এসডিজি লক্ষ্য পূরণে জাতিসংঘে সাহায্যের আবেদন বাংলাদেশের
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- এসডিজি লক্ষ্য পূরণে জাতিসংঘে সাহায্যের আবেদন বাংলাদেশের-ইত্তেফাক
- এত দিন কোথায় ছিলেন জানেন না হুম্মাম-প্রথম আলো
- শাহজাহান খান পরিবহন জগতের ডন : গয়েশ্বর-নয়া দিগন্ত
- নিবন্ধন বাঁচাতে নির্বাচনে আসবে বিএনপি-ওবায়দুল কাদের-যুগান্তর
- আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ৩ ইউনিটে উৎপাদন বন্ধ-মানবজমিন
- এ বছরই শেষ হবে হলি আর্টিজান তদন্ত : পুলিশ-কালের কণ্ঠ
- আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ্যান-বাংলাদেশে প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ভারতে এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় গ্রাহকদের ফের গ্যাসে ভর্তুকি চাওয়ার আশঙ্কা-আনন্দবাজার
- সৌদিকে ভূখণ্ড ‘বিক্রি’ মালের, চাপে ভারত-আজকাল
- চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হলেই ক্ষতিপূরণ ন্যূনতম ১০ লক্ষ-বর্তমান
- গুরমেহরের বিরুদ্ধে সরব হলেন আরেক শহিদ কন্যা পূজা-সংবাদ প্রতিদিন
শ্রোতা/ পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
নিবন্ধন বাঁচাতে নির্বাচনে আসবে বিএনপি-ওবায়দুল কাদের-যুগান্তর
নিবন্ধন বাঁচানোর জন্য বিএনপি অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি থাকবে কিনা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'আগে দেখতে হবে বিষয়টি সংবিধানে আছে কিনা। সংবিধানে না থাকলে কিভাবে থাকবে তারা?' আর প্রথম আলোর খবর- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় পাল্টা বলেছেন, বিএনপি দলীয় সরকারের অধীনে কখনো জাতীয় নির্বাচনে যাবেনা।
আর নয়া দিগন্তের খবর- শাহজাহান খান পরিবহন জগতের ডন : গয়েশ্বর
বিএনপি জনগণের চাহিদার ওপর ভিত্তি করে কঠোর কর্মসূচি দিবে জানিয়ে দলের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান পরিবহন জগতের ডন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শাহজাহান খান কেন পদত্যাগ করবে ? পদত্যাগ করলে তার আরো এক বছর আগে করার কথা। আওয়ামী লীগ নেতারা তো দেহ ত্যাগের আগে পদত্যাগ করে না। শেখ হাসিনাই তো শাহজাহান খানদের মতো ডনদের আঁচলের তলে রাখেন।
এত দিন কোথায় ছিলেন জানেন না হুম্মাম-প্রথম আলো
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী ফিরে এসেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা তাঁকে ধানমন্ডিতে বাসার কাছে ফেলে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কারা হুম্মামকে রেখে গেছে, এত দিন তিনি কোথায় ছিলেন, তা হুম্মাম জানেন না।
সাত মাস আগে গত বছরের ৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন হুম্মামকে তুলে নিয়ে গিয়েছিলেন বলে তাঁর আইনজীবীদের অভিযোগ। এরপর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
হুম্মামের চাচা ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ভোররাতে কে বা কারা হুম্মামকে ধানমন্ডি লেকের পাড়ে মসজিদের সামনে রেখে যায়।
এসডিজি লক্ষ্য পূরণে জাতিসংঘে সাহায্যের আবেদন বাংলাদেশের-ইত্তেফাক
উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে জাতিসংঘের বিদ্যমান কর্মকাণ্ড যথেষ্ট নয় এবং স্বল্পোন্নত দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) বাস্তবায়নের জন্য অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া প্রয়োজন। শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে ‘এজেন্ডা ২০৩০ এর সমন্বিত বাস্তবায়ন: স্বল্পোন্নত ও স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং যুদ্ধাবস্থা থেকে উত্তরণশীল দেশসমূহে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার ভূমিকা’ বিষয়ক আলোচনায় একথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান।
