মার্চ ৩১, ২০১৭ ১৫:৩৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩১ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • প্রধানমন্ত্রীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
  • অপারেশন স্ট্রাইক আউট' কুমিল্লায়-আধা ঘণ্টায় সোয়াতের ৯৭ রাউন্ড গুলিবর্ষণ–যুগান্তর
  • অপারেশন ম্যাক্সিমাস: পুলিশ সদস্য আহত, মুহুর্মুহ গুলির শব্দ-প্রথম আলো
  • ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ঢাকায়-ইত্তেফাক
  • আইপিইউ সম্মেলন-নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত বাংলাদেশ-মানবজমিন
  • র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদের ইন্তেকাল-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভারতে ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমল-আজকাল
  • কলকাতায় প্ল্যাস্টিকের ডিম! আজ সব বাজারে অভিযান-বর্তমান-বর্তমান
  • বন্দে মাতরমে আপত্তি, ওয়াক আউট সাত মুসলিম কাউন্সিলরের-আনন্দবাজার
  • এবার থেকে গুজরাটে গো-হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আজও বাংলাদেশের প্রায় জাতীয় এবং অনলাইন পোর্টালগুলোতে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান এবং কুমিল্লা নির্বাচন শেষে সরকারি দল ও বিরোধীদের প্রতিক্রিয়া নিয়ে নানামুখী খবর ছাপা হয়েছে।

ইত্তেফাক ও প্রথম আলোর খবর- অপারেশন ম্যাক্সিমাস: পুলিশ সদস্য আহত, চলছে গোলাগুলি

সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম (ফাইল ফটো)

মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আস্তানা থেকে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ। থেমে থেমে চলছে গোলাগুলি। আজ দুপুর ১২টা ৫২ মিনিটে অভিযানস্থল থেকে পুলিশের এক সদস্যকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

 পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বা সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেছেন, বড়হাটের অপারেশটির নাম দেয়া হয়েছে ‘অপারেশন ম্যক্সিমাস’। অপারেশনটি শুরু হয়েছে সকাল পৌনে ১০টার দিকে। এটি একটি জটিল অপারেশন। এজন্য সময় লাগতে পারে। আস্তানায় বোমা বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত জঙ্গি রয়েছে। ‘অপারেশন মেক্সিমাস’ নামের এই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযানে সহায়তা করছে।

এদিকে, কুমিল্লায়-আধা ঘণ্টায় সোয়াতের ৯৭ রাউন্ড গুলিবর্ষণ –যুগান্তর

কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার জঙ্গি আস্তানায় চলছে 'অপারেশন স্ট্রাইক আউট'। এতে শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ৯৭ রাউন্ড গুলিবর্ষণ করে সোয়াত সদস্যরা।

আজ সকাল ৮টার দিকে সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই এলাকায় পৌঁছায়। এরপর বেলা ১১টার দিকে সোয়াত অভিযান শুরু করে। শুরুর দিকেও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

এদিকে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের পাশের প্রায় ২ কিলোমিটার এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয়দের বাড়িটি সংলগ্ন সড়কে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ঢাকায়-ইত্তেফাক

ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত (ফাইল ফটো)

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে ৪-সদস্যের একটি প্রতিনিধি দল আছেন। বিশেষ বিমানযোগে আজ সকালে ঢাকা পৌঁছান।

বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতীয় সেনা প্রধান ও প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

 ভারতীয় সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। 

কর্নেল আজাদের ময়নাতদন্ত সম্পন্ন চোখ দিয়ে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্কে আঘাত-যুগান্তর

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদে (ফাইল ফটো)

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই ময়নাতদন্ত হয়। পরে ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, মস্তিষ্কে বোমার স্প্লিন্টারের আঘাতে আবুল কালাম আজাদ মারা গেছেন।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লে. কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সিএমএইচে নেয়া হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাত ১২টার পরে সিএমএইচের চিকিৎসকেরা র‍্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন।

সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে-দৈনিকগুলোর খবর-

অভ্যন্তরীণ দ্বন্দ্বে কুমিল্লায় পরাজয় : হানিফ-প্রথম আলো

আওয়ামী লীগ নেতা হানিফ (ফাইল ফটো)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পরাজয় হয়েছে। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে বাচ্চু অভিযুক্ত। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটার প্রমাণ মিলেছে নারায়গঞ্জের পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কারচুপি না হলে আরো বড় ব্যবধানে বিএনপি বিজয়ী হতো। তিনি বলেন, দুঃশাসনের কারণে কুসিকে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। দলের অন্য নেতা গয়েশ্বর বলেছেন- ফলাফল ফেয়ার ইলেকশন আনফেয়ার। এ সম্পর্কে দলটির আরেক নেতা নোমান বলেছেন- নৌকা বুকে নিয়ে বিএনপির সমর্থকরা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছেন।

