মার্চ ০৯, ২০১৭ ১৩:২৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলেছে বিএনপি : প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী-জঙ্গি নির্মূলের দাবি করিনি, নিয়ন্ত্রণ করতে পেরেছি-প্রথম আলো
  • ডিআইজির প্রতিবেদন-সাঁওতালপল্লীতে দুই পুলিশ আগুন দেয়-যুগান্তর
  • ইডেন কলেজের হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার-মানবজমিন
  • নবম ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত হবে টেলিভিশন-কালের কণ্ঠ
  • ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তি প্রকাশের দাবি ফখরুলের-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • সইফুল্লার সঙ্গিদের লক্ষ্য দিল্লি!‌ সতর্কতা-আজকাল
  • মোদির ভাগ্যের ইঙ্গিত আজ এক্সিট পোলে-বর্তমান
  • দেশদ্রোহী ছেলের লাশ নিতে অস্বীকার বাবার, গর্বিত প্রশাসন-সংবাদ প্রতিদিন
  • ধাক্কাটা খুব সুখকর নয় এখনও, সরকার বুঝছে কি? -আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলেছে বিএনপি : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ/ইত্তেফাক

পাট শিল্পের ওপর গুরুত্বারোপের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বর্তমান সরকার পাট শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং পাট শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে। বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে। খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় পাট মেলার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসন আমলে রমজান মাসে পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে, তখন ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী-জঙ্গি নির্মূলের দাবি করিনি, নিয়ন্ত্রণ করতে পেরেছি-প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কখনো জঙ্গি নির্মূলের দাবি করিনি। তবে জঙ্গি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় গতকাল বুধবার তিনি এ কথা বলেন।আসাদুজ্জামান খান বলেন, শোলাকিয়া, আশুলিয়াসহ বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নাশকতার চেষ্টা ভন্ডুল করা সম্ভব হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কারাগারে ১৭ শতাংশ মাদক মামলার আসামি। মাদক মামলার নিষ্পত্তিতে সহজে সাক্ষী পাওয়া যায় না। এ জন্য সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। দেশে মাদক উৎপাদনের কোনো কারখানা নেই। প্রতিবেশী দেশ থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করে।

ইউজিসি উচ্চশিক্ষা কমিশন হচ্ছে-প্রথম আলো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রী দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থী ভর্তির টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়ার পুনঃতদন্তের আবেদন খারিজ-ইত্তেফাক

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অর্থের উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্ত চেয়ে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে বুধবার এর শুনানি সম্পন্ন হয়।  আদালতে খালেদার পক্ষে আব্দুর রেজাক খান শুনানি করেন। আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া তাকে সহযোগিতা করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

 ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

ডিআইজির প্রতিবেদন-সাঁওতালপল্লীতে দুই পুলিশ আগুন দেয়-যুগান্তর

ডিআইজির প্রতিবেদন-সাঁওতালপল্লীতে দুই পুলিশ আগুন দেয়

পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দিয়েছেন উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী মঞ্জুরুল কবির। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অগ্নিসংযোগে সরাসরি জড়িত ছিলেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও জেলা পুলিশ লাইনসের কনস্টেবল সাজ্জাদ হোসেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

নবম ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত হবে টেলিভিশন-কালের কণ্ঠ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ফটো)

সরকার নবম ওয়েজবোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বেতন কাঠামোর আওতায় টেলিভিশন, রেডিওসহ বিকাশমান মিডিয়ারকর্মীরা অর্ন্তভুক্ত থাকবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের নেতারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, সরকার একজন বিচারপতিকে চেয়ারম্যান করে ওয়েজবোর্ড গঠন করে দেবে। এরপর মালিকপক্ষ ও কর্মচারীরা তা বাস্তবায়ন করবেন। ওয়েজবোর্ড গঠনের কাজে সরকার হাত দিয়েছে।

ইডেন কলেজের হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার-মানবজমিন

ইডেন কলেজে ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুম থেকে জান্নাতুল ফেরদাউস জীবন (২২) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জীবন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল জানান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুমের ফ্যানে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় জীবনকে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সেই অবস্থায় পুলিশ  তার লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তি প্রকাশের দাবি ফখরুলের-নয়া দিগন্ত

ভারতে সঙ্গে বাংলাদেশের যে সম্ভাব্য সামরিক চুক্তি হচ্ছে তা জনগণ জানতে চায় দাবি করে সরকারকে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ‘৭ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১ তম কারাবরণ দিবস’ উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেড়েছি, ভারতে সঙ্গে বাংলাদের নিরপাত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। দেশের সাথে দেশের চুক্তি হতেই পারে। ভারতের সাথে বাংলাদেশর চুক্তি করবেন, সেটা জনগণ জানবে না সেটা হতে পারে না বাংলাদেশ প্রজাতন্ত্র। দেশের সবার এটা জানার অধিকার রয়েছে যে সরকার কি করছে। কি চুক্তি হচ্ছে তা প্রকাশ করা ম্যান্ডেটরি। অথচ একটা চুক্তিও এখন পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

শুধু তাই নয়, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবার বোধহয় ভারতের সাথে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত একফোটা পানিও তিস্তা নদীতে পাইনি।’ যোগ করেন তিনি।

জঙ্গিবাদ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের সদাশয় সরকারের অতি দক্ষতার কারণে গোটা পৃথিবীতে এখন এই ধারণা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ একটি জঙ্গিরাষ্ট্রে পরিণত হচ্ছে। সুনির্দিস্টভাবে কখনো এসবের তদন্ত হচ্ছে না।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সইফুল্লার সঙ্গিদের লক্ষ্য দিল্লি!‌ সতর্কতা-আজকাল

দিল্লিতে সতর্কতা জারি

লখনউয়ের কাছে বুধবার ভোরে সইফুল্লা নিহত হয়েছে। কিন্তু তার দুই সঙ্গির এখনও খোংজ মেলেনি। পুলিসের সন্দেহ, ফেরার ২ জন দিল্লি পালিয়ে যেতে পারে। সামনেই দোল উৎসব। তখন ভিড়ের মধ্যে বড়সড় নাশকতার ছক কষতে পারে তারা। সেজন্য দিল্লিতে জারি হল কড়া নিরাপত্তা। পাহাড়গঞ্জ এবং আশপাশের এলাকায় তল্লাশি চলছে। লখনউয়ের এডিজি পি চৌধুরি বাকি দুজনকে শিগগিরই ধরার আশ্বাস দিয়েছেন। 

মঙ্গলবার মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণের সূত্র ধরে ধরপাকড় শুরু হয়। বিশেষ সূত্রে খবর পেয়ে লখনউয়ের অদূরে ঠাকুরগঞ্জের একটি বাড়িতে অভিযান চালায় উত্তরপ্রদেশ এসটিএফ। টানা ১২ ঘণ্টা লড়াইয়ের পর নিহত হয় জঙ্গি সইফুল্লা। ওই বাড়ি থেকে মেলে আইএস–এর পতাকা, বোমা তৈরির জিনিস, অস্ত্রশস্ত্র।

দেশদ্রোহী ছেলে সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার, গর্বিত ভারতের প্রশাসন-সংবাদ প্রতিদিন

ছেলে আইএসআইএল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত৷ দেশে প্রথম আইএসআইএলের হামলার নেপথ্যেও জড়িয়েছে ছেলের নাম৷ তাই সেই দেশদ্রোহী ছেলের লাশ পর্যন্ত নিতে অস্বীকার করেছিলেন সরতাজ৷ আজ সে কাজের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ পাঠ করে শোনালেন সরতাজের বিবৃতি ৷

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যবিধি প্রণয়ন-ধাক্কাটা খুব সুখকর নয় এখনও, সরকার বুঝছে কি?-আনন্দবাজার

এ বার প্রশ্ন উঠতে শুরু করেছে। সদুদ্দেশ্যেই নতুন স্বাস্থ্য বিধি প্রণয়ন করেছেন মুখ্যমন্ত্রী, মেনে নিয়েও বলতে হচ্ছে ফলটা কিন্তু সর্বৈব ইতিবাচক নয় এখনও পর্যন্ত। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে চিকিৎসক মহল সন্ত্রস্ত বেশ। রোগী ফেরাচ্ছে বহু বেসরকারি হাসপাতাল, ছুরি-কাঁচি ধরার আগে দশ বার ভাবছেন চিকিৎসক, কী কী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হবে রোগীকে, প্রেসক্রিপশনে সেটুকু লিখতেও দ্বিধা হচ্ছে ডাক্তারের। ভয় কেন, ত্রাস কীসের, দ্বিধার কী আছে— এ সব প্রশ্নকে ঘিরে তর্ক-বিতর্ক চলতেই পারে। কিন্তু বেসরকারি স্বাস্থ্য পরিষেবার স্বাস্থ্য ফেরাতে যে দাওয়াই দেওয়া হল, তার প্রাথমিক ধাক্কাটা যে জনসাধারণের পক্ষেও সুখকর হচ্ছে না, সে কথা সরকারকেও বুঝতে হবে। রাজ্যের ৭০ শতাংশ, মতান্তরে ৮৫ শতাংশ বাসিন্দা সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল।

মোদির ভাগ্যের ইঙ্গিত আজ এক্সিট পোলে-বর্তমান

পাঁচ রাজ্যের ভোটপর্ব অবশেষে সমাপ্ত হল। পাঞ্জাবে বিজেপি ও অকালি দলের জোট এবার পরাজিত হচ্ছে বলেই রাজনৈতিক মহলের অনুমান। গোয়া এবং উত্তরাখণ্ডে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সমানে টক্কর হয়েছে। মণিপুরে কংগ্রেস এগিয়েই বলা হচ্ছে। এই প্রবণতা স্পষ্ট হওয়ার পর উত্তরপ্রদেশকেই নরেন্দ্র মোদি তথা বিজেপি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে একমাত্র তুরুপের তাস হিসাবে বাছাই করেছিল। সেই কারণেই আজ বারাণসীসহ পূর্ব উত্তরপ্রদেশের ৭টি জেলার শেষ দফার ভোটের আগে স্বয়ং প্রধানমন্ত্রী টানা তিনদিন বারাণসীতে পড়ে থেকেছেন। লাগাতার রোড শো করেছেন বারাণসীর রাস্তায়। সেই রোড শোতে যথারীতি জনপ্লাবন হয়েছে। কিন্তু আগামী শনিবার জানা যাবে উত্তরপ্রদেশের মানুষের মনের কথা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