মার্চ ৩০, ২০১৭ ১২:৪৪ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • নাসিরপুর জঙ্গি আস্তানায় ফের অভিযান চলছে: মনিরুল-কালের কণ্ঠ
  • জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী মহাজোটের আত্মপ্রকাশ–যুগান্তর
  • ‘ইসি ব্যর্থ, প্রশাসন নৌকার পক্ষে মাঠে কাজ করছে’-রিজভী-ইত্তেফাক
  • খালেদাকে রাজনীতির বাইরে রাখলেই জঙ্গি উৎপাত বন্ধ হবে: ইনু-প্রথম আলো
  • ব্যালট-সিল ছিনতাই, কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা-মানবজমিন
  • তিস্তা চুক্তি নিয়ে মমতার বিরোধিতা কেন?-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বন্দেমাতরম গাইতেই হবে, ফতোয়া-আজকাল
  • পাহাড়ে অশান্তি মানব না: মমতা ব্যানার্জী-বর্তমান
  • ভারতে নোট বদলের আশায় হন্যে সাধারণ মানুষ-আনন্দবাজার
  • সূর্য প্রণামের সঙ্গে মিল নমাজের: যোগী -সংবাদ প্রতিদিন

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আজকের জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে দুটো খবর বিশেষ গুরুত্বের সাথে ছাপা হয়েছে। একটি হচ্ছে নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।

নাসিরপুরে আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জঙ্গি নিহত: মনিরুল-কালের কণ্ঠ/ইত্তেফাক/প্রথম আলো
মৌলভীবাজারের পৌর শহরের বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার পাশে জঙ্গি আস্তানা এলাকা পরিদর্শন করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম। অপারেশন হিটব্যাক নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭-৮ জন নিহত হয়েছে। মনিরুল ইসলাম বলেন, ভেতরে থাকা জঙ্গিদের মৃতদেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ঠিক কত জঙ্গি ভেতরে ছিল সেটা নিশ্চিতভাবে না বলা গেলেও ৭ থেকে ৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে।  সিটি প্রধান বলেন, নিহত ব্যক্তিরা নব্য জেএমবির সদস্য।

নাসিরপুরে আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জঙ্গি নিহত: মনিরুল (ফাইল ফটো)

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানামুখী খবর এসেছে দৈনিকগুলোতে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের  মেয়ার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা

প্রথম আলোর খবর-কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল নয়টার দিকে ভোট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জনগণ যে রায় দেবেন, আমি মাথা পেতে নেব। জয়পরাজয় যা–ই হোক, মেনে নেব।’

বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু (ফাইল ফটো)

দৈনিকটির অন্য খবরে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু সকালে ভোট দেয়ার নানা অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন, তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, জাল ভোট দেয়া ও ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ করেন তিনি।

এদিকে ইত্তেফাকের খবরে রিজভীর মন্তব্য ছাপা হয়েছে। তিনি বলেছেন ‘ইসি ব্যর্থ, প্রশাসন নৌকার পক্ষে মাঠে কাজ করছে’

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

‘নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশনে সুষ্ঠু ভোটের পরিবেশ ধরে রাখতে ব্যর্থ হয়েছে’- বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 রিজভী বলেন, সকাল থেকে অনেক কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়েনি। আবার কোথাও কোথাও তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রশাসন নৌকার পক্ষে মাঠে কাজ করছে। তিনি আরো বলেন, সরকার কুসিক নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। প্রশাসনও তাদের হয়ে মাঠে কাজ করছে।

খালেদাকে রাজনীতির বাইরে রাখলেই জঙ্গি উৎপাত বন্ধ হবে: ইনু-প্রথম আলো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ফটো)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখলেই জঙ্গি উৎপাত বন্ধ হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া দুটি জিনিস প্রমাণ করেছেন—তিনি জঙ্গিদের দোসর, সঙ্গী ও প্রতিনিধি এবং তিনি ভয়ংকর খুনিদের সিন্ডিকেট-প্রধান ও পাকিস্তানিদের নব্য দালাল। তাই জঙ্গিদের যেমন নির্মূল ও ধ্বংস করতে হবে, তেমনি ‘জঙ্গি প্রতিনিধি’ খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় জানাতে হবে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে মানবজমিনে লেখা হয়েছে, ব্যালট-সিল ছিনতাই, কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা। কেন্দ্রের বাইরে সরকারদলীয় লোকজনের মহড়া চলেছে।

জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী মহাজোটের আত্মপ্রকাশ–যুগান্তর

এরশাদের ইসলামি মহাজোট ঘোষণা 

জাতীয় পার্টির নেতৃত্বে 'ইসলামী মহাজোট' ঘোষণা করলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠিকভাবে এই জোটের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনের আগে আরেকটি মহাজোট গঠন করা হবে বলেও জানান এরশাদ।

এইচএসসিতে প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী কমেছে-প্রথম আলো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী গতবারের তুলনায় প্রায় ৩৫ হাজার কমেছে। এবার ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। গতবার এই সংখ্যা ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮।

আজ শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাখ্যা দেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, দুই বছর আগে এসএসসিতে পাসের হার কমে যাওয়া এবং গত বছর যশোর শিক্ষা বোর্ডে প্রায় ২৫ হাজার অনিয়মিত শিক্ষার্থী থাকায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

তিস্তা চুক্তি নিয়ে মমতার বিরোধিতা কেন?-নয়া দিগন্ত

তিস্তা চুক্তি কেন চান না মমতা ব্যানার্জী: বিশ্লেষণধর্মী প্রতিবেদন

বিশ্লেষণধর্মী প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ মমতা ব্যানার্জীর তিস্তা নিয়ে আপত্তিটা কীভাবে দেখেন সেটি হচ্ছে-

