মার্চ ২৮, ২০১৭ ১২:২৬ Asia/Dhaka

শ্রোতা/! পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • আতিয়া মহলে ফের বিস্ফোরণ- ড্রোন ব্যবহার-কালের কণ্ঠ
  • চারদিকে খেলতে গিয়ে বিপাকে প্রধানমন্ত্রী: রিজভী–যুগান্তর
  • ১০ এপ্রিল খালেদা জিয়া হাজির না হলে আদালত 'অন্যরকম আদেশ দিবে'-ইত্তেফাক
  • বিদেশে থাকা দুর্নীতিবাজদের ফিরিয়ে আনা হবে-ইকবাল মাহমুদ-প্রথম আলো
  • মোবাইল রেডিয়েশন: আন্তর্জাতিক ৩ সংস্থার সঙ্গে যোগাযোগের নির্দেশ-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বিয়ের মেনু পাল্টে দিল উত্তরপ্রদেশ পুলিস-আজকাল
  • জনকল্যাণমূলক প্রকল্পে আধার আবশ্যিক হবে না: সুপ্রিম কোর্ট-বর্তমান
  • মমতা অন্ধকারে, তবু নাকি চূড়ান্ত তিস্তা চুক্তি! সংসদে তীব্র প্রতিবাদ তৃণমূলের-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আতিয়া মহলে সেনা অভিযান অব্যাহত

সিলেটের শিববাড়ীর ‘আতিয়া মহলে’ সেনা অভিযানের ফলোআপ খবর ছাপা হয়েছে প্রায় সব দৈনিকে। এ সম্পর্কে প্রথম আলোসহ সব দৈনিকে লেখা হয়েছে, টানা পঞ্চম দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। সিলেটের শিববাড়ীর 'আতিয়া মহলে' নিরাপত্তার স্বার্থে এলাকায় এখনও সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে। বাড়ির ভেতরে থাকা বিস্ফোরক উদ্ধারের কাজ চলছে। 

জঙ্গিবিরোধী অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে একজন মুসা বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। 

আতিয়া- মহলের তথ্য ও ছবি সংগ্রহে ড্রোন ব্যবহার করা হয়েছে

এদিকে, অভিযানে আতিয়া মহলের তিন তলা পর্যন্ত পশ্চিমের দেয়াল বিধ্বস্ত হয়ে পড়েছে। পুরো ভবনটা যে অবস্থায় আছে সেটা বেশ ঝুঁকিপূর্ণ। এ সম্পর্কে কালের কণ্ঠের শিরোনাম- আতিয়া মহলে ড্রোন ব্যবহার।

চারদিকে খেলতে গিয়ে বিপাকে প্রধানমন্ত্রী: রিজভী–যুগান্তর

চারদিকে খেলতে গিয়ে বিপাকে প্রধানমন্ত্রী: রিজভী

চারদিকে খেলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে বিপাকে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কিনে প্রধানমন্ত্রী এখন বিপাকে। কারণ ভারত মনে করছে শেখ হাসিনার ওপর চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ভারত তার পরীক্ষিত বন্ধুর এ ধরনের বিচ্যুতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই তারা শেখ হাসিনার ওপর থেকে চীনের প্রভাব কাটাতে প্রতিরক্ষা চুক্তি করার জন্য পীড়াপীড়ি করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও চারদিকে খেলতে গিয়ে এ ধরনের হোচট খাবেন তা তিনি আগে ভাবতে পারেননি।

বিদেশে থাকা দুর্নীতিবাজদের ফিরিয়ে আনা হবে-ইকবাল মাহমুদ-প্রথম আলো

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ফটো)

বিদেশে পালিয়ে থাকা বড় দুর্নীতিবাজদের চলতি বছরই দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে দুদক আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে দুদকের চেয়ারম্যান এ কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের তৃতীয় দিন এ কর্মসূচির আয়োজন করা হয়।

সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি নির্মূল করা শুধু দুদকের কাজ নয়। এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই এক না হলে দুর্নীতি দমন করা সম্ভব নয়।

১০ এপ্রিল খালেদা জিয়া হাজির না হলে আদালত 'অন্যরকম আদেশ দিবে'-ইত্তেফাক

খালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল

আজ মঙ্গলবার আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। এদিন চোখের সমস্যার কারণে তিনি আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ এপ্রিল আদালতে হাজির না হলে অন্যরকম আদেশ দেবেন। খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হল- দারুসসালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

মোবাইল রেডিয়েশন: আন্তর্জাতিক ৩ সংস্থার সঙ্গে যোগাযোগের নির্দেশ-মানবজমিন

মোবাইল রেডিয়েশন: আন্তর্জাতিক ৩ সংস্থার সঙ্গে যোগাযোগের নির্দেশ

বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত বিকিরণে মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে কি না তা নিরূপণে বিশ্ব স্বাস্থ্যসহ তিনটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তিনটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে- ডব্লিওএইচও,আইএইএ ও আইসিএনআইআরপি। আগামী ১০ এপ্রিলের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বিয়ের মেনু পাল্টে দিল উত্তরপ্রদেশ পুলিস-আজকাল

