প্রধানমন্ত্রীর ভারত সফরেই তিস্তা চুক্তি হবে : ওবায়দুল কাদের
শ্রোতাবন্ধুরা! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ মার্চ বুধবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ‘সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন’-মেনন-ইত্তেফাক
- মেয়ের বাপ হওয়া কি পাপ?-প্রথম আলো
- ইন্টার্নিরা ধর্মঘটে গেলে সিনিয়র ডাক্তাররা কোথায় থাকেন?-নয়া দিগন্ত
- প্রধানমন্ত্রীর ভারত সফরেই তিস্তা চুক্তি হবে: ওবায়দুল –যুগান্তর
- নুসরাতের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান-বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত ‘সিল’ করার কাজ প্রায় শেষ-মানবজমিন
- সাংবাদিক শিমুল হত্যায় আসামি দুলাল চার দিনের রিমান্ডে -কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ নন- তাহলে প্রশ্ন- কে হচ্ছেনন মুখ্যমন্ত্রী -আজকাল
- উত্তর ভারতে জয়ের পর মোদির লক্ষ্য এখন বাকি ১২ রাজ্য দখল -বর্তমান
- চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার -সংবাদ প্রতিদিন
- আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের -সংবাদ প্রতিদিন
- নজর এ বার পশ্চিমবঙ্গ, দরকারে বাংলায় ঘাঁটি গাড়বেন অমিত -আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
প্রধানমন্ত্রীর ভারত সফরেই তিস্তা চুক্তি হবে : ওবায়দুল -যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরেই তিস্তা চুক্তি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরেই তা চূড়ান্ত হবে, তিস্তা চুক্তি হবে; এখানে গোপনীয়তার কিছু নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এবং সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে আমরা মেনে নেব। তাই বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সাবমেরিন কেনার পর ভারত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বেশি করে চাপ প্রয়োগ করছে: রিজভী-ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ-ভারতের মধ্যে সামরিক চুক্তি হলে সেটি আত্মঘাতী এবং জাতীয় স্বাধীনতাবিরোধী বলে দাবি করছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের নিরাপত্তা যদি ভারতের ওপর নির্ভরশীল হয় এবং ভারতের ইচ্ছা অনুযায়ী যদি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হয়, তাহলে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বলে কিছু থাকবে না।’বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা হবে আত্মঘাতী এবং জাতীয় স্বাধীনতা বিরোধী
‘সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন’-মেনন-ইত্তেফাক
বেসামরিক বিমান পরিহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে তবুও বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না’ বিএনপি’র এক নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, কিন্তু তারা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নির্বাচন তাদের জন্য থেমে থাকবে না।
জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ-ইত্তেফাক/প্রথম আলো
গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলগুলোর নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার বেলা ১১টার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল সহকারে মোর্চাভুক্ত দলগুলো জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। আন্দোলনকারীরা বেলা ১২টার দিকে মিছিল নিয়ে পল্টন ঘুরে প্রেসক্লাবের পূর্ব পাশের গলি দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। তারা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল ও জলকামান ব্যাবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মেয়ের বাপ হওয়া কি পাপ? মেয়ের বাপ হওয়া কি পাপ?- প্রথম আলো
এই দেশে মেয়ের বাবা হওয়া কি পাপ? গতকাল মঙ্গলবার প্রথম আলোর প্রথম পাতায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শাহানূর বিশ্বাসের ছবি দেখে মনে এ প্রশ্ন জাগল? মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় দুই পা হারিয়েছেন তিনি। এরপরও তাঁর রেহাই নেই। এখন ভিটেছাড়া হওয়ার ভয় তাড়া করছে। সংবাদমাধ্যমে খবরটি এসেছে বলেই আমরা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের শাহানূর বিশ্বাসের এই দুর্গতির কথা জানতে পারছি। বাস্তবে কিশোরী বা তরুণী মেয়ে নিয়ে বিপাকে পড়া বাবার সংখ্যা কম নয়। শাহানূর কোনো দিন আর প্রতিকূলতার প্রবল স্রোতের মুখে অদম্য বাঁধ হয়ে মেয়ের সামনে দাঁড়াতে পারবেন না। নিশ্চল পড়ে থেকে আশঙ্কায় ধুঁকবেন আর পরাস্ত সেনার মতো নতজানু হয়ে সৃষ্টিকর্তার কৃপা কামনা করবেন। তা ছাড়া কীই-বা করার আছে তাঁর?
