মার্চ ০২, ২০১৭ ১৩:৩৬ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের চুক্তি জনগণের স্বার্থ বিরোধী: ফখরুল-ইত্তেফাক
  • খালেদার দুর্নীতি মামলার বিরুদ্ধে শুনানি ৯ মার্চ-প্রথম আলো
  • বরকতউল্লাহসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা-প্রথম আলো
  • পরীক্ষার জাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৮-নয়া দিগন্ত
  • ১৫৪ ট্যানারিকে প্রায় ৩১ কোটি টাকা জমার নির্দেশ-যুগান্তর
  • গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি’র দুই ঘন্টার অবস্থান কর্মসূচি-মানবজমিন
  • দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • এক দিকে হার্ডওয়ার্ক, অন্য দিকে হার্ভার্ড! মনমোহন-অমর্ত্যদের খোঁচা মোদীর-আনন্দবাজার
  • সঞ্জয়–মৃত্যুর জেরে অ্যাপোলো ছাড়লেন সিইও-আজকাল
  • পশ্চিমবঙ্গে হাসপাতালের বিষয় নিয়ে অতি সক্রিয়তা বরদাস্ত নয়: মমতা-বর্তমান
  • দেশদ্রোহীদের’বিরুদ্ধে চার্জশিটের দাবিতে দিল্লিতে আন্দোলনে এবিভিপি-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি’র দুই ঘন্টার অবস্থান কর্মসূচি সম্পর্কিত খবর মানবজমিনসহ আজকের প্রায় সব জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে

ইত্তেফাকের খবরের শিরোনাম এরকম: সরকারের চুক্তি জনগণের স্বার্থ বিরোধী: ফখরুল

বর্তমান সরকার জনগণের নয়: মির্জা ফখরুল

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থে যে চুক্তি করছে তা জনগণের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকার জনগণের সরকার নয়। জনগণ বিরোধী এ সরকার। নিজেদের স্বার্থে আওয়ামী লীগ সরকার অন্য দেশের সঙ্গে চুক্তি করছে তা জনগণের পক্ষের নয়।

এসময় বিএনপির মহাসচিব জনগণ বিরোধী সরকারের এসব চুক্তির বিরোধীতা করেন একই সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার একটি অনির্বাচিত সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেউলিয়া হয়ে গেছে।

খালেদার দুর্নীতি মামলার বিরুদ্ধে শুনানি ৯ মার্চ-প্রথম আলো

খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানি ৯ মার্চ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৯ মার্চ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন ধার্য করা হয়।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লা মিয়া প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি মামলায় বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছেন খালেদা জিয়া, যা উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। সময় চাওয়া হলে আদালত শুনানির এই নতুন দিন ঠিক করেন।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বরকতউল্লাহসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

বরকতউল্লাহসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা জারি

রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহসহ দলের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ-সংক্রান্ত তামিল প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।

১৫৪ ট্যানারিকে প্রায় ৩১ কোটি টাকা জমার নির্দেশ-যুগান্তর

বাংলাদেশের ১৫৪ ট্যানারিকে প্রায় ৩১ কোটি টাকা জমার নির্দেশ- হাইকোর্টের

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করায় ১৫৪টি কারখানার মালিককে আগামী দুই সপ্তাহের মধ্যে ৩০ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৫৪ ট্যানারির মালিককে হাজারীবাগ এলাকায় থাকতে হলে প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছিল। গত বছরের আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিলেও এর পরবর্তী সময়ে তারা ধারাবাহিকতা রাখেনি।

তিনি জানান, বিষয়টি আদালতের নজরে আনার পর শিল্প মন্ত্রণালয়ের সচিবকে তলব করেন হাইকোর্ট। গত ১৩ ফেব্রুয়ারি শিল্পসচিব হাজির হলে আদালত যেসব প্রতিষ্ঠানের মালিক টাকা দিচ্ছেন না, তাদের তালিকা দিতে বলেন। সে অনুযায়ী গতকাল বুধবার আদালতে তালিকা জমা দেয়া হয়। আজ আদালত ১৫৪টি প্রতিষ্ঠানকে উল্লিখিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে আদেশ দেন বলে জানান মনজিল মোরসেদ।

