ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১৪:০৪ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • অঘোষিত পরিবহন ধর্মঘটে স্থবির গাবতলী, ৩২ জেলায় বাস চলাচল বন্ধ-ইত্তেফাক
  • সারাদেশে পরিবহন শ্রমিকদের হঠাৎ ধর্মঘটে দুর্ভোগ-প্রথম আলো
  • কোনিও হোসিও হত্যাকাণ্ড: ৫ জেএমবির ফাঁসির আদেশ-ইত্তেফাক
  • মানুষ হত্যাকারীদের কেউ ক্ষমতায় দেখতে চায় না : নাসিম -নয়া দিগন্ত
  • গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ-যুগান্তর
  • নির্বাচনে কোনো  অনিময়ের প্রশ্রয় দেয়া হবে না- ইসি-মানবজমিন
  • বিবাহ নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ব্যবহারের সিদ্ধান্ত-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ত্রিশঙ্কুর আশঙ্কা, মায়াকে নিয়ে পুরনো কটু মন্তব্য মুছছে বিজেপি-আনন্দবাজার
  • ভস্মীভূত কোলকাতার ‌বড়বাজারের বাড়ি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী-আজকাল
  • হাসপাতাল আর কসাইখানা এক না, ফের তোপ মমতার-বর্তমান
  • রাগের বশে বিধানসভা ভোট বয়কট করল আমেঠির একটি গ্রাম-সংবাদ প্রতিদিন

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ-যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবর

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলের হরতাল, নতুন কর্মসূচি

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সম্পর্কে দৈনিকটির অন্য খবরে বলা হয়েছে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। 

 নতুন কর্মসূচি অনুযায়ী ১ থেকে ১৪ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য দলগুলোর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।  গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল

এ সম্পর্কে  মানবজমিনের খবর- গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতালের সময় পিকেটারদের ওপর পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আর নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল আহ্বানকারী বামদলগুলোর সাথে জঙ্গিগোষ্ঠী, স্বাধীনতা বিরোধী, প্রতিক্রিয়াশীলদের ঐক্য রয়েছে।

এ সম্পর্কে প্রথম আলোর খবর- দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২ মার্চ বৃহস্পতিবার দুই ঘণ্টার জন্য অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত সারা দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে দলটি। আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।

পরিবহন শ্রমিকদের হঠাৎ ধর্মঘটে দুর্ভোগ-প্রথম আলো

পরিবহন শ্রমিক ধর্মঘটে জনজীবনে ভোগানিত: মন্ত্রীদের মিশ্র প্রতিক্রিয়া

আর ইত্তেফাকে এ সম্পর্কে শিরোনাম করা হয়েছে- অঘোষিত পরিবহন ধর্মঘটে স্থবির গাবতলী, ৩২ জেলায় বাস চলাচল বন্ধ। বিস্তারিত খবরে বলা হয়েছে,

সারা দেশে আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গতকাল সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে এই কর্মসূচি।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে গত রোববার থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চালান শ্রমিকেরা। যাত্রীদের দুই দিনের দুর্ভোগের পর যান চলাচল যখন স্বাভাবিক হওয়ার পথে, তখন আজ থেকে পরিবহন শ্রমিকেরা আবার নতুন কর্মসূচি শুরু করেছেন। নতুন করে আবার দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সকাল সাতটা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এ সময় ট্রাকশ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।

এদিকে পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জনগণকে কষ্ট না দিয়ে আদালতের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে রংপুরে এক সাংবাদিক  ব্রিফিংয়ে  মন্ত্রী পরিবহন শ্রমিকদের উদ্দেশে বলেন, জনগণকে কষ্ট না দিয়ে আপনারা আদালতে এসে আপনাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের বক্তব্য যদি যুক্তিসংগত হয়, তবে তা দেখা হবে।’

তবে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটের বিষয়ে চালকদের পক্ষে সাফাই গাইলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, সংক্ষুব্ধ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করতেই পারেন। এটাকে ধর্মঘট নয় ‘স্বেচ্ছায় অবসর’ বলা যেতে পারে। সমাধান হবে, তবে সময় লাগবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাসচালক নেতারা কোনো নির্দেশনা মানতে চাইছেন না। আজ এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনে কোনো অনিয়মের প্রশ্রয় দেয়া হবে না-ইসি: মানবজমিন/প্রথম আলো

