মার্চ ১৯, ২০১৭ ১২:১৪ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৯ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • শততম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়-ইত্তেফাক

  • রিভিউ খারিজ, যেকোনো মুহূর্তে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি-ইত্তেফাক
  • ‘গোপন এজেন্ডা’ বাস্তবায়নে জঙ্গিবাদ সামনে আনা হয়েছে: রিজভী-প্রথম আলো
  • নদী ব্যবস্থাপনা ভারত চীন নেপাল ভুটানের সাথে সমঝোতায় আসতেই হবে-আনিসুল-নয়া দিগন্ত
  • জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য প্রয়োজন-ফখরুল–যুগান্তর
  • র‌্যাব চেকপোস্টে গুলিতে বোমাবহনকারী যুবক নিহত-মানবজমিন
  • বাংলাদেশ-ভারত সীমান্তে রহস্যময় সুড়ঙ্গ কারা কাটল?-কালের কণ্ঠ
  • গুছিয়ে উঠতে পারেনি বিএনপি-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ভারতের উত্তর প্রদেশে শপথ নিলেন আদিত্যনাথ-আজকাল
  • নারদ কাণ্ডের তদন্তে এল স্পেশাল সিবিআই টিম, নিল ফুটেজ-বর্তমান
  • দেখে নিন যোগী আদিত্যনাথের কয়েকটি বিতর্কিত মন্তব্য–আনন্দবাজার
  • উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়া এই শতাব্দীর শ্রেষ্ঠ খবর-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

শততম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়-ইত্তেফাক

শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শততম টেস্টটা জয় দিয়ে স্মরণীয় করে রাখলো বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারালো টাইগাররা। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার ১৯১ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। তার সঙ্গে ২২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

রিভিউ খারিজ, যেকোনো মুহূর্তে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি-ইত্তেফাক

রিভিউ খারিজ, যেকোনো মুহূর্তে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হচ্ছে যেকোনো দিন। আপিল বিভাগের ফাঁসির রায় পুনঃবিবেচনা চেয়ে তাদের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আদালত এই রিভিউ খারিজের মধ্য দিয়ে তাদের সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলো। আইন বিশেষজ্ঞরা জানান, এই তিন জঙ্গি কারাবিধি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করতে পারবেন। সেটি করতে হবে সাত দিনের মধ্যে।

জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য প্রয়োজন-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন, জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য প্রয়োজন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এজন্য জাতীয় ঐক্য গড়ে তোলার কথাও বলেন তিনি। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, 'জঙ্গিবাদের সঙ্গে বিএনপির দূরতম সম্পৃক্ততাও নেই। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপির নামে এসব বলা হচ্ছে।'  

আর বিএনপির অপর নেতা রিজভী বলেছেন‘গোপন এজেন্ডা’ বাস্তবায়নে জঙ্গিবাদ সামনে আনা হয়েছে: রিজভী-প্রথম আলো

বিএনপি নেতা রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশবিরোধী বহু ‘গোপন এজেন্ডা’ বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে। মানুষ যাতে জঙ্গিবাদী তৎপরতার আলোচনা নিয়েই ব্যস্ত থাকে, আর এই ফাঁকে অশুভ ইচ্ছা বাস্তবায়ন করা যায়। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই অভিযোগ করেন। 

রিজভী বলেন, জঙ্গিদের রক্তাক্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে সরকার নানা তত্ত্ব কথা শুনিয়ে এসেছে। ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই দায় চাপিয়ে দেন অন্যের ঘাড়ে। উগ্রবাদীদের নিত্যকার সহিংস ঘটনা শুরু হওয়ার পর থেকেই সরকারের মন্ত্রী ও নেতাদের উগ্রবাদীদের নির্মূল করার বিষয়ে নানা তর্জন-গর্জন দেশবাসী শুনেছে। কিন্তু নির্মূল তো দূরে থাক, সম্প্রতি গত কয়েক দিনে উগ্রবাদীদের সহিংস ঘটনায় মনে হচ্ছে, এদের নেটওয়ার্ক আরও বেশি বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক জঙ্গিবাদী কর্মকাণ্ডে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন রিজভী।

