বিএনপি কখনও চাইতো না দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক: প্রধানমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবেনা-কালের কণ্ঠ
- বিএনপি কখনও চাইতো না দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক'–যুগান্তর
- খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির দিন পিছিয়েছে-প্রথম আলো
- আগামী নির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিন :খালেদা জিয়া-ইত্তেফাক
- সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর জামিন স্থগিত-মানবজমিন
- র্যাবের গুপ্তহত্যার লোমহর্ষক বর্ণনা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে : রিজভী -নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রামনবমীতে জোর করে স্কুল বন্ধ ভোপালে-আজকাল-আজকাল
- মৌলবাদী হয়ে ভারত ছেড়েছে ৫০ যুবক, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই: সুষমা -বর্তমান
- ক্ষমতার অপব্যবহার করেছে কেজরীবাল সরকার, শুংলু কমিটির রিপোর্ট-আনন্দবাজার
- রাজ্যে আরএসএসকে নিষিদ্ধ করার ডাক দিলেন শাহি ইমাম বরকতি -সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
বিএনপি কখনও চাইতো না দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক'–যুগান্তর
বিএনপি-জামায়াত জোট দেশটিকে ভিক্ষুকের সর্দারের মতই পরিচালনা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের নীতিটাই ছিল নিজেদের স্বার্থে দেশের মানুষকে আজীবন ভিক্ষুক বানিয়ে রাখা। তারা কখনও চাইতো না যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক।
আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক মহাসম্মেলন-তিনি একথা বলেন ।
প্রধানমন্ত্রী বলেন, তাদের সবসময় লক্ষ্য ছিল ব্যবসা-বাণিজ্য। চাল আমদানি করে দু'পয়সা কামাই করবে এটাই তাদের লক্ষ্য ছিল।’তবে তার দল আওয়ামী লীগ বিএনপি’র মত ভিক্ষুকের সর্দার হয়ে থাকতে চায় না। তিনি বলেন, আমরা শাসক নই, সেবক হয়ে দেশ পরিচালনা করেই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই।
আগামী নির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিন :খালেদা জিয়া-ইত্তেফাক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ ধ্বংসের আগেই এ সরকারকে বিদায় করতে হবে। আওয়ামী লীগকে বিদায় করার জন্য নিজেদের তৈরি করতে হবে। প্রত্যেক জেলায় জেলায় আমাদের জাতীয়তাবাদী সৈনিকদের এমনভাবে তৈরি করতে হবে তারা যেন কুমিল্লার সাক্কুর মতো যুদ্ধ করতে পারে। যে যুদ্ধ করে সাক্কু জিতে এসেছে, আগামীতে সেরকম যুদ্ধ করে জিততে হবে। আগামী নির্বাচনের যুদ্ধে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হতে পারব এবং আমরা সফল হব। তিনি বলেন, সাক্কু যুদ্ধ করে জিতেছে। এই বিজয়ে শুধু আনন্দিত হলে চলবে না, পরবর্তীর জন্য তৈরি হতে হবে। আগামী জাতীয় নির্বাচনের যুদ্ধের জন্য দলকে প্রস্তুত করতে হবে। আমাদের সেজন্য তৈরি হতে হবে।
আইন আদালত বিষয়ক প্রথম আলোর খবর - বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়েছে। ১৩ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: সাঈদী ও রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি ১৪ মে
মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের (রিভিউ) ১৪ মে শুনানির তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ দিন ধার্য করেন।
'আড়াই বছরের শিশু কি জঙ্গি হয়?' সরকারকে কাদের সিদ্দিকী-ইত্তেফাক
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, 'সিলেটের জঙ্গি আস্তানায় সাত জঙ্গিকে গুলি করে মারা হয়েছে। বোকা সরকার সেই জঙ্গিদের ডিএনএ টেস্ট করে নাকি জঙ্গি নির্বাচন করবে। ডিএনএ টেস্ট করে জঙ্গি নির্বাচন করা যায়না, উত্তরাধিকার নির্বাচন করা যায়। বোমা মেরেছে বলে জঙ্গি হিসেবে তারা মহিলাকে মেরেছে, আড়াই বছরের শিশুকেও মেরেছে।'
এ সময় তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, 'আড়াই বছরের শিশুও কি জঙ্গি হয়? মায়ের কোলের শিশুও আজকাল জঙ্গি হয়? সরকারকে এর জবাব দিতে হবে।' গতকাল এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'ওই শিশুকে বাঁচাতে যদি সাতজন মেলেটারিও মারা যেতো তবুও ওই শিশুকে বাঁচানো উচিত ছিলো। এ দেশকে সর্বনাশ করে দেওয়া হয়েছে।'
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর জামিন স্থগিত-মানবজমিন
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত ১০ এপ্রিল রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের অনুলিপি দাখিল করতে বলেছেন।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগপত্র দিল পুলিশ
ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণীর দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেনে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া।
