'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো'
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বিচারকের প্রতি অনাস্থা : খালেদার আবেদনের আদেশ ৮ মার্চ-ইত্তেফাক
- যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন আ.লীগের প্রত্যাখ্যান-প্রথম আলো
- জঙ্গি সংগঠন আনসার-আল ইসলাম নিষিদ্ধ-যুগান্তর
- নিবন্ধন বাতিলের ভয়ে প্রহসনের নির্বাচনে অংশ নেবেনা বিএনপি’-মানবজমিন
- গুমের ঘটনাগুলোর ৮০ শতাংশই আত্মগোপন : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ফের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার-আনন্দবাজার
- ভারতে ঘুষ দিয়ে ভোট, কঠোর আইন চায় কমিশন-আজকাল
- মিড ডে মিলেও আধার আবশ্যিক, ক্ষুব্ধ মমতা-বর্তমান
- ভারতে জুহি কাণ্ড যেন আর না হয়, আরএসএসের সতর্কবার্তা বিজেপিকে-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
বিচারকের প্রতি অনাস্থা : খালেদার আবেদনের আদেশ ৮ মার্চ-ইত্তেফাক
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানানো সংক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। আগামী ৮ মার্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
ঢাকা বিশেষ জজ আদালত-৩ এ মামলাটি বিচারাধীন রয়েছে। এই বিচারকের প্রতি অনাস্থা জানানো আবেদন খারিজ করে দেন বিচারক আবু আহম্মদ জমাদার। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন আ.লীগের প্রত্যাখ্যান-প্রথম আলো
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির মতে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। এ জন্য যুক্তরাষ্ট্রকে তাদের রাষ্ট্রের মানবাধিকারের ওপর নজর দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মুখপাত্র হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বলব, নিজেদের রাষ্ট্রের মানবাধিকারের ওপর সবিনয়ে নজর দেন।’ তিনি দাবি করেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। তাদের দেশের প্রতিবছর পুলিশের গুলিতে ১ হাজার ১০০ লোক মারা যায়, যাদের অধিকাংশ সংখ্যালঘু। এ কারণে যুক্তরাষ্ট্রে ‘কালো মানুষের জীবনও মূল্যবান’—এ শিরোনামে আন্দোলন গড়ে উঠেছে।
নিবন্ধন বাতিলের ভয়ে প্রহসনের নির্বাচনে অংশ নেবেনা বিএনপি’-মানবজমিন
নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। আজ রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কেনো মূল্যে তা প্রতিহত করা হবে।
আর নয়া দিগন্তের খবর-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নিবন্ধন বাতিল আর জুযুর ভয় দেখিয়ে লাভ নেই। আপনাদেরই তো রাজনীতি জনগণের মন থেকে বাতিল হয়ে গেছে। কোনো আপস নয়, সংগ্রাম। প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো তবু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না।
গুমের ঘটনাগুলোর ৮০ শতাংশই আত্মগোপন : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
দেশে যেসব গুমের ঘটনা ঘটেছে তার ৮০ শতাংশই আত্মগোপন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের দেশে যেসব গুমের ঘটনা ঘটে, ভালোভাবে খোঁজ নিলে দেখা যায় ৮০ শতাংশ ঘটনার বেলাই নানাবিধ কারণে আত্মগোপন করে থাকে।
রোববার (৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দেশে যতগুলো মানুষ গুম হয়েছে, তার একদিন পরই পরিবার থানায় গিয়ে ডায়েরি করেছে। থানা থেকে খোঁজ নিয়ে দেখা গেছে ব্যবসায়িক বা নানাবিধ কারণে আত্মগোপন করেছে বা নিরুদ্দেশ হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী শতকরা ৭০টি ক্ষেত্রেই তাদের বাড়ি ফিরিয়ে এনেছে।
জঙ্গি সংগঠন আনসার-আল ইসলাম নিষিদ্ধ-যুগান্তর
জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তিশৃংখলা পরিপন্থী। ইতিমধ্যে তাদের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। এ নিয়ে দেশের সাতটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। নতুন করে নিষিদ্ধ আনসার-আল ইসলাম নিজেদেরকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দা নেটওয়ার্কের ভাবাদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ শাখা হিসেবে দাবি করে।
বুলবুলের রাসিক মেয়র থাকতে বাধা নেই-সমকাল
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে মেয়র পদ ফিরে ফেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আমিনুল হক হেলাল।
