মার্চ ২১, ২০১৭ ১২:৪২ Asia/Dhaka

শ্রোতাব/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২১ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • ভারতে ঢুকছে জঙ্গিরা: দিল্লীকে সতর্ক করলো ঢাকা-ইত্তেফাক
  • প্রতিরক্ষা চুক্তি থেকে দৃষ্টি ফেরাতে জঙ্গি তৎপরতা: রিজভী-প্রথম আলো
  • মাগুরায় প্রধনামন্ত্রীর জনসভায় জনস্রোত–যুগান্তর
  • সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি’-মানবজমিন
  • সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের'-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • উত্তর প্রদেশে‘স্বরাষ্ট্র’মন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে দ্বন্দ্বে যোগীর দুই ডেপুটি-আজকাল
  • রাষ্ট্রপতি পদেও মোদি কিকট্টর হিন্দু মুখ চান-বর্তমান
  • কোলকাতার হাসপতালে সিনেমার শ্যুটিং বন্ধ–আনন্দবাজার
  • আদিত্যনাথে আতঙ্ক মোছার চেষ্টায় বিজেপি-আনন্দবাজার
  • আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

ভারতে ঢুকছে জঙ্গিরা: দিল্লীকে সতর্ক করলো ঢাকা-ইত্তেফাক

ভারতে ঢুকছে জঙ্গিরা: দিল্লীকে সতর্ক করলো ঢাকা

ভারতে ব্যাপকহারে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, এমন খবর জানিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সতর্ক করলো বাংলাদেশ। আর সীমান্তবর্তী দেশের এমন সতর্কবার্তা উত্তাল ঢেউ তুলেছে ভারতের জাতীয় নিরাপত্তার পালে।বাংলাদেশ সরকারের রিপোর্টে বলা হয়েছে, ২০১৫’র চেয়ে ২০১৬ সালে আগের চেয়ে প্রায় তিনগুণ জঙ্গি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ করেছে। জেএমবি ও হরকাতুল জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিরা সীমান্তের সকল বাধা উপেক্ষা করে দেশটির পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিভিন্ন স্থানে পালিয়ে গিয়ে আত্মগোপন করে আছে।তাছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা এজেন্সির (এনআইএ) কাছে এও তথ্য রয়েছে যে, ২০১৪ সালে দেশটির বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে জেএমবি’র সদস্যরা সরাসরি জড়িত ছিলো। 

রিপোর্টে আরো দেখা যায়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা- এই তিন রাজ্যে প্রায় ২ হাজার ১০ জন হুজি ও জেএমবি সদস্য অনুপ্রবেশ করেছে। এরমধ্যে শুধু পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই ঢুকেছে ৭২০ জঙ্গি। বাকি ১২৯০ জঙ্গি সদস্য দেশটিতে প্রবেশ করেছে আসাম ও ত্রিপুরা হয়ে। 

এ ব্যাপারে পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্রদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের এই সতর্কবার্তাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এমনকি রিপোর্টের বিষয়বস্তু নিয়ে তথ্য জোগাড় করা হচ্ছে।

মাগুরায় প্রধনামন্ত্রীর জনসভায় জনস্রোত–যুগান্তর

দেশ দ্রুত এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করছি- প্রধানমন্ত্রী

২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা পৌঁছেছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি-একনেকের সভা শেষে হেলিকপ্টারযোগে দুপুরে মাগুরা পৌঁছান তিনি।  বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।     

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা স্টেডিয়ামে প্রস্তুতকৃত ফলক উন্মোচনের মাধ্যমে ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন করেন।   এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা ও সরাসরি দেখার জন্য মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের গ্রাম-গঞ্জের হাজার হাজার মানুষের স্রোত মাগুরা শহরে যেন আছড়ে পড়েছে। আর হাজার হাজার নারী-পুরুষের স্রোত গিয়ে মিশেছে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে।