রাজধানীতে এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্য আটক-যুগান্তর
রাজধানীতে আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান যুগান্তরকে জানান, চক্রটি এটিএম কার্ড জালিয়াতি করে গ্রাহকের টাকা লুটে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ইন্টার্নিরা ধর্মঘটে গেলে সিনিয়র ডাক্তাররা কোথায় থাকেন?-নয়া দিগন্ত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত চিকিৎসা সেবা আইন ২০১৬ আলোকে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘটে গেলে কেন চিকিৎসা ব্যাহত হয়? সিনিয়র ডাক্তাররা তখন কোথায় থাকেন। কেন রোগীরা ফিরে যায়? চিকিৎসক তো শপথই নেন সেবা দেয়ার জন্য। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ বৈঠকে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক রুহুল হক,
নুসরাতের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান-বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে নিজ কার্যালয়ে নুসরাতের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
এ সময় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাত গত বছরের ১৯ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে হোটেল রেডিসনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মুখমণ্ডলে আঘাত লাগে। মাথা ও মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত ১৯ ও ২২ অক্টোবর দু’টি নিউরোলজিক্যাল অপারেশন করা হয়।
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত ‘সিল’ করার কাজ প্রায় শেষ-মানবজমিন
বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত ‘সিল’ করে দেয়ার কাজ প্রায় শেষ করে ফেলেছে ভারত। এ ছাড়া মিয়ানমারের সঙ্গে সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণ করছে। এর উদ্দেশ্য অনুপ্রবেশ ও পাচার বন্ধ করা। গত বছর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিয় বলেছিলেন, ২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করে দেবে ভারত। এ খবর দিয়েছে অনলাইন ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নজর এ বার পশ্চিমবঙ্গ, দরকারে বাংলায় ঘাঁটি গাড়বেন অমিত -আনন্দবাজার
উত্তরভারতে বিপুল জয়ের পর এ বার বিজেপি-র লক্ষ্য পশ্চিমবঙ্গ। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আজ এক একান্ত সাক্ষাৎকারে বলেন, এক সময় বলা হতো পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপি-র জোর নেই। সেই মিথ ভাঙছে। ‘‘ওড়িশায় শাসক দলকে পঞ্চায়েত নির্বাচনে যদি ধাক্কা দিতে পারি, তবে বাংলায় পারব না কেন?’’ সেই লক্ষ্য পূরণ করতে শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে যাবেন অমিত।
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ নন- তাহলে প্রশ্ন- কে হচ্ছেনন মুখ্যমন্ত্রী আজকাল
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন না। বুধবার সংসদে ঢোকার মুখে স্পষ্ট জানিয়ে দিলেন রাজনাথ সিং। এখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার কোনও ইচ্ছে নেই তাঁর। বললেন, ‘এসব জল্পনা অর্থহীন, অপ্রয়োজনীয়।’ ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশ বিজেপি–র অন্যতম জনপ্রিয় নেতা। পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির জন্য প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামই ভেবেছিলেন। তবে রাজনাথ তাতে আমল দেননি। মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবেন উত্তরপ্রদেশের সদ্য নির্বাচিত ৩২৫ বিজেপি এবং জোট বিধায়ক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি অমিত শাহ।যাঁদের নাম উঠছে—কেশবপ্রসাদ মৌর্য, মনোজ সিনহা, দীনেশ শর্মা, সিদ্ধার্থনাথ সিং।দল ক্ষমতা থেকে সরতেই গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত সপা নেতা গায়ত্রী-আনন্দবাজার
