১১ মামলায় ১৪ মার্চ আদালতে হাজির হতে হবে খালেদা জিয়াকে
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৭ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- শেষবারের মতো সময় পেলেন খালেদা জিয়া-প্রথম আলো
- সবাই বিচারক, আর আমি তথ্য-প্রমাণ ছাড়াই খুনি'-নয়া দিগন্ত
- ২৮ কোম্পানির পেনিসিলিন ও ক্যান্সারের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ-যুগান্তর
- আত্মহত্যায় প্ররোচনা: সিফাতের স্বামীর ১০ বছরের কারাদণ্ড-মানবজমিন
ভারতের শিরোনাম:
- জাকির নায়েককে ফের তলব ইডির, এ নিয়ে চতুর্থবার-সংবাদ প্রতিদিন
- অভিযোগের তির সেই হাসপাতালের দিকেই-৫৮ দিনে ৩ বার অপারেশন, ৩৩ লক্ষ টাকা বিল সত্ত্বেও মৃত্যু ছাত্রীর-বর্তমান
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
শেষবারের মতো সময় পেলেন খালেদা জিয়া-প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১টি মামলার শুনানি পিছিয়ে নতুন তারিখ আগামী ১৪ মার্চ ধার্য করেছেন আদালত। আজ ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। এ সময় আদালত খালেদা জিয়ার আইনজীবীর উদ্দেশে বলেন, অনেকবারই সময় নেয়া হয়েছে, এই শেষবারের মতো সময় আবেদন মঞ্জুর করা হলো। পরবর্তী তারিখে অবশ্যই খালেদা জিয়াকে হাজির করবেন।
২৮ কোম্পানির পেনিসিলিন ও ক্যান্সারের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ-যুগান্তর
বিশেষজ্ঞ কমিটির তালিকা অনুযায়ী ২৮টি ওষুধ কোম্পানির পেনিসিলিন ও ক্যান্সার জাতীয় ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই আদেশ প্রতিপালন করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ওষুধ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে হাইকোর্ট ২০টি কোম্পানির সকল ধরনের ওষুধ ও ১৪টি কোম্পানির সব ধরনের এন্টিবায়োটিক উৎপাদন বন্ধ ঘোষণা করে রায় দেন।
আদালত ও মামলা মকদ্দমা সম্পর্কিত বেশ কিছু খবর আজকের দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে।
বিচারকদের চাকরিবিধি নিয়ে গেজেট প্রকাশে সরকার আরো ২ সপ্তাহ সময় পেয়েছে বলে খবর ছাপা হয়েছে ইত্তেফাকে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এ সম্পর্কিত আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার সময়ের আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বে আট সদ্যসের আপিল বিভাগ তা মঞ্জুর করে আগামী ১৪ মার্চ শুনানির দিন ঠিক করে দেয়।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগোযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় তার স্বামী মো. আসিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিনে। একইসঙ্গে মামলার অন্য আসামিদের খালাস দেয়া হয়েছে। আর কালের কণ্ঠের খবরে বলা হয়েছে সিফাতের মা তার প্রতিক্রিয়ায় দাবি করেছেন যে তিনি ন্যায় বিচার পাননি। আজ সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
সবাই বিচারক, আর আমি তথ্য-প্রমাণ ছাড়াই খুনি'-নয়া দিগন্ত
চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত এসপি বাবুল আক্তার আজ সোয়া ৩টার দিকে তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাজ দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, সবাই বিচারক, আর তিনি তথ্য প্রমাণ ছাড়াই খুনি।
ফেসবুকে তিনি লিখেছেন, অনেকের অনেক জানতে চাওয়া আমার কাছে। আমি কথা বলার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত তা নিয়ে কারো বিকার নেই। তবে আমার নিরুত্তর থাকার সুযোগটুকু কাজে লাগিয়ে মনের মতো কাহিনী ফাঁদতে ফাঁদতে পরকীয়া থেকে খুন পর্যন্ত গল্প লেখা শেষ করে ফেলেছেন অনেকে। আমার কোনো মাথাব্যথা নেই এসব নিয়ে, আমি আমার মা-হারা সন্তান দুটিকে নিয়েই ব্যস্ত এখন। তাছাড়া প্রমাণের দায়িত্ব যারা অভিযোগ করেন তাদের।
৯০ ভাগ গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট’-ইত্তেফাক
বিআরটিএ কর্তৃপক্ষ ফিটনেসের কাজ বন্ধ রাখার কারণে এখন দেশের ৯০ শতাংশ গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেই। এই সুযোগ কাজে লাগিয়ে সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। এমনটা চলতে থাকলে আর কিছু দিনের মধ্যে দেশের প্রায় সব গাড়িই ফিটনেসবিহীন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে দ্রুত গাড়ির ফিটনেসের কাজ চালু করা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।
শ্রোতাবন্ধুরা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
জাকির নায়েককে ফের তলব ইডির, এ নিয়ে চতুর্থবার-সংবাদ প্রতিদিন
আর্থিক দুর্নীতির মামলায় এবার বড় বিপাকে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। ফের একবার তাকে তলব করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির গোয়েন্দারা। এই নিয়ে চতুর্থবার। এবং এটাই হয়তো শেষ। এবারও যদি জাকির ইডি দপ্তরে হাজিরা না দেয় তবে তার বিরুদ্ধে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে ইডি।
ভারতের উত্তর প্রদেশে পঞ্চম দফা, নজরে আমেথি-আজকাল
ভারতের উত্তর প্রদেশে আজ ৫১ টি বিধানসভার আসনে পঞ্চম দফার ভোট হয়েছে। বাকি আরও দুই দফা। এদিকে উত্তর প্রদেশে মোদি এক জনসভায় সমাজবাদী পার্টি, বহুজন সমাজপার্টি এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, অতীতে উত্তর প্রদেশে অনেক ভুগেছে ভবিষ্যত নষ্ট করবেন না তিনি।
কোলকাতার এতটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ- ৩৩ লক্ষ টাকা বিল সত্ত্বেও মৃত্যু ছাত্রীর-বর্তমান
দুর্ঘটনার পর থেকে একবারের জন্যও জ্ঞান ফেরাতে পারেননি চিকিৎসকেরা। অথচ, ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রায় ৫৮ দিন ভেন্টিলেশনে রেখে তিন তিনবার অপারেশন করা হয়েছে। তারপরেও দুর্ঘটনায় জখম দশম শ্রেণির ছাত্রী ঐশিকী চট্টোপাধ্যায় সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেনি। অথচ, ৫৮ দিনে হাসপাতাল কর্তৃপক্ষের বিল হয়েছে, ৩২ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা। কলকাতার ইএম বাইপাস লাগোয়া একটি কর্পোরেট হাসপাতালের এহেন ঘটনায় হতবাক মৃতার পরিবার থেকে। এখানেই শেষ নয়, একমাত্র মেয়ের মৃতদেহ বাড়িতে আনতে কালঘাম ঝরাতে হয়েছে হতভাগ্য পরিবারকে। ধারদেনা, ঘটিবাটি বন্ধক দিয়েও টাকা জোটেনি। সহৃদয় মানুষ এবং আত্মীয়-পরিজনদের সহায়তায় ২৭ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা বিল মিটিয়েছেন মৃতার পরিবার। এদিকে অ্যাপোলোত হাসপাতালে সঞ্জয় রায়ের মৃত্যু কাণ্ডে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার।