কারো সঙ্গে যুদ্ধ নয়, হামলা হলে জবাব দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- কারো সঙ্গে যুদ্ধ নয়, হামলা হলে জবাব দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- জঙ্গির সঙ্গী বিএনপি এবং খালেদা জিয়া: ইনু-প্রথম আলো
- প্রমাণ দিতে না পারলে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত : দুদু-নয়া দিগন্ত
- সাবমেরিন যুগে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী: প্রধানমন্ত্রী-যুগান্তর
- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা-পুনরায় সাক্ষ্যগ্রহণে খালেদার আবেদন খারিজ-মানবজমিন
- বিজিএমইএ ভবন ভাঙতে ছয় মাস সময়-সমকাল
- জঙ্গিদের ভার্চুয়াল উপস্থিতি থাকতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী -কালের কণ্ঠ
- জঙ্গিবাদ নিয়ে সোস্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে-মনিরুল- বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ৬৯ থেকে ২৪ ! কমল মুসলিম বিধায়ক-আজকাল
- মোদি ঝড়ে গেরুয়া উত্তরপ্রদেশ, ধরাশায়ী জোট, অস্তিত্ব সংকটে মায়াবতী-বর্তমান
- যে ১০ কৌশলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বাজিমাত করল বিজেপি -সংবাদ প্রতিদিন
- উত্তর প্রদেশে কে হবেন মুখ্যমন্ত্রী -আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
কারো সঙ্গে যুদ্ধ নয়, হামলা হলে জবাব দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। তবে বাঙালি কখনো অন্যায় ও অবিচারকে মেনে নেয়নি। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু আমাদের ওপর কোনো ধরনের হামলা হলে তার সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। রবিবার চট্টগ্রাম নৌ জেটিতে দু’টি সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ আনুষ্ঠানিকভাবে নৌবহরে কমিশনিং করেন তিনি। এ সময় তিনি সাবমেরিন দু’টির কমিশনিং ফরমান অধিনায়কদের হাতে তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।
বাংলাদেশের সাবমেরিন যুগে প্রবেশের ঘটনাকে ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও আমাদের নৌবাহিনীর সাবমেরিন ছিল না। অত্যাধুনিক এই সাবমেরিন যুদ্ধ জাহাজ যুক্ত হয়ে আমাদের নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। আক্ষরিকভাবেই এখন বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে।
জঙ্গির সঙ্গী বিএনপি এবং খালেদা জিয়া: ইনু-প্রথম আলো
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবকে নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এটি নির্বাচন ভন্ডুল করার একটি চক্রান্তের পাতা ফাঁদ। সুতরাং আমরা এটা গ্রহণ করতে পারি না।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক সমাবেশে হাসানুল হক ইনু এ কথা বলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
হাসানুল হক বলেন, ‘আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের এক নম্বর আপদ মনে করি। সে জন্য মহাজোটে আছি। জঙ্গিরা এত ভয়াবহ হতে পারত না, যদি বিএনপি এবং খালেদা জিয়া জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক ও সঙ্গী না হতো। সুতরাং জঙ্গি যদি এক নম্বর বিপদ হয়, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতির বড় বিপদ হচ্ছে জঙ্গির সঙ্গী বিএনপি এবং খালেদা জিয়া।’
ইনু বিএনপিকে জঙ্গি পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িক দল হিসেবে উল্লেখ করে বলেন, যখনই তারা বিপদে পড়ে, তখনই তারা গণতন্ত্রের ছাতা তোলে, নির্বাচনকে ব্যবহার করে। আজকে যখন নির্বাচন সামনে, তখন খালেদা জিয়া ও বিএনপি নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে আরেকটি চক্রান্তের প্রস্তাব করেছে—তা হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব।
জঙ্গিদের ভার্চুয়াল উপস্থিতি থাকতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী -কালের কণ্ঠ
জঙ্গিদের ভার্চুয়াল উপস্থিতি থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, জঙ্গিদের ভার্চুয়াল উপস্থিতি কোনো সীমান্ত মানে না। এখন শুধু নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়।
আজ রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান খান এসব কথা বলেন। তিন দিনব্যাপী ওই আন্তর্জাতিক সম্মেলনের আজ প্রথম দিন। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে 'ওয়ান টু ওয়ান কমিউনিকেশন' চায় বলে জানান পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
জঙ্গিবাদ নিয়ে সোস্যাল মিডিয়ায় গুজব ছাড়ানো হচ্ছে’-বাংলাদেশ প্রতিদিন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সোস্যাল মিডিয়ায় জঙ্গিবাদ নিয়ে গুজব ছাড়ানো হচ্ছে। তবে বিষয়টি পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। যে কোনো গুজবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে।
রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী চিফ’স অব পুলিশ কনফারেন্সে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ রুখতে আন্তঃযোগাযোগের গুরুত্বের কথা তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ দমনে আমরা জিরো টলারেন্সে। পাশাপাশি নেওয়া হচ্ছে নানামাত্রিক সচেতনতামূলক কর্মসূচিও।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা-পুনরায় সাক্ষ্যগ্রহণে খালেদার আবেদন খারিজ-মানবজমিন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩২ জনের ফের সাক্ষ্য নিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধ খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন।
প্রমাণ দিতে না পারলে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত : দুদু-নয়া দিগন্ত
বিএনপি ভারতকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল’ এ কথার প্রমাণ দিতে না পারলে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনিতেই কথা প্রিয় মানুষ যখন কথা বলেন মাঝে মধ্যে হিসাব নিকাশ থাকে না। তিনি বলেন, ‘বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন।’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমান করতে না পারলে জাতির কাছে মিথ্যার দায়ে ক্ষমা চাওয়া উচিত।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাজারিবাগে থাকতে পারবে না কোনো ট্যানারি কারখানা-ইত্তেফাক
হাজারীবাগে আর কোন ট্যানারি কারখানা থাকতে পারছে না। ট্যানারিগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ট্যানারি কারখানা গুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের আদেশও বহাল রেখেছে আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।
গত ৬ মার্চ হাইকোর্ট ট্যানারিগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ট্যানারি মালিকদের সংগঠন ফিনিশড লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার এসোসিয়েশন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বিজিএমইএ ভবন ভাঙতে ছয় মাস সময়-মানবজমিন/প্রথম আলো
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে ছয় মাস সময় পেল বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সর্বোচ্চ আদালত বলেছেন, ছয় মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙতে হবে।
কার্যালয় অন্যত্র সরাতে তিন বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। বিজিএমইএর আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়।
আজ আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আইন না মেনে গড়ে তোলা বিজিএমইএর ১৬ তলা ভবন ভাঙতে রায় দেন সর্বোচ্চ আদালত। এই রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) বিজিএমইএর করা আবেদন খারিজ হয়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
যে ১০ কৌশলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বাজিমাত করল বিজেপি -সংবাদ প্রতিদিন
মোদি সুনামিতে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল রাহুল-অখিলেশ ‘সাথ’৷ ঐতিহাসিক জনরায়ে ফের ১৪ বছর পর উত্তরপ্রদেশের ক্ষমতায় আসীন ভারতীয় জনতা পার্টি৷ শনিবার ভোটের ফল প্রকাশ হতেই এক ঝটকায় বদলে গেল আসমুদ্র হিমাচল ভারতের রাজনৈতিক সমীকরণ৷ নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইকের যাবতীয় তরজায় জল ঢেলে ফের তিন বছর আগের স্লোগানেই মাতায়োরা বারাণসী থেকে দিল্লি– ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’৷ শুধু টিপুর গড় দখলই নয়, উত্তরাখণ্ডেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে নরেন্দ্র দামোদরদাস মোদির বিজেপি৷
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিপক্ষকে কার্যত নক-আউট করে দিয়েছে বিজেপি।
৬৯ থেকে ২৪ ! কমল মুসলিম বিধায়ক-আজকাল
বছর পাঁচেক আগেও মুসলিম বিধায়কের সংখ্যা ছিল ৬৯। এক ধাক্কায় তা নেমে দাঁড়াল ২৪ এ। এমনই পরিসংখ্যান উঠে আসছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে।
রাজ্যে মোট জনসংখ্যার ১৯ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। এই সংখ্যালঘু ভোট এতদিন যেত মূলত সমাজবাদী পার্টি, বিএসপি ও কংগ্রেসের দিকে। এবার ৪০৩ আসনের কোথাও সংখ্যালঘু প্রার্থী দেয়নি বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মেরুকরণের রাস্তাতেই হাঁটতে চেয়েছিল বিজেপি। মুসলিম ভোট যখন ভাগ হয়েছে, তেমনি হিন্দু ভোটের বড় অংশ এসেছে বিজেপির ঝুলিতে। রাজ্যের পশ্চিমপ্রান্তের তেরাই, রেহিলখণ্ড এলাকায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। সেইসব এলাকাতেও বিজেপি–র সাফল্য এসেছে।
পছন্দের প্রেসিডেন্ট পেতে পারেন বিজেপি-আজকাল
উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জয় এনডিএ–এর হাত এতটাই শক্ত করেছে যে চাইলে এখন কোনও দলের সঙ্গে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি পদে নিজেদের পছন্দের কাউকে বসাতে পারবে বিজেপি। এনডিএ বহির্ভূত কোনও একটি দলের সমর্থন নিলেই চলবে। হতে পারে এডিএমকে, বিজু জনতা দল। তাদের সমর্থন না পেলে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা ওয়াইএসআর কংগ্রেসের যুগ্ম সমর্থন পেলেও চলবে।
জুলাই মাসে রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ করবেন প্রণব মুখার্জি। তাঁকে দ্বিতীয়বার বসানোর কোনও সম্ভাবনা নেই।
মোদি ঝড়ে গেরুয়া উত্তরপ্রদেশ, ধরাশায়ী জোট, অস্তিত্ব সংকটে মায়াবতী-বর্তমান
শনিবার বিজেপি’র সুনামিতে আক্ষরিক অর্থেই ধরাশায়ী হল উত্তরপ্রদেশের সব বিরোধী দল। ১৫ বছর পর এই রাজ্যের ক্ষমতা দখল করল বিজেপি। আর দলের নেতারা এই ঐতিহাসিক জয়ের সব কৃতিত্ব দিচ্ছেন ‘মোদি ঝড়’-কেই। বিজেপি’র দাবি, শুধুমাত্র আর উচ্চবর্ণ নয়, দলিতসহ সমাজের সব অংশের মানুষই যে এখন দলের পাশে রয়েছেন, এই ফল সেটাই তুলে ধরল। হার স্বীকার করে এদিনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অখিলেশ যাদব। বিজেপি ধাক্কায় পুরোপুরি গুরুত্বহীন হয়ে গেলেন মায়াবতী। পাশাপাশি অখিলেশের দলের সঙ্গে হাত মিলিয়েও মুখ রক্ষা করতে পারল না কংগ্রেস। এমনকী রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেথির অন্তর্গত বিধানসভা আসনগুলিতেও বড় ধাক্কা খেতে হয়েছে কংগ্রেসকে।
উত্তর প্রদেশে কে হবেন মুখ্যমন্ত্রী –আনন্দবাজার
উত্তরপ্রদেশে বিপুল জয়ের পরে আপাতত মনোজ সিন্হা কিংবা কেশবপ্রসাদ মৌর্যের নামই সব থেকে এগিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে। তবে বিজেপি নেতাদের বক্তব্য, এখনও নরেন্দ্র মোদী ও অমিত শাহ ছাড়া আর কেউ নাম জানেন না। আর জাতপাতের অঙ্ক মাথায় রাখলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যেমন যোগী আদিত্যনাথ রয়েছেন, তেমনই দীনেশ শর্মা, শ্রীকান্ত শর্মাদের নামও ঘোরাফেরা করছে। রাজনাথ সিংহ মুখ্যমন্ত্রী হতে চাইলেও তাঁকে প্রস্তাব দেওয়া হয়নি। মনোজ সিন্হা ভূমিহার ও মোদীর ঘনিষ্ঠ। আর রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য ওবিসি। অমিত শাহ আজ বলেন, আগামিকাল সংসদীয় বোর্ডের বৈঠকে যোগ্যতম ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী করা হবে। তবে দলের অনেকের ধারণা, হোলির পরে বিধায়ক দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্থির হবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২