এই ইসির অধীনেই নির্বাচনে আসবে বিএনপি: ওবায়দুল কাদের
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বোমা হামলায় হত্যা: খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট-ইত্তেফাকঃ
- এই ইসির অধীনেই নির্বাচনে আসবে বিএনপি: কাদের-প্রথম আলো
- ৮টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ-যুগান্তর
- হাজারীবাগে থাকা সব ট্যানারি বন্ধের নির্দেশ-মানবজমিন
- বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল-কালের কণ্ঠ
- পাঠ্যবইয়ে আনা পরিবর্তন কেন অবৈধ নয়-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভারতের উত্তরপ্রদেশে শেষবেলাতেও অস্ত্র সেই মেরুকরণ-আনন্দবাজার
- পরপর হামলা, আমেরিকাকে উদ্বেগ ভারতের-আজকাল
- রোজভ্যালি: তৃণমূলের দুই নেতাকে ডাকবে সিবিআই-বর্তমান
- মুম্বই হামলায় দায়ী পাকিস্তানের জঙ্গিরাই’-সংবাদ প্রতিদিন
শ্রোতা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
বোমা হামলায় হত্যা: খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট-ইত্তেফাক
দেশব্যাপী বহুল আলোচিত যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলা চালিয়ে আট যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
ঘটনার দুই বছর এক মাস দুইদিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এস আই ইব্রাহীম সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করেন। আলোচিত এ মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় পাঁচ নেতাকে হুকুমের আসামি ও স্থানীয় সাবেক এমপি জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে সর্বমোট ৭৮ জনের নাম এ চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এই ইসির অধীনেই নির্বাচনে আসবে বিএনপি: কাদের-প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মানি না মানব না ভাঙা রেকর্ড নির্বাচনের আগ পর্যন্ত চলবে। তবে শেষ পর্যন্ত তারা এই ইসির অধীনে নির্বাচনে আসবে।
এদিকে কালেরকন্ঠসহ বেশ কয়েকটি দৈনিকের খবর-ক্ষমতাসীনদের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো সরকার একই কায়দায় ছলচাতুরী করে, প্রতারণা করে গোল করতে চায়। কিন্তু তা এত সহজ নয়।
অন্যদিকে দলের নেতা-কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হতাশ হলে চলবে না। সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় হতে হবে। আর কঠোর আন্দোলন করেই তাদের পতন ঘটাতে হবে।
তিনদিনের সফরে জাকার্তায় প্রধানমন্ত্রী-ইত্তেফাক
ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন।
সোমবার বিকেলে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় হালিম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সেদেশের নারী ক্ষমতায় ও শিশু সুরক্ষা মন্ত্রী ইয়োহানা সুসানা ইয়েমবিস এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
৮টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ-যুগান্তর
রাশিয়া থেকে আটটি বহুমাত্রিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতর সম্পতি তাদের ওয়েবসাইটে দরপত্র আহ্বান করে। ২০১৭-১৮ অর্থবছরের জন্য এসব যুদ্ধবিমান কেনার দরপত্রে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। আর ১৩ এপ্রিল ওই দরপত্র উন্মুক্ত করা হবে।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুতনিক খবর দিয়েছে, রাশিয়ার শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন (ইউএসি) আধুনিক প্রযুক্তির এই আটটি যুদ্ধবিমান সরবরাহের কাজটি পেতে পারে।
হাজারীবাগে থাকা সব ট্যানারি বন্ধের নির্দেশ-মানবজমিন
হাজারীবাগে থাকা সব ট্যানারি অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে ট্যানারি বন্ধের এই নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত।
পাঠ্যবইয়ে আনা পরিবর্তন কেন অবৈধ নয়-নয়া দিগন্ত
প্রখ্যাত লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পরপর হামলা, আমেরিকাকে উদ্বেগ ভারতের-আজকাল
