মার্চ ২৯, ২০১৭ ১১:৫১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • নারকোটিক্সের ‘কালো বিড়াল’ সরে পড়লেন নিরাপদে–যুগান্তর
  • জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও, গুলি-বিস্ফোরণ-ইত্তেফাক
  • ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল বন্ধ-প্রথম আলো-প্রথম আলো
  • জঙ্গিবাদকে জাতীয়ভাবে মোকাবিলার আহ্বান-মানবজমিন
  • প্রমাণ পেলে ব্যবস্থামুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান শুরু-নয়া দিগন্ত
  • প্রধান বিচারপতিকে 'রাজাকার' বলায় শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • নরেন্দ্র মোদিকে ঢাল করলেন শিবসেনা সংসদ সদস্য গায়কোয়াড়-আজকাল
  • মহিলাদের ‘নাইট শিফ্‌ট’ বন্ধ করতে বলল সরকারি কমিটি! -আনন্দবাজার
  • উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর আরও ৪ রাজ্যে বন্ধ বেআইনি কসাইখানা-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আতিয়া মহলের পর এবার মৌলভীবাজারের অভিযান শুরু। 

এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও, গুলি-বিস্ফোরণ

এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান, ১৪৪ ধারা জারি

মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুরের আস্তানা দু’টির জঙ্গিদের তৎপরতা সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের মতোই। এদের হাতেও তেমন অস্ত্র-বিস্ফোরক রয়েছে এবং সেই কায়দায় এখানকার জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়ছে।সরকারবাজা‌রের ওই বা‌ড়ি‌টি ঘি‌রে গোলাগু‌লির আওয়াজ শোনা যা‌চ্ছে। অন্যদিকে বড়হা‌টের বাড়িটির বা‌সিন্দা‌দের বাই‌রে বে‌রি‌য়ে আসার আহ্বান জানা‌চ্ছে পু‌লিশ। 

বড়হা‌টে পল্লী বিদ্যু‌তের সং‌যোগ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সং‌যোগ বিচ্ছিন্ন র‌য়ে‌ছে। সি‌লে‌টের ম‌তো। ইত্তেফাকে আরো লেখা হয়েছে-জঙ্গি তৎপরতার কারণে সারাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। অতিসাম্প্রতিক সময়ে বেশকিছু জঙ্গি হামলা বা হামলার চেষ্টাকে ঘিরে সারাদেশেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন জঙ্গি সন্ত্রাস। কিভাবে এই সন্ত্রাস মোকাবেলা করা যাবে তা নিয়ে সরকারের তরফ থেকে নেয়া হচ্ছে নানা রকম ব্যবস্থা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিকে সতর্ক থাকার পাশাপাশি নিজ নিজ এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে সম্পৃক্ততা বাড়াতে নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কে কালের কণ্ঠের শিরোনাম: 'জঙ্গি অভিযানে প্রয়োজনে নামানো হবে সেনাবাহিনী-স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল। আজ  সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে দুই জঙ্গি আস্তানার মালিক লন্ডন প্রবাসী। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

জঙ্গিবাদকে জাতীয়ভাবে মোকাবিলার আহ্বান-মানবজমিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

জঙ্গিবাদ বিশেষ কোনো সরকার বা দলের নয়, এটি একটি জাতীয় সমস্যা। তাই দোষারোপের রাজনীতি না করে সন্ত্রাস-জঙ্গিবাদের সমস্যাকে জাতীয়ভাবে মোকাবিলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি ধর্মীয় জঙ্গিবাদের নামে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারে দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত।

প্রধান বিচারপতিকে 'রাজাকার' বলায় শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ

বেসরকারি টেলিভিশনের নিউজ টকশো 'রাজকাহন' অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা 'কুখ্যাত শান্তি কমিটির সদস্য ছিলেন' বলে বক্তব্য দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকার একজন আইনজীবী।

মহানগর হাকিম এ কে এম মইনুদ্দিন সিদ্দিক মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফানুদ্দিন খান বাদী হয়ে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

আইপিইউ সম্মেলন-ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল বন্ধ-প্রথম আলো

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কয়েকটি সড়কে ডাইভারশন দেওয়া হবে। এ জন্য নগরবাসীকে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে বলা হয়েছে।

আগামী ১ থেকে ৫ এপ্রিল ১৩৬তম আইপিইউ সম্মেলন হবে। সম্মেলনে ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ ১৫ শতাধিক বিদেশি অতিথি অংশ নেবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারকোটিক্সের ‘কালো বিড়াল’ সরে পড়লেন নিরাপদে–যুগান্তর

থন্দকার রাকিবুর রহমান (ফাইল ফটো)

‘দৈনিকটির অনুসন্ধানী প্রতিবেদনটির ব্ক্তব্য শুরু হয়েছে এভাবে, আপনি যেখানে চান সেখানেই পোস্টিং দেব। কিন্তু তার আগে বলেন, ভালো পোস্টিং পেলে আমার জন্য কী সেবা করতে পারবেন। কত দেবেন, সেটা পরিষ্কার করেন। আমি কিন্তু কোনো রাখঢাক পছন্দ করি না, যা বলি সরাসরি বলি।’

