এপ্রিল ০১, ২০১৭ ১২:৩০ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • খালেদা জিয়ার নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদ : সোহাগ-কালের কণ্ঠ
  • এইচএসসির 'প্রশ্নপত্র'সহ আটক ২–যুগান্তর
  • অভিযান শেষ, আস্তানায় নারীসহ তিন লাশ -প্রথম আলো
  • বাগেরহাটে ট্রলারডুবি অভিযান সমাপ্ত, ১৭ লাশ উদ্ধার-ইত্তেফাক
  • সিন্ডিকেটে জিম্মি এনসিটিবি -মানবজমিন
  • জনগণ জঙ্গিবাদ বিশ্বাস করে না : গয়েশ্বর-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্লাস্টিক ডিম:‌ রবীন দেবের ভাইপোকে তলব-আজকাল
  • ভারতে স্বল্প সঞ্চয়ে আজ থেকে কমছে সুদ-বর্তমান
  • ছিঃ, গোয়ার মানুষের কাছে ক্ষমা চান! পাররিকরের জবাব দিগ্বিজয়ের-আনন্দবাজার
  • উগ্র হিন্দুত্ববাদে অনুপ্রাণিত ভারতই প্রথম পরমাণু অস্ত্র প্রয়োগ করবে’-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বড়হাটের অভিযান সম্পর্কে প্রায় সব দৈনিকে খবর ছাপা হয়েছে। 

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর শিরোনাম এরকম-অভিযান শেষ, আস্তানায় নারীসহ তিন লাশ

মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় চলা ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হয়েছে। আস্তানার ভেতরে তিনজনের লাশ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নিহত পুরুষদের মধ্যে একজন সিলেটে শিববাড়িতে সেনা অভিযান চলাকালে জঙ্গি আস্তানার কাছের হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে নিশ্চিত পুলিশ।

অভিযান শেষে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান।

এইচএসসির 'প্রশ্নপত্র'সহ আটক ২–যুগান্তর

আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দু'জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ।

শনিবার এক এসএমএস বার্তায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, এবারের সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২৫ মে হবে ব্যবহারিক পরীক্ষা। 

আইপিইউ সম্মেলন-ঢাকায় ৫ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান-যুগান্তর

জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে শনিবার থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন প্রাইভেটকার না নামানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, আইপিইউ প্রধাসনসহ প্রায় ১ হাজার ৪০০ বিদেশী অতিথি অংশ নেবেন। ইতিমধ্যে ১ হাজার ১৫০ জন অতিথি চলে এসেছেন। তাই বিদেশী অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে প্রয়োজন ছাড়া গাড়ি বের না করার অনুরোধ করছি।'

সম্মেলনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, 'সম্মেলনের ভেন্যু জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর অন্যান্য এলাকাতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।'

জনগণ জঙ্গিবাদ বিশ্বাস করে না : গয়েশ্বর-কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে জঙ্গি-টঙ্গি শুনছি। তো এটা ভালো-মন্দ বুঝি না। হয়তো বা আছে। কিন্তু জনগণ বিশ্বাস করে না। মানুষে নানা ধরনের কথা বলে। কিন্তু তাদের সব কথা তো আর পত্রিকায় লেখা হয় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এখনও সময় আছে আপনি দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসুন, ঐকমত্যের ভিত্তিতে ভারত সফরে যান এবং দেশটাকে বাঁচাতে চেষ্টা করুন, আমাদের ন্যায্য দাবি আদায় করুন।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (সাগর-রুনি) মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিন্ডিকেটে জিম্মি এনসিটিবি –মানবজমিন

বিনামূল্যের বই ছাপার শুরুতেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নেয়া সিদ্ধান্ত বিতর্ক জন্ম দিয়েছে। যেখানে কাগজের উপর নির্ভর করে বইয়ের মান নির্ণয় হয়। সেখানে এনসিটিবি কাগজ কেনার সিদ্ধান্ত নিয়েছে অনুমোদনহীন পেপার মিল থেকে। এ অবস্থায় কাগজের ক্ষেত্রে মান অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক বলে চিঠি দেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই সেই নির্দেশনা উপেক্ষা করে এবারও সিএম লাইন্সেসহীন প্রতিষ্ঠানকে কাজ দেয়ার পাঁয়তারা চলছে।

মুসলমানের দেশে মঙ্গল শোভাযাত্রা চলবে না ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির বিক্ষোভ-ইত্তেফাক

শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাসহ নববর্ষ উদযাপনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শুক্রবার বিভিন্ন ইসলামী দলের জোট 'ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটি' বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ইসলামের আকীদাবিরোধী মূর্তি প্রত্যাহার ও প্রকাশ্য মঙ্গল শোভাযাত্রা বাতিল করতে হবে। অন্যথায় আল্লাহর গজব নেমে আসবে। মূর্তি মানলে, মঙ্গল শোভাযাত্রা মানলে মুসলমানিত্ব থাকবে না। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি না সরালে মুসলমানরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবে না।

মাধ্যমিকে যেভাবে মূল্যায়ন হবে পাঁচ বিষয়-প্রথম আলো

আগামী জেএসসি ও সমমানের পরীক্ষা থেকে তিন বিষয় এবং এসএসসি ও সমমানে দুই বিষয়ের পরীক্ষা আর কেন্দ্রীয়ভাবে হবে না। এই বিষয়গুলোর মান যাচাই হবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে।

জেএসসি ও সমমানে যে তিন বিষয়ের পরীক্ষা হবে না, সেগুলো হলো—শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর এসএসসি ও সমমানে যে দুই বিষয়ের পরীক্ষা হবে না, সেগুলো হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের মতোই হবে।