কুসিক নির্বাচন শতভাগ সফল: সিইসি-মানবজমিন

সিইসি নুরুল হুদা (ফাইল ফটো)

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শতভাগ সফল বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল কুসিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকালে ইসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

আইপিইউ সম্মেলন-নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত বাংলাদেশ-মানবজমিন

ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে আইপিইউ সম্মেলন

প্রস্তুত বাংলাদেশ। আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসছেন বিদেশি অতিথিরা। আগামীকাল শুরু হচ্ছে ১৩৬তম আইপিইউ সম্মেলন। আর এ সম্মেলনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। ইতিমধ্যে পাঁচ দেশ নিরাপত্তার শঙ্কায় এ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ নিরাপত্তা চ্যালেঞ্জ সামনে রেখেই প্রস্তুতি নিয়েছে। এ সম্মেলন চলবে ৫ই এপ্রিল পর্যন্ত। দেশের ইতিহাসে এ ধরনের সমাবেশ এই প্রথম। সংশ্লিষ্টরা জানান, এই মুহূর্তে সম্মেলনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদেশি অতিথিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে থাকছে পুলিশ-ইত্তেফাকের বিশ্লেষণধর্মী প্রতিবেদন

পুলিশের থাকার ঘর গ্রামের গোয়ালঘর কিংবা মুরগির খামারের চেয়ে বেশি খারাপ। দুর্গন্ধ, নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশ। বছরের পর বছর মাঠ পর্যায়ের থানা পুলিশ এ অবস্থায় বসবাস করছেন। বর্তমানে জঙ্গিরা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। এই অবস্থায় পুলিশের নিজেদের নিরাপত্তার বিষয়টিও সামনে চলে এসেছে। থানা ফাঁড়ির ৯০ ভাগ পুলিশ সদস্যের আবাসনের সংকট প্রকট। যা আধাপাকা থাকার ঘর রয়েছে সেখানে পয়:নিষ্কাশনের ব্যবস্থা নেই। ভাঙ্গাচোড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। বৃষ্টি হলে পানি পড়ে। অনেকে বৃষ্টির সময় পলিথিন দিয়ে পানি ঠেকায়। এ অবস্থায় তারা কোনভাবে ঘুমিয়ে না ঘুমিয়ে রাত কাটায়। দেশে জঙ্গিদের অপতত্পরতার কারণে ভিআইপি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি ভবনসহ সর্বত্রই বাড়তি নিরাপত্তা প্রদানে শীর্ষ প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। এসব নিরাপত্তা প্রদানের সিংহভাগ দায়িত্ব মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উপর।

যেখানে পুলিশের থাকার নিরাপত্তা নেই সেখানে অন্যান্য নিরাপত্তা প্রদানে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

দিল্লিতে শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যাচ্ছেন না মমতা-ইত্তেফাক

দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে সেই ভোজের সময় তৃণমূলের কোনো এমপি থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সূত্রে এ খবর জানা গেছে।

যদিও সংসদে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ডেরেক ও’ব্রায়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ৮ এপ্রিল ওই নৈশভোজ হবে। ওই ভোজে মমতা ব্যানার্জি আমন্ত্রিত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। প্রসঙ্গত, তিস্তার পানিবণ্টন নিয়ে মমতা ব্যানার্জি তাঁর প্রতিবাদের কথা আগেই জানিয়ে রেখেছিলেন।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বন্দে মাতরমে আপত্তি, ওয়াক আউট সাত মুসলিম কাউন্সিলরের-আনন্দবাজার

‘বন্দে মাতরম্‌’ গানের সময় অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেছিলেন মেরঠ পুরসভার সাত মুসলিম কাউন্সিলর। সেই কারণে তাঁদের সদস্যপদ খারিজ হতে চলেছে।