আর ইত্তেফাকের খবরের শিরোনাম: ‘দেশ দ্রুত এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। সামাজিক নিরাপত্তামূলক কাজ করছি। শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা চাই, দেশ যেন আরো দ্রুত এগিয়ে যায় সেই লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি মাগুরায় সন্ত্রাস কায়েম করেছিল। তারা এ 
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ২৫০ শয্যা হাসপাতাল ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শ্রীপুর ও মোহাম্মদপুরে ফায়ার সার্ভিস, স্থানীয় সরকারি কলেজের একাডেমিক ভবনসহ ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সর্বশেষ ২০০৮ সালে প্রধানমন্ত্রী মাগুরা যান।

প্রতিরক্ষা চুক্তি থেকে দৃষ্টি ফেরাতে জঙ্গি তৎপরতা: রিজভী-প্রথম আলো

তবে এ সম্পর্কে মানবজমিনের শিরোনাম এরকম-সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি-রিজভী

সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি-রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি থেকে দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে আবারও রক্তাক্ত জঙ্গি তৎপরতার কৌশল নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তাঁর দাবি, জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার পরিকল্পিতভাবে জঙ্গিবাদের সামগ্রিক তৎপরতা আড়াল করছে। জনগণের কাছে আজ পরিষ্কার, জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার ফায়দা নিচ্ছে।

‘জঙ্গিবাদ জাতীয় নির্বাচনের অন্তরায়’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁর বক্তব্যে এটা পরিষ্কার যে জঙ্গি হামলার সুবিধাভোগী কারা। কারা জঙ্গিবাদ জিইয়ে রেখে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে। এখন জনগণের কাছে পরিষ্কার, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি বানচাল করার জন্যই জঙ্গি তৎপরতা সৃষ্টি করা হয়েছে।’

পাকিস্তানি সেনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত-প্রথম আলো

পাকিস্তানি সেনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই প্রথমবারের মতো পাকিস্তান সেনাবাহিনীর সাবেক একজন সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়ে এ প্রতিবেদনে জমা দেওয়া হবে।

আজ বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ওই সদস্যের নাম মোহাম্মদ শহীদুল্লাহ (৭৫)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামে। শহীদুল্লাহর বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০১৫ সালের ১১ অক্টোবর। তদন্ত করেন জেড এম আলতাফুর রহমান। গত বছরের ২ আগস্ট শহীদুল্লাহকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের'-কালের কণ্ঠ

৫ জঙ্গি গ্রেফতার

গ্রেপ্তারকৃত পাঁচ জঙ্গির সরকারি কোনো স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) আনোয়ার লতিফ খান।  গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মঙ্গলবার (২১ মার্চ) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২০ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা এলাকায় রাতভর অভিযান চালিয়ে ওই পাঁচ জঙ্গিকে আটক করেন র‌্যাব ১০ এর সদস্যরা। 

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি শ্রমিক আটক-ইত্তেফাক

মালেশিয়ায় ৩৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে ৩৭ বাংলাদেশি শ্রমিকসহ মোট ৩৭৬ জনকে আটক করেছে দেশটির সারওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগ। আটক অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, শুধুমাত্র সোমবার ৭২ জন অফিসারকে নিয়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ১৮ জন বাংলাদেশি রয়েছে। এই মাস ব্যাপী অবৈধদের চিহ্নিত করতে অভিযান চলবে বলেও জানানো হয়।
গত কয়েকদিন ধরে চালানো অভিযানে আটক ৩৭৬ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি ১৫৮ জন ইন্দোনেশিয়ান. ১২৭ জন চীনের নাগরিক, ৪৩ জন ভারতীয়, ৭ জন ফিলিপাইনের নাগরিক একজন শ্রীলঙ্কার নাগরিক এবং তিনজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। এদের মধ্যে সোমবার অভিযান আটক ১৮ বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দ্য বরনি পোস্ট।

