মার্চ ০১, ২০১৭ ১৬:০৯ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ লা মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না’-ইত্তেফাক
  • একজন মন্ত্রীর মদদে শ্রমিকদের ধর্মঘট : ফখরুল-প্রথম আলো
  • ঘরে ঘরে আলো জ্বালবো : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত-নয়া দিগন্ত
  • সড়কে থামছে না লাশের মিছিল: ১৯ দিনে প্রাণ গেল ১৯২ জনের-যুগান্তর
  • অনলাইনে ভার্চুয়াল এমফিল পিএইচডি ডিগ্রি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি-মানবজমিন
  • সারা দেশে যান চলাচল শুরু-যাত্রীদের স্বস্তি-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ভারতে মুসলমানদের কবর দেয়া বন্ধ করতে হবে, দেশে অত জমি নেই: বিস্ফোরক সাক্ষী মহারাজ-আনন্দবাজার
  • সার্জিক্যাল স্ট্রাইক উপযোগী অস্ত্র কিনবে ভারত-আজকাল
  • বেসরকারি হাসপাতাল নিয়ে কড়া আইন আসছে প্যাকেজের অতিরিক্ত টাকা নেয়া যাবে না-বর্তমান
  • ভারতে শিশুপাচার কাণ্ডের জেরে, বিজেপি থেকে অপসারিত জুহি-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যাত্রীদের মধ্যে স্বস্তি

পরিবহন শ্রমিক ধর্মঘট, ১ জন নিহত, আদালতে রিট, জরুরি বৈঠক সরকারের মন্ত্রী এবং বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কিত খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে।

ইত্তেফাকের শিরোনাম-অবশেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার।

বিস্তারিত খবরে বলা হয়েছে, অবশেষে প্রত্যাহার করে নেয়া হল পরিবহন ধর্মঘট। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সমঝোতা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। 

একজন মন্ত্রীর মদদে শ্রমিকদের ধর্মঘট : ফখরুল-প্রথম আলো

মির্জা ফখরুল বললেন- পরিবহন ধর্মঘটে সরকারের একজন মন্ত্রী দায়ী

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সরকারের একজন মন্ত্রী মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন।২০০৯ সালে বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ জোগাচ্ছেন, তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। আজকে একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

বিডিআর বিদ্রোহে নিহত ব্যক্তিদের স্মরণ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তাব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। স্বাধীনতা–সার্বভৌমত্বের ওপর বারবার যখনই আঘাত এসেছে, সেনাবাহিনী তা প্রতিহত করেছে। কিন্তু তাদের ওপর যেদিন প্রথম আঘাত এসেছে, সেদিন তাদের পক্ষে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রী দায়ী।গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এটা সম্পূর্ণ অনৈতিক ও অযৌক্তিক।

মির্জা ফখরুল দাবি করেন, এখন বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম—সরকার সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কারণ, তারা একদলীয় শাসন কায়েম করবে। বিচারের নামে সরকার মিথ্যা মামলা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না-গয়েশ্বর চন্দ্র রায়- ইত্তেফাক

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন নয়: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুর তুলছেন আমাদেরকে জেলে নিবেন, নেত্রীর জেল হবে। এমন কোনো অপরাধ খালেদা জিয়া করেননি যে তাকে জেল দিতে হবে। প্রতিহিংসার কারণে ও পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি (প্রধানমন্ত্রী) এমন ভাবতে পারেন। তবে ভবিষ্যতে আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না।

 তিনি বলেন, ২০১৪ সালেও আপনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। প্রয়োজনে বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। তারপরও আপনার অধীনে নির্বাচনে যাব না। আর খালেদা জিয়া ছাড়া তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। সেটা অসম্ভব। নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে খালেদা জিয়াকে ছাড়া হবে না। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 গয়েশ্বর বলেন, ভাববেন না, চুপচাপ বসে আছি কিছু করবো না। ধাক্কা দিলে পাল্টা ধাক্কা দেয়ার ক্ষমতা বিএনপির আছে। গরু ছাগল ছাড়া কেন্দ্রগুলোতে ভোটারদেরকে আনতে পারেননি। ভবিষ্যতেও পারবেন না।

