জঙ্গিবাদ প্রতিহতে সরকার প্রতিজ্ঞ-: প্রধানমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ মার্চ বৃহষ্পতিবারে কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৪ -ইত্তেফাক
- কোনো চুক্তিই গোপন থাকবে না: কাদের-প্রথম আলো
- জঙ্গি নির্মূল করতে না পারলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী-নয়া দিগন্ত
- জঙ্গিবাদ প্রতিহতে সরকার প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী–যুগান্তর
- দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না-ফখরুল-মানবজমিন
- প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- নথিপত্র ছাড়াই বিপুল টাকা জমা ব্যাঙ্কে-আজকাল
- শিশুচুরিতে কড়া মমতা, নিরাপত্তায় জোর-বর্তমান
- মোদির আধার প্রকল্পের ভূয়সী প্রশংসায় বিশ্ব ব্যাঙ্ক-সংবাদ প্রতিদিন
- ঘরে ফেরার আনন্দ হচ্ছে! গোয়ায় আস্থা ভোটে জিতে পর্রীকরের উচ্ছ্বাস –আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.. সীতাকুণ্ডে
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৪ –ইত্তেফাক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ দুইজন এবং জঙ্গি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের সময় দুইজন নিহত হয়েছেন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে দুই সোয়াত সদস্যকে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছে।
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসল্ট ১৬’ শুরুর পর এ পর্যন্ত সেখান থেকে ২০ জিম্মিকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জিম্মিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
জঙ্গিবাদ প্রতিহতে সরকার প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী–যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের জায়গা হবে না। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সরকার এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়ায়, এ জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন ‘আজকে বিশ্বব্যাপী নতুন উপসর্গ শুরু হয়েছে- জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকাসক্তি। এর বিরুদ্ধে সবাইকে জনমত সৃষ্টি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সাধারণ জনগণ সহযোগিতা না করলে পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল সম্ভব নয় ।
জঙ্গি নির্মূল করতে না পারলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী-নয়া দিগন্ত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, দেশে শতভাগ জঙ্গি নির্মূল করতে না পারলেও তারা পুরোপুরি নিয়ন্ত্রণে। জঙ্গিরা যেখানে তৎপরতা দেখাবে, সেখানেই ধরা পড়বে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
কোনো চুক্তিই গোপন থাকবে না: কাদের-প্রথম আলো
জাতীয় স্বার্থ সমুন্নত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেকোনো চুক্তি হতে পারে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘কোনো চুক্তিই গোপন থাকবে না। তথ্যপ্রবাহের বিস্ফোরণে কোনো কিছুই গোপন থাকে না। গোপন করার তো আমাদের দরকার নেই।’
আজ দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবন প্রাঙ্গণে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১৪তম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে মাথা উঁচু করে বীরের বেশে ভারত যাবেন। সেখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সার্বভৌমত্ব সমুন্নত রেখে যে চুক্তি জনগণের জন্য প্রয়োজন, সেটাই করবেন।
‘দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না’-ফখরুল: মানবজমিন
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পানি সমস্যা। আর এই পানি সমস্যা সমাধানের কোন লক্ষণ আমরা দেখতে পারছি না। পানি নিয়ে যে চুক্তির কথা আমরা শুনতে পারছি সে চুক্তি বাস্তবায়ন হলে তা আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য হবে হুমকি স্বরুপ। আমরা সুষ্পষ্ট করে বলেছি, এদেশের মানুষ কখনোই স্বার্থের বিরোধী ও স্বাধীনতা বিরোধী কোনো চুক্তি মেনে নেবে না।
প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
প্রশ্নপত্র ফাঁসকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে পুলিশ এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে। সে অনুযায়ী এখন ব্যবস্থা নেওয়া হবে। পাঠ্যপুস্তকে ভুলত্রুটির বিষয়ে করা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়টি এখন পর্যালোচনা করা হচ্ছে। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, ভুলের সংশোধনী দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ২ দিনের রিমান্ডে ইরাদ-যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন এ আদেশ দেন। চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। তত্ত্বাবধায়ক আমলে অবৈধভাবে নেয়া ৬১৫ কোটি টাকা ফেরত পাচ্ছে ব্যবসায়ীরা-ইত্তেফাক