বাগেরহাটে ট্রলারডুবি অভিযান সমাপ্ত, ১৭ লাশ উদ্ধার-ইত্তেফাক

বাগেরহাট মোরেলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান শনিবার বেলা ১১টায় প্রেসব্রিফিং করে সমাপ্তি ঘোষণা করেন।

খালেদা জিয়ার নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদ : সোহাগ-কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 'জঙ্গি মাতা' অভিহিত করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, খালেদা জিয়ার সরাসরি নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদ শুরু হয়েছে। তিনি জঙ্গিদের মাতা ও মদদদাতা। তার নির্দেশেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি থেকে শাহবাগ হয়ে হোটেল রূপসী বাংলা পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

প্লাস্টিক ডিম:‌ রবীন দেবের ভাইপোকে তলব-আজকাল

প্লাস্টিক ডিমকাণ্ডে সিপিএম নেতা রবীন দেবের ভাইপোকে তলব করল লালবাজারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দুপুর ১টার সুমিত দেবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদা মার্কেটে সুমিত দেবের ডিমের পাইকারি ব্যবসা রয়েছে। প্লাস্টিক ডিমকাণ্ডে ধৃত ব্যবসায়ী শামিম আনসারি জেরায় দাবি করেন, তিনি শিয়ালদায় সুমিত দেবের দোকান থেকে ডিম কিনতেন। সুমিত দবে জানান, ওই ব্যবসায়ী তাঁর দোকান থেকে ডিম কিনলেও প্লাস্টিক ডিমের বিষয়ে তিনি কিছু জানেন না। এই কাণ্ডে রবীন দেবের ভাইপো ছাড়া আরও কয়েকজন ব্যবসায়ীকে তলব করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

এদিকে, প্লাস্টিক ডিমকাণ্ডে হাওড়ার বিভিন্ন বাজারে শনিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে পুরসভা।

উগ্র হিন্দুত্ববাদে অনুপ্রাণিত ভারতই প্রথম পরমাণু অস্ত্র প্রয়োগ করবে’-সংবাদ প্রতিদিন

পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে ভারতের নয়া নীতি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। ইসলামাবাদের পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, বেগতিক বুঝলে প্রথমেই পরমাণু অস্ত্র প্রয়োগ করবে বলে নয়া নীতি গ্রহণ করেছে নয়াদিল্লি। আর এই নীতিতেই রাতের ঘুম উড়ে গিয়েছে ইসলামাবাদের।

পাক বিশেষজ্ঞদের মতে, ভারতের পরমাণু অস্ত্র প্রয়োগ নীতির পরিবর্তনের পিছনে বিজেপির হিন্দুত্ব মডেলই দায়ী। ডন সংবাদপত্রকে প্রাক্তন পাক জেনারেল এহসান উল হক জানিয়েছেন, ভারতের আগ্রাসী মনোভাবের পিছনে উগ্র হিন্দুত্ববাদী মনোভাব রয়েছে।

ভারতে স্বল্প সঞ্চয়ে আজ থেকে কমছে সুদ-বর্তমান

এপ্রিল থেকে জুন—চলতি বছরের এই ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ০.১ শতাংশ কমানোর কথা ঘোষণা করল অর্থ মন্ত্রক। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিপিএফ, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে আসন্ন ত্রৈমাসিক পর্বে সুদের হার ০.১ শতাশ কমানো হল। তবে সঞ্চয় প্রকল্পে সুদের হার ৪ শতাংশেই বহাল থাকছে।’

ভাগবতকে রাষ্ট্রপতি করার দাবি কংগ্রেসেও-আজকাল

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, বাংলায় এমন একটা প্রবাদ রয়েছে বটে। কংগ্রেসের অন্দরে আজকাল এই ঘটনা আকছার। এবার তাতে নতুন সংযোজন কর্ণাটকের জাফর শরিফ। এককালে রেলমন্ত্রী ছিলেন তিনি। দলের সদস্য হয়েও বর্তমানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রপতি করা সপক্ষে গলা চড়াচ্ছেন তিনি।দলের বিরুদ্ধে গিয়ে সঙ্ঘ প্রধানকে সমর্থন কংগ্রেস নেতার। মোহন ভাগবতের রাষ্ট্রপতি হওয়ার পক্ষে সওয়াল করেছেন কর্নাটকের জাফর শরিফ। তিনি প্রাক্তন রেল মন্ত্রীও বটে। শুধু সমর্থনই নয়, ‘ভাগবতের দেশভক্তি নিয়ে সন্দেহের অবকাশ নেই,’ সর্বত্র এমন কথাও বলে বেড়াচ্ছেন তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, ‘ভারতের মতো এতবড় দেশে চিন্তা–ভাবনায় বৈচিত্র‌্য থাকবেই। হতে পারে মোহন ভাগবতের চিন্তা–ভাবনা আমাদের সঙ্গে মেলে না। তাই বলে ওঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা নেই আমার।

ছিঃ, গোয়ার মানুষের কাছে ক্ষমা চান! পাররিকরের জবাব দিগ্বিজয়ের-আনন্দবাজার

গোয়ার মানুষকে ঠকানোর জন্য ক্ষমা চান। শনিবার এই ভাবেই মনোহর পর্রীকরের কটাক্ষের জবাব দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ।

শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে পর্রীকর তাঁর বিদায়ী ভাষণে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহকে কটাক্ষের সুরেই বলেন, “গোয়ায় থেকেও তিনি কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারেননি। ফলে আমি সরকার গঠন করেছি।” এ জন্য দিগ্বিজয়কে ধন্যবাদও জানান গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী। পর্রীকরের এ কথার পরই হইচই শুরু করেন কংগ্রেস সাংসদরা।ওই দিন কিছু না বললেও ‘অপমান’ করার জন্য শনিবার পর্রীকরকে পাল্টা উত্তর দিলেন দিগ্বিজয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১