কুমিল্লা সিটি নির্বাচন: সীমার ২৯ দফা ইশতেহার ঘোষণা-ইত্তেফাক

কুমিল্লা সিটি নির্বাচন: সীমার ২৯ দফা ইশতেহার ঘোষণা

আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

প্রতারণার শিকার ৭১ হাজার মানুষ হজে যেতে পারবেন না-ইত্তেফাক

প্রতারণার শিকার ৭১ হাজার মানুষ হজে যেতে পারবেন না

প্রতিটি ধর্মপ্রাণ মানুষ মনের গভীরে স্বপ্ন দেখেন অন্তত একবার হজে যাওয়ার। সামর্থ্যবানদের জন্য হজ ফরজ। অনেকে সারাজীবনের আয়ের একটি অংশ গচ্ছিত রাখেন হজে যাওয়ার নিয়তে। অল্প অল্প করে জমান টাকা। এই টাকার প্রতি মায়াটা তাই আলাদা। এই এবাদতকে নিয়েও একশ্রেণির মানুষের প্রতারণা থেমে নেই। হজ এজেন্সি এবং দালালচক্রের ফাঁদে পড়ে হয়রান হচ্ছেন হজ করতে ইচ্ছুক ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ। প্রাক-নিবন্ধন এবং হজের টাকা তুলে দিয়ে এখন হজ এজেন্সি ও দালালের পেছনে পেছনে ঘুরছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের সহজ সরল হাজার হাজার মানুষ সবচেয়ে ভোগান্তিতে আছেন। দালালরা তাদের আশ্বাস দিয়ে বলছেন, ‘সিরিয়াল নম্বর নিয়ে চিন্তার কিছু নেই। সরকারি কোটা পূরণ হবে না। ওইখানে ৫-৬ হাজার খালি থাকবে।  সেই খালি কোটায় আপনাকে নিয়ে যাব। সিরিয়াল পেছনে থাকলেও সামনে নিয়ে আসা হবে। এজন্য বাড়তি কিছু টাকা লাগবে।’ যারা একটু বিত্তবান তারা বাড়তি টাকাও তুলে দিচ্ছেন দালালদের হাতে। কারণ তারা যে করেই হোক এবারই হজে যেতে চান। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই বাংলাদেশের জন্য নির্ধারিত হজ কোটার অতিরিক্ত প্রায় ৭১ হাজারের বেশি প্রাক-নিবন্ধন হয়ে গেছে।

 গতকাল ২০ মার্চ ছিল এ বছরের প্রাক-নিবন্ধনের টাকা জমা নেওয়ার শেষ তারিখ। চলতি বছর এক লাখ ৪০ হাজার ৯৯৫ সিরিয়াল থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়। সরকারি পর্যায়ে তিন হাজার ৩৪৯ জন ও বেসরকারি পর্যায়ে এক লাখ ৮৫ হাজার ৫০৩ জন প্রাক-নিবন্ধন  সম্পন্ন করেছেন। এছাড়া গত বছরের ৩৭ হাজার ৪৫০ জন প্রাক-নিবন্ধনকারী রয়েছেন হজে যাওয়ার অপেক্ষায়। কোটা জটিলতার কারণে তারা হজে যেতে পারেননি। ২০১৭ সালে সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। এ বছর হজে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হতে পারে ২১৭২৮৮।

শ্রমিকদের জন্য আসছে প্রভিডেন্ড ফান্ড সুবিধা-কালের কণ্ঠ

শিগগিরই সব শ্রমিকদের জন্য আসছে প্রভিডেন্ট ফান্ডের ঘোষণা। এতে অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিকরাই পাবেন সুবিধা। এ ক্ষেত্রে কোনো শ্রমিক ১ শ টাকা জমা রাখলে সরকার দেবে আরও ১ শ টাকা। মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই আগামী ১ মে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে সব অপ্রাতিষ্ঠানিক শ্রমিক উদাহরণস্বরূপ বলা যায়- কৃষি শ্রমিক, যে কিনা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন, তিনিও এ সুবিধা পাবেন। এটা হবে ১০ বছর ও ১৫ বছর মেয়াদি।

 

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

উত্তর প্রদেশে‘স্বরাষ্ট্র’মন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে দ্বন্দ্বে যোগীর দুই ডেপুটি

উত্তর প্রদেশে‘স্বরাষ্ট্র’মন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে দ্বন্দ্বে যোগীর দুই ডেপুটি-আজকাল

