এপ্রিল ০৩, ২০১৭ ১৩:৩০ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ময়মনসিংহে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৭-কালের কণ্ঠ
  • জমি অধিগ্রহণের খবরে রাস্তায় হাজারো মানুষ–যুগান্তর
  • আওয়ামী লীগে দলে দলে বিএনপি-জামায়াত!-প্রথম আলো
  • জামায়াত নেতা সাঈদী ও রাষ্ট্রপক্ষের রিভিউ কার্যতালিকায়-ইত্তেফাক
  • বাংলাদেশে আইপিইউ সম্মেলন প্রহসন-ফখরুল-মানবজমিন-মানবজমিন
  • আরো ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধে হাইকোর্টের নির্দেশ -নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • শ্রীনগের বিমানবন্দরে গ্রেনেড নিয়ে ধৃত জওয়ান-আজকাল-আজকাল
  • আইএসআইএল শক্তি বাড়াচ্ছে পশ্বিমবঙ্গে, কেন্দ্রের উদ্বেগ-বর্তমান
  • মমতাকে কুকথা, বিতর্কে সিপিএম নেতা গৌতম দেব-আনন্দবাজার-আনন্দবাজার
  • পুঞ্চে ফের গোলাবর্ষণ পাক সেনার, কড়া জবাব ভারতের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.. 

জামায়াত নেতা সাঈদী ও রাষ্ট্রপক্ষের রিভিউ কার্যতালিকায়-ইত্তেফাক

জামায়াত নেতা সাঈদী ও রাষ্ট্রপক্ষের রিভিউ কার্যতালিকায়: প্রধান বিচারপতি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন ও খালাস চেয়ে করা তার রিভিউ আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় বিষয়টি ১৪৭ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে গত বছরের ১৭ জানুয়ারি আপিলের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।অন্যদিকে গত বছরের ১২ জানুয়ারি সাঈদীর সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে। রাষ্ট্রপক্ষের আবেদনে পাঁচটি যুক্তি দেখানো হয়।

 বাংলাদেশে আইপিইউ সম্মেলন প্রহসন-ফখরুল-মানবজমিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

আইপিইউ সম্মেলন সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বিএনপি মনে করে, যে দেশে মানুষের মানবাধিকার লুণ্ঠিত, যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, সে দেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)এর সম্মেলন প্রহসন ছাড়া কিছু নয়। গতকাল রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়।

আওয়ামী লীগে দলে দলে বিএনপি-জামায়াত!-প্রথম আলো

বিএনপি-জামায়াতের কর্মীরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে সহযোগী একটি দৈনিক যে প্রধান শিরোনাম করেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে পত্রিকাটি যখন বিএনপি-জামায়াত থেকে আসা লোকজনই দলের সর্বনাশ করছেন বলে পুরোনো আওয়ামী লীগারদের হুঁশিয়ার করে দিচ্ছে, তখন কিছুটা বিস্মিত হয়েছি। নবাগত আওয়ামী লীগারদের থেকে পুরোনো আওয়ামী লীগারদের রেকর্ড উত্তম, সে কথা নিশ্চয়ই জোর দিয়ে বলা যায় না। যাঁরা দলে এসেছেন এবং যাঁরা নিয়েছেন, তাঁরা আসলে মুদ্রার এপিঠ-ওপিঠ। আর আসা-যাওয়ার মাধ্যমে পুরোনোরা কিছু ‘ফাও’ কামিয়ে নিয়েছেন।

জমি অধিগ্রহণের খবরে রাস্তায় হাজারো মানুষ–যুগান্তর

জামি অধিগ্রহণের খবরে মানববন্ধন

জমি অধিগ্রহণের খবরে তার প্রতিবাদ জানাতে কেরানীগঞ্জে অন্তত ৫০ হাজার মানুষ রাস্তায় এসে দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টা থেকে কেরানীগঞ্জের বসিলা থেকে কলাতিয়া পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

কেরানীগঞ্জের তারানগর ও কলাতিয়া ইউনিয়ন এবং সাভারের বাকুরতা ১৬ মৌজার প্রায় দুই হাজার ২৮৭ একর জমি সরকার অধিগ্রহণ করবে- এমন খবরে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

