামমোহন পল্লির রাস্তায় দাউ দাউ করে জ্বললেন ওই বৃদ্ধ৷ কেউ এসে আগুন নিভিয়ে বাঁচানোর চেষ্টা করেননি তাঁকে৷ পরিবারের লোক যখন জানতে পারেন ততক্ষণে সব শেষ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছেন শান্তিরঞ্জন বিশ্বাস (৬৫)৷
কেউ কি দেখেননি ওই বৃকে জ্বলতে? আশপাশের বাড়ি, প্রাতঃভ্রমণকারী, পথচলতি মানুষ৷ মানুষের দেহ পোড়ার গন্ধ তো ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়৷ কেউ কি টের পেলেন না, বাড়ির সামনেই আগুনে পুড়ছেন এক জলজ্যান্ত মানুষ? ঠিক একইভাবে প্রায় এক সপ্তাহ আগে যাদবপুরের বিজয়গড়ের নেতাজি শিশু উদ্যানের ভিতর এক বৃদ্ধাকে জ্বলতে দেখেও এগিয়ে আসননি কেউ৷ এদিনও মুখ ফিরিয়ে নিলেন এলাকার মানুষ৷ কী ‘অমানবিক’!
নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক
বেসরকারি নার্সিংহোমের অতিরিক্ত বিল মোটানোর টাকা জোগাড় হয়নি৷ তাই মেয়েকে ছাড়ানো সম্ভব হয়নি৷ সেই অবসাদেই আত্মঘাতী বাবা৷ এবার এই অভিযোগ উঠল বর্ধমানের নবাবহাটের পিজি নার্সিংহোমের বিরুদ্ধে৷ মৃতের নাম তপন লেট (৪৬)৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