একদিন বয়স মন্ত্রিসভার, তারমধ্যেই শুরু হয়ে গিয়েছে লড়াই। কে পাবেন উত্তর প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর এই নিয়ে এখন দড়ি টানাটানিতে মগ্ন যোগীর দুই উপ মুখ্যমন্ত্রী। দ্বন্দ্ব এতোটাই তীব্র যে সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কাছে দরবার করতে হচ্ছে যোগীকে। দিল্লিতে মঙ্গলবার বৈঠক করবেন তাঁরা। কেশব মৌর্য না দীনেশ সিং কে পাবেন স্বরাষ্ট্রের দায়িত্ব সেটা ঠিক করে দেবেন মোদি–অমিতই।  তবে শুধু স্বরাষ্ট্র নয় ৪৭ জন মন্ত্রীর দপ্তর  সম্ভবত ঠিক করবেন তাঁরাই।  

কোলকাতার হাসপতালে সিনেমার শ্যুটিং বন্ধ–আনন্দবাজার

কোলকাতার হাসপতালে সিনেমার শ্যুটিং বন্ধের নির্দেশ মমতার

হাসপাতালে শ্যুটিং হলে লাভ উভয়পক্ষেরই। নির্মাতারা হাসপাতাল দৃশ্যের শ্যুটিংয়ের জন্য জায়গা পেতেন। হাসপাতালেরও পাবলিসিটি হতো। এখন এই ‘পাবলিসিটি’তেই ভূত দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ!পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন হাসপাতালকে। সেই পরিপ্রেক্ষিতে রোগীর চিকিৎসাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন, পাবলিসিটি অনেক পরের কথা। তাই হাসপাতালে টালিগঞ্জের ছবির শ্যুটিং আপাতত বন্ধ। খবর আনন্দবাজার পত্রিকার। অনেকের মতে, স্টুডিওতে সেট তৈরি করলেই হয়। হাসপাতালে শ্যুটিং মানেই তো গোলমাল। রোগী ও তার আত্মীয়-স্বজনদের সমস্যা হতেই পারে।

মহাভারতকে অবমাননা!‌ ‌বিপাকে কমল-আজকাল

মহাভারতকে অবমাননা!‌ ‌বিপাকে কমল

প্রকাশ্যে মহাভারতের অবমাননা করেছেন অভিনেতা কমল হাসান। এই অভিযোগে তিরুনেলভেলি আদালতে জনস্বার্থ মামলা দায়ের করল হিন্দু মাক্কাল কাচি নামে একটি সংগঠন। একটি সংবাদ মাধ্যে ইন্টারভিউ দেওয়ার সময় কমল হাসান বলেছিলেন, ‘মহাভারতে দ্রৌপদীকে জুয়ার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল।’ এই মন্তব্যে নাকি হিন্দু ধর্মের উপর আঘাত হেনেছেন কমল হাসান। অপমান করা হয়েছে মহাকাব্যকেও। বেজায় চোটে চেন্নাই সিটি পুলিস কমিশনারের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। 

আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন

লোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের

প্রায় ছয় বছর ধরে মামলাধীন রাম মন্দির সমস্যার সমাধান পারস্পরিক আলোচনার মাধ্যমে করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ফাইল করা একটি পিটিশনের শুনানির পর সর্বোচ্চ আদালত জানায় যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধু মাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷

স্বামীর পিটিশনের শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু রাম জন্মভূমি বিতর্ক অত্যাধিক ধর্মীয় স্পর্শকাতর বিষয়৷ তাই দুই সম্প্রদায়ের আবেগের কথা মাথায় রেখে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়৷ এ বিষয়ে পরবর্তী শুনানি ৩১ মার্চ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত৷

মামলাটির শুনানি চলাকালীন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন যে বহুবার আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের চেষ্টা করা হয়েছে৷ তবে প্রতিবার তা বিফল হয়৷ তাঁর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে আরও একপ্রস্থ আলোচনার পরামর্শ দিয়েছে৷ এছাড়া, দু’পক্ষ চাইলে, কোর্ট একজন মধ্যস্থতাকারীকে নিযুক্ত করে দিতে পারে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত৷