গত ১০ দিনে আমেরিকায় ভারতীয়দের ওপর ৩টি হামলার ঘটনা। তার মধ্যে ২টিকে সম্ভাব্য ‘হেট ক্রাইম’ ধরে তদন্ত শুরু করেছে এফবিআই। আমেরিকায় প্রশ্নের মুখে ভারতীয়দের নিরাপত্তা। এই অবস্থায় মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ জানালেন ভারতের রাষ্ট্রদূত নবতেজ সরনা। মার্কিন বিদেশ দপ্তর ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। আমেরিকায় ভারতীয় দূতাবাসের টুইটারে বিষয়টি জানানো হয়েছে।
২২ ফেব্রুয়ারি কানসাসের ওলাথ শহরের পানশালায় খুন হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা (৩২)। তাঁর সঙ্গী ভারতীয়, অলোক মাদাসিন গুরুতর জখম হন।
মুম্বই হামলায় দায়ী পাকিস্তানের জঙ্গিরাই’-সংবাদ প্রতিদিন
প্রকাশ্যে এল সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা। মুম্বই হামলার উৎস পাকিস্তানের মাটিতেই, এবার স্পষ্ট স্বীকারোক্তি প্রাক্তন পাকিস্তানি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আলি দুরানির। সোমবার নয়াদিল্লির ‘ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস’-এর ১৯তম এশিয়ান কনফারেন্সে বক্তব্য রাখেন দুরানি। আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলা নিয়ে তাঁর বক্তব্যে দুরানি বলেন, পাকিস্তানের জমিতে ফুলেফেঁপে ওঠা এক জঙ্গি সংগঠনই ২৬/১১ হামলা ঘটিয়েছিল। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও সীমান্ত-সন্ত্রাসের চূড়ান্ত উদাহরণ হচ্ছে মুম্বই হামলা। তবে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাক আর্মি ও কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই-এর ভূমিকা নিয়ে মুখ খোলেননি দুরানি।
বাবরি কাণ্ড: বিচারের মুখে আদবানি-আজকাল
বাবরি মসজিদ ধ্বংস কাণ্ডে লালকৃষ্ণ আদবানি সহ বেশ কয়েক জন বিজেপি নেতার বিরুদ্ধে নতুন করে মামলা হতে পারে। রায়বেরিলি আদালত ষড়যন্ত্রের অভিযোগ থেকে তাঁদের রেহাই দিয়েছিল। সেই রায়ই মানল না সুপ্রিম কোর্ট। সিবিআই–কে ১৩ জন নেতার বিরুদ্ধে নতুন করে চার্জশিট দায়েরের অনুমতি দিল। ২২ মার্চ আগামী শুনানি। সেদিনই জানা যাবে, আদবানি, বিনয় কাটিয়ার, উমা ভারতী, মুরলি মনোহর যোশি, কল্যাণ সিংয়ের বিরুদ্ধে বাবরি কাণ্ডে নতুন করে বিচার শুরু হবে কিনা।
রোজভ্যালি: তৃণমূলের দুই নেতাকে ডাকবে সিবিআই-বর্তমান
রোজভ্যালিকাণ্ডের তদন্ত এবার কোন পথে বাঁক নেবে, তা নিয়ে এখন গোটা রাজ্য জুড়েই জল্পনা। তার মধ্যেই উঠে আসছে রাজ্যের হেভিওয়েট দুই নেতার নাম। তাঁরা কারা, তা নিয়ে যেমন আড়ালে আবডালে জোর চর্চা চলছে, তেমনই সিবিআই তদন্তের গতি কতটা বাড়াবে, তা নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে। যাবতীয় তদন্তের গতিপ্রকৃতি যে নির্ভর করছে উত্তরপ্রদেশের ভোটের ফলের উপর, তাও নিশ্চিত। যদি ১১ মার্চ ভোটের ফলাফলে বিজেপির পাল্লা ভারী হয়, তাহলে সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়াকে আরও জোরদার করবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ভারতের উত্তরপ্রদেশে শেষবেলাতেও অস্ত্র সেই মেরুকরণ-আনন্দবাজার
উত্তরপ্রদেশে ভোটের বাকি আর একটি পর্ব। বারাণসী-সহ সাত জেলার ৪০টি আসনে। শেষ পর্বের এই বিধানসভা নির্বাচনের আগে তিন দিন রীতিমতো বারাণসীতে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দেখে বিরোধীরা বলছেন, শেষ প্রহরে পুরোদস্তুর মেরুকরণের রাজনীতিতে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী।
নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে হিন্দুত্বের জিগির তুলে সংলগ্ন আসনগুলিতে ভাল ফল করার চেষ্টা করছেন। সে ক্ষেত্রে রাজ্যে ক্ষমতা দখলের দৌড়ে টিকে থাকবে বিজেপি। শেষ দফায় এসে মোদীর এই ‘প্রচারের বাড়াবাড়ি’ দেখে আজ কটাক্ষ করতে ছাড়েননি মোদী-বিরোধী বিজেপি নেতা শত্রুঘ্ন সিন্হাও। তাঁর কথায়, ‘‘মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