জঙ্গি নির্মূলে সরকারের জিরো টলারেন্স: মেনন-প্রথম আলো

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন (ফাইল ফটো)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। সরকার জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আছে। বিমানবন্দরগুলোতে আগে থেকেই নিরাপত্তা জোরদার ছিল, এখন সেটা আরও বাড়ানো হয়েছে। আগে একাধিক দর্শনার্থী বিমানবন্দরের ভেতরে যেতে পারতেন, এখন একজনের বেশি যেতে পারেন না। একই সঙ্গে তল্লাশি বাড়ানো হয়েছে।

আজ রোববার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় একটি বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

বাজেট বাস্তবায়ন নিয়ে শংকা-যুগান্তর

বাংলাদেশে বাজেট বাস্তবায়ন নিয়ে শংকা

চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন চাপের মুখে পড়েছে। একদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। অর্থ ব্যয় ও বাস্তবায়নে ধীর গতি রয়েছে।

অপরদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় ঘাটতি বেড়ে যাচ্ছে। এ অবস্থায় এডিপি কাটছাঁট করা হয়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রাও সংশোধন হচ্ছে।

এ ছাড়া রেমিটেন্স, রফতানি প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধির কারণে চাপের মুখে পড়েছে বৈদেশিক খাত। তবে অর্থনীতির অন্যান্য সূচক মোটামুটি ইতিবাচক ধারায় চলছে। ভর্তুকি এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে। সরকারের ব্যয়ও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে যাওয়ায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়া অনেক কমেছে। সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, শেষ পর্যায়ে বাজেট বাস্তবায়ন পুরোপুরি হবে না। বরাবরের মতো এটি সংশোধন করা হবে। চলতি অর্থবছরে মূল বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মূল বাজেট অপেক্ষা ১০ শতাংশ কমিয়ে সংশোধিত বাজেট নির্ধারণ করা হতে পারে।

ভারতে ২১ জনের বিরুদ্ধে বাংলাদেশী বালিকা গণধর্ষণের অভিযোগ-মানবজমিন

বাংলাদেশী ১৪ বছর বয়সী একটি বালিকাকে ভারতের গণধর্ষণ করেছে ২১ নরপিশাচ। এমন অভিযোগে শনিবার মামলা করেছে ওই বালিকা। পুলিশ শুরু করেছে তদন্ত। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, জুনাগড় শহরের ম্যাঙ্গরোল ও আহমেদাবাদে তার ওপর ওই নারকীয় অত্যাচার করা হয়। সূত্র বলেছে, বৃহস্পতিবার বিকালে ওই বালিকা ম্যাঙ্গরোলে একটি বাস টার্মিনালে দাঁড়িয়ে কাঁদছিল। এ সময় লোকজন তার কাছে কারণ জানতে চায়। সে তাদেরকে সব খুলে বললেও স্থানীয়রা ভাষাগত সমস্যার কারণে তার কথা বুঝতে পারছিলেন না। এ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সেখানে পুলিশের কাছে সব কথা বলে দেয় সে। সে বলে তার বাড়ি বাংলাদেশে। তাকে ভারতে বিক্রি করে দিয়েছে একটি চক্র। আহমেদাবাদ হয়ে ম্যাঙ্গরোলে পৌঁছে সে। অভিযোগে সে বলেছে, প্রথমে তাকে আহমেদাবাদে গণধর্ষণ করে ৭ জন। এরপর গত সপ্তাহে ম্যাঙ্গরোলে গণধর্ষণ করে ১৪ জন। সে আরো বলেছে, পশ্চিমবঙ্গের বনগাঁয় সাই নামে একজন এজেন্টের কাছে তাকে তার এক আত্মীয় বিক্রি করে দিয়েছে। ওই বালিকাকে জুনাগড়ে নারীদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। 

র‌্যাব চেকপোস্টে গুলিতে বোমাবহনকারী যুবক নিহত-মানবজমিন

রাজধানীতে র‌্যাবের ক্যাম্পে যুবক আত্মঘাতী হওয়ার পরের দিন ওই বাহিনীর একটি চেকপোস্টে বোমাবহনকারী এক যুবক গুলিতে মারা গেছে। গতকাল ভোর পৌনে ৫টার দিকে খিলগাঁও এলাকার শেখের জায়গা নামে একটি সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বসানো র‌্যাব-৩ এর একটি চেকপোস্ট পার হওয়ার সময় নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল আরোহী ওই যুবক সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।

