লোকসভা দখলে এখনই পথে নামার বার্তা মোদির
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
- আশকোনায় র্যাব ক্যাম্পে ‘আত্মঘাতী’ হামলায় নিহত ১-প্রথম আলো
- আগে তিস্তা পরে অন্যকিছু : গয়েশ্বর-নয়া দিগন্ত
- বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন, সমাধিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শ্রদ্ধা–যুগান্তর
- জেএমবি সন্দেহে ফুলপুরে মসজিদের ইমাম আটক-মানবজমিন
- সমঝোতা স্মারকে স্বাক্ষরও বিপজ্জনক: রিজভীকালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ৪ ‘নকল মেয়ে’কে পুড়িয়ে বিমার টাকা দাবি-আজকাল
- লোকসভা দখলে এখনই পথে নামার বার্তা মোদির-বর্তমান
- গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে হাজির ১০০ পুলিশ-সংবাদ প্রতিদিন
- নারদ কাণ্ডের সিবিআই তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা মমতার–আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
আশকোনায় র্যাব ক্যাম্পে ‘আত্মঘাতী’ হামলায় নিহত ১-প্রথম আলো
রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে ‘আত্মঘাতী’ হামলায় এক দুর্বৃত্ত নিহত হয়েছে। আজ দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এ হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। হামলাকারীর পরিচয় জানাতে পারেনি র্যাব। আজ শুক্রবার আনুমানিক বেলা ১টা ১০ মিনিটের দিকে এই হামলা হয় বলে র্যাব সূত্র জানিয়েছে।
বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন, সমাধিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শ্রদ্ধা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। এই দলটি জঙ্গিবাদে মদদ দেয় বলেই, সন্ত্রাস বিরোধী যেকোনো অভিযানের বিরোধিতা করে।’আজ ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকের দিনের শপথ হবে বঙ্গবন্ধুর বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সামপ্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠন করবো। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। সেই রাজনৈতিক অপশক্তিকে মদদ দেয় বিএনপি।’
সমঝোতা স্মারকে স্বাক্ষরও বিপজ্জনক: রিজভীকালের কণ্ঠ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকার চায় সমঝোতা স্মারক সম্পাদন করতে। ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা চুক্তি সম্পাদনের পথে একটা বাধ্যবাদকতা তৈরি করবে। তাই বাংলাদেশ সরকারের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষরও হবে বিপজ্জনক। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
আগে তিস্তা পরে অন্যকিছু : গয়েশ্বর-নয়া দিগন্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগে তিস্তা পানিবন্টন চুক্তি করতে হবে, তারপর অন্যকিছু। আর ভারতের সাথে বাংলাদেশের কি চুক্তি হবে সেটা দেশের জনগণ জানার অধিকার রাখে। এটাও পরিষ্কার করতে হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে গয়েশ্বর এই মন্তব্য করেন। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভ্আিইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
জেএমবি সন্দেহে ফুলপুরে মসজিদের ইমাম আটক-মানবজমিন
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমানকে আটক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে হাজির ১০০ পুলিশ-সংবাদ প্রতিদিন
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কলকাতা হাই কোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা ধরালেন রাজ্য পুলিশের ডিজি৷ শুক্রবার বেলা এগারোটা নাগাদ ডিজি সুরজিত্ করপুরকায়স্থ, কলকাতার নগরপাল রাজীব কুমার ও এডিজি (সিআইডি)-কে সঙ্গে নিয়ে নিউটাউনে কারনানের বাড়িতে যান৷ বেশ কিছু পুলিশ কর্মীও হাই কোর্টের বিচারপতির বাড়ির কাছেই ছিলেন৷ সুপ্রিম কোর্ট আদালত অবমাননায় হাই কোর্টের বিচারপতি কারনানকে গত ১০ মার্চ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ নির্দেশ পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের মহানির্দেশককে৷ এদিন সেই নির্দেশও কার্যকর করেন পুলিশের ডিজি৷ আর আনন্দবাজারের খবর-গ্রেফতারি পরোয়ানা নিলেন না কারনান, দরজা থেকে ফিরল পুলিশ
৪ ‘নকল মেয়ে’কে পুড়িয়ে বিমার টাকা দাবি গুজরাটে-আজকাল
কোনও মেয়েই নেই। অথচ, চার মেয়ের নামে নকল বিমা। এখানেই শেষ নয়। বাড়িতে আগুন লাগিয়ে রটিয়ে দিলেন, চার মেয়ের মৃত্যু হয়েছে। দাবি করে বসলেন বিমার টাকা। এমনই এক বাবার কীর্তি সামনে এসেছে। ঘটনাটি গুজরাটের বন্দর–শহর সুরাটের।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আদৌ কোনও মেয়ে নেই। নকল মৃত্যুর শংসাপত্র বানিয়ে পুলিস প্রশাসনকে বোকা বানিয়ে বিমার টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
নারদ কাণ্ডের সিবিআই তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা মমতার–আনন্দবাজার
নারদ কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হবে সুপ্রিম কোর্টে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাইকোর্ট নারদ স্টিং কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু এই রায় মেনে নিতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী। ‘‘রায় ঘোষণার আগেই একটি দলের (বিজেপি) রাজ্য সভাপতি কী করে বলেছিলেন যে উত্তরপ্রদেশের ভোট হয়ে গেলেই নারদ মামলার সিবিআই তদন্ত হবে?’’ শুক্রবার এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
ভারতের লোকসভা দখলে এখনই পথে নামার বার্তা মোদির-বর্তমান
দলিত এবং যুব। আগামী লোকসভা ভোটের আগে আপাতত এই দুই শ্রেণিই টার্গেট নরেন্দ্র মোদির। উত্তরপ্রদেশের বিপুল জয়ের পর উৎসাহিত হয়ে তাই তফসিলি জাতি এবং দলিত সম্প্রদায়কে কাছে টানতে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। আজ সংসদীয় দলের বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সভাপতি অমিত শাহ। মোদি দলকে নির্দেশ নিয়েছেন আমাদের যুব এবং দলিতের মন জয় করতে হবে। আগামী ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ভীম অ্যাপের সুফল প্রচার করতে হবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