ময়মনসিংহে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৭-কালের কণ্ঠ

ময়মনসিংহ সদরের কালীবাড়ী রোডে এবার একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে সেখান থেকে সাত যুবককে আটক করেছে পুলিশ। বাড়িটি ঢাকানিবাসী একজন আইনজীবীর।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পুঞ্চে ফের গোলাবর্ষণ পাক সেনার, কড়া জবাব ভারতের-সংবাদ প্রতিদিন

পুঞ্চে ফের গোলাবর্ষণ পাক সেনার, কড়া জবাব ভারতের

গত ২৪ ঘন্টায় দ্বিতীয়বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। সোমবার ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের দিগওয়ার সেক্টরে মর্টার শেলিং শুরু করে পাক বাহিনী। এর জবাবে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। সেনা মুখপাত্র এম মেহতা জানিয়েছেন, বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি ছোড়া হয়। তবে এর জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় জওয়ানরাও।

মমতাকে কুকথা, বিতর্কে সিপিএম নেতা গৌতম দেব-আনন্দবাজার

মমতা ব্যানার্জীকে নিয়ে গৌতমের মন্তব্যে রাজনীতিতে বিতর্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সিপিএম নেতা গৌতম দেবের মন্তব্য ফের কুকথা-বিতর্ক ফিরিয়ে আনল রাজ্য রাজনীতিতে। দুর্নীতি ও সততার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে গৌতমবাবু ব্যবহার করেছেন ‘মাল’ শব্দটি। যা নিয়ে প্রবল বিতর্ক বেধেছে।

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে রবিবার নেতাজি নগরে দলের ছাত্র-যুবদের সভায় গৌতমবাবু ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক। তৃণমূল নেত্রীর ‘সততা’র দাবি গোটাটাই মিথ্যাচারের রাজনীতি, এই অভিযোগ করতে গিয়ে তিনি এক সময়ে বলেন, ‘‘অনশনের সময়ে খিদে পেলেই নেত্রী পিছনে চলে যেতেন, ফিশ ফ্রাই খেতেন আর কথা বলাতেন পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে।

আইএসআইএল শক্তি বাড়াচ্ছে পশ্বিমবঙ্গে, কেন্দ্রের উদ্বেগ-বর্তমান

জঙ্গি সংগঠন আইএসআইএলের নেটওয়ার্ক রাজ্যে যেভাবে ছড়াচ্ছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন দিল্লি। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কাছে খবর আছে, আইএসের প্রতি সহানুভূতিশীল সদস্যের সংখ্যা হু হু করে বাড়ছে। সেই সঙ্গে রাজ্যে ডেরা বেঁধে আইএস তার জমি  আবার মজবুত করতে চাইছে। এখান থেকে সিরিয়ায় যোগাযোগ রাখছে আইএসের ভাবধারায় অনুপ্রাণিত তরুণরা। আইএসের এই ধরনের কার্যকলাপ নিয়ে রাজ্য কতটা সতর্ক এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এবার রাজ্যের কাছে জানতে চাইল কেন্দ্র।

শ্রীনগের বিমানবন্দরে গ্রেনেড নিয়ে ধৃত জওয়ান-আজকাল

গ্রেনেড নিয়ে বিমানে উঠতে গিয়ে ধরা পড়লেন জওয়ান। শ্রীনগর বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ জম্মু–কাশ্মী রাইফেলসের ওই জওয়ানকে গোপাল মুখিয়া বলে চিহ্নিত করা গিয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিঙের বাসিন্দা তিনি। কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন ছিলেন। সোমবার সকালে শ্রীনগর থেকে চার্টার্ড বিমানে চড়ে দিল্লি আসার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে ব্যাগপত্র ঘাঁটতেই দু’টি গ্রেনেড বেরিয়ে পড়ে। জিজ্ঞাসাবাদ করলে নিম্নপদস্থ কিছু অফিসার তাঁকে গ্রেনেড দু’টি দিয়েছেন বলে প্রথমে দাবি করেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