 প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনার অবর্তমানে কারা ইসিকে সহায়তা করবে? যারা সুবিধাবভোগী হবে না তাদেরকে বসান। জনগণের নির্বাচিত সরকার না আসলে অতীতের সব অপকর্মের জবাব দিনের অালোতে করা হবে।

 তিনি বলেন, বিডিআর বিদ্রোহের কথা বলে সেদিন যে ঘটনা ঘটেছে তার অন্তরালে কী ঘটেছে কারা ছিল এখনো উদঘাটন হয়নি। এই সরকারের পক্ষে এটা সম্ভবও না।

 

ঘরে ঘরে আলো জ্বালবো : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে ঘরে আলো জ্বালার লক্ষ্য বাস্তবায়নের জন্যই তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘ঘরে ঘরে আলো জ্বালবো- সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের একটি ঘরও আর অন্ধকারে থাকবে না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন ট্রান্সমিশন ও বিতরণ লাইনের পাশাপাশি আটটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলবো।’প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সাশ্রয়ী হবার জন্য সবাইকে পরামর্শ দেন।

সড়কে থামছে না লাশের মিছিল: ১৯ দিনে প্রাণ গেল ১৯২ জনের-যুগান্তর

সড়কে মৃত্যু মিছিল

দীর্ঘ হচ্ছে সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে ঝরে যাচ্ছে হাজারও প্রাণ। মৃত্যু থেকে বাদ পড়ছে না কোমলমতি শিশুও। এসব দুর্ঘটনায় অনেকে পঙ্গু হয়ে যাচ্ছেন। পঙ্গু-আহতদের কান্নায় ভারি হচ্ছে হাসপাতালের পরিবেশ। সর্বশেষ রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৯ দিনে সারা দেশে সড়কে প্রাণ গেল ১৯২ জনের। এর মধ্যে সোমবার আট জেলায় নয়জন এবং রোববার তিন জেলায় তিনজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে গেলেই পরিবহন শ্রমিকরা আন্দোলনে নামছেন। বিক্ষোভ-ধর্মঘটের মাধ্যমে দেশ অচল করে দিচ্ছেন। তাদের কাছে যেন সবাই অসহায়! সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে কিংবা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন আটকে গেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের কারণে। গত আট মাসে সারা দেশে অন্তত ২০ বার ধর্মঘট ডেকেছে এসব সংগঠন।

সারা দেশে যান চলাচল শুরু-কালের কণ্ঠ

টানা দুই দিন সারা দেশে পরিবহন ধর্মঘটের পর রাজধানীর গুলিস্তান ও গাবতলী থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন গাড়ি ছেড়ে যাচ্ছে। আজ বুধবার বিকেল সোয়া ৩টা থেকে গাড়ি ছাড়া শুরু হয়। গুলিস্তান থেকে মাওয়াগামী ইলিশ পরিবহন, নারায়ণগঞ্জ রুটের বিভিন্ন গাড়ি ও কুমিল্লার দাউদকান্দিগামী গাড়ি ছেড়ে যেতে দেখা যায়। গাড়ি চলাচল শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তিবোধ করছেন।