আদিত্যনাথে আতঙ্ক মোছার চেষ্টায় বিজেপি-আনন্দবাজার

আদিত্যনাথে আতঙ্ক মোছার চেষ্টায় বিজেপি

আনুষ্ঠানিক ফরমান এখনও জারি হয়নি। তবু যোগী আদিত্যনাথের শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইলাহাবাদ পুরসভা তালা ঝোলালো দু’টি কসাইখানায়। এই সব বিষয় তো রয়েইছে, তার সঙ্গে যোগীর অতীত নিয়েও বিভিন্ন মহলে রয়েছে ক্ষোভ। উত্তরপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রীর অভিষেকের সঙ্গেই শুধু সংখ্যালঘু সমাজে নয়, অসন্তোষ বাড়ছে আধুনিক হিন্দু মননেও। সেই ক্ষোভ সামাল দিতেই এ বার আসরে নামলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যোগীকে নিয়ে অসন্তোষ দূর করতে একটি সুদীর্ঘ নিবন্ধই লিখে ফেলেছেন নরেন্দ্র মোদী সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু।

রাষ্ট্রপতি পদেও মোদি কিকট্টর হিন্দু মুখ চান-বর্তমান

রাষ্ট্রপতি পদেও মোদি কিকট্টর হিন্দু মুখ চান

ফের চমক অপেক্ষা করছে! লখনউ তখতের পর এবার ভারতের সর্বোচ্চ সাংবিধানিক সিংহাসনেও কট্টর হিন্দুত্ব মুখকেই দেখতে চাইছে বিজেপি। অর্থাৎ রাষ্ট্রপতি। তবে এবার ফরমুলা হতে পারে দলিত প্লাস হিন্দুত্ববাদী। উত্তরপ্রদেশে দলিত, অনগ্রসর, তফসিলি সম্প্রদায়ের থেকে আশাতীত ভোট পাওয়ার পরও মুখ্যমন্ত্রী পদে একজন উচ্চবর্ণ ঠাকুর সম্প্রদায়কে বসানোয় যাতে দলিত সমাজ ক্ষুব্ধ না হয়, তা নিশ্চিত করতে তাদের উপহার দেওয়া হতে পারে একজন দলিত রাষ্ট্রপতি। যিনি হবেন প্রবল হিন্দুত্ববাদীও। এটাই সংঘ পরিবারের পরিকল্পনা। উত্তরপ্রদেশের বিপুল সাফল্যই নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের অনুপ্রাণিত করেছে নির্বিঘ্নে গেরুয়াকরণের পথে এগতে। প্রধানমন্ত্রী পদে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে বসা একদা সংঘের প্রচারক নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে দেশের কট্টর হিন্দুত্ববাদীদের কাছে পোস্টার বয় যোগী আদিত্যনাথ। হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে আরএসএস প্রচারক মনোহর লাল খট্টর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরএসএসের একান্ত অনুগামী তথা নাগপুরের একদা মেয়র দেবেন্দ্র ফড়নবিশ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সংঘের আদর্শবাহী ইউনিয়ন নেতা রঘুবর দাস। উত্তরাখণ্ডে সদ্য বেছে নেওয়া হল আরএসএসের প্রচারক ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে।

হাজার হাজার টাকায় বিকোচ্ছে নরকঙ্কাল, গ্রেপ্তার ৫-বর্তমান

হাজার হাজার টাকায় বিকোচ্ছে নরকঙ্কাল, গ্রেপ্তার ৫

টাকায় অনেক কিছুই বিকোয়। তা বলে নরকঙ্কাল, তাও হাজার হাজার টাকায়! পূর্বস্থলীর পরপর দু’টি বাড়িতে অভিযান চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। ঘটনায় তিন মহিলা-সহ চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১৮টি নরকঙ্কাল। ধৃতদের জেরা করেই পুলিশ জানতে পেরেছে, বড় অঙ্কের টাকার বিনিময়ে এই হাড়গোড় বিক্রির চক্র বেশ সক্রিয়। তবে চক্রের দুই পাণ্ডা পলাতক। তাদের খোঁজ চলছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১