মার্চ ২৭, ২০১৭ ১১:৫৩ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৭ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • হাইকোর্টের প্রজ্ঞাপন-সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশ–যুগান্তর
  • সকালে টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে-ইত্তেফাক
  • জঙ্গিবাদকে বায়োস্কোপের মতো সামনে আনা হয়: রিজভী-প্রথম আলো
  • ব্লগার রাজীব হত্যা মামলায় হাইকোর্টের রায় ২রা এপ্রিল-মানবজমিন
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপনের প্রাণভিক্ষার আবেদন -নয়া দিগন্ত
  • লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের কারাদণ্ড-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ভারতের উত্তর প্রদেশে কসাইদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু-আজকাল
  • প্রাথমিকে ক্লাসছুট শিক্ষকদের এবার বেতন কাটার পথে  পশ্চিমবঙ্গ রাজ্য সরকার-বর্তমান
  • স্বাস্থ্য বিল নিয়ে মমতার সঙ্গে দেখা করতে চায় আইএমএ-আনন্দবাজার-আনন্দবাজার
  • ‘মোদি এবং যোগী ক্ষমতায় থাকলে মিটবে না রামমন্দির বিতর্ক’সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

সকালে টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে-ইত্তেফাক

সিলেটে আতিয়া মহলে অভিযান অব্যাহত

‘আতিয়া মহল’ থেকে সকালে টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরও থেমে থেমে গুলির শব্দ বেলা ১১ টা পর্যন্তও পাওয়া গেছে। রবিবার রাতে গোলাগুলির শব্দ তেমন শোনা না গেলেও সোমবার সকালের বিকট শব্দেই ঘুম ভেঙেছে ওই এলাকাবাসীর।

 এদিকে অভিযানস্থলের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। আশপাশের দুই বর্গকিলোমিটার এলাকা সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ঘটনাস্থলের পাশে শনিবার বোমা বিস্ফোরণে পুলিশের দুজন কর্মকর্তাসহ ছয়জন নিহত হওয়া ঘটনায় মোঘলাবাজার থানায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

ইত্তেফাকের অন্য একটি খবরে লেখা হয়েছে- সিলেটের শিববাড়ীর ‘আতিয়া মহলে জেএমবি’র দুর্ধর্ষ জঙ্গি মুসা অবস্থান করছে।

জঙ্গিবাদকে বায়োস্কোপের মতো সামনে আনা হয়: রিজভী-প্রথম আলো

রিজভীর সংবাদ ব্রিফিং:জঙ্গিবাদ ইস্যুকে জনগণের কাছে অন্ধকারে রেখেছে সরকার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে, তখন জঙ্গিবাদের মতো ভয়ংকর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়।’ আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই অভিযোগ করেন।

রিজভীর অভিযোগ, ‘জঙ্গিবাদ ইস্যুকে জনগণের কাছে অন্ধকারে রেখেছে সরকার। ফলে এ নিয়ে জনগণের মধ্যে সর্বদা আতঙ্ক বিরাজ করছে। আজ এক জায়গায় এক ঘটনা ঘটছে তো কাল আবার আরেক জায়গায় আরেক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু সরকার সর্বদা জঙ্গিবাদ ইস্যুকে জিইয়ে রেখে নিজেরাই রাজনৈতিক মুনাফা তোলার চেষ্টা করছে। যখনই কোনো জঙ্গিবাদী ঘটনা ঘটে, তখনই প্রধানমন্ত্রী বলে থাকেন, জঙ্গিবাদকে নির্মূল করা হবে। কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করছে, নির্মূল হওয়া তো দুরে থাক, বরং ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে, তখন জঙ্গিবাদের মতো ভয়ংকর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়।’

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে-অপশক্তির মদদ দিচ্ছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন- জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি

জঙ্গিবাদ উত্থানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারাই এ অপশক্তিকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের এতটা আশকারা পাওয়ার কথা ছিল না। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘দেশটা আমাদের সবার আগে। দেশকে ধ্বংস করে, দেশের স্থিতি নষ্ট করে, আজকে অপশক্তিকে মদদ দেওয়া হচ্ছে।’

হাইকোর্টের প্রজ্ঞাপন-সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশ-যুগান্তর

সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা দেশের আদালত প্রাঙ্গণ, বিচারকদের বাসভবনগুলোতে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের গত ২৩ মার্চ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আজ সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ জানান বলেন, আজ দেশের সব আদালতসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে প্রজ্ঞাপন অনুলিপি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন।

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের কারাদণ্ড-কালের কণ্ঠ

অষ্টম শ্রেণি পাস না করলে লাইসেন্স পাবেন না চালকরা

লাইসেন্স ছাড়া গাড়ি চাল‍ালে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৭ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আইনে বলা হয়েছে, অষ্টম শ্রেণি পাস না করলে লাইসেন্স পাবেন না চালকরা। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। করলে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