বিয়ের মেনু পাল্টে দিল উত্তরপ্রদেশ পুলিস

বিয়ের অনুষ্ঠানে কী খাওয়ানো যাবে না, এবার সেটাও ঠিক করে দিচ্ছে উত্তরপ্রদেশের পুলিস। উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধের নির্দেশিকা জারির পর এবার এক ব্যক্তিকে তাঁর মেয়ের বিয়ের মেনু পরিবর্তনে বাধ্য করা হল। মোরাদাবাদ পুলিসের এই পদক্ষেপে দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। এদিকে উত্তরপ্রদেশের সমস্ত মাংস বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট ডেকেছেন। তাঁদের দাবি, সরকারের এই নির্দেশিকায় সমস্যায় পড়েছেন রাজ্যের সাধারণ মানুষ। 

আর সংবাদ প্রতিদিনের খবর-এবার উত্তরপ্রদেশের পথে হাঁটল ঝাড়খণ্ড। যোগী আদিত্যনাথের রাজ্যে বেআইনি কসাইখানা বন্ধ হওয়ার পর একই নির্দেশ জারি করল বিজেপি শাসিত ঝাড়খণ্ড। 

দেশভাগের ষড়যন্ত্র হয়েছিল’, অভিযোগে জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার-সংবাদ প্রতিদিন

মুম্বাইয়ে জিন্নাহ প্রসাদ ভাঙার দাবি বিজেপি বিধায়কের

মুম্বইয়ে অবস্থিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলি জিন্নাহর বিশাল প্রাসাদ ভেঙে ফেলা হোক। কেন্দ্রের কাছে এমনই আর্জি জানালেন এক বিজেপি বিধায়ক।

মঙ্গল প্রভাত লোধা বিপেজি বিধায়ক হওয়ার পাশাপাশি বাণিজ্য নগরীর সবচেয়ে প্রভাবশালী রিয়েল এস্টেটর প্রোমোটারও। তাঁর দাবি, দক্ষিণ মুম্বইয়ে অবস্থিত আলি জিন্নাহর মহল ধ্বংস করে সেখানে একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি করা হোক। আড়াই একর জমির উপর তৈরি বিরাট প্রাসাদের মূল্য আনুমানিক ২ হাজার ৬০০ কোটি টাকা। 

মমতা অন্ধকারে, তবু নাকি চূড়ান্ত তিস্তা চুক্তি! সংসদে তীব্র প্রতিবাদ তৃণমূলের-আনন্দবাজার

তিস্তা চুক্তির বিষয়ে তৃণমূলের প্রতিবাদ

তিস্তা চুক্তি প্রসঙ্গে ফের প্রতিবাদ জানাল তৃণমূল। এ বার সংসদে সরব হলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্য সরকারকে কিছুই না জানিয়ে যদি তিস্তা চুক্তির শর্তাবলী চূড়ান্ত হয়ে গিয়ে থাকে, তা হলে কোনও ভাবেই তাতে সিলমোহর দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত সৌগত রায়ের। জলের বণ্টন নিয়ে পাকিস্তান আর বাংলাদেশের প্রতি ভারতের আচরণ দু’রকমের, এমন মন্তব্যও এ দিন করেছেন তিনি।

গত ২৩ মার্চ এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। 

জনকল্যাণমূলক প্রকল্পে আধার আবশ্যিক হবে না: সুপ্রিম কোর্ট-বর্তমান

জনকল্যাণমূলক প্রকল্পে আধার আবশ্যিক হবে না: সুপ্রিম কোর্ট

সামাজিক সুরক্ষা তথা জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয়। এই সংক্রান্ত এক শুনানিতে আজ একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। আধার সংক্রান্ত মামলায় চূড়ান্ত রায়দানের আগে সরকার যেন নাগরিকদের এব্যাপারে বাধ্য না করে, সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট ভাষায় এই অভিমতই জানিয়েছে। দেশবাসীর মৌলিক অধিকারের অন্তর্গত ব্যক্তিগত তথ্যাবলী তথা গোপনীয়তাকে বিপজ্জনকভাবে প্রকাশ করে দেওয়ার মাধ্যম হয়ে উঠছে আধার কার্ড। কারণ আধার কার্ড সরকারি প্রকল্প হলেও ব্যক্তিগত তথ্য গ্রহণ থেকে বায়োমেট্রিক পরিচিতি নিয়ে আধার কার্ড ইস্যু করার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাগুলিকেই। এভাবেই প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্যাবলী বেসরকারি হাতে যাচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