চতুর্বার্ষিক সামগ্রিক পলিসি রিভিউ এর উপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আলোচনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী উদ্বেগের সঙ্গে বলেন, জাতিসংঘের উন্নয়ন সহায়তা ২০১৪ সালে ৫৩ শতাংশ থেকে ২০১৫ সালে ৪৭ শতাংশে নেমে এসেছে।
স্বল্পোন্নত দেশসমূহের ক্ষুধা ও দারিদ্র নির্মূল, জনস্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সামাজিক সেবার উন্নয়ন, জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং নিজস্ব সামর্থ্য সৃষ্টিতে অবদান রাখতে প্রতিমন্ত্রী জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থায় আরও অর্থ সাহায্যের প্রতি জোর দেন তিনি।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ৩ ইউনিটে উৎপাদন বন্ধ-মানবজমিন
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইট ইয়ার্ডে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা এ ঘটনা ঘটে। এতে করে জাতীয় গ্রিডে ৭শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হ্রাস পেয়েছে।
বন্ধ ইউনিটগুলো হলো- ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ), ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার সর্ম্পূণ ইউনিট-৩। গ্রিড লাইনে ক্রটির কারণে কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনা প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বন্ধ হয়ে যায়। ক্রটির দেখা দেয়ার পরপর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত শেষ হতে সময় দীর্ঘ সময় লাগবে বলে তিনি জানান।
এ বছরই শেষ হবে হলি আর্টিজান তদন্ত : পুলিশ-কালের কণ্ঠ
রাজধানীর গুলশানে গত বছর হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার দায়ের করা পুলিশের মামলার তদন্ত কাজ এ বছরের শেষের দিকে সম্পন্ন হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ শুক্রবার সকালে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি এই তথ্য জানান। তিনি বলেন, এই হামলার সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে এখন পর্যন্ত আমরা ২২-২৩ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। এর মধ্যে কয়েকজন পুলিশের অভিযানে নিহত হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তবে এর বাইরেও আরও কেউ কেউ থাকতে পারে। আমরা তদন্ত করছি আর নতুন তথ্য পাচ্ছি। তবে এখন পর্যন্ত এই কজনের বিষয় নিশ্চিত হয়েছি।
মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়লেন মেয়র মীরু-বাংলাদেশ প্রতিদিন
সিরাজগঞ্জ শাহজাদপুরের সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র হালিমুল হক মীরু মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন। একই সাথে তার ভাই হামিদুল হক হিরোও বাদ পড়েছেন। এছাড়াও ৩৩ জন গেজেটভূক্ত মুক্তিযোদ্ধার নামও তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর আগের তালিকায় মেয়র মিরুর ও তার ভাইয়ের নাম অন্তর্ভুক্ত ছিল যার গেজেট নম্বর (২৯৪৩, ০৪/১০/২০১৩ ও ২৯৪৮, ০৪/১০/২০১৩)।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খালেকুজ্জামান খালেক জানান, ভুয়া সনদ ব্যবহার করায় নয় মাস যাবত তার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ ছিল। ভুয়া বয়স বাড়িয়ে তারা মুক্তিযোদ্ধা হয়েছিল। এবারের যাচাই-বাছাই তা প্রমানিত হওয়ায় মেয়র মিরু ও তার ভাইকে বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হলেই ক্ষতিপূরণ ন্যূনতম ১০ লক্ষ-বর্তমান
স্বাস্থ্যক্ষেত্রে নয়া ইতিহাস সৃষ্টির পথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলোর হাতে সাধারণ মানুষের হয়রানি রুখতে বিধানসভায় স্বাস্থ্য বিল পেশ করল সরকার। তার আগে মুখ্যমন্ত্রী বক্তৃতায় পূর্বতন সরকারের ৩৪ বছরের অব্যবস্থাকে দায়ী করলেন। বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ বলা যাবে না। বরং রাজ্যের সরকারি চিকিৎসার সুযোগ নিতে বিহার, ঝাড়খণ্ড এমনকী বাংলাদেশ থেকেও মানুষ আসেন। বিরোধিতা করতে হবে বলেই সমালোচনা হচ্ছে।