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী-কালের কণ্ঠ

ড. ইউনূসের প্রশংসা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য গ্রামীণ ব্যাংক ও ড. মুহম্মদ ইউনূসের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ও হত দরিদ্রদের মধ্যে গ্রামীণ ব্যাংক প্রথম ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থা করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণের কারণে দেশে এখন দারিদ্র্যের হার অনেক কমেছে। ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস সম্মানিত ব্যক্তি ও তাঁকে সম্মান দিতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য ব্র্যাক ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদেরও প্রশংসা করেন তিনি। আজ বৃস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) লোন ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশংসা করেন।

পরীক্ষার জাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৮-নয়া দিগন্ত

এসএসসি পরীক্ষার জাল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আট জনকে আটক করেছে ডিবি পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  এ ব্যাপারে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও পুলিশ জানায় ।

গাবতলীর সংঘর্ষ: ৩ মামলায় আসামি সহস্রাধিক-ইত্তেফাক

বাংলাদেশের পরিবহন ধর্মঘটের বিষয়ে ৩ মামলা

রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। দুইজন পুলিশ সদস‌্য‌ এবং ক্ষতিগ্রস্ত এক নারী বুধবার রাতে দারুসসালাম থানায় মামলা তিনটি দায়ের করেন। মামলাগুলোতে ৪৮ জনের নাম করে অজ্ঞাত পরিচয় আরো ১২০০ জনকে আসামি করা হয়েছে। দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ‘দুটি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। অপর মামলার বাদী ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি।’

প্রসঙ্গত, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই গাড়ি চালককে আমৃত্যু কারাদণ্ডাদেশ ও মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার ও বুধবার পরিবহন ধর্মঘট ডাকে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ধর্মঘট চলাকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ব্যাপক নাশকতা চালায় পরিবহন তারা। এতে দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে।

“নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে”-কালের কাণ্ঠ

সুজনের গোলটেবিল বৈঠক: নির্বাচন কমিশনের ্‌আস্থা ফিরিয়ে আনার পরামর্শ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া আস্থা আস্তে আস্তে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনের সকল কর্মকর্তার কথাবার্তা, আচার-ব্যবহারে যেন সবার এমন আস্থা থাকে যে, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। ’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাশনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করাই বর্তমান নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ওই বেঠকে অংশ নেওয়া বিশিষ্টজনরা। 

ড. এটিএম শামসুল হুদা আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলে তার নিজস্ব কর্মকর্তাদের জন্য আলাদা বিসিএস ক্যাডার ব্যবস্থা চালু করতে হবে। কারণ নির্বাচনকালে বাইরে থেকে যে জনবল নিয়োগ দেওয়া তাদের ওপর কমিশনের তেমন নিয়ন্ত্রণ থাকে না। ’

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

আমি নিজে দেখছি, যা করার প্রশাসন করবে-হাসপাতালের ব্যাপারে অতি সক্রিয়তা  বরদাস্ত নয়: মমতা ব্যানার্জী

মমতার হুঁশিয়ারি-হাসপাতালের ব্যাপারে অতি সক্রিয়তা বরদাশত করা হবে না

‘অভিযোগ উঠলে প্রশাসনকে জানান।’ মদন মিত্রের নাম উচ্চারণ না করলেও বার্তাটা স্পষ্ট। বেসরকারি হাসপাতালের রাশ শুধুমাত্র তাঁরই হাতে থাকবে। এই নিয়ে অতিসক্রিয়তার কোনও জায়গা নেই। বুধবার কালীঘাটে নিজের বাসভবনে তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের এই বলে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার বিধানসভায় বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে বিল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সম্পর্কে ওঠা অস্বচ্ছতার অভিযোগ ঘিরে বিক্ষোভ বা আন্দোলন নয়, আইনের বাঁধনে কঠোর প্রশাসনিক পদক্ষেপ কার্যকর করাকেই অগ্রাধিকার দিতে চান তিনি। চিকিৎসাক্ষেত্রের এই স্পর্শকাতর বিষয়টি যে তিনি একা হাতেই সামলাবেন, এদিন সেটাও মমতা অকপটে বুঝিয়ে দিয়েছেন দলের সর্বস্তরের নেতৃত্বকে। তাঁর সাফ নির্দেশ, এই বিষয়ে দল যেন না জড়ায়।