প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবেনা-কালের কণ্ঠ
রেমিটেন্স ও রপ্তানি আয়ের ধীর গতির কারণে চলতি অর্থবছর বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলেই মনে করেছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। অর্থনীতির হাল হকিকত নিয়ে এডিবির বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৭’ বলছে, এবার বাংলাদেশ ৬ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে।
প্রায় এক দশক ৬ শতাংশের বৃত্তে ‘আটকে’ থাকার পর গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ‘ঘর’ অতিক্রম করে। চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১১ শতাংশ।
সরকার এবারের বাজেটে ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশ্বাস, আগামী দিনগুলোতে প্রবৃদ্ধি আর ৭ শতাংশের নিচে নামবে না।
র্যাবের গুপ্তহত্যার লোমহর্ষক বর্ণনা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে : রিজভী-নয়া দিগন্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, র্যাবকে যেন অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানো একটি সংগঠনে পরিণত করেছে এই সরকার। সুইডিশ রেডিওতে র্যাবের গুপ্তহত্যার লোমহর্ষক বর্ণনা ফাঁস হওয়াতে এদের কর্মকান্ডের বিভৎসরুপ এখন শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের মানুষের বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে।
আজ দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া কোনো প্রতিরক্ষা চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না জানিয়ে বিএনপি বলেছে, বাংলাদেশের জনগণ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল হতে দেবে না। দেশের দুই একজন লোক ভারতে চাকুরি করতে পারে, কিন্তু জনগণ একাত্তরের মতোই তাদের বীরত্ত্ব দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রামনবমীতে জোর করে স্কুল বন্ধ ভোপালে-আজকাল
ডান–পন্থী হিন্দু সংগঠন বজরঙ্গ দল বুধবার ভোপালে রামনবমী উপলক্ষে জোর করে স্কুল বন্ধ করল। রামনবমীর দিন স্কুলে ক্লাস হওয়া হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা বলে জানায় বজরঙ্গ দল। জয় শ্রী রাম শ্লোগান দিতে দিতে বজরঙ্গ দলের সদস্যরা স্কুল চত্ত্বরে প্রবেশ করে এবং স্কুল বন্ধ করতে চাপ দেয়। খবরটি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে ছুটে আসে।
রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম চালু রয়েছে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এই দিনকে কেন্দ্র করে মাংস ও মদ নিষিদ্ধ করা হয়েছে। স্কুল বন্ধের এই ঘটনা ঘটার সময় পুলিস নীরব দর্শকের ভূমিকায় ছিল। শুধু তাই নয়, স্কুল খুলে রাখার অপরাধে বজরঙ্গ দল স্কুলের পরিচালন কমিটির সদস্যদের দিয়ে ক্ষমাপ্রার্থনা লেখায়।
রাজ্যে আরএসএসকে নিষিদ্ধ করার ডাক দিলেন শাহি ইমাম বরকতি-সংবাদ প্রতিদিন
রামনবমীর মিছিল নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে একহাত নিলেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম সৈয়দ মহম্মদ নুরুর রহমান বরকতি। বুধবার একটি সাংবাদিক বৈঠকে সংঘকে ভারতের জন্য বিপজ্জনক বলে কটাক্ষ করলেন বরকতি। একইসঙ্গে তালিবানদের সঙ্গে তুলনা করে অবিলম্বে আরএসএসকে এ রাজ্যে নিষিদ্ধ করার ডাক দিলেন তিনি। তাঁর বক্তব্য, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জানাব।’
মৌলবাদী হয়ে ভারত ছেড়েছে ৫০ যুবক, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই: সুষমা –বর্তমান
মৌলবাদে দীক্ষিত হয়ে ৫০ জন যুবক ভারত ছেড়ে চলে গিয়েছে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, "৫০ জন ভারতীয় যুবক সীমান্ত পার হয়ে প্রতিবেশী রাষ্ট্রে চলে গিয়েছেন।" যদিও বক্তব্য রাখতে গিয়ে তিনি কোনও দেশের নাম করেননি। সুষমা জানান, দেশের যুবকদের ভুল বুঝিয়ে বিপথে চালিত করা থেকে রুখতে ইতিমধ্যেই মৌলবাদ-বিরোধী নানা কর্মসূচি নিয়েছে কেন্দ্র। তারপরও জম্মু ও কাশ্মীর-সহ দেশের বিভিন্ন জায়গায় মৌলবাদীরা তাদের কার্যকলাপ চালাচ্ছে।
ক্ষমতার অপব্যবহার করেছে কেজরীবাল সরকার, জানাল রিপোর্ট-আনন্দবাজার
দিল্লির গদিতে বসে ‘ক্ষমতার যথেচ্ছ অপব্যবহার’ করেছে অরবিন্দ কেজরীবাল সরকার। প্রাক্তন উপ-রাজ্যপাল নজীব জঙ্গ গঠিত তিন সদস্যের শুংলু কমিটির এক রিপোর্ট এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। মন্ত্রী সত্যন্দ্র জৈনের মেয়েকে দিল্লি স্টেট হেল্থ মিশন-এর মিশন ডিরেক্টর পদে বসানো, আম আদমি পার্টির কার্যালয়ের জন্য জমি দেওয়া বা বিভিন্ন পদে আপের সদস্যদের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা-সহ কেজরীবাল সরকারের একাধিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে কমিটি। রিপোর্ট নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি আপ সরকার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