এবার বইমেলায় ২৩ কোটি টাকা বেশি বিক্রি-ইত্তেফাক

ঢাকায় একুশের বই মেলায় রেকর্ড বিক্রি

সবার যেমন প্রত্যাশা করেছিল তাই ঘটেছে। রেকর্ড পরিমান বই বিক্রি হয়েছে বইমেলায়। গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি টাকার বই বিক্রি হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত ছিল তার প্রভাব ছিল মেলায়। সেটা বই বিক্রির পরিমান দেখলে বোঝা যাচ্ছে। প্রকাশকদের দেয়া তথ্য অনুযায়ী, এবার মেলায় মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করেছে। গত বছর বিক্রি হয়েছিল ৪২ কোটি টাকা। এ বছর গতবারের চাইতে ২৩ কোটি টাকা বেশি। ২০১৫ সালে বই বিক্রি হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। আর ২০১৪ সালে সারা মাস জুড়ে বই বিক্রি হয়েছিল মাত্র ১৬ কোটি টাকা।

অনলাইনে ভার্চুয়াল এমফিল পিএইচডি ডিগ্রি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি-মানবজমিন

অনলাইনে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমফিল, পিএইচডি, মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রি দেয়ার নামে প্রতারণা করছে ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি (আইসিইউ) নামে একটি প্রতিষ্ঠান। নাম দিয়েছে ভার্চুয়াল অ্যান্ড রিসার্স ডিগ্রি। এ জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটিকেও সাজানো হয়েছে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকারসহ অসংখ্য প্রতিষ্ঠানের লোগো দিয়ে। তাদের দাবি, এই প্রতিষ্ঠানকে জাতিসংঘ, আইএআরসি, ইউরোপীয় ইউনিয়নসহ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্ধশতাধিক প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, আইসিইউ’র সনদধারীরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানে চাকরিও পাচ্ছে। সনদধারীরা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রসহ অর্ধশতাধিক দেশের স্কলারশিপও পাচ্ছে। খোদ রাজধানীতে বসে ইউজিসির এক শ্রেণির কর্মকর্তার সহায়তায় এমন প্রতারণা করছে আইএআরসি। প্রতারণার মাধ্যমে এসব ডিগ্রি দেয়ায় প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বেসরকারি হাসপাতাল নিয়ে কড়া আইন আসছে প্যাকেজের অতিরিক্ত টাকা নেয়া যাবে না-বর্তমান

চিকিৎসার প্যাকেজের বাইরে কোনও টাকা নেওয়া যাবে না। বেসরকারি হাসপাতালের বেপরোয়া বিলে লাগাম টানতে এই নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। বন্ধ করা হবে হাসপাতালে ঢুকলেই অ্যাডভান্স বা অগ্রিম টাকা চাওয়ার প্রথাও। ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (সিই) অ্যাক্ট ২০১৭’ এবং প্রস্তাবিত রেগুলেটরি কমিশনে এইসব নয়া নিয়ম যুক্ত করার পথে রাজ্য সরকার। এখন প্রশ্ন উঠতেই পারে, শারীরিক জটিলতা, সংক্রমণ, পার্শ্বপ্রতিক্রিয়া বা অন্য যুক্তিযুক্ত কারণেও তো প্রস্তাবিত চিকিৎসার খরচ বা প্যাকেজ বাড়তে পারে। সেক্ষেত্রে এ নিয়ম মানতে হলে তো চিকিৎসাই বন্ধ হওয়ার উপক্রম হবে। তখন কী করণীয়? স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, সেক্ষেত্রে প্যাকেজের বাইরের খরচ কতটা হতে পারে, খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তরের কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ বা এমডিজি এই কাজ করবে। এই বিশেষজ্ঞ দল বিষয়টি যুক্তিপূর্ণ মনে করলে তখনই বাড়তি খরচের অনুমোদন দেওয়া হবে। নচেৎ নয়। তবে পাশাপাশি গোটা প্রক্রিয়ার জন্য কোনওভাবেই যাতে রোগীর চিকিৎসার ব্যাঘাত না ঘটে, সুনিশ্চিত করা হবে তাও।