দেশদ্রোহীদের’বিরুদ্ধে চার্জশিটের দাবিতে দিল্লিতে আন্দোলনে এবিভিপি-সংবাদ প্রতিদিন

ছাত্র-রাজনীতি নিয়ে উত্তপ্ত দিল্লি। একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং অন্যদিকে বামপন্থী সংগঠনগুলি। গতকালই আইসা সদস্যদের উপর আঘাত হানা এবং দিল্লি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই সদস্যকে সাসপেন্ড করেছে এবিভিপি। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে জড়ো হন এবিভিপি সদস্যরা। গত বছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং চার্জশিট দাখিলের দাবিতে এদিন আন্দোলনে শামিল হন এবিভিপি সমর্থকরা।

এক দিকে হার্ডওয়ার্ক, অন্য দিকে হার্ভার্ড! মনমোহন-অমর্ত্যদের খোঁচা মোদীর-আনন্দবাজার

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সমালোচনায় মোদি

রাজনৈতিক তরজার আঙিনায় ফের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে টেনে আনল বিজেপি। এ বারও তাঁর নাম না করেই কটাক্ষ করা হল। বুধবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে যে ভাবে অর্থনীতিবিদদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। এ দিন মহারাজগঞ্জের এক সভায় মোদী বলেন, ‘‘এক দিকে ওঁরা রয়েছেন, যাঁরা হার্ভার্ড-এর কথা বলেন, আর অন্য দিকে এই গরিবের সন্তান হার্ডওয়ার্ক করে দেশের অর্থনীতি বদলের কাজে লেগে রয়েছে।’’

কিন্তু, হঠাত্ অর্থনীতিবিদদের উপরে খড়্গহস্ত হলেন কেন মোদী?

বিজেপি-র একটি সূত্রের মতে, এর যথেষ্ট কারণ রয়েছে। গত নভেম্বরে প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। সেই সময় মনমোহন সিংহ, অমর্ত্য সেন-সহ একাধিক অর্থনীতিবিদ তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁদের মত ছিল, নোটবাতিলের জোরালো প্রভাব পড়বে এ দেশের অর্থনীতিতে। কিন্তু, মঙ্গলবার মোদী সরকারের একটি পরিসংখ্যান অর্থনীতিবিদদের ওই আশঙ্কাকে কার্যত নস্যাত্ করে দিয়েছে। হাতে ‘অস্ত্র’ পেয়ে এ দিন মোদী তারই পাল্টা দিলেন।

সঞ্জয়–মৃত্যুর জেরে অ্যাপোলো ছাড়লেন সিইও-আজকাল

অ্যাপোলো হাসপাতালের সিইও রুপালি বসু চাকরি ছাড়তে বাধ্য হলেন

ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর জের? অ্যাপোলো হাসপাতালের সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু। তাঁর জায়গায় অস্থায়ী সিইও হচ্ছেন রানা দাশগুপ্ত। তবে রূপালি বসু এই নিয়ে মুখ খোলেননি।

সঞ্জয় রায়ের মৃত্যুর পরেই আঙুল ওঠে অ্যাপোলোর দকিএ। অ্যাপোলোতে সঞ্জয়ের চিকিৎসার বিল হয় ৭ লক্ষ ২৩ হাজার টাকা। অভিযোগ, বিল বকেয়া থাকার জন্য সঞ্জয়কে এসএসকেএমে নিয়ে যেতে বাধা দেয় অ্যাপোলো কর্তৃপক্ষ। জমা রাখতে হয় পরিবারের ফিক্সড ডিপোজিটের নথি। শেষ পর্যন্ত যদিও বাঁচেননি সঞ্জয়। বিতর্কের মুখে অ্যাপোলো কর্তৃপক্ষ জানায়, সঞ্জয়ের পরিবারকে এফডি-র নথি এবং চিকিৎসার খরচ বাবদ দেওয়া টাকা ফেরত দিয়ে দেবে। অ্যাপোলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুবীর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি তৈরি হয়েছে।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২