ব্লগার রাজীব হত্যা মামলায় হাইকোর্টের রায় ২রা এপ্রিল-মানবজমিন

ব্লগার রাজীব হত্যা মামলায় হাইকোর্টের রায় ২ এপ্রিল

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) এর উপর সুনানী শেষ হয়েছে। আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপিলের সুনানী শেষে আগামী ২রা এপ্রিল আপিলের রায়ের জন্য দিন ধার্য করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপনের প্রাণভিক্ষার আবেদন -নয়া দিগন্ত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপনের প্রাণভিক্ষার আবেদন

ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার লিখিত আবেদন করেছেন।সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া জানান, সোমবার বেলা ১২টার দিকে রিপন প্রাণভিক্ষার লিখিত আবেদন করেছেন।  

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতের উত্তর প্রদেশে কসাইদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু-আজকাল

ভারতের উত্তর প্রদেশে কসাইদের ধর্মঘট শুরু

ভারতের উত্তর প্রদেশে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে শুরু করেছেন কসাইরা। রাজধানী লখনউসহ এলাহাবাদ ও রাজ্যের বিভিন্ন জেলার কসাইরা প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁদের অভিযোগ, বেআইনি কসাইখানা বন্ধের নামে খামোকা গোশত বিক্রেতাদের হেনস্থা করছে যোগী প্রশাসন। লখনউয়ের ‘বকরা গোস্ত ব্যাপার মণ্ডল’–এর কর্মকর্তা মুবিন কুরেশি জানিয়েছেন, ‘আজ থেকে ধর্মঘট শুরু করেছি। সব দোকানপাট বন্ধ থাকবে। মৎস্য ব্যবসায়ীরাও আমাদের সমর্থনে এগিয়ে এসেছেন। সরকারকেই পিছু হটতে হবে। সরকার কসাইখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় লক্ষ লক্ষ মানুষের জীবনে ক্ষতিকর প্রভাব পড়ছে।

‘মোদি এবং যোগী ক্ষমতায় থাকলে মিটবে না রামমন্দির বিতর্ক’সংবাদ প্রতিদিন

মোদি এবং যোগী ক্ষমতায় থাকলে মিটবে না রামমন্দির বিতর্ক

যতদিন নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন আদালতের বাইরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক মিটবে না। এমনটাই দাবি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির(বিএমএসি) আহ্বায়ক জাফারিয়াব জিলানির। এক বৈঠকে জিলানি বলেন, ‘যতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় থাকবেন, ততদিন মুসলিমদের ন্যায় পাওয়ার কোনও আশা নেই। দু’জনেই বিজেপি-র কর্মী আর দু’জনেই সর্বদা রামমন্দির নির্মাণের পক্ষে সওয়াল করে এসেছেন।’ জিলানির মতে, রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রীরা আগে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতেন। কিন্তু এখন সেই অবস্থা নেই। তাঁর আরও দাবি, এই সমস্যার মীমাংসা একমাত্র সুপ্রিম কোর্টেই সম্ভব।

প্রাথমিকে ক্লাসছুট শিক্ষকদের এবার বেতন কাটার পথে  পশ্চিমবঙ্গ রাজ্য সরকার-বর্তমান

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের গাফেলতি ধরা পড়লে বেতন কাটা হবে-রাজ্য সরকার

প্রাথমিক শিক্ষকদের হাজিরা নিয়ে কড়া ব্যবস্থা নিতে চায় শিক্ষা দপ্তর। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ক্লাস নেওয়ার ক্ষেত্রে গাফিলতি লক্ষ করা গেলেই বেতন কেটে নেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে কর্তাদের মধ্যে। দপ্তরের নতুন পরিকল্পনা অনুযায়ী একটি ফরম্যাট তৈরি করা হয়েছে। একজন শিক্ষকের দিনে ক’টি ক্লাস রয়েছে এবং ক’টি বাস্তবে নিলেন, প্রতিদিন সেই হিসাব তাঁকে ওই ফরম্যাটে লিখতে হবে। মাসের শেষে তা প্রধান শিক্ষকের কাছে জমা করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষকের বেতনের স্লিপের সঙ্গে ওই ফরমটি জুড়ে প্রধান শিক্ষক পাঠিয়ে দেবেন শিক্ষা দপ্তরে। তারপরই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য বিল নিয়ে মমতার সঙ্গে দেখা করতে চায় আইএমএ-আনন্দবাজার

মোদি এবং যোগী ক্ষমতায় থাকলে মিটবে না রামমন্দির বিতর্ক

স্বাস্থ্য বিলের প্রস্তাবিত দাওয়াই শুধু হাসপাতালের অনিয়ম-অনাচার বন্ধ করার জন্য। এবং এই উদ্যোগে চিকিৎসকদের স্বার্থে কোনও আঘাত লাগবে না বলে নবান্নের সর্বোচ্চ স্তর থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে ঠিকই। কিন্তু তাতে আশঙ্কা কাটছে না চিকিৎসকদের একাংশের।

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র সর্বভারতীয় শাখা তাই স্বাস্থ্য বিলের কিছু অংশ সংশোধনের দাবিতে অটল। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি আলোচনা চান বলে তাঁকে চিঠি দিয়েছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি কে কে অগ্রবাল।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