আইপিইউ নিয়ে প্রশ্ন তোলা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব: হাছান মাহমুদ
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- শিশু রাকিব হত্যা মামলা : ফাঁসির বদলে যাবজ্জীবন-কালের কণ্ঠ
- রাসিক ও হবিগঞ্জ পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত–যুগান্তর
- ‘আইপিইউ নিয়ে প্রশ্ন তোলা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব-হাছান মাহমুদ-প্রথম আলো
- ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি-ইত্তেফাক
- রাজকোষ চুরিতে উত্তর কোরিয়া জড়িত থাকার আরো প্রমাণ পাওয়া গেছে -মানবজমিন
- দেশবিরোধী চুক্তি জনগণ মানবে না : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- দালাই লামা ইস্যুতে চীনকে সতর্ক করল ভারত-আজকাল
- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে কটূক্তি, ক্ষমাপ্রার্থী গৌতম দেব-বর্তমান
- সাড়ে তিন কোটির বিল! ‘গরিব’ কেজরীবালকে ছাড় দিতে রাজি জেঠমলানি-আনন্দবাজার
- প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
‘আইপিইউ নিয়ে প্রশ্ন তোলা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব-হাছান মাহমুদ-প্রথম আলো
ঢাকায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির প্রশ্ন তোলাকে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন—বাংলাদেশে নির্বাচিত সংসদ নেই, তাহলে কেন এখানে এ সম্মেলন হচ্ছে?
রাজকোষ চুরিতে উত্তর কোরিয়া জড়িত থাকার আরো প্রমাণ পাওয়া গেছে –মানবজমিন
বাংলাদেশের রাজকোষ চুরিতে উত্তর কোরিয়া জড়িত থাকার আরো প্রমাণ পাওয়া গেছে। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এ কথা বলেছে। তারা বলেছে, এই চুরিতে যে উত্তর কোরিয়া জড়িত সে বিষয়ে তারা ডিজিটাল প্রমাণ হাতে পেয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাস-এর ওপর প্রস্তুত করা ৫৮ পৃষ্ঠার রিপোর্ট সোমবার প্রকাশ করেছে রাশিয়াভিত্তিক ক্যাসপারস্কি। লাজারাস গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত থাকা ও ২০১৪ সালে সনির হলিউড স্টুডিওতে হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে।
দেশবিরোধী চুক্তি জনগণ মানবে না : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। কিছু সমঝোতা স্মারক সই হবে বলে আলোচনা চলছে। কিন্তু প্রস্তাবিত চুক্তি সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি। তবে ভারতের গণমাধ্যম ও বিশিষ্ট কলামিস্টদের লেখা থেকে জানতে পারি, কিছু চুক্তি সই হবে। সম্ভাব্য চুক্তিতে কী কী থাকছে তা প্রকাশের জন্য সরকারকে আহ্বান জানান তিনি। তা না হলে দেশের স্বার্থ ও স্বার্বভৌমত্ববিরোধী কোনো ধরনের চুক্তি বা স্মারক জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদেরকে চুক্তির ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি। তথাকথিত সংসদেও কোনো ধরনের আলোচনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো ব্যাখ্যা দেয়নি। তবে জনগণকে পাশ কাটিয়ে দেশবিরোধী কোনো চুক্তি করা হলে জনগণ তা কখনোই মেনে নেবে না।
শিশু রাকিব হত্যা মামলা : ফাঁসির বদলে যাবজ্জীবন-কালের কণ্ঠ
খুলনার শিশু রাকিব হত্যা মামলায় সাজা কমেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির। নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় সংশোধন করে তাদেরকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর এ রায় দেন।
নিম্ন আদালত আসামি শহীদ ও মিন্টু খানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট এই সাজা হ্রাস করে তাদেরকে যাবজ্জীবন দণ্ড দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে উভয়কে জরিমানা করেন।
১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি-ইত্তেফাক
মাত্র ১০০টাকায় পুলিশের কনস্টেবলের চাকরি মিলবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম।
মঙ্গলবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি জানান, 'গতবারের মত এবারও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই নিয়োগ প্রার্থীরা মাত্র ১০০ টাকা ব্যাংক ব্যাংক ড্রাফট, পে-অর্ডারের সরকারি খাতে জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে কনস্টেবলের চাকরি পেতে পারবেন।'
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দালাই লামা ইস্যুতে চীনকে সতর্ক করল ভারত-আজকাল
তিব্বতী ধর্মগুরু দলাই লামার অরুণাচল প্রদেশ ভ্রমণ নিয়ে অযথা বিতর্ক তৈরি করছে চীন। যার কোনও অর্থই হয় না। এই নিয়ে চীনকে পাল্টা সতর্ক করল ভারত। তিব্বতী ধর্মগুরু দেশের একাধিক জায়গায় যেতেই পারেন। তারমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজার কোনও অর্থই হয় না। অকারণে তার সফর ঘিরে রাজনীতির রং চড়াচ্ছে চীন। একাধিকবার অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করেছে চীন। তাদের দাবি, হিমালয়ের পূর্বভাগ দক্ষিণ তিব্বতের অংশ। চীনের এই দাবি নস্যাৎ করে দিয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে অরুণাচল দেশের অবিচ্ছেদ্দ অংশ।
প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ-সংবাদ প্রতিদিন
‘প্লাস্টিক’ ডিম নিয়ে রাজ্যের সাধারণ মানুষের আশঙ্কা ক্রমশই বাড়ছে৷ এ নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের ডিম ব্যবসা যাতে মার না খায়, তাই ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ দিলেন তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে কটূক্তি, ক্ষমাপ্রার্থী গৌতম দেব-বর্তমান
বিতর্ক যাঁর পিছু ছাড়ে না, সেই সিপিএম নেতা গৌতম দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় নিজেই এখন দলের মধ্যে বিপাকে পড়েছেন। রাজ্যের জনপ্রিয় মহিলা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে গৌতমবাবু যেভাবে রবিবার বাম ছাত্রদের একটি সভায় তাঁর ভাষণে কিছু ‘বাজারি’ শব্দ ব্যবহার করেছেন, তাতে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, বুদ্ধদেব ভট্টাচার্যর মতো দলের ম্যানেজাররা বেজায় চটেছেন। মূলত তাঁদের চাপেই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য সোমবার লিখিত বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করতে হয়েছে তাঁকে।
সাড়ে তিন কোটির বিল! ‘গরিব’ কেজরীবালকে ছাড় দিতে রাজি জেঠমলানি-আনন্দবাজার
মামলা লড়ার খরচ না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের উপর বেজায় চটেছেন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানি।
তিনি বলেন, “অরবিন্দ বা তাঁর সরকার যদি এই টাকা দিতে না পারেন, তা হলে বিনামূল্যেই মামলা লড়ে দেব।” কেজরীবালকে তিনি গরিব ক্লায়েন্ট বলেও কটাক্ষ করেছেন।
২০১৫-য় কেজরীবালের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কেজরীবালের হয়ে সেই মামলা লড়েন বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানি। কেজরীবালকে মামলা থেকে বাঁচাতে ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে ৩ কোটি ৪২ লক্ষ টাকা। সেই মামলার টাকা জোগাতে হিমশিম কেজরীবাল সরকার দিল্লির আমজনতাকেই এই টাকা মেটানোর আর্জি জানায়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