ঘটনাটি গত মঙ্গলবারের। মেয়র তথা বিজেপি নেতা হরিকান্ত অহলুওয়ালিয়া সাফ জানিয়ে দিয়েছেন, যাঁরা ‘বন্দে মাতরম্‌’ গানের বিরোধিতা করবেন, অধিবেশন কক্ষে তাঁদের কোনও জায়গা নেই। ছেড়ে কথা বলছেন না মুসলিম কাউন্সিলরাও। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, ‘বন্দে মাতরম্‌’ বয়কট চলবে। তাঁদের কথায়, শরিয়তি আইন অনুযায়ী আমরা ‘বন্দে মাতরম্‌’ গাইতে পারি না। দরকার হলে আদালতে যাব। এই হুঁশিয়ারিকে অবশ্য পাত্তা দিতে রাজি নন হরিকান্ত। তিনি বলেন, ‘‘মঙ্গলবার বন্দে মাতরম্‌ গাওয়ার সময় ওই সাত সদস্য বেরিয়ে যান। পরে তাঁরা আবার অধিবেশন কক্ষে ফেরেন। কিন্তু আমি তাঁদের ঢুকতে দিইনি। এই ব্যাপারে প্রয়োজনে আমি জেলে যেতেও রাজি আছি।’’ বুধবার পুরবোডের্র বৈঠকে ওই সাত জনের সদস্যপদ খারিজের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে বলেও জানান মেয়র। মেয়রের এই সিদ্ধান্তকে ‘তুঘলকি ফরমান’ আখ্যা দিয়েছেন কাউন্সিলর।

কলকাতায় প্ল্যাস্টিকের ডিম! আজ সব বাজারে অভিযান-বর্তমান

ডিমের মধ্যে প্ল্যাস্টিক বা প্ল্যাস্টিকের ডিম! না, এ আর গুজব নয়। একেবারে জলজ্যান্ত সত্যি। তিলজলার বাসিন্দা অনিতা কুমার ছেলের জন্য ডিম কিনেছিলেন স্থানীয় বাজার থেকে। কয়েকটি ডিম খাওয়ার পর বুঝতে পেরেছিলেন যে, এর স্বাদ পরিচিত ডিমের স্বাদের চেয়ে আলাদা। তারপর সন্দেহ হওয়ায় একটি ডিম ফাটিয়ে থালায় ঢেলেই বুঝতে পারেন, আশঙ্কাই সত্যি। আগুনে ধরাতে অবিকল প্ল্যাস্টিক পোড়ার দুর্গন্ধ। তখনই তিনি যান স্থানীয় থানায়। প্রশাসনের নজরে আনেন বিষয়টি। শেষ পর্যন্ত পুরসভা, পুলিশ-প্রশাসনও নড়েচড়ে বসেছে। আটক করা হয়েছে পার্ক সার্কাস বাজারের ওই ডিম বিক্রেতা, রাধাগোবিন্দ সাহা লেনের বাসিন্দা মহম্মদ শামিম আনসারিকে।

বৃহস্পতিবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এবার থেকে গুজরাটে গো-হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড-সংবাদ প্রতিদিন

এবার থেকে গুজরাটে গো-হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড

গো-হত্যার শাস্তি হিসেবে কারাদণ্ডের নির্দেশ ছিলই গুজরাটে৷ এবার তাতে এল বড়সড় পরিবর্তন৷ বাড়ল শাস্তির মেয়াদ৷ এবার থেকে গুজরাটে গো-হত্যায় দোষী সাব্যস্ত হলে হবে যাবজ্জীবন কারাদণ্ড৷

বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় ২০১১ সালেই এই বিল পাশ হয়েছিল গুজরাট বিধানসভায়৷ যেখানে গো-হত্যার শাস্তি ছিল সাত বছর ও সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা৷ হত্যার জন্য গরু পাচার করলেও তা অপরাধের পর্যায়ভুক্ত বলেই ধরা হত৷ সম্প্রতি সেই বিলে বড় পরিবর্তন আনা হল৷ সাত বছরের কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে করা হল যাবজ্জীবন৷ পাচারের ক্ষেত্রে এই শাস্তির মেয়াদ হবে ১০ বছরের কারাদণ্ড৷

ভারতে ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমল-আজকাল

ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভেডেন্ট ফান্ড (‌পিপিএফ)‌, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং সিনিয়র সিটিজেনস সেভিংসের সুদের হার ০.‌১ শতাংশ কমানো হয়েছে। এপ্রিল–জুন ত্রৈমাসিকে পিপিএফ এবং পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ওপর সুদ ধার্য করা হয়েছে ৭.‌৯ শতাংশ। এখন এই দুই প্রকল্পে সুদের হার ৮ শতাংশ। কন্যাশিশুর জন্য কেন্দ্রীয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের সুদ ৮.‌৫ থেকে কমিয়ে ৮.‌৪ করা হয়েছে। ১ এপ্রিল থেকে সুদের নতুন হার কার্যকর হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১