১৬ দিন ফেরার থাকার পর সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রজাপতিকে অবশেষে বুধবার লখনউ থেকে গ্রেফতার করল পুলিশ।
২০১৪-তে এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল গায়ত্রী-সহ ৭ জনের বিরুদ্ধে। এ বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গায়ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়। তার পর থেকেই ফেরার ছিলেন এই সপা নেতা। তাঁর খোঁজে একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবারই এসটিএফ তল্লাশি চালিয়ে এই মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ২ জন গায়ত্রীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। গায়ত্রীকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে অভিযুক্ত সপা নেতার খোঁজ পায় পুলিশ।লখনউয়ের আলমবাগ থানায় নিয়ে গিয়ে প্রজাপতিকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের -সংবাদ প্রতিদিন
কঠোর প্রশাসনিক নিরাপত্তায় আজ রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ এবার পরীক্ষার্থী রয়েছে প্রায় ৮ লক্ষ৷ ছাত্রদের তুলনায় প্রায় ৩৪ হাজার ৫০০ জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে এবার৷ আজ থেকেই শুরু একাদশ শ্রেণির পরীক্ষাও৷ একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ৷
দুই পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন৷ প্রশ্ন ফাঁস এড়াতে এবার নয়া প্রযুক্তির ব্যবহার করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাকেটে থাকা ‘কোড’ মারফত চলবে কড়া নজরদারি৷ পরীক্ষার্থী, শিক্ষক-অশিক্ষক কর্মী কেউই পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না৷ শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজাররা সংসদের সঙ্গে যোগাযোগের স্বার্থে মোবাইল ব্যবহার করতে পারবেন৷
চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার -সংবাদ প্রতিদিন
রাজ্যে চিকিৎসার নামে ব্যবসা করা চলবে না। আরও একবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি রক্ষা আন্দোলনকে স্মরণ করে কৃষক দিবস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে ফের এ কথা মনে করিয়ে দেন তিনি।
নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ে জমি রক্ষা আন্দোলনে শহিদদের এদিন স্মরণ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারে আসার পর তাঁর প্রতিশ্রুতি ছিল সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া। সরকার সে কথা রেখেছে। নির্বাচনে একরকম প্রতিশ্রুতি, আর কাজে অন্যরকম, এরকম কথার খেলাপ তাঁর সরকার করে না বলেই জানালেন মুখ্যমন্ত্রী।
উত্তর ভারতে জয়ের পর মোদির লক্ষ্য এখন বাকি ১২ রাজ্য দখল -বর্তমান
উত্তর ভারতে হাতছাড়া দিল্লি, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ। দক্ষিণ ভারতের কর্নাটক, কেরল, তামিলনাড়ু। পূর্ব ভারতে অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশা। উত্তর পূর্ব ভারতে মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। ভারতের একচ্ছত্র সম্রাট হওয়ার জন্য নরেন্দ্র মোদির সামনে আর মাত্র ১২টি রাজ্য বাকি। এই তালিকায় নেই তেলেঙ্গানা। কারণ সেখানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিকে সরিয়ে একক সরকার গঠনের মতো সংগঠনই নেই। তাই ওই রাজ্যের ক্ষেত্রে প্ল্যান হল আগামীদিনে টিআরএসকে সমর্থন করে জোট করা। ২০১৯ সালে এই রাজ্যগুলি থেকে ১২০টি লোকসভা আসন জেতা এবং ২০২৬ সালের মধ্যে প্রতিটি রাজ্যে বিজেপি’র সরকার গঠন করার টার্গেট নিয়েছেন মোদি ও অমিত শাহ। এই লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়তে রাজ্যে রাজ্যে সংগঠনকে বুথস্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