নদী ব্যবস্থাপনা ভারত চীন নেপাল ভুটানের সাথে সমঝোতায় আসতেই হবে-নয়া দিগন্ত

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ফটো)

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নদী বাঁচাতে হলে সার্বিক ব্যবস্থাপনায় যেতে হবে। তা না হলে বাংলাদেশের নদী বাঁচানো যাবে না। কিন্তু বাংলাদেশ আজকে সব নদীর অববাহিকার মাত্র সাত ভাগ ধারণ করে। এজন্য উজানের দেশগুলোর সাথে ভাটির দেশ বাংলাদেশের আঞ্চলিক সমঝোতা হতেই হবে। আর এটা করতে হলে ভারত, চীন, নেপাল, ভুটানের সাথে সমঝোতায় আসতেই হবে। জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী একথা বলেন।

আনন্দবাজারের প্রতিবেদন-বাংলাদেশ-ভারত সীমান্তে রহস্যময় সুড়ঙ্গ কারা কাটল?-কালের কণ্ঠ

মেঘালয়ের গুজংপাড়ার গভীর অরণ্যে সুড়ঙ্গ: কারা কাটল এ সুড়ঙ্গ...

মেঘালয়ের গুজংপাড়ার গভীর অরণ্যে সুড়ঙ্গ। তুরা সেক্টরে টহল দিতে গিয়ে পাহাড়ের ঢালে চোখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের। এমন জায়গায় মানুষ বিরল। আরণ্যক প্রাণীর আক্রমণের ভয়। সেখানে সুড়ঙ্গ কাটল কারা, উদ্দেশ্যটা কী?

পাতালপথ এগিয়েছে বাংলাদেশ সীমান্তের দিকে। ৬০ ফুট কাটা হয়েছে। আরও ৫০ ফুট কাটলে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে নিশ্চিন্তে বাংলাদেশে। পথ সম্পূর্ণ হয়নি। যাতায়াত শুরু করা যায়নি। বেশিদিনের পুরনো কাজ নয়। মাটি আলগা, নরম। একটু চাপ পড়লেই ধসে যাবে।

ট্যানারি স্থানান্তর ৩০ কোটি টাকা জরিমানা পরিশোধের আদেশ স্থগিত-প্রথম আলো

পরিবেশের ক্ষতির কারণে হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর জরিমানা হিসেবে বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আবেদনটি করে। আজ রোববার আদালতে ট্যানারি সংগঠনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
পরে মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, জরিমানা হিসেবে বকেয়া পরিশোধ করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

শপথ নিলেন আদিত্যনাথ-আজকাল

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। রাজ্যের ২১তম মুখ্যমন্ত্রী তিনি। লখনউয়ের স্মৃতি উপবনে দুপুর ২.১৫ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।  সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরোটোপে চলে প্রস্তুতি। সাড়ে আটটা নাগাদ সেখান পৌঁছে যান আদিত্যনাথ নিজে। নিজেই সমস্ত কিছুর তদারকি করেন।

বিভিন্ন সময়ে বিতর্ক উষ্কে দিয়ে শিরোনামে এসেছেন এই সন্ন্যাসী রাজা। দাঙ্গায় ইন্ধন থেকে নিজের কাছে বেআইনি অস্ত্র রাখার মতো একাধিক অভিযোগ উঠেছে আদিত্যনাথের নামে। তবু বিজেপি নেতৃত্বর কাছে চিরকালই তিনি বেশ কাছের। বলা ভাল, ভোটবাক্সে যোগ্যতার প্রমাণ দিয়ে সে জায়গা তিনি নিজেই পাকা করেছেন। কিন্তু তা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী! এ সিদ্ধান্তের জন্য উত্তরপ্রদেশবাসী কতটা প্রস্তুত ছিলেন তা নিয়ে তর্ক চলতেই পারে।

দেখে নিন যোগী আদিত্যনাথের কয়েকটি বিতর্কিত মন্তব্য-আনন্দবাজার

যোগী আদিত্যনাথ (ফাইল ফটো)

সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে শুধুমাত্র কবরস্থানের উন্নতি হবে আর বিজেপি ক্ষমতায় এলে অনেক বেশি রামমন্দির হবে। তখনও তাঁকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়নি। কিন্তু তাঁর উত্তরপ্রদেশের প্রাক নির্বাচনী প্রচার ভরে ছিল এমনই বিতর্কিত ঘোষণায়। তবে এই প্রথম নয়, তাঁর রাজনৈতিক জীবন আগাগোড়াই এমনই বহু বিতর্কিত মন্তব্যে জর্জরিত। সেই কট্টরবাদী নেতাকেই উত্তরপ্রদেশের তখ‌্‌তে বসাল বিজেপি। তিনি আর কী কী মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন দেখে নিন:

 • ২০১৫ সালে পশ্চিম উত্তরপ্রদেশের কইরানা থেকে ২৫০ হিন্দু পরিবারকে উৎখাতের খবর প্রকাশ্যে আসে। এর পরে আসরে নামেন যোগী আদিত্যনাথ। বলেন, ‘‘যোগী আগামীকালের কথা বলছে না। যোগী ভবিষ্যতের কথা বলছে। হিন্দু পরিবারের উৎখাত আমাদের জন্য বিপজ্জনক হতে চলেছে। পশ্চিম উত্তরপ্রদেশকে আর একটা কাশ্মীর হতে দেবে না বিজেপি।’’

• সমাজবাদী পার্টির শাসনকালে আগামী আড়াই বছরে ৪৫০টি দাঙ্গার ঘটনা ঘটবে। কারণ, সমাজবাদী পার্টির শাসনকালে কোনও নির্দিষ্ট একটি জাতির বাড়বাড়ন্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

 • ২০১৫ সালে লোকগণনার তথ্য প্রকাশ হওয়ার পরে তিনি বলেন, ‘‘মুসলিমদের জন্যই গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে।’’

 • ওই বছরই বারাণসীর একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘‘যারা সূর্য নমস্কার করে না তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত কিংবা সমুদ্রে ডুবিয়ে মারা উচিত। আর তা না হলে বাকি জীবনটা তাদের অন্ধকার ঘরে বন্দি করে রাখা উচিত।’’

• শুধু মুসলিম ধর্মকেই নয়, খ্রিস্টানদের সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেন যোগী। মাদার টেরিজার প্রসঙ্গ টেনে এনে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘‘ভারতীয়দের খ্রিস্টান করার পিছনে মাদার টেরিজার ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়ে সেবা করার নামে হিন্দুরা তাই ধর্ম পরিবর্তন করে নিচ্ছে।’’

 • ২০১৬ সালে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় তাঁর নিশানায় পড়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানও। ‘‘শাহরুখ খানের মনে রাখা উচিত যে মানুষ তাঁর ফিল্ম বয়কট করলে রাস্তায় ঘুরে-বেড়ানো আর পাঁচ জন মুসলিমের সঙ্গে তাঁর কোনও পার্থক্য থাকবে না। শাহরুখের মতো লোকজনের ভাষা সন্ত্রাসবাদীদের মতো। হাফিজ সইদের সঙ্গে তাঁর ভাষার কোনও তফাৎ নেই’’, বলেছিলেন যোগী।

• চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, ‘‘সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে শুধুমাত্র কবরস্থানের উন্নতি হবে আর বিজেপি ক্ষমতায় এলে অনেক বেশি রামমন্দির হবে।’’

এ সম্পর্কে সংবাদ প্রতিদিনের খবর“উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়া এই শতাব্দীর শ্রেষ্ঠ খবর

নারদ কাণ্ডের তদন্তে এল স্পেশাল সিবিআই টিম, নিল ফুটেজ-বর্তমান

নারদ কাণ্ডের তদন্তে এল  সিবিআইয়ের বিশেষ টিম

নারদ কাণ্ডের ফুটেজ-সহ যাবতীয় সরঞ্জাম একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে রাখতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর৷ সেই ফুটেজই ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে শুক্রবার সিবিআইকে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ৷ নির্দেশ পাওয়া মাত্রই কাজে নেমে পড়ল সিবিআই৷ এক সিবিআই কর্তা জানালেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার আগে কিছু তদন্ত প্রক্রিয়া রয়েছে। সেসব সম্পূর্ণ করার পরই অভিযুক্তদের জেরা করা শুরু হবে।#  

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