এই বিল মোতাবেক, চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে রোগী মৃত্যুর ঘটনায় ন্যূনতম ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বেসরকারি হাসপাতালকে। গাফিলতিতে রোগীর মারাত্মক কোনও ক্ষতি হলে ওই অঙ্ক সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা বেঁধে দেয়া হয়েছে। চিকিৎসার গাফিলতিতে হাসপাতালে ভরতি রোগীর অপেক্ষাকৃত কম ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে সর্বোচ্চ তিন লক্ষ টাকা।
সৌদিকে ভূখণ্ড ‘বিক্রি’ মালের, চাপে ভারত-আজকাল
সৌদি আরবকে ভূখণ্ড ‘বিক্রি’ করতে চলেছে মালদ্বীপ। আর তাতে চিন্তায় কপালে ভাঁজ দিল্লির। প্রধানমন্ত্রী হয়ে প্রতিবেশী সব দেশেই সফর সেরেছেন নরেন্দ্র মোদি। কেবল এড়িয়ে গিয়েছেন মালদ্বীপকে। কারণ এই দ্বীপদেশে ভারতের হস্তক্ষেপও রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। তাই মোদির নীতি হল, দূর থেকে পরিস্থিতির দিকে নজর রাখা। কম গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রীকে দিয়ে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। এখন সে কাজ করছেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এমজে আকবর। গত মাসে মালে গিয়ে আকবর বলেছেন, ‘সুস্থির, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ মালদ্বীপ চায় ভারত। সেদেশের মানুষের আশা আকাঙ্খা পূর্ণ করতে পাশে রয়েছে দিল্লি।’ এই অবস্থায় সৌদি আরবকে ভূখণ্ড বিক্রি চিন্তায় রেখেছে ভারতকে।
বিরোধী দল মালডিভিয়ান ডেমাক্রাটিক পার্টির (এমডিপি) পক্ষে বলা হয়েছে, দেশে ওয়াহবি মতবাদের প্রসার ঘটাতেই ২৬টি ভূখণ্ডের মধ্যে ফাফু দ্বীপ ‘বিক্রি’ করা হবে সৌদিকে।
ভারতে এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় গ্রাহকদের ফের গ্যাসে ভর্তুকি চাওয়ার আশঙ্কা-আনন্দবাজার
নরেন্দ্র মোদীর আবেদনে এক কোটিরও বেশি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়েছেন। এ বার সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় তাঁদের অনেকে ফের ভর্তুকি চাইবেন বলে আশঙ্কা পেট্রোলিয়াম মন্ত্রকের।
বুধবার রাতে ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বেড়েছে। একলাফে এতখানি দাম বৃদ্ধি আগে কখনও হয়নি। ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম ৬৬ টাকা বেড়েছিল। গত বছর সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম ধাপে ধাপে ২৭১ টাকা বেড়েছে। উত্তরপ্রদেশের ভোটে একে হাতিয়ার করে আজ মাঠে নেমেছেন অখিলেশ যাদব-অহমেদ পটেলের মতো সপা-কংগ্রেসের নেতারা।
গুরমেহরের বিরুদ্ধে সরব হলেন আরেক শহিদ কন্যা পূজা-সংবাদ প্রতিদিন
একদিকে গুরমেহর কৌর যখন যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং দাবি করছেন, পাকিস্তান নয়, তাঁর বাবাকে হত্যা করেছে যুদ্ধ, তখন তাঁর এই যুক্তির বিরুদ্ধেই আর এক শহিদ কন্যা। পাঠানকোট জঙ্গিহানায় নিহত শহিদ ল্যান্সনায়েক মুলরাজের মেয়ে পূজা এদিন গুলমেহর কৌরের বক্তব্যের বিরোধিতা করলেন।
তিনি বলেন, “গুরমেহর কৌরকে বলতে চাই, নিজের বাবার আত্মবলিদানকে দয়া করে খাটো করবেন না।”
Main #GurmeharKaur se kahoongi please apne pitaji ki shahadat ka mazak mat banaiye:Pooja, daughter of Pathankot martyr Lance Naik Moolraj pic.twitter.com/1BMYE5aDkV
ANI (@ANI_news) March 3, 2017
প্রসঙ্গত, কার্গিল যুদ্ধের শহিদ হন ক্যাপ্টেন মনদীপ সিং। তাঁরই সন্তান গুরমেহর। বর্তমানে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। গত কয়েকদিন আগে তাঁর একটি ক্যাম্পেন নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। তিনি একটি ভিডিওতে বলেছিলেন, তাঁর বাবাকে পাকিস্তান হত্যা করেনি। তাঁর বাবা মারা গিয়েছেন যুদ্ধের জন্য। ভিডিওটিতে তিনি যুদ্ধের বিরোধিতা করেছিলেন। আর এরপর থেকেই তাঁকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ধর্ষণের হুমকি দিতে থাকে কিছু ব্যক্তি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