‘মমতা ব্যানার্জীর আপত্তিটা হচ্ছে তিস্তা চুক্তি হলে পশ্চিমবঙ্গ জলের প্রাপ্য ভাগটা পাবে কী না। তিস্তা অববাহিকার ওপরের দিক থেকে সেই পরিমাণ পানি নিশ্চিত করা যাবে কী না। বাংলাদেশকে যে পরিমাণ পানি দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা তখনই সম্ভব যদি পাহাড়ী এলাকায়, সিকিমে, পানি বেশি থাকে। সেটা কিন্তু নেই। কেন্দ্রীয় সরকারের যেটা করা উচিত, তা হলো পশ্চিমবঙ্গকে এটা বোঝানো যে তিস্তা চুক্তি হলে এ রাজ্যের খুব একটা স্বার্থহানি ঘটবে না। স্বার্থহানি ঘটলে পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জী অসুবিধায় পড়বেন, এটা স্বাভাবিক,’ বলছিলেন অধ্যাপক নন্দ।

বিশ্লেষকদের কেউ আবার বলছেন যে, তিস্তার পানি কী হিসাবে দুদেশের মধ্যে ভাগ হবে, তার জন্য যা পরিসংখ্যান দরকার, অভাব আছে সেখানেই। যদিও কিছু তথ্যানুসন্ধান করা হয়েছে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

শ্রোতাব// পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাহাড়ে অশান্তি মানব না: মমতা ব্যানার্জী-বর্তমান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ফটো)

পাহাড়ে চার পুরসভার নির্বাচনের প্রাক্কালে যে কোনও মূল্যে শান্তি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব঩ন্দ্যোপাধ্যায়। অশান্তি আর গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে, এমন কোনও ব্যক্তি যাতে ‘বাইরে থাকতে’ না পারে, তারও নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়, গণতন্ত্রে বিশ্বাস করে। তাঁদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে হবে। কোনওভাবেই অশান্তি পাকাতে দেব না। যাদের নামে অভিযোগ আর গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে, তাদের ফাটকে পুরে ফেলার জন্য দার্জিলিংয়ের পুলিশ সুপার অমিত জাভালগিকে নির্দেশ দেন তিনি। তোলাবাজি আর মস্তানি কড়া হাতে দমন করার কথাও বলেন তিনি।

ভারতে নোট বদলের আশায় হন্যে সাধারণ মানুষ-আনন্দবাজার

ভারতে নোট বদলের হন্যে হয়ে উঠেছে সাধারণ মানুষ

বাতিল নোট বদলের জন্য ফের দীর্ঘ লাইন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। আর, বিফল হয়ে ভোগান্তি সাধারণ মানুষের। নোট-কাণ্ডের প্রায় পাঁচ মাস বাদেও।

বুধবার সকাল থেকেই দেশ জুড়ে রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন অফিসের সামনে ফের চোখে পড়ে লম্বা লাইন। যেমনটি দেখা যেত গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদী বড় নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ঠিক পরে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ বাতিল ৫০০-১০০০ টাকার নোট বদল করতে আসেন। এত দিন পরে কেন হঠাৎ টাকা বদলের জন্য লাইন পড়ল আরবিআইয়ের সামনে?

বন্দেমাতরম গাইতেই হবে, ফতোয়া-আজকাল

ভারতে থাকতে হলে বন্দেমাতরম গাইতেই হবে। নইলে পুরসভার কোনও অধিবেশনে যোগ দেওয়া যাবে না। এমনই ফতোয়া জারি করলেন মিরাটের মেয়র। মহারাষ্ট্রের পুর নির্বাচনে মিরাটে এককভাবেই ক্ষমতায় এসেছে বিজেপি। ৮০ টি আসনের মধ্যে তারা একাই পেয়েছে ৪৫টি । মেয়র হয়েছেন হরিকান্ত আলুয়ালিয়া। তিনি জানিয়ে দিয়েছেন, ‘প্রত্যেক সদস্যকে সভা শুরুর আগে বন্দেমাতরম গাইতে হবে। যিনি গাইবেন না, তাঁকে অধিবেশনে থাকতে দেওয়া হবে না।’ কয়েকজন সংখ্যালঘু সদস্য প্রতিবাদ করেন। তাঁরা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ‘এভাবে কাউকে বন্দেমাতরম গাইতে বাধ্য করা যায় না। বন্দে মাতরম কোথাও আবশ্যিক নয়।’ তখন বিজেপি সদস্যরা মারমুখী হয়ে ওঠেন। চিৎকার করতে থাকেন, ‘ভারতে থাকতে গেলে বন্দেমাতরম গাইতেই হবে।’

সূর্য প্রণামের সঙ্গে মিল নমাজের: যোগী -সংবাদ প্রতিদিন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

সূর্য প্রণামের মুদ্রার সঙ্গে মিল রয়েছে নমাজ পাঠের মুদ্রার। সম্প্রতি এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মিলেছে মিশ্র প্রতিক্রিয়াও। সেই প্রতিক্রিয়ায় নতুন সংযোজন জমাত-ই-হিন্দ-এর প্রেসিডেন্ট মৌলানা সুহেইব কাসমীর প্রশংসা। আদিত্যনাথের বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রতিটি ধর্মই মানুষকে শান্তির বার্তা দেয়। আদিত্যনাথের এই কথাও দেশের প্রতিটি মানুষকে এক সুতোয় বাঁধতে সাহায্য করবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০