সিলেটে জঙ্গি হামলা: ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬,অভিযান অব্যাহত
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা –যুগান্তর
- সিলেটে জঙ্গি হামলা: ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬
- সিলেটে বোমা বিস্ফোরণের সঙ্গে আইএসের কোন সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
- সরকারই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: ফখরুল-প্রথম আলো
- একাত্তরের ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন হবে আগামীতে : নাসিম-নয়া দিগন্ত
- বিপথগামীরা সুপথে ফিরলে সহায়তা করবে সরকার-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ভারত নিয়ন্ত্রিত জম্মুতে জারি রেড অ্যালার্ট-আজকাল
- তিস্তা নিয়ে মমতার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, আশ্বাস কেন্দ্রের-বর্তমান
- প্রশাসন ও গোরক্ষা বাহিনীর জুলুমে যোগী রাজ্যে বন্ধ পাঁঠা, মুরগিও-আনন্দবাজার
- ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিই নতুন ভারতের পরিচয়: নরেন্দ্র মোদি-সংবাদ প্রতিদিন
শ্রোতা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
আজ বাংলাদেশের ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ সম্পর্কিত খবর সব আজকের সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। পাশাপাশি সিলেটের আতিয়া মহলের ঘটনাও বিশেষভাবে প্রকাশিত হয়েছে দৈনিকগুলোতে।
স্বাধীনতা দিবসের খবরে দৈনিক ইত্তেফাক, যুগান্তরে লেখা হয়েছে,মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি ও বিদেশী কূটনীতিকরা। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
এছাড়া যুগান্তরের খবরে আরো লেখা হয়েছে, মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, 'দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে। এই আন্দোলন সফল হতেই হবে।' প্রথম আলোর খবরে লেখা হয়েছে, সরকারি দলের নেতাদের বক্তব্যের পাল্টা জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি নয়, সরকারই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে।
সিলেটে জঙ্গি হামলা: ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬ -ইত্তেফাক
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ পার্শ্ববর্তী এলাকায় শনিবার সন্ধ্যায় দুই দফা জঙ্গি হামলার ঘটনায় এ পর্যন্ত পুলিশসহ ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দৈনিক মানবজমিন এ সম্পর্কে ফলোআপ খবরে লিখেছে,সিলেটে অপারেশন ‘টোয়াইলাইট’ অব্যাহত, ফের বিস্ফোরণ-গুলির শব্দ শোনা গেছে।এছাড়া থেমে থেমে গুলির আওয়াজও শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আতিয়া মহলের চারপাশের চার কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
এ সম্পর্কে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, দেশব্যাপী আলোচিত সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যে গতকালের বিস্ফোরণের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, সিলেটে হামলার দায় স্বীকার আইএসআই্এলের।
বিপথগামীরা সুপথে ফিরলে সহায়তা করবে সরকার-কালের কন্ঠ/মানবজমিন
যারা ধর্মর নামে জঙ্গিবাদে জড়িয়ে হত্যা-সন্ত্রাসে লিপ্ত হচ্ছে, তাদের সুপথে ফেরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জীবন-জীবিকার জন্য সরকার সব কিছু করবে। সেই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে। রোববার সকালে মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এসব কথা বলেন।
যুগান্তরের খবর-বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়। এ সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
বাড়ি থেকে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত-যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাউছার ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাতশালা রেল স্টেশনের কাছে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় ডিবি পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