তিনি বলেন, এ রায়ের ফলে সরকার বুলবুলকে তার পদ ও মর্যাদা ফিরিয়ে দেবেন এটাই আশা করি।
তিস্তা চুক্তি সইয়ে বিচ্যুত হবে না ভারত, আশা পানিসম্পদমন্ত্রীর-প্রথম আলো
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের এখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি, সেটা থেকে তাঁরা বিচ্যুত হবেন না।’
পানিসম্পদমন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে তিস্তা চুক্তিতে অগ্রগতি হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে কথা হচ্ছে। শেষ পর্যন্ত আসলে কী ঘটতে যাচ্ছে, তা বলা যাচ্ছে না।
তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা কম বলে বাংলাদেশ কি এখন গঙ্গা ব্যারাজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে? এর উত্তরে মন্ত্রী বলেন, ‘আমরা দুটো বিষয়ই গুরুত্ব দিচ্ছি। দুটোই আমাদের প্রয়োজন এবং সেভাবেই চেষ্টা চলেছ। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করি, তখন কিছুটা বাস্তববাদী হতে হয়। কাজেই এসব সমস্যা মাথায় রেখেই এগোতে হয়।’
নব্য জেএমবির বড় মিজান রিমান্ডে- ইত্তেফাক
নব্য জেএমবির ‘অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী’ মিজানুর রহমান ওরফে বড় মিজানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।
রাজধানীর দারুসসালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গত ১ মার্চ বড় মিজানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক দেলোয়ার হোসেন। ওই দিন আদালত রিমান্ড শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভারতে জুহি কাণ্ড যেন আর না হয়, আরএসএসের সতর্কবার্তা বিজেপিকে-সংবাদ প্রতিদিন
জুহি কাণ্ড নিয়ে গেরুয়া শিবিরে ক্রমশ অস্বস্তি বাড়তে থাকায় এবার রাজ্য বিজেপি নেতৃত্বকে সতর্ক করল আরএসএস৷ ভবিষ্যতে দলের কোনও নেতা-নেত্রী যাতে এধরনের কোনও ঘটনায় জড়িয়ে না পড়েন তা নিয়ে রাজ্যের শীর্ষ নেতাদের সতর্ক থাকার কথা বলা হল৷ দলীয় পদে নেওয়ার আগে যেন যাচাই করে নেওয়া হয়৷ সূত্রের খবর, শিশু পাচারের ঘটনায় জুহির নাম ওঠার পরই তাঁকে তত্ক্ষণাত্ কেন দলীয় পদ থেকে সরানো হয়নি কেন তা নিয়েও রাজ্য বিজেপির উপর ক্ষুব্ধ আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতারাও৷ জুহি কাণ্ডে সংঘের হস্তক্ষেপ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
ভারতে ঘুষ দিয়ে ভোট, কঠোর আইন চায় কমিশন-আজকাল
ঘুষ দিয়ে ভোট কেনা রুখতে আরও কঠোর আইন আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল নির্বাচন কমিশন। এর আগেও একই দাবি জানানো হয়েছিল। দু’বার তা ফেরত পাঠিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। সে দিক থেকে তৃতীয়বার আর্জি জানানো এক কথায় নজিরবিহীন। কোনও নির্বাচনে ঘুষের অভিযোগ প্রমাণিত হলে তা বাতিল করার ক্ষমতা চাইছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেছেন, চলতি পাঁচ রাজ্যের নির্বাচনের মাঝে— পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে নগদ এবং মদ বাজেয়াপ্তের পরিমান ২০১২ সালের থেকে তিন গুণ হয়েছে। জাইদি জানিয়েছেন, নির্বাচনী সংস্কার নিয়ে সরকারের অনেক কিছু করার আছে।
মিড ডে মিলেও আধার আবশ্যিক, ক্ষুব্ধ মমতা-বর্তমান
এর আগে ১০০ দিনের কাজে আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। তাতে তীব্র আপত্তি জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আইসিডিএস, স্কুলের মিড ডে মিলেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র থেকে সেই চিঠি নবান্নে এসেছে। কেন্দ্রের নির্দেশে নবজাতকদের আধার কার্ড করতে বলা হয়েছে। যা দেখে ভীষণ ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার-আনন্দবাজার
আবার বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ)। ২ শতাংশ ভাতা বাড়তে পারে বলে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর। প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী এবং ৫৮ লক্ষের মতো পেনশনভোগী এই সুবিধা পাবেন। তবে কর্মী সংগঠনগুলি মহার্ঘ ভাতা বৃদ্ধির এই হারে খুশি নয়। মূল্যবৃদ্ধি যেখানে পৌঁছেছে, তাতে ভাতা আরও বাড়া উচিত ছিল বলে কর্মী সংগঠনগুলির দাবি। মূল্যবৃদ্ধির প্রভাব থেকে কর্মীদের রক্ষা করতেই মহার্ঘ ভাতা দেওয়া হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