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা ৬১৫ কোটি টাকা ফেরত দিতে হবে। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাংকের করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন। হাইকোর্ট ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ৬১৫ কোটি টাকা তিন মাসের মধ্যে ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছিল।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
শিশুচুরিতে কড়া মমতা, নিরাপত্তায় জোর-বর্তমান
মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে সমস্ত হাসপাতালের নিরাপত্তায় আরও গুরুত্ব আরোপ করার নির্দেশ দিলেন। এই নির্দেশ কী কী ভাবে কার্যকর করা হবে, তা ঠিক করতে ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে নিয়ে তিন সদস্যের একটি কমিটিও গড়ে দিয়েছেন তিনি। তাঁর এই নির্দেশের প্রেক্ষিতে সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে ব্লকস্তরের প্রতিটি হাসপাতাল ক্লোজ সার্কিট (সিসি) টিভি’র নজরদারিতে মুড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি বাধ্যতামূলক করা হচ্ছে সমস্ত স্তরের হাসপাতাল কর্মীদের সচিত্র পরিচয়পত্র। যা ঝোলাতে হবে বুকে। হাসপাতালের নজরদারিতে বাড়ানো হবে পুলিশ ও নিরাপত্তারক্ষীর সংখ্যা। শিশুচুরি ঠেকাতে সবচেয়ে বড় সিদ্ধান্ত হল, হাসপাতালগুলির প্রসূতি বিভাগে রক্তের সম্পর্ক ভিন্ন অন্য কেউ থাকতে পারবেন না। প্রসূতির কাছে যিনি থাকবেন, তাঁকে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। একইভাবে প্রসূতির কাছেও থাকবে পরিচয়পত্র
ঘরে ফেরার আনন্দ হচ্ছে! গোয়ায় আস্থা ভোটে জিতে পর্রীকরের উচ্ছ্বাস –আনন্দবাজার
গোয়ার আস্থা ভোটে হিসেব মতোই জিতে গেলেন মনোহর পর্রীকর। কংগ্রেস একক ভাবে সব থেকে বেশি আসন পাওয়া সত্ত্বেও, জোটের খেলায় গো-হারা হেরে রইল বিজেপি-র কাছে। ৪০ বিধায়কের গোয়া বিধানসভায় মনোহরের পক্ষে পড়ল ২২ জনের সমর্থন। স্পিকার ভোট দেননি।
গত পরশু শপথ নিয়েছিলেন পর্রীকর। আজ আস্থা ভোটে জয়ের পর তাঁর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, দিল্লি থেকে গোয়ায় ফেরাটা ঘরে ফেরার আনন্দের মতোই। গোয়ায় ফল বেরোনোর পরই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন তিনি।
গোয়া বিধানসভার ৪০ আসনের মধ্যে ১৭টি আসনে জিতেছে কংগ্রেস। বিজেপি ১৩টি। গোয়া ফরওয়ার্ড পার্টি ৩টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক ৩টি এবং এনসিপি ১টি আসন জেতে। নির্দল বিধায়ক ৩ জন। ফ্লোর টেস্টের হিসেবেই পরিষ্কার, কংগ্রেস বাদ দিয়ে বাকি সব বিধায়কের সমর্থনই পেয়েছেন মনোহর পর্রীকর।
নথিপত্র ছাড়াই বিপুল টাকা জমা ব্যাঙ্কে-আজকাল
উপযুক্ত নথিপত্র ছাড়া নির্দিষ্ট সীমার বেশি টাকা জমা দেওয়া যাবে না।’ কালো টাকার রমরমা ঠেকাতে নোট বাতিলের পর কড়া নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু সরকারি নির্দেশের ধার ধারেনি দেশের বিভিন্ন ব্যাঙ্ক। গ্রাহকের প্যান কার্ড বা ওই জাতীয় প্রমাণপত্র না দেখেই বাতিল নোটে প্রায় ১.১৩ লক্ষ কোটি টাকা জমা নেওয়া হয়েছে। ২৬টি রাজ্যের ১৮৭টি সরকারি, বেসরকারি এবং সমব্যয় ব্যাঙ্কের নথিপত্র ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল অর্থ সংক্রান্ত নজরদারি সংস্থা এফআইইউ। নোট বাতিলের পর থেকে বেআইনি লেনদেনের ওপর নজর রাখছিল তারা। সেখানেই বেআইনিভাবে ১.১৩ লক্ষ কোটি টাকা জমার বিষয়টি সামনে এসেছে।
মোদির আধার প্রকল্পের ভূয়সী প্রশংসায় বিশ্ব ব্যাঙ্ক-সংবাদ প্রতিদিন
বায়োমেট্রিক আইডেন্টিফায়ার প্রোগ্রাম ‘আধার’-এর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র। ঋণ পেতেই হোক বা চাকরি, পেনশনই হোক বা টাকা লেনদেন- দেশজুড়ে এক অভিন্ন পরিচয় ব্যবস্থা চালু করতে উঠেপড়ে লেগেছে ভারত সরকার। ফলও মিলেছে হাতেনাতে। অনেক কম খরচে ও সম্পূর্ণ নিরাপদ এই পরিচয় ব্যবস্থা এখন অন্যান্য দেশের কাছেও মডেল হয়ে উঠেছে। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ পল রোমার আধার প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করলেন।
তিনি বলেছেন, “আমার দেখা সবচেয়ে বাস্তবমুখী প্রযুক্তিটি ভারতের কাছে রয়েছে। টাকাপয়সা লেনদেন থেকে শুরু করে যাবতীয় কাজের জন্য একটি অভিন্ন পরিচয় জ্ঞাপক নম্বর থাকাটা জরুরি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