একাত্তরের ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন হবে আগামীতে : নাসিম-নয়া দিগন্ত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন হবে একাত্তরের ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। ওই নির্বাচনে একাত্তরের ঘাতকের দোসরদের পরাজিত করতেই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদের দোসরদের মূল উৎপাটন করতে হবে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
জম্মুতে জারি রেড অ্যালার্ট-আজকাল
শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আক্রমণ! আর তার জেরেই জম্মুতে জারি হল রেড অ্যালার্ট। নিরাপত্তা বাহিনীর এক কনস্টেবল মহম্মদ হানিফের মুখে লঙ্কার গুঁড়ো ছোঁড়া হয়। এরপর তাঁর কাছ থেকে রাইফেলও কেড়ে নেওয়া হয়। বিগত দু’দশকে এমন ঘটনা ঘটেনি বলেই সূত্রের খবর। আর তারপরেই জম্মুতে শুরু হয়েছে রেড অ্যালার্ট। পুলিস সূত্রে জানা গিয়েছে যে, তিন যুবক জম্মু ডোগরা চকে মন্দির–মসজিদ পয়েন্টের কাছে নিরাপত্তা বাহিনীর কনস্টেবল মহম্মদ হানিফের উপর হামলা চালায়। হামলাবাজরা কাশ্মীরের শোফিয়ান শহরের বলে মনে করছে পুলিস। হানিফ যখন বাড়ি ফিরছিলেন, তখনই এই অতর্কিত আক্রমণ চালায় দুষ্কৃতিরা। শুকনো লঙ্কার গুঁড়ো ছুঁড়ে ওই তিন যুবক হানিফকে মারধরও করে। মাথায় চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় হানিফকে। তাঁর মাথায় ৯ টি সেলাই পড়েছে। তিন যুবকের মধ্যে ইতিমধ্যেই মাসুদ আহমেদ মালিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ২ এপ্রিল জম্মু আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার পর তাই নিরাপত্তা কড়া করা হয়েছে। রেড অ্যালার্টও জারি হয়েছে।
প্রশাসন ও গোরক্ষা বাহিনীর জুলুমে যোগী রাজ্যে বন্ধ পাঁঠা, মুরগিও-আনন্দবাজার
কথা হয়েছিল, বন্ধ হবে বেআইনি কসাইখানা। কাজে দেখা যাচ্ছে, যন্ত্রচালিত বৈধ কসাইখানাও যোগী সরকারের কোপে পড়ছে। উত্তরপ্রদেশে সব রকম আমিষ খাবারের বিরুদ্ধেই অঘোষিত যুদ্ধে নেমে পড়েছে যোগী-রাজ্যের প্রশাসন ও গোরক্ষাপন্থী যুবা বাহিনী। দিল্লির লাগোয়া এলাকায় পোস্টার পড়ছে, কাছে মাতাজির মন্দির। বন্ধ করো মাংসের দোকান। মেরঠের মেয়র হরিকান্ত অহলুওয়ালিয়া জেলাশাসকের কাছে দাবি জানিয়ে এসেছেন, বৈধ-অবৈধ প্রশ্ন নয়, মন্দিরের আশপাশে কসাইখানা বন্ধ করতে হবে।
২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিই নতুন ভারতের পরিচয়: নরেন্দ্র মোদি-সংবাদ প্রতিদিন
রবিবার অল ইন্ডিয়া রেডিওর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘নয়া ভারত’ থেকে শুরু করে ডিজিটাল লেনদেন- একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার মহিলাদের জন্য অতিরিক্ত মাতৃত্বকালীন ছুটির কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ তিনি বললেন, “কর্মরত মহিলাদের জন্য মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে,লোকসভায় এ বিল পাস করা হয়েছে৷ এর মূল লক্ষ্যই হল সদ্যোজাত, যারা ভবিষ্যতের ভারত গড়বে, তাদের যথোপযুক্ত পরিচর্যার বন্দোবস্ত করা৷” এদিন বেতার ভাষণে নয়া ভারত গড়ারও ডাক দিয়েছেন মোদি৷
তিস্তা নিয়ে মমতার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, আশ্বাস কেন্দ্রের-বর্তমান
তিস্তা জলচুক্তি নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে মমতা সহ সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলা হবে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে। গতকাল কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছিলেন, রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে কোনও সিদ্ধান্তই নেওয়া হবে না। কারণ ভারত সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রীতি মেনে কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রটোকল অনুসরণ করেই এগতে চায়। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে যাবেন তার আগেই রাজ্য সরকারের সঙ্গে তিস্তা নিয়ে দীর্ঘ ও বিস্তারিত কথা বলবে কেন্দ্র।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