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার  কে এম নুরুল হুদা

কাজের মধ্য দিয়ে বতর্মান নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মকভাবে কাজ করা হবে। নির্বাচনে কোনো অনিয়মের প্রশ্রয় দেয়া হবে না। মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

মানুষ হত্যাকারীদের কেউ ক্ষমতায় দেখতে চায় না : নাসিম -নয়া দিগন্ত

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম(ফাইল ফটো)

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গি উত্থানকারীদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সমর্থন করেছেন। তিনি জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছেন। আর যাই হোক বাংলার মানুষ এই মানুষ হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে। আজ প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিবাহ নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ব্যবহারের সিদ্ধান্ত-কালের কণ্ঠ

Image Caption

বিবাহ নিবন্ধনের সময় প্রমাণের লক্ষ্যে বিদ্যমান রেজিস্ট্রশন ফরমে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের আইডি ব্যবহারের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।  

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

হাসপাতাল আর কসাইখানা এক না, ফের তোপ মমতার-বর্তমান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ফটো)

হাসপাতাল কসাইখানা নয়। ব্যাবসার জায়গা বা প্রোমোটারিও নয়। একটা করে ফ্ল্যাট বানাব, দাম বাড়াব, আর মোটা টাকায় বিক্রি করব—সেই মানসিকতা স্বাস্থ্য ক্ষেত্রে চলে না। হাসপাতাল সেবা, আত্মত্যাগ ও মানবিকতার জায়গা। সোমবার দুপুরে নিউটাউনে এক বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে নরমে গরমে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, রবিবার একটি মেয়ে আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল। বলছিল, ওর ফিক্সড ডিপোজিটও জমা নিয়েছে নার্সিংহোম। এসব বাড়াবাড়ি নয় কি?

শনিবার রাতে আমার বাড়িতে দু’জন এলেন, তাঁদের মা অসুস্থ। তাঁরা বললেন, প্রথমে বেলেঘাটার একটি নার্সিংহোমে মা’কে ভরতি করেছিলাম। তারপর বড় হাসপাতালে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। এরপর আরও বিল বাড়বে। আমি রাতেই তাঁদের মাকে পিজিতে ভরতির ব্যবস্থা করতে বললাম। কোথা থেকে পাবে বলুন তো এত টাকা! যদি কেউ বলে, চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা লাগবে, আমি দেব কোথা থেকে? কেন লাগবে এত টাকা? প্রশ্নটা সকলের।

ত্রিশঙ্কুর আশঙ্কা, মায়াকে নিয়ে পুরনো কটু মন্তব্য মুছছে বিজেপি-আনন্দবাজার

ঢাকঢোল-পুষ্পবৃষ্টি। চারদিকে হই-হই রব। বিজেপির মালাটি তখন সবে গলায় পরেছেন কিরণ বেদী। পাশে জ্বলজ্বল করছে অমিত শাহের মুখ। বিজেপি সভাপতি ভাবছেন, এই কিরণ-তাসেই দুরমুশ হবে অরবিন্দ কেজরীবালের ঝড়।

কিরণ বেদীর বিজেপিতে যোগ দেওয়ার সেই অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায়, ঘুরপাক খেতে শুরু করে তাঁর পুরনো টুইট। যেখানে এই প্রাক্তন আইপিএস অফিসার জবাবদিহি করতে বলেছেন নরেন্দ্র মোদীকে, ‘আদালত নিষ্কৃতি দিলেও গুজরাত হত্যাকাণ্ডের জবাব দিন নমো।’

ওমর আবদুল্লা সে সময় টিপ্পনি কেটেছিলেন, দোহাই বিখ্যাত ব্যক্তিরা কোনও দলে যোগ দেওয়ার আগে পুরনো টুইট, ফেসবুক স্ট্যটাসগুলি মুছে ফেলুন। অতীত থেকে শিক্ষা নিয়েই হোক বা ভবিষ্যতের আশঙ্কা, উত্তরপ্রদেশে অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন ঠিক এই কাজটিই সন্তর্পণে করছে বিজেপি। ওমরের সেই খোঁচাকেই কার্যত সুপরামর্শ বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। দলের তথ্য-প্রযুক্তি বিভাগকে তাঁরা নির্দেশ দিয়েছেন, মায়াবতী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় করা যাবতীয় কটাক্ষ, শ্লেষ এখনই মুছে ফেলতে হবে। কেন? জবাবও স্পষ্ট। বিজেপির আশঙ্কা, একার জোরে লখনউয়ের তখতে বসার স্বপ্ন অধরা থেকে যেতে পারে। ত্রিশঙ্কু বিধানসভা হলে হাত ধরতে হতে পারে মায়াবতীর। সেটাই একমাত্র বিকল্প বিজেপির কাছে। তখন যাতে মায়াবতীকে নিয়ে বিজেপির পুরনো কটাক্ষ বা আক্রমণের প্রসঙ্গ তুলে সরকারে যাওয়ার আশায় জল ঢেলে না দেয় বিরোধীরা। 

আসলে নির্বাচন যত শেষের দিকে এগোচ্ছে, ততই বিজেপির অন্দরে একটা আশঙ্কা তীব্র হচ্ছে। তা হল, গোবলয়ের সব থেকে বড় রাজ্যে ‘অপেক্ষাকৃত’ ভাল ফল করলেও দু’শোর গণ্ডি হয়তো পেরোনো সম্ভব হবে না। রাজনাথ সিংহ ইতিমধ্যেই প্রকাশ্যে কবুল করেছেন, রাহুল গাঁধী আর অখিলেশ যাদবের জোট হওয়ায় ধাক্কা খেয়েছে বিজেপি। শেষ বাজারে হাওয়া তুলতে খোদ প্রধানমন্ত্রীর সভা আরও বাড়ানো হয়েছে। নোট বাতিল, সেনা অভিযান, বহু-ব্যবহৃত উন্নয়ন অস্ত্রের ধার কমছে বুঝে বিজেপি ফের তুলে নিয়েছে মেরুকরণের হাতিয়ার। যদিও সাহসি মুখ করে বিজেপি নেতারা এখনও বলে যাচ্ছেন, সরকার হবে তাঁদেরই।

ভস্মীভূত কোলকাতার ‌বড়বাজারের বাড়ি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী-আজকাল

বড়বাজারে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলকাতা ও জেলায় এমন জায়গা রয়েছে, যেখানে রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকল ঢুকতে পারে না। প্রবেশপথে মজুত থাকে দাহ্য পদার্থ। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে রাতভর চেষ্টা চালিয়েও এখনও পুরোপুরি আয়ত্তে এল না বড়বাজারের আগুন। এখনও ওই তিনতলা বাড়িতে আগুন জ্বলছে। সিঁড়ি ও ছাদের একাংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা দমকলকর্মীদের। আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছেন পুরকর্মী ও স্থানীয় বাসিন্দারাও।

রাগের বশে বিধানসভা ভোট বয়কট করল আমেঠির একটি গ্রাম-সংবাদ প্রতিদিন

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর গড় আমেঠিতেই নির্বাচন বয়কট করল একটি গ্রাম৷ গ্রামের নাম পারসৌলি৷ এই গ্রামেরই প্রায় ৬০০-র বেশি সদস্য চলতি বছরের বিধানসভা নির্বাচন বয়কট করেছেন৷ স্বাধীনতার পর থেকে সেই গ্রামে বিন্দুমাত্র উন্নয়ন হয়নি বলেই অভিযোগ করেছেন সেই গ্রামের বাসিন্দারা৷ আর এই ইস্যুকে কেন্দ্র করেই ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা৷

জানা গিয়েছে, পারসৌলি গ্রামের মোট ৬৪৯ জন ভোটারদের মধ্যে ৩৩৯ জন পুরুষ ভোটার এবং ৩১০ জন মহিলা ভোটার৷ কিন্তু এই ভোটারদের মধ্যে কাউকেই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায়নি বলেই জানিয়েছেন নির্বাচন আধিকারিকরা৷#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