কথাটি সরকারের একজন পদস্থ কর্মকর্তার। তিনি হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদ্য বিদায়ী মহাপরিচালক (ডিজি) খন্দকার রাকিবুর রহমান। শুনতে অবাক মনে হলেও এখানে যোগ দেয়ার কিছু দিনের মধ্যে তিনি বদলি বাণিজ্য বিষয়ে এভাবেই কথা বলতেন অধস্তনদের সঙ্গে। একজন ইন্সপেক্টরকে গুলশান সার্কেলে পোস্টিং দেয়ার কথা বলে তার কাছে এভাবেই ঘুষ চান তিনি। গত ৮ মার্চ ডিজির চেয়ার থেকে আনুষ্ঠানিক বিদায় নেয়ার পর থেকেই অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা রকিবের ঘুষ-বাণিজ্য নিয়ে মুখ খুলতে শুরু করেন। এমনকি অনেকে এখন তার দুর্নীতির তথ্যপ্রমাণসহ নানা ফিরিস্তি তুলে ধরে দুদকে অভিযোগ দেয়ারও পরিকল্পনা করছেন। তবে ঘুষ ও বদলি বাণিজ্যের এসব অভিযোগ মানতে নারাজ খন্দকার রাকিবুর রহমান। তার সাফ কথা, এগুলো বানোয়াট। তিনি একজন আপদমস্তক সৎ লোক।

প্রমাণ পেলে ব্যবস্থামুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান শুরু-নয়া দিগন্ত

মুসা বিন শমসের (ফাইল ফটো)

 

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা। 

আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালি উপজেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নয়জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করার বিষয়টি জানানো হয়।

হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোর কার্যক্রম পরিচালনার আবেদন খারিজ-ইত্তেফাক

পবিত্র ঈদ-উল আযহা পর্যন্ত হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলোর কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চে আজ বুধবার এই আবেদন খারিজের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আবেদনের ওপর শুনানি শুরু হয়েছিল। গত ৬ মার্চ এক আদেশে হাজারীবাগে থাকা সকল ট্যানারির কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নরেন্দ্র মোদিকে ঢাল করলেন শিবসেনা সংসদ সদস্য গায়কোয়াড়-আজকাল 

নিজের পিঠ বাঁচাতে এবার স্বয়ং প্রধানমন্ত্রীর নাম টেনে আনলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। এতদিন বলছিলেন, এয়ার ইন্ডিয়ার কর্মী তাঁকে অপমান করেছেন। তাই তিনি মেজাজ হারিয়েছিলেন। এবার নতুন অজুহাত বাজারে ছাড়লেন বিতর্কিত সাংসদ। এখন তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদির নামে অপমানজনক মন্তব্য করা হয়েছিল। সেই কারণেই তিনি প্রতিবাদ করেছিলেন। 

বোঝা যাচ্ছে কিছুতেই হার মানতে রাজি নন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। টিকিট নিয়ে বচসার জেরে এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীকে ২৫ বার জুতোপেটা করেছিলেন তিনি। শুধু তাই নয়, ৬০ বছরের ওই কর্মীর চশমাও ভেঙে দিয়েছিলেন। এতবড় ঘটনা ঘটানোর পরও ক্ষমা চাননি শিবসেনা সাংসদ। এই ঘটনার প্রতিবাদে এয়ার ইন্ডিয়া ছাড়াও আরও কিছু বিমান সংস্থা গায়কোয়াড়কে তাঁদের বিমানে অবাঞ্ছিত ঘোষণা করে।

মহিলাদের ‘নাইট শিফ্‌ট’ বন্ধ করতে বলল সরকারি কমিটি!-আনন্দবাজার

রাতের বেঙ্গালুরু শহর কি মহিলাদের জন্য সুরক্ষিত নয়? না হলে হঠাত্ এমন আইন আনার কথা কেন ভাবা হচ্ছে?

সম্প্রতি কর্নাটক বিধানসভায় নারী ও শিশুকল্যাণ কমিটি এক প্রস্তাব পেশ করেছে। সেই প্রস্তাবে বলা হয়েছে, শহরের তথ্যপ্রযুক্তি ও বায়োটেকনোলজি সংস্থাগুলিতে রাতের শিফ্‌টে যেন মহিলা কর্মী না রাখা হয়। মহিলাদের সুরক্ষা ও ব্যক্তিজীবনের কথা ভেবেই এই প্রস্তাব আনা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। মহিলাদের নিরাপত্তা দেওয়ার কথা সরকার-পুলিশ-প্রশাসনের। কিন্তু, সেই সরকারই মূল সমস্যা থেকে পিছিয়ে এসে রাতের শিফ্‌টে মহিলাদের কাজ বন্ধ করার কথা বলছে? সরকারি ওই কমিটির প্রস্তাব নিয়ে তাই প্রশ্ন উঠছে।

উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর আরও ৪ রাজ্যে বন্ধ বেআইনি কসাইখানা-সংবাদ প্রতিদিন

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেখানো পথে ঝাড়খণ্ডের পর এবার বেআইনি কসাইখানার উপর লাগাম টানল আরও চার বিজেপি শাসিত রাজ্য। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশের অবৈধ কসাইখানাগুলি বন্ধ করে দিচ্ছে প্রশাসন। এপর্যন্ত হরিদ্বারে ৩টি ও রায়পুরে ১১টি মাংসের দোকান সিল করে দিয়েছে পুলিশ।

আমি দূর্গাপুজোও করি, রোজাতেও যাই ধর্মের নামে বিভেদ বরদাস্ত নয়: মমতা ব্যানার্জী-বর্তমান

ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে ভেদাভেদ করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কোনওভাবেই বরদাস্ত করা হবে না ভেদাভেদ। এই বিষয়ে তাঁর পরামর্শ, ধর্মীয় সুড়সুড়িতে কেউ প্ররোচিত হবেন না। মদত দেবেন না। উত্তেজিতও হওয়া চলবে না। হিন্দু, মুসলমান, শিখ আর খ্রিস্টান—আমরা সবাই এক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