সার্জিক্যাল স্ট্রাইক উপযোগী অস্ত্র কিনবে ভারত-আজকাল

সার্জিক্যাল স্ট্রাইক উপযোগী অস্ত্র কিনবে ভারত

আমেরিকা, ইজরায়েল, সুইডেনের অস্ত্র উৎপাদক কিছু কোম্পানিকে কাছে সাতটি ‘নিয়ন্ত্রিত’ টেন্ডার পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জরুরি ভিত্তিতে অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, সাধারণ মেশিন গান, হালকা রকেট লঞ্চার, শটগান, পিস্তল, রাত্রে দেখতে পাওয়া যায় এমন যন্ত্রের বরাতের জন্য টেন্ডার জমা দিতে বলা হয়েছে। আচমকা নোটিসে অন্তত ১০ দিনের জন্য উচ্চ পর্যায়ের অপারেশন যাতে চালানো যায় তারজন্য সেনা, নৌসেনা এবং বায়ুসেনার হাতে অস্ত্র তুলে দিতেই এই পদক্ষেপ। 

২০১৫ সালে মায়ানমারে এবং ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে সফল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে সেনা। তবে যে কোনও অঘটন ঘটতেই পারত। কারণ অল্প সময়ে সিদ্ধান্তের পর এই ধরণের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর মতো পরিকাঠামো ভারতের প্রায় নেই বললেই চলে।

শিশুপাচার কাণ্ডের জের, বিজেপি থেকে অপসারিত জুহি-সংবাদ প্রতিদিন

জুহি চৌধুরি গ্রেফতার

অবশেষে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হল শিশুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত জুহি চৌধুরিকে৷ শাস্তির কোপ পড়েছে জুহির বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরির উপরও৷ বিজেপির রাজ্য কমিটি থেকে অপসারিত করা হয়েছে তাঁকে৷

মঙ্গলবার রাতে নেপাল সীমান্তের কাছে খড়িবাড়ি থানা এলাকার বাতাসি থেকে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সেখানে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি৷ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সিআইডির দাবি, জুহি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ পরে সিআইডির জেরার মুখে তিনি জানান, এক মহিলা সাংসদের পরামর্শেই সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পালানোর ছক ছিল তাঁর

কবর দেয়া বন্ধ করতে হবে, দেশে অত জমি নেই: বিস্ফোরক সাক্ষী মহারাজ-আনন্দবাজার

দেশে আর কবরস্থানের জন্য জমি দেওয়া যাবে না। অত জমি নেই। মন্তব্য উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। আইন করে নতুন কবরস্থান তৈরি বন্ধ করে দিতে হবে। নিজের নির্বাচনী ক্ষেত্রে আয়োজিত এক জনসভায় সম্প্রতি তিনি এই মন্তব্য করেছেন। বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকা উত্তরপ্রদেশে বিজেপি তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বলে সপা, কংগ্রেস-সহ বিভিন্ন দল আগে থেকেই অভিযোগ করছিল। সাক্ষী মহারাজের বিস্ফোরক নিদানের পর বিরোধীরা সুর আরও চড়িয়েছে।

উন্নাওয়ের জনসভায় সাক্ষী মহারাজ বলেছেন, ‘‘কাউকে কবর দেওয়ার প্রয়োজন নেই। দেশে দু-আড়াই কোটি সাধু-সন্ত রয়েছেন। তাঁদের মৃত্যুর পর সবার জন্য সমাধি তৈরি করা প্রয়োজন। তার জন্য জমি লাগবে। দেশে ২০ কোটি মুসলমান রয়েছেন। তাঁদের সবার একটা করে কবর দরকার। হিন্দুস্তানে এত জমি কোথায়?’’ বিজেপির বর্তমান সংসদীয় দলের সবচেয়ে কট্টরবাদী মুখগুলির অন্যতম সাক্ষী মহারাজ এই মন্তব্যটি করেছেন সোমবার। কিন্তু উন্নাওয়ের জনসভায় করা সন্ন্যাসী-সাংসদের এই মন্তব্য সম্পর্কে শুরুতে খবর ছড়ায়নি। পরে খবর ছড়িয়ে পড়তেই বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১