‘আইএসের সঙ্গে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে “হোম গ্রোন”দের যোগাযোগ থাকতে পারে’
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৩ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ওজনে অনিয়মসহ বিভিন্ন অপরাধে জরিমানা বাড়ছে-ইত্তেফাক
- ‘আইএসের সঙ্গে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে “হোম গ্রোন”দের যোগাযোগ থাকতে পারে’-প্রথম আলো
- মির্জা ফখরুলের প্রশ্ন-কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় হাসিনা? -যুগান্তর
- ফ্লাইওভারে গার্ডার পড়ে মৃত্যু-দায়িত্বে অবহেলাকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মেয়র-মানবজমিন
- চাঁপাইনবাবগঞ্জে আম মৌসুমে চাঁদা দিতে হয় আড়াই শ কোটি টাকা-কালের কণ্ঠ
- মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত- বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- বিধানসভায় ভোট চুরি করেছে বিজেপি-পি চিদাম্বরাম--আজকাল
- সইফুল্লাহর আদর্শে বইয়ে দাও রক্তগঙ্গা, আহ্বান আইএস-এর-সংবাদ প্রতিদিন
- একই স্কুলের ছয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! অবসাদ না কি অন্য রহস্য?-আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
মির্জা ফখরুলের প্রশ্ন-কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় হাসিনা? -যুগান্তর
বাসভবনের বাইরে কারা থাকেন, তা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। বিএনপি ২০০১ সালে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, 'তাই যদি হয়, তাহলে পরে প্রধানমন্ত্রী কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসলেন?'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ২০০১ সালের নির্বাচন নিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের হতবাক করেছে। যেভাবেই হোক তিনি সরকারপ্রধান। এতবড় দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন উক্তি তিনি কিভাবে করতে পারলেন, তা আমাদের চিন্তায় আসে না।'
বিএনপির মহাসচিব বলেন, 'বক্তব্যের মধ্য দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) বুঝিয়ে দিয়েছেন, এদেশে বিদেশীরা বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনে কাজ করছে। এটা জাতির জন্য কতটা মঙ্গলজনক, তা দেশের মানুষ সহজেই অনুমান করতে পারে।'
তিনি আরও বলেন, 'শোনা যায়, ২০১৪ সালে ভারতের ‘র’ এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ওই নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন। এরশাদকে নির্বাচনে অংশের ব্যবস্থা করলেন। তাহলে কী আমরা বুঝতে পারি ‘র’ এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল!'
আর প্রথম আলোর খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, হাওয়া ভবনে ‘র’-এর লোকজন বসে থাকতেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পাবলিক পারসেপশন অন্য রকম আছে। প্রধানমন্ত্রীর বাসভবনেই নাকি “তাঁরা” বসে থাকেন। কারা বসে থাকেন, তা আমরা জানি না। এটা পাবলিক পারসেপশন। যদি তা-ই হয়, এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা দেওয়া উচিত।’
‘আইএসের সঙ্গে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে “হোম গ্রোন”দের যোগাযোগ থাকতে পারে’-প্রথম আলো
ঢাকায় পুলিশপ্রধানদের সম্মেলনের দ্বিতীয় দিনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘হোম গ্রোন’ জঙ্গিদের সঙ্গে আইএসের ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে যোগাযোগ থাকতে পারে। তবে দেশীয় জঙ্গিদের আইএস-অধ্যুষিত এলাকায় গিয়ে প্রশিক্ষণ নেওয়া বা অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আজ সোমবার সোনারগাঁ হোটেলের লবিতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
সম্মেলনের প্রথম দিনে জঙ্গিবাদ বিশেষজ্ঞ রোহান গুণারত্নে বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলা করেছিল আইএস; জেএমবি নয়। তাদের ‘হোম গ্রোন’ বলা ভুল। হামলাকারীদের পরিচয় সম্পর্কে রাজনৈতিক নেতৃত্ব অসত্য বলেছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, জঙ্গিগোষ্ঠীটির অনেকে তাঁদের হাতে গ্রেপ্তার হয়েছেন। কেউ বলেননি তাঁরা আইএস। অনেকে মারা গেছেন। তাঁদের আত্মীয়স্বজনও বলেননি। সবাই জেএমবির কথাই বলেছেন।
এ কে এম শহীদুল হক বলেন, ‘এরা কেউ বাংলাদেশ ত্যাগ করে আইএসের সঙ্গে ট্রেনিং নেয়নি। তবে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে তাদের বিচরণ থাকতে পারে। নেটওয়ার্ক থাকতে পারে। ফেসবুকে থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে। সেটা তাদের নিজস্ব।’
ওজনে অনিয়মসহ বিভিন্ন অপরাধে জরিমানা বাড়ছে-ইত্তেফাক
ওজনে অনিয়ম করাসহ বিভিন্ন অপরাধের জন্য জরিমানার পরিমাণ বাড়িয়ে স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন-২০১৭–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী মানদণ্ডহীন বাটখারার জন্য আগে ছয় মাস জেল বা অনূর্ধ্ব তিন হাজার টাকা জরিমানার বিধান ছিল। এখন সাজার মেয়াদ ঠিক রাখা হলেও জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা করা হয়েছে। এভাবে আরও কয়েকটি ধারায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।
মাদকের টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা-ইত্তেফাক
টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলুদিয়া গ্রামে মাদকের টাকা চেয়ে না পাওয়ায় মা ও প্রতিবেশীকে কুপিয়ে করেছে এক যুবক। সোমবার সকালের এ ঘটনায় ঘাতক মিরাজ (২৫), তার বাবা মোহাম্মদ আলী (৬৫) ও ছোটভাই আল আমীনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন— মিনারা বেগম (৫৫) ও তার প্রতিবেশী আকবর আলী (৫০)।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, মিরাজ মাদকাসক্ত। সকালে মা মিনারার কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। চিত্কার শুনে প্রতিবেশী আকবর বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন। দুজনে ঘটনাস্থলেই মারা যান। নৃশংস এ হত্যাকাণ্ডের পর মায়ের কলিজা টেনে বের করে আনে ঘাতক ছেলে।
ফের ভেঙ্গে পড়ল ফ্লাইওভারের গার্ডার, নিহত ১-মানবজমিন
আবারও ঢাকার মালিবাগ রেলগেইট এলাকায় নির্মাণাধীন মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। রোববার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসের শেষ সপ্তাহে একই এলাকায় গভীর রাতে গার্ডার তুলতে গিয়ে ক্রেনেই ভেঙ্গে পড়ে। তবে ওই দিনের দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফ্লাইওভারে গার্ডার পড়ে মৃত্যু-দায়িত্বে অবহেলাকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মেয়র-মানবজমিন
রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারে গত রাতে মালিবাগ রেলগেইট এলাকায় গার্ডার ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে হতাহতদের ক্ষতিপূরণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিনি। আজ দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে খোকন বলেন, ইতিমধ্যে এলজিইডি’র প্রকৌশলীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আম মৌসুমে চাঁদা দিতে হয় আড়াই শ কোটি টাকা-কালের কণ্ঠ
চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা আম মৌসুমকে ঘিরে গাছে গাছে মুকুল দেখে স্বপ্ন দেখা শুরু করেন। তবে অজানা আশঙ্কায় তাদের চোখে মুখে তেমন হাসির ঝিলিক দেখা না গেলেও বেশি হাসি দেখা যায় আম আড়তদারদের চোখে মুখে। কারণ পরের ধনে পোদ্দারি ও চাঁদাবাজি। চাঁপাইনবাবগঞ্জে আম মৌসুমে কৃষককে চাঁদা দিতে হয় আড়াই শ থেকে ৩০০ কোটির টাকার ৫০ হাজার মেট্রিকটন আম (উৎপাদিত আমের পাঁচ ভাগের এক ভাগ)। যা নিয়ে থাকেন আড়তদাররা।
আমচাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা আমের গাছে গাছে মুকুল দেখে স্বপ্ন দেখা শুরু করলেও আড়তদারকে তার উৎপাদিত পণ্যের পাঁচ ভাগের এক ভাগ বাধ্য হয়ে চাঁদা হিসেবে দিয়ে দেওয়ার কথা মনে করলেই স্বপ্ন দেখা সেই মুখ মলিন হয়ে যায়। জেলায় দেড় হাজার আড়তদার ও ব্যাপারীর কাছে জিম্মি লক্ষাধিক আমচাষি, ব্যবসায়ী ও বাগান মালিক।
আমচাষি তার উৎপাদিত পণ্য বাজারে আনতেই পদে পদে পড়েন চরম ভোগান্তিতে। এক ডালি আমের ওজন করতে গিয়ে প্রথমেই কৃষকের এক কেজি আম চলে যায় আড়তদারকে ওজনচাঁদা দিতে। এরপর ৪০ কেজিতে এক মণ হলেও তাকে বাধ্য হয়ে দিতে হয় ছয় থেকে সাত কেজি বেশি। আর জেলায় অন্তত এক হাজার আড়তদারের মধ্যে সিকিভাগ আড়তদারের ওজনে কাঠের কাঁটা পাল্লাতে রয়েছে চরম ভেল্কিবাজি। ওজন করতে পাল্লাতে যতই আম উঠানো হোক না কেন একপর্যায়ে আমের পাশের পাল্লা নিচে নামে না বলে জাানান আমচাষি,বাগান মালিক ও ব্যবসায়ীরা। এখানে ভেল্কিবাজির মাধ্যমে অন্তত পাঁচ কেজি ওজন চুরি হয়। তাতে চাষিকে দিতে হয় এক মণে ৪০ কেজির স্থলে পাঁচ কেজিসহ ৫১ থেকে ৫৩ কেজি। এরপর ওজন দিতে গিয়ে বাছাই করতে গিয়ে বাদ পড়ে অন্তত ১৫ ভাগ আম, এই ১৫ ভাগ বাধ্য হয়ে অতি কম দামেই ওই আড়তদারকে দিতে বাধ্য করা হয়।
আড়তদারদের এমন হীন কর্মকাণ্ড ভালোভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে সমিতি। জেলায় এমন সমিতির সংখ্যা কানসাটে পাঁচ থেকে ছয়টি, আম ফাউন্ডেশন ভোলাহাটসহ অন্তত ২০ টি সমিতি। এসব সমিতি নিজেদের স্বার্থ ছাড়া সাধারণ চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে তেমন কাজ করে না বলে জানান বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীরা। এসব সমিতির মূল লক্ষ্যই হচ্ছে লক্ষাধিক আম বিক্রেতার কাছ থেকে ৪০ কেজির স্থলে ৪৬ থেকে ৫১ কেজি (অনেক আড়তদারের চুরির পাঁচ কেজি বাদেই) চাঁদাবাজি করা।
মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত-বাংলাদেশ প্রতিদিন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে এক আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে তার দায়িত্ব পালনে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয় সে বিষয়ে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আরিফুলের ব্যারিস্টার আবদুল হালিম কাফি
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
বিজেপি ভোট চুরি করেছে –অভিযোগ পি চিদাম্বরামের-আজকাল
গোয়া এবং মণিপুরে কংগ্রেসের পরে দ্বিতীয় স্থান দখল করেছে বিজেপি। এরপরেও সরকার গঠন করতে চলেছে তারা। ছোট দলগুলোর সমর্থন নিয়েই সরকার গড়ার ম্যাজিক ফিগার সংগ্রহ করেছে। বিজেপি–র এই উদ্যোগকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। তাঁর কথায়, ‘গোয়া এবং মণিপুরে নির্বাচন চুরি করছে বিজেপি।’ রবিবারের পর সোমবার আবার টুইট করে চিদাম্বরম জানিয়েছেন, ‘যে দল দ্বিতীয় স্থানে থাকে তাদের সরকার গড়ার কোনও অধিকার নেই।’ পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পরেই বিজেপি সভাপতি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে সরকার গড়ার কথা জানিয়েছিলেন। তখনই প্রশ্ন ওঠে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়ক পাবে কোথায় বিজেপি।
সইফুল্লাহর আদর্শে বইয়ে দাও রক্তগঙ্গা, আহ্বান আইএসআইএলের-সংবাদ প্রতিদিন
সন্ত্রাসবাদী সইফুল্লাহ ভারতীয় মুসলমানদের আদর্শ’, এমনটাই প্রচার করছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের জেহাদি চ্যানেল ‘আল-হিন্দি’৷ শুধু তাই নয়, সইফুল্লাহর মতো মুসলমান যুবকদের কাছে ভারতের মাটিতে ‘লোন উলফ’ হামলা চালানোর আবেদনও জানিয়েছে ওই চ্যানেলটি৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই প্রচার শুরু করেছে আল-হিন্দি৷ ভারত জুড়ে সন্ত্রাসের বীজ ছড়িয়ে দিতে প্রচার চালিয়ে যাচ্ছে ওই চ্যানেলটি৷ দেশদ্রোহী সইফুল্লাহর দেহ কবর দিতে রাজি না হওয়ায় তার পিতাকে ‘কাফের’ বলে দাবি করেছে আইএস৷ জেহাদের পথে মা, বাবা বাধা হয়ে দাঁড়ালে তাদের অমান্য করার আর্জি জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি৷ এছাড়াও ‘হিন্দু রাষ্ট্র’ ভারতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দিয়েছে আইএস সঞ্চালিত ওই চ্যানেলটি৷
একই স্কুলের ছয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! অবসাদ না কি অন্য রহস্য?-আনন্দবাজার
একই ক্লাসে পড়ত না কেউ। এমনকী এক গ্রামের বাসিন্দাও নয়। অথচ মাত্র তিন সপ্তাহের মধ্যে একই রকম ভাবে এক স্কুলের ছয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুলিশের একটা অংশ যদিও এটাকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে। তবে, অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে তারা।
সম্প্রতি মধ্যপ্রদেশের সিধি জেলার বাহরি থানা এলাকার সাফি উচ্চমাধ্যমিক স্কুলের ছয় ছাত্রীর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যেকের বাড়িতেই তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কোনও ক্ষেত্রেই সুইসাইড নোট জাতীয় কিছুই মেলেনি। মাত্র তিন সপ্তাহের মধ্যে ছ’বার এমন ঘটনা ঘটায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